Jump to ratings and reviews
Rate this book

দ্য থিফ এবং দ্য কুইন অভ আটোলিয়া : দ্য কুইন'স থিফ

Rate this book
দ্য থিফ : চুরির দায়ে জেল খাটতে থাকা জেনের কাছে মুক্তির বার্তা নিয়ে আসেন সুনিসের রাজপণ্ডিত। মুক্তি সে পাবে, তবে তার জন্য ওকে চুরি করতে হবে এমন এক রত্ন যার নাম কেবল কিংবদন্তীতেই পাওয়া যায়। আর সেই কিংবদন্তী অনুসারে, এই রত্ন চুরি করার ক্ষমতা রাখে কেবল চৌর্যবিদ্যায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কোনো চোর।

আর তারপর শুরু হয় হ্যামায়াথিদের রত্ন উদ্ধারের অভিযান। কিংবদন্তীর পেছনে ছুটতে থাকা জেন একসময় জানতে পারে সুনিসের রাজার প্রকৃত উদ্দেশ্য। জানতে পারে কেন এই রত্নটির প্রতি তার এত আগ্রহ!
কিন্তু জেন নিজে আসলে কী চায়, তা কি কেউ জানে?

দ্য কুইন অব অ্যাটোলিয়া : হ্যামায়াথিসের রত্ন চুরির ঘটনাটা মারাত্মক কুঠারাঘাত করে অ্যাটোলিয়ার রানির আত্মসম্মানে। প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন রানি। এর মাঝেই একদিন টের পান, তাকে বোকা বানানো সেই চোর প্রায় রাতেই ধৃষ্টতার সাথে তারই প্রাসাদে ঘুরে বেড়ায়। এমনকি দুঃসাহসী এই চোর একবার তার কক্ষেও ঢুকে পড়েছিলো। এরপর থেকেই সুযোগের অপেক্ষায় থাকেন বুদ্ধিমতী রানি।

আর সেই সুযোগ একদিন চলেও আসে। ধরা পড়ে যায় জেন। প্রতিশোধের নেশায় উন্মত্ত রানি তাকে এমন এক শাস্তি দেন যা এক নিমেষেই জেনের কাছ থেকে কেড়ে নিয়ে যায় তার কৈশোর, তার সারল্য, তার সমস্ত প্রাণচঞ্চলতা।

আর তারপর সদা হাস্যোজ্জ্বল জেনের বয়স যেন হঠাৎ করেই অনেক বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে সে প্রতিজ্ঞা করে, এবার এমন কিছু চুরি করবে যা চুরি করার কথা কেউ এমনকি স্বপ্নেও কখনো ভাবেনি।

এবার একজন রানিকে চুরি করতে চায় জেন।

600 pages, Hardcover

First published January 17, 2013

Loading...
Loading...

About the author

Megan Whalen Turner

23 books5,870 followers
Megan Whalen Turner is the author of short stories and novels for children, teenagers and adults. She has won the LA Times Book Award for Young Adult LIterature, a Boston Globe/ Horn Book Honor and a Newbery Honor. She won the Mythopoeic Award and was shortlisted twice for the Andre Norton Award.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (35%)
4 stars
10 (50%)
3 stars
3 (15%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Rafia Rahman.
433 reviews234 followers
August 16, 2023
বই: দ্য কুইন'স থিফ সিরিজ [১, ২]
লেখক: মেগান হোয়েলেন টার্নার
অনুবাদক: ঝিলম বিশ্বাস
জনরা: ফ্যান্টাসি
প্রচ্ছদ: লর্ড জুলিয়ান
প্রকাশনী: বেনজিন প্রকাশন
প্রথম প্রকাশ: বইমেলা, ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ৬০০
মুদ্রিত মূল্য: ৮৯৯/-

❝তস্কর❞, সোজা বাংলায় ❝চোর❞। একজন চোরের রাজকীয় সম্মান, ক্ষমতা, পদমর্যাদা আছে! শুনতে অদ্ভুত লাগছে? পুরো সিরিজে এমনই একজন চোরের কথা বলা হয়েছে বা বলা যায় ❝গুপ্তচর❞। সিরিজ নিয়ে বলার আগে ❝রাজতস্কর❞ নিয়ে বলি যেন বুঝতে সুবিধা হয় একজন চোর এতোটা গুরুত্ব কিভাবে পাচ্ছে। ❝রাজতস্কর❞, এমন একজন ব্যক্তি যিনি রাজা/ রাণীর আদেশে যেকোনো জিনিস চুরির সক্ষমতা রাখেন। রাজকীয় ব্যক্তিদের কাঙ্ক্ষিত বস্তু অবশ্যই যেনতেন তো হবে না তাই না? তাহলে তাদের রাজতস্কর কীভাবে যেনতেন কোনো চোর হতে পারে? তস্করদের একজন দেবতা আছেন, ❝ইউজেনিডিস❞।

দ্য থিফ—

অন্ধকার কুঠুরিতে কতদিন থাকতে হবে জেন নিশ্চিত না। সাজা যে কম হবে না তা তো জানা কথা। রাজকীয় সিলমোহর চুরির শাস্তি তো নগন্য হতে পারে না! কিন্তু ভাগ্যে কার কি থাকে কে বলতে পারে...

সুনিস রাজার আদেশে জেনকে চুরি করতে হবে হ্যামায়াথিসের রত্ন। দেবতাদের এই রত্ন কিংবদন্তী তুল্য। আদোও অস্তিত্ব আছে কিনা কে জানে! কিন্তু সুনিসরাজের তো চায়ই চায়। কেন? জেন, রাজপণ্ডিত সাথে আরও তিন সহযোগী নিয়ে বেড়িয়ে পড়ে অনিশ্চিত অভিযানে। রত্নের সন্ধান যদি পেয়েও যায়, উদ্ধার করা কি সহজ হবে?

এডভেঞ্চার, অভিযানের কাহিনী আপনার ভালো লাগে? যদি জবাব হয়, হ্যা; তাহলে বইটা আপনার জন্য। বইয়ের ৭০% অংশই আসলে অভিযান নিয়েই। অভিযানে জেন, রাজপণ্ডিত, পোল, সোফোস ও অ্যামবিয়াডেসের দ্বন্দ, খুনসুটি, বন্ধুত্ব, ষড়যন্ত্র ও মানসিক টানাপোড়েন দেখানো হয়েছে। এই অভিযানে আসার প্রত্যেকের নিজস্ব কোনো উদ্দেশ্য আছে কিন্তু সেটা পরে জানা যাবে। বইয়ে ডিটেলিং অনেক বেশি। ছোট ছোট বিষয়গুলোও আস্তেধীরে ফুটে উঠেছে। স্লো হলেও পড়ে মজা পেয়েছি বরং বলা যায় এমনটা নাহলেই যেন জমতো না। যদি টুইস্টের কথা বলি তো বলবো অল্পই। আবার দু'টো টুইস্ট, ইডিসের চাচাতো ভাই কে হতে পারে আর রাজপণ্ডিতের কাছ থেকে রত্ন কীভাবে হারিয়ে গেল; আগেই অনুমান করে ফেলেছিলাম। শেষে মিলে যাওয়ার পরও ভালো লাগা একটুও কমে নাই। আদতে বলতে গেলে কিশোর এডভেঞ্চার ধাঁচে লেখা। যদিও ফ্যান্টাসি সিরিজ কিন্তু মিথলজিক্যাল ফিকশনের সাথে অল্পসংখ্যকই ফ্যান্টাসি আছে বলেই মনে হয়েছে। কারণ দেবদেবী বাদে কারো কোনো বিশেষ ম্যাজিকাল ক্ষমতা নায়। দেবদেবীর উপস্থিতিও অল্পই।

দ্য কুইন অব অ্যাটোলিয়া—

ইডিস, সুনিস ও অ্যাটোলিয়া প্রতিবেশী রাজ্য হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা নূন্যতম শান্তিও যেন নেই তাদের মধ্যে। ইডিসের রাজতস্করকে ভয় পান সুনিসরাজ, অপেক্ষায় আছেন প্রতিশোধ কীভাবে নিবেন। অপরদিকে অ্যাটোলিয়ার রানি ইউজেনিডিসের গুপ্তচরবৃত্তির জন্য অতিষ্ঠ। অবশেষে রানি পেয়েই যান মোক্ষম সুযোগ জেনকে শায়েস্তা করার।

একটি শাস্তি...
কিন্তু বদলে যেতে থাকে তিন রাজ্যের ভাগ্য! চারিদিকে ছড়িয়ে পড়ে যুদ্ধ। লাখে লাখে মারা যেতে থাকে তিন রাজ্যের সৈন্য ও অধিবাসীরা। মিডের সৈন্যরা সুযোগের অপেক্ষায় আছে কবে তিন রাজ্য তাদের দখলে চলে আসবে! ইডিসকে রক্ষা করতে জেন পরিকল্পনা করতে থাকে একের পর এক চুরির। কিন্তু এবার চুরির তালিকায় আছে জীবন্ত মানুষেরা! তারপরও কি শান্তি আসবে? যুদ্ধ থামবে?

অ্যাটোলিয়ার হাতে জেনের ধরা পড়া দিয়ে কাহিনীর শুরু। বেচারা জেনের চরম দুর্গতি যেন জীবন্ত হয়ে উঠছে বইয়ের পাতায়! পুরো কাহিনী ধীরে এগিয়েছে কিন্তু অ্যাটোলিয়ায় জেনের অবস্থা ও পরবর্তী কয়েকমাসের বর্ণনা যেভাবে করা হয়েছে... জাস্ট অসাধারণ! মনে হচ্ছিল যেন জেনের আর্তনাদ শুনতে পারছি। রাজনীতি, ষড়যন্ত্র, নির্মমতা, যুদ্ধ, ধ্বংস, প্রেম, সম্পর্কের বন্ধন, ক্ষমতা, শত্রুতা, দেবদেবীর আগমন সবই আছে। তবে রাজনীতির যে কঠিন মারপ্যাঁচের খেলা দেখানো হয়েছে, মারাত্মক।

তিন রাজ্যের হলেও মূলত প্রেক্ষাপট অধিকাংশ সময়ই ইডিস রাজ্যকে ঘিরেই ঘটেছে। অনেকগুলো চরিত্রের উপস্থিতি আছে বইয়ে। মাঝেমধ্যে তো ভুলেও যাচ্ছিলাম কোন চরিত্র আসলে কে বা কী কাজ। বইয়ের একদম শেষে বিভিন্ন চরিত্রের লিস্ট করে দেওয়া হয়েছে কিন্তু কিছু স্পয়লারও আছে। কেন্দ্রীয় চরিত্রগুলোর ব্যাকস্টোরিগুলো ভালো লেগেছে। প্রথমে অ্যাটোলিয়াকে নির্দয় মনে হলেও পরে মনোভাব অনেকটাই পরিবর্তন হয়েছে। দুষ্টু, বুদ্ধিমান চরিত্র জেন কিন্তু মাঝেমধ্যে ইডিসের মতো আমারও মনে হয়েছে ধরে মাইর দেওয়া উচিত। ইডিস চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইডিসের সাথে সভাসদ, মন্ত্রী, অধিবাসীদের সম্পর্ক মুগ্ধ করার মতো। তবে আরও একটা বিষয় ভালো লেগেছে যখন জেনের অবস্থা দেখে তার কাজিনরা রেগে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সারাজীবন যতই জেনকে মারধর করুক না কেন ভাইয়ের কষ্ট দেখে জীবন দিতেও পিছপা হয়নি! জেন ও সুনিসের রাজপণ্ডিতের খুনসুটি অল্পই, এজন্য কিছুটা হতাশ হয়েছি। তাদের মধ্যে দ্বন্দ্ব না হলে যেন জমেই না।

বড় পরিসরের বই হলে সাধারণত কাহিনী কিছুটা স্লো হয়ই। এইবারও এমনই ছিল কিন্তু বর্ণনা, বিশ্লেষণ, চরিত্রায়ন যেভাবে করা হয়েছে পড়তে একদমই বিরক্ত লাগে নাই। অনুবাদ একদম ঝরঝরে ও সহজ। কিছু জায়গায় শব্দ ও বাক্যের রিপিটেশন, শব্দ মিসিং এবং দু'এক লাইনে কিছুটা খটকা আছে বাক্য গঠন নিয়ে।

মোটা বই পড়তে গেলেই প্রথম সমস্যা হয় পৃষ্ঠা ওল্টানো নিয়ে। বাঁধাই টাইট হলে পড়তে একরকম যুদ্ধ করা লাগে। কিন্তু পড়তে এমন কোনো সমস্যা হয়নি। তবে পৃষ্ঠাগুলো একটু আলগা হয়ে আসে। অল্প কিছু ইলাস্ট্রেশন আছে, সুন্দর। কিন্তু হ্যামায়াথিসের রত্ন, যুদ্ধের ছবি থাকলে আরও ভালো হতো। সবুজ রং এমনিতেই প্রিয় তারউপর কালার কম্বিনেশনের জন্য প্রচ্ছদটা আরও ভালো লাগে।
Profile Image for Amin Choudhury.
63 reviews
Read
March 7, 2023
মধ্যম সাগরের কোলঘেঁষে তিন রাজ্য সুনিস, ইডিস আর অ্যাটোলিয়া। গল্পের শুরু হয় অপেক্ষাকৃত শক্তিশালী সুনিস রাজ্যে। কারাগারে বন্দি এক কিশোর চোর জেনকে নিয়ে সুনিসরাজের রাজপন্ডিত বের হয়েছেন এক রত্ন উদ্ধারে। হ্যামায়াথিসের রত্ন। যে রত্ন উদ্ধার করতে পারলে নিয়ন্ত্রণ করা যাবে ইডিসের সিংহাসনের উত্তরাধীকার কে হবে। সমস্যা হলো শুধু পুরানেই এই রত্নের উল্লেখ আছে। বাস্তবে আদৌ এই রত্নের অস্তিত্ব আছে কিনা কেউই জানেনা। তবে রাজপন্ডিতের ভাষ্যমতে উনি জানেন কোথায় পাওয়া যাবে এই অমূল্য রত্ন যা স্বয়ং দেবতা উপহার দিয়েছিলেন এক মহারাজাকে। কালের গর্ভে হারিয়ে যাওয়া হ্যামায়াথিসের রত্ন উদ্ধারের অ্যাডভেঞ্চার নিয়ে সিরিজের প্রথম বই দ্য থিফ।


পিউর এডভেঞ্চার থ্রিলার দ্য থিফ আমার খুব একটা ভালো লাগেনি। সংলাপ নির্ভর বই পড়তে সাধারণত তেমন বিরক্তি আসেনা। তবে এই বইটা পছন্দ না হওয়ার মেইন রিজনটাই হলো জেনের সাথে রাজপন্ডিতের কথোপকথনগুলো। বারবারই মনে হচ্ছিলো সিংহাসনের এতো কাছের একজন লোকের সাথে একটা চোরের কথোপকথন কি এতো খোলামেলা হতে পারে? মূল বইটা আমি পড়িনি তাও আমার কাছে মনে হয়েছে অনুবাদক অনুবাদকে সাবলীল করতে গিয়ে মূল লেখকের লেখনীর ভাব থেকে কিছুটা হলেও সরে এসেছেন। যে কারণে কথোপকথনগুলো পড়তে একটু অদ্ভুত লাগছিলো।


ফ্যান্টাসি সিরিজের প্রথম বই হিসাবে এই বইয়ে ওয়ার্ল্ড বিল্ডিংয়ে লম্বা একটা সময় ব্যয় করার কথা ছিলো লেখিকার। কিন্তু প্রথাগত ফ্যান্টাসির ধার ধারেননি লেখিকা। বরং সংলাপের মাঝে ছোট ছোট অনুচ্ছেদে সেকেন্ডারি ওয়ার্ল্ড বিল্ড করেছেন। এতে যেমন বইটা দারুণ পেজ টার্নার হয়েছে একই সাথে বারবার মানচিত্র দেখতে হয়েছে গল্পের খেই হারিয়ে না ফেলার জন্য। তবে হ্যামায়াথিসের রত্ন উদ্ধারের পেছনের গল্পটা বেশ ইন্টারেস্টিং ছিলো। কিশোর অ্যাডভেঞ্চার থ্রিলার হিসেবে পাশ মার্ক পেয়ে যাবে টেনেটুনে।


প্রথম বইটা যেখানে শেষ হয়েছিলো ঠিক সেখান থেকে শুরু হয় সিরিজের দ্বিতীয় বই দ্য কুইন অফ অ্যাটোলিয়া। অ্যাটোলিয়ার রাণি আইরিন। নিজের ব্যারনদের রক্তচক্ষু উপেক্ষা করে কড়া হাতে শাসন করছেন নিজের রাজ্য। হয়তো একটু বেশীই কড়া হাতে কারণ বাইরের সবাই রাণিকে বর্বর হিসেবেই জানে। বিরোধী প্রজাদের মৃত্যুদন্ড দিয়ে প্রাসাদের দেয়ালে ঝুলিয়ে রাখার কীর্তি আছে তাঁর। সেই রাণীর প্রাসাদে এসে সবার অলক্ষে ঘোরাফেরা করছে কেউ। এমনকি রাণীর শয়নকক্ষে এসেও টুঁ মেরে গেছে। তবে এবারে রাণীসহ পুরো প্রাসাদ প্রস্তুত। পাকড়াও করতে হবে সেই অনাহূত আগন্তুককে। আর এক ধরতে পারলে কি শাস্তি হবে সেই আগন্তুকের? ফাঁসি? অবর্ণনীয় অত্যাচার? নাকি আরো খারাপ কিছু? মৃত্যুর চেয়ে খারাপ কি কিছু হতে পারে?


এই বইয়ের প্রধান বৈশিষ্ট্য হলো অসাধারণ লেখনী এবং অবশ্যই অনুবাদ। প্রথম বইয়ে অনুবাদ নিয়ে যতটুকু অভিযোগ ছিলো তার অনেকটাই কাটিয়ে দিতে পেরেছেন অনুবাদক। পুরো বইজুড়ে জেনের অসহায়ত্ব এবং জেন-আইরিনের মধ্যকার মানসিক দ্বন্দ্ব এতো সুক্ষ্মভাবে ফুটিয়ে তুলা সহজ কাজ ছিলোনা। এরচেয়েও কঠিন ছিলো পাঠককেও সেই টেনশনের মধ্যে নিয়ে আসা। পুরোপুরি উপভোগ করেছি এই অংশটা।


এই বইয়ে গল্প আর প্রথম বইয়ের মতো জনাকয়েক কুশীলবের মধ্যে সীমাবদ্ধ ছিলোনা। সাগরের ওপারের মিড রাজ্যের রাজদূত নাহুসেরেশ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন। অ্যাটোলিয়ার ব্যারন, সেনাপতি, গুপ্তচর প্রধানের পাশাপাশি ইডিসেরও বেশ কিছু চরিত্র আনাগোণা করেছে গল্পের মাঝে। জেনের অতীতের গল্প এতোটা ইন্টারেস্টিং নাহলেও পড়তে খারাপ লাগেনি। এই বইয়ে যেটা খানিকটা বিরক্তির উদ্রেগ করেছে তা হলো শেষের দিকে দেবতাদের ইন্টারফেয়ারেন্স। এই কয়েক পেজ কয়েকবার পড়ার পরও আমার মাথায়ই ঢুকছেনা এসবের কি দরকার ছিলো। কে জানে হয়তো সিরিজের বাকি বইগুলোতে বিষয়টা ক্লিয়ার হবে।


আচ্ছা, এতোটুকু পড়েও যদি কারো বইটা পড়ার আগ্রহ না আসে তাহলে গল্পের লাভ অ্যাঙ্গেলের জন্য হলেও আগ্রহ আসতে বাধ্য। অন্তত আমার তাই মনে হয়েছে।


বেনজিনের প্রোডাকশন অসাধারণ। এতো বড় বইয়ের বাইন্ডিং নিয়ে চিন্তা থাকে সবারই। বাইন্ডিং কিংবা পেইজ সবই ফার্স্ট ক্লাস। প্রচ্ছদ ডিসেন্ট। প্রোডাকশনের যে জিনিসটা নিয়ে ডিসকাশন হতে পারে তা হলো এই ইলাস্ট্রেশনগুলোর আদৌও কোনো দরকার ছিলো কিনা তা নিয়ে। প্রথম কথা হলো একদমই এভারেজ ইলাস্ট্রেশন তার উপর দরকারের সময় ইলাস্ট্রেশন দেয়াই হয়নি। যেমন মন্দিরের গোলকধাঁধা কিংবা এফ্রিটা থেকে ইডিস যাওয়ার রাস্তাটা। ক্যারেক্টার কার্ডের দরকার কি তা আমি কখনোই বুঝিনি। পার্সোনালি আমি আনবক্সিংয়ের পর ক্যারেক্টার কার্ডের খোঁজও রাখিনা। এই ইলাস্ট্রেশন আর ক্যারেক্টার কার্ড বাদ দিয়ে একটা ডেডিকেটেড ম্যাপ দিলে খুবই ভালো হতো। এই বই পড়তে বারবার ম্যাপ দেখা লাগবেই।


আর একটা ছোট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। শেষে চরিত্র পরিচিতি দেয়াটা আমার খুবই ভালো লেগেছে। এতো এতো চরিত্র আর এমন সব নাম যে মনে রাখাই টাফ। তাই কোনো চরিত্র ভুলে গেলে চট করে দেখে নেয়া যায়। বিষয়টা কনভিনিয়েন্ট হলেও ঐ অংশে প্রচুর স্পয়লার আছে। মারাত্মক সব স্পয়লার। তাই বই পড়ার সময় চরিত্র পরিচিতি না দেখার সাজেশন থাকবে। পরবর্তী বইগুলো স্পয়লারের বিষয়টা মাথায় রেখে যেনো চরিত্র পরিচিতিটা দেয়া হয় প্লীজ। এই অংশটা যেনো বাদ দেয়া না হয়।


এই বইমেলার অন্যতম হাইপড অনুবাদ ছিলো দ্য কুইন্স থিফ সিরিজ। তার উপর একসাথে দুইটা বই আনার মতো সাহস করেছে নতুন একটা প্রকাশনা। দু'একটা বিষয় বাদ দিলে হাইপের যথার্থ মূল্যায়নই করছে পুরো টিম। যাদের ফ্যান্টাসি পছন্দ না তাদেরও নিঃসন্দেহে ভালো লাগবে। পরের বইগুলো আরো ভালো হবে নিশ্চয়ই।


পাসোনার্ল রেটিং

দ্য থিফ - ৩/৫

দ্য কুইন অফ অ্যাটোলিয়া - ৪.৫/৫



দ্য কুইন্স থিফ সিরিজ

মেগান হোয়ালেন টার্নার

ঝিলম বিশ্বাস

বেনজিন প্রকাশনী

৬০০ পেইজ

৮৯৯ টাকা
Profile Image for Shamsudduha Tauhid.
66 reviews6 followers
February 21, 2023
বুক রিভিউঃ দ্য কুইন্স থিফ সিরিজ - ১

গল্পের পটভূমিঃ
মধ্যম মহাসাগরীয় অঞ্চল ঘিরে এ গল্পের ব্যপ্তি। এ অঞ্চলকে তিনটে অংশে ভাগ করা যায়-
১/ সুনিস, ইডিস, এবং অ্যাটোলিয়া - এই তিন দেশ নিয়ে ক্ষুদ্রতর উপদ্বীপ অঞ্চল।
সুনিসের রাজা- সুনিসরাজ। সুযোগসন্ধানী বুড়ো। ইডিসের রানীর কাছে প্রত্যাখ্যাত হয়েও নির্লজ্জের মতো বারবার বিয়ের প্রস্তাব পাঠায়। কারণ সে ইডিসের রাজা হলে ইডিসের রুপা ও লোহার খনি তার কব্জায় আসবে। আর অ্যাটোলিয়া, ইডিস ও সুনিস - এই তিন রাজ্যের মাঝে যে বাণিজ্যপথ আছে, তা একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।
ইডিসের রাজা- হেলেন। রাজকীয় উপাধিঃ ইডিস। নারী শাসক। যিনি তার প্রজাদের মাঝে ভীষণ জনপ্রিয়। তার শৈশব কেটেছে চাঞ্চল্য, আর সামরিক অনুশীলনের মাঝে। আশৈশব পড়েছেন ছেলেদের পোশাক। তার ভাইদের আকস্মিক মৃত্যুর পরে রাজ্যের হাল ধরতে হয় তাকে। স্বীয় রাজ্যের সম্পদ রক্ষা করে চলেছেন বিদেশি শত্রুর আক্রমণের হাত থেকে।
অ্যাটোলিয়ার রানী- আইরিন। রাজকীয় উপাধিঃ অ্যাটোলিয়া। আপন ভাইয়ের ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যুর পরে পুতুল খেলার বয়সে তাকে সিংহাসনে বসতে হয়। তার বাবা তড়িঘড়ি করে স্বর্ণের বিনিময়ে বিয়ের নামে বিক্রি করে দিলেন এক ব্যারনের কাছে৷ আইরিনের নিষ্পাপ, করুণ মুখখানার সামনে হবু স্বামী ষড়যন্ত্র করে কিভাবে তার বাবাকে হত্যা করে অ্যাটোলিয়ার পুতুল রানী বানাবে আইরিনকে৷ তার বাবাকে খুনের পরে গুপ্তঘাতকের হাতে মৃত্যু হয়েছে রটায় তার হবু স্বামী। আইরিন বিয়ের দিন স্বামীকে বিষাক্ত কোলেয়াস পাতার বিষ খাইয়ে সবার অগোচরে হত্যা করে। বাইরের কঠোর, নিষ্ঠুর মুখোশের আড়ালে রাজ্য চালাতে শুরু করে অ্যাটোলিয়া। বড্ড একাকী সে৷ চারপাশে ক্ষমতালোভী ব্যারনরা বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর সাম্রাজ্যবাদী মিডের সুলতান গজনুভীদাসের রাজদূত নাহুসেরেশ সুযোগ খুঁজছে কখন গ্রাস করা যায় অ্যাটোলিয়া রাজ্যকে।
২/ মিড সাম্রাজ্য- সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যবাদী অঞ্চল ।
৩/ অনেকগুলো স্বায়ত্তশাসিত দেশ নিয়ে গঠিত উপমহাদেশীয় জাতিপুঞ্জ।

রাজতস্কর- ইউজেনিডিস। ডাকনাম জেন৷ রাজতস্কররা মূলত কিং মেকার। তারাই সিদ্ধান্ত নেয় কে রাজা হবে আর কে সরে যাবে। কিন্তু সেটা হয় সবার অগোচরে। তারা কখনো সবার সামনে আসতে চান না। আমাদের গল্পের মূল চরিত্র। জেন শতভাগ ত্রুটিহীন নয়৷ কখনো কখনো তার রাগ, নির্লিপ্ততা বিক্ষিপ্ত কর তুলবে আপনার মনকে। কিন্তু যা আছে, তা হলো ক্ষমতা, পৃথিবীর যেকোনো কিছুই চুরি করতে পারে সে। আর তার হৃদয়। স্ফটিকের মতো, কষ্টিপাথরে পরীক্ষিত সে হৃদয় ।

সোফোস- সুনিসের যুবরাজ। লাজুক, বইপোকা, বাস্তব দুনিয়া সম্পর্কে অজ্ঞ, যে তার বাবার জোড়াজুড়িতে রাজপণ্ডিতের সাথে অভিযানে নামে বইয়ের বাইরের দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

গল্পের প্রথম বইয়ে কিংবদন্তি হ্যামায়াথিসের রত্নের খোঁজ করে সুনিসরাজ। যে পাথর অর্জন করবে সেই হবে ইডিসের রাজা। জেন সুনিসে রাজকীয় সিলমোহর চুরি করতে যেয়ে আটকা পড়ে সুনিসের কারাগারে, আর তাকে মুক্তিপণ হিসেবে হ্যামায়াথিসের রত্ন উদ্ধারের লোভ দেখায় সুনিসের রাজা তার রাজপণ্ডিতের মাধ্যমে। কিন্তু সে রত্ন উদ্ধারের কাহিনি নিয়ে আবর্তিত হয় প্রথম বই।
দ্বিতীয় পর্বে দেখা যায় অ্যাটোলিয়া তার রাজ প্রাসাদে অবৈধ অনুপ্রবেশের কারণে বন্দী করে রাজতস্কর জেনকে। এমন এক শাস্তি দেয় জেনকে তা যেন মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক ও ভয়াবহ। বইয়ে সে sufferings এর কথা বলা আছে। বলা আছে হৃদয় মর্মী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ অর্ডারের বর্ণনা। কিন্তু রানী অ্যাটোলিয়াও কি শান্তিতে ছিল সে শাস্তি দিয়ে?
কেমন করে চলল সুনিস, ইডিস আর মিডের সাথে সম্পর্ক। চারপাশে যুদ্ধের ডামাডোল। শুরু হলো যুদ্ধ। জেন টানা একবছর নিজেকে আড়াল করে রাখলো সবকিছু থেকে৷ একসময় জানতে পারল যুদ্ধের কথা, তার স্বজনদের মৃত্যুর কথা। আর বসে থাকতে পারল না সে। জ্বালিয়ে দিল সুনিসের বিশাল নৌবহর আর চুরি করতে গেল রানী অ্যাটোলিয়াকে। কিন্তু কেন? যে তাকে এত শাস্তি দিল, তার সাথে কি ঘটেছিল কোনো হৃদয়ের যোগাযোগ? না কি প্রতিশোধ?

ব্যক্তিগত বিশ্লেষণঃ

দ্য কুইন্স থিফ বইয়ে আছে রাজনীতি, প্রাসাদ-ষড়যন্ত্র, যুদ্ধ, ধর্ম, সাম্রাজ্যবাদীতা, প্রেম-ঈর্ষা-ঘৃণার অনুষঙ্গ।
এই ফ্যান্টাসি জগতের আলাদা মিথলজি। আলাদা কিংবদন্তি।

ধর্ম নিয়েঃ
সাম্রাজ্যবাদীদের ধর্মই প্রাধান্য পায় অধিকৃত ভূমিতে। তাই তো সুনিস আর অ্যাটোলিয়াতে নব দেবতারা পূজিত হন, তাদের প্রাচীন ধর্মকে ভুলে। রাজার ধর্মই হয়ে যায় প্রজার ধর্ম। আর পাহাড়ঘেরা ভৌগোলিকভাবে দূর্গম অঞ্চল ইডিস স্বাধীন ছিল সবসময়ই। তাই তাদের প্রাচীন ধর্মই টিকেছিল।

ভবিতব্য না কি পুতুল নাচের ইতিকথাঃ
জেনের বক্তব্যেঃ যদি সম্ভব হয় একটা কথা দেবতাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমি। এই যুদ্ধ, এত মৃত্যু, সবই কি দেবতাদের ইচ্ছে? আর যদি তাই হয়, তবে কি দেবী হেফেস্টিয়া আমাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করছেন ? কোন পাপে?
জীবন কি এমনই? নিজের ভবিতব্যে, নিজের অদৃষ্টে, যা আছে, তাই ঘটবে? মানবজনম যেন পুতুল নাচের ইতিকথা।

ফোরস্যাডোজঃ গল্পে অনেক জায়গায় ক্লু রেখে দেওয়া, চমকে যেতে হয়।

শুধুই ফ্যান্টাসি গল্প না কি একটা চিরায়ত কথাসাহিত্য?
গল্পে দারুণ দারুণ উপমা, উৎপ্রেক্ষা, মেটাফোর দিয়ে সাজানো। ফ্লাওয়ারি ডিটেলিং৷

চরিত্রের ডেভেলপমেন্টঃ

বইয়ের প্রতিটা চরিত্র স্বয়ংসম্পূর্ণ। প্রত্যেককে আলাদাভাবে যেন স্পর্শ করা যায়৷ আর ভালো লাগার জায়গা হচ্ছে চরিত্রগুলো স্টাটিক না, ক্রমাগত পরিবর্তন হচ্ছে তাদের ধরণ, কথা বলা। জীবনের সাথে বোঝাপড়ার সাথে সাথে গড়ে ওঠে তাদের চরিত্রের আলাদা আলাদা ডাইমেনশন।
যেমন - অ্যাটোলিয়ার কথা ধরি, আইরিন, যাকে তার হবু স্বামী ডাকত নির্বোধ বলে, ভেবেছিল সে হবে ছায়া কুমারী। আসলে কি তাই হয়েছিল? না। নিজের পিতার রক্তের উপরে দাঁড়িয়ে প্রতিশোধ নেয়, আর ছিন্ন করে আসে সে ষড়যন্ত্রের বেড়াজাল। তার বিরুদ্ধে যারাই গেছে, সবাইকে চরম শাস্তি দিয়েছে সে। কিন্তু আসলেই সে কি এতটা নিষ্ঠুর? কমলার বনে যে ছোট্ট মেয়েটি একাকী নাচতো, বেড়েছিল একা একা, এই কঠোরতা তার রক্ষাকবচ।

জেন, ইউজেনিডিস, দুষ্টুমিভরা হাসি মাখা মুখ, যে তস্কর দেব ইউজেনিডিসের নামানুসারে তার নামকরণ করা হয়েছল, সেই জেন, তার হাত সাফাই করা কোনো ব্যাপারই না৷ কিন্তু তার কৈশোর হারিয়ে যায় রানি অ্যাটোলিয়ার নিষ্ঠুরতায়। বদলে যায় জেন। এখন তার মুখে সেই দু্ষ্টুমিভরা হাসি নেই, তার শীতল হাসিতে কেঁপে উঠে যে কোনো দুরাত্মার হৃদয়ও।

সোফোস, বই পড়ুয়া, লাজুক ছেলে৷ সেও তো পরিবর্তন হয়ে গেল।

রাজনীতি, প্রাসাদ ষড়যন্ত্র, ঘৃণার উপাখ্যানঃ সুনিস, ইডিস, অ্যাটোলিয়া, আর মিডস। চতুর্মুখী ষড়যন্ত্র আর যুদ্ধের বারুদের গন্ধ টের পাওয়া যায় যেন গল্পের পরতে পরতে।

অনুবাদ নিয়েঃ

প্রাঞ্জল, অসম্ভব সাবলীল, দারুণ হিউমার, আর প্রাণবন্ত অনুবাদ। অনুবাদকের এটা প্রথম কাজ আর এতটাই পরিণত লেখা। আর গল্পকে মনে হচ্ছিল দেশীয় কোনো প্রেক্ষাপটের গল্প। এতটা চমৎকার কাজ হয়েছে।

কয়েকটা উদাহরণ দিচ্ছি ডিটেলিং এরঃ

❝প্রিসাইন চলে যাওয়ার পরে রানি আবার একা হয়ে গেলেন৷ বাইরে নদীর মোহনার উত্তাল ঢেউয়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কাস্তের ফলার মতো চিকন এক টুকরো নতুন চাঁদ ধীরে ধীরে আকাশের গা বেয়ে উপরে উঠছে৷ একসময় তার পায়ের কাছে জোছনার আলো এসে পড়লো।❞

❝প্রথম যেদিন এই ঘরে রাত কাটিয়েছিলাম, সেদিনও যেমন স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা ছিলো ঘরটা, আজও তেমনই আছে। আজও উত্তপ্ত সূর্যালোকে স্নান করা নগর প্রাচীরের হলুদ পাথরের হলদেটে রঙ, শুকিয়ে ওঠা জলাধার আর শুঁড়িখানা বাইরের উঠানের তপ্ত ধুলোর মাঝে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা পানির ফোঁটার রঙ আমার স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে বারবার।❞

বইয়ের প্রোডাকশনঃ
প্রচ্ছদ, বাঁধাই, ক্যারেক্টর কার্ড - সব কিছুই ছিল অসাধারণ।

বই পরিচিতিঃ

দ্য কুইন্স থিফ সিরিজ- ১ ( দ্য থিফ, দ্য কুইন অব অ্যাটোলিয়া)~ মেগান হোয়ালেন টার্নার
অনুবাদকঃ ঝিলম বিশ্বাস
জঁরাঃ দ্য থিফ-ইয়ং অ্যাডাল্ট,
দ্য কুইন অব অ্যাটোলিয়া- ডার্ক পলিটিকাল ফ্যান্টাসি
পৃষ্ঠা সংখ্যাঃ ৬০০
মুদ্রিত মূল্যঃ ৮৯৯ টাকা।
Profile Image for Maliha Tabassum Arna.
190 reviews59 followers
October 28, 2023
⚔️ফ্ল্যাপ:  চুরির দায়ে জেল খাটতে থাকা জেনের কাছে মুক্তির বার্তা নিয়ে আসেন সুনিসের রাজপণ্ডিত। মুক্তি সে পাবে, তবে তার জন্য ওকে চুরি করতে হবে এমন এক রত্ন যার নাম কেবল কিংবদন্তীতেই পাওয়া যায়। আর সেই কিংবদন্তী অনুসারে, এই রত্ন চুরি করার ক্ষমতা রাখে কেবল চৌর্যবিদ্যায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কোনো চোর।

আর তারপর শুরু হয় হ্যামায়াথিদের রত্ন উদ্ধারের অভিযান। কিংবদন্তীর পেছনে ছুটতে থাকা জেন একসময় জানতে পারে সুনিসের রাজার প্রকৃত উদ্দেশ্য। জানতে পারে কেন এই রত্নটির প্রতি তার এত আগ্রহ!
কিন্তু জেন নিজে আসলে কী চায়, তা কি কেউ জানে?

দ্য কুইন অব অ্যাটোলিয়া : হ্যামায়াথিসের রত্ন চুরির ঘটনাটা মারাত্মক কুঠারাঘাত করে অ্যাটোলিয়ার রানির আত্মসম্মানে। প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন রানি। এর মাঝেই একদিন টের পান, তাকে বোকা বানানো সেই চোর প্রায় রাতেই ধৃষ্টতার সাথে তারই প্রাসাদে ঘুরে বেড়ায়। এমনকি দুঃসাহসী এই চোর একবার তার কক্ষেও ঢুকে পড়েছিলো। এরপর থেকেই সুযোগের অপেক্ষায় থাকেন বুদ্ধিমতী রানি।

আর সেই সুযোগ একদিন চলেও আসে। ধরা পড়ে যায় জেন। প্রতিশোধের নেশায় উন্মত্ত রানি তাকে এমন এক শাস্তি দেন যা এক নিমেষেই জেনের কাছ থেকে কেড়ে নিয়ে যায় তার কৈশোর, তার সারল্য, তার সমস্ত প্রাণচঞ্চলতা।

আর তারপর সদা হাস্যোজ্জ্বল জেনের বয়স যেন হঠাৎ করেই অনেক বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে সে প্রতিজ্ঞা করে, এবার এমন কিছু চুরি করবে যা চুরি করার কথা কেউ এমনকি স্বপ্নেও কখনো ভাবেনি।

এবার একজন রানিকে চুরি করতে চায় জেন।

⚔️চরিত্রায়ন:

🗡️ইউজেনিডিস(জেন):  বইয়ের মূল চরিত্র। তাকে ঘিরেই পুরো কাহিনী আবর্তিত হয়েছে। দূর্দান্ত সব কৌশল, চতুরতা আমাকে মুগ্ধ করেছে।

🗡️সুনিসরাজ: কাহিনীর এতোটুকু পর্যন্ত তাকে কৌশলী রাজা মনে হয়েছে, অন্যায়ভাবে যেকোনকিছু হাসিল করে নেওয়ার আকাঙ্ক্ষা তার প্রবল।

🗡️রাজপন্ডিত: সুনিসরাজের অত্যন্ত অনুগত; যেকোন বিদ্যায় পারদর্শী। কিন্তু জেনের সাথে চলতে গিয়ে তাকে কয়েকবারই নাকানিচুবানি খেতে হয়েছে।

🗡️সোফোস: অভিযানে রাজপন্ডিতের সহকারী ও ছাত্র হিসেবে অভিজ্ঞতা অর্জনে যোগ দিয়েছিল।

🗡️পোল: সোফোসের নিরাপত্তা নিশ্চিতকরণে তার আগমন এবং অভিযানে যুক্ত হওয়া।

🗡️অ্যামবিয়াডেস: বইয়ের সবচেয়ে বিরক্তিকর চরিত্র। তার কাজ এবং পরিণতি বই পড়লে জানা যাবে।

🗡️ইডিস হেলেন: ইডিসের রানি; অত্যন্ত আত্মমর্যাদাপূর্ণ নারী, নিজের রাজ্যের ভালোর জন্য নিবেদিতপ্রাণ।

🗡️অ্যাটোলিয়া আইরিন: অ্যাটোলিয়ার রানী; প্রথম বইয়ে রানীকে অত্যন্ত নিচ হিসেবে ফুটিয়ে তোলা হলেও ২য় বইয়ে তার অতীত বর্তমানের বিস্তারিত বর্ণনার মাধ্যমে তার আত্মমর্যাদা দৃঢ় হয়ে চোখে পড়ে।

এছাড়াও ছিল বেশ কিছু পার্শ্বচরিত্র যারা মূল চরিত্রদের ভিড়ে হারিয়ে গেলেও ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

★★ বই: দ্য থিফ(দ্য কুইন'স থিফ #১) 
লেখক: মেগান হোয়েলেন টার্নার

⚔️পাঠপ্রতিক্রিয়া: ফ্যান্টাসির প্রতি টান আমার নতুন কিছু নয়। সিরিজটি অনুবাদের ঘোষণা আসার পর থেকে অপেক্ষমান ছিলাম।

বইটি শুরুতেই একজন রাজতস্করের বন্দিরত অবস্থার বর্ণনা করা হয়েছে। রাজার আদেশে তাকে কারাগার থেকে বের করে পাঠানো হয় রত্নোদ্ধারের কাজে।যদিও কে এই রাজতস্কর, কোথায় তার উৎপত্তি, কি তার আসল পরিচয়- এ নিয়ে সুনিসরাজও সন্দিহান ছিলেন। রাজপন্ডিত ও তার সহকারীদের সাথে অভিযানে থাকাকালীন নানা সন্দেহজনক কর্মকান্ড ঘটতে থাকে। বইয়ের একদম শেষে এসে সবগুলো বিভ্রান্তি খোলাসা করা হয়।
বইয়ের কাহিনীটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। এই বইটা যদিও শুধুমাত্র সিরিজের ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য কাজ করেছে, তবুও বইটা ছিল অনন্যসাধারণ।  প্রতিটা বর্ণনা এতো খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরা হয়েছে, কিন্তু বিন্দুমাত্র বিরক্তির উদ্রেগ ঘটেনি। বরং এতো ডিটেলিং না করলে যেন সৌন্দর্য বিঘ্নিত হয়ে যেত।

প্রথমত রত্নের অস্তিত্ব আদৌ আছে কিনা জেন সে সম্পর্কে নিশ্চিত ছিল না। মিথলজিকাল ফিকশনের সাথে সেকেন্ডারি ফ্যান্টাসি ওয়ার্ল্ড মিশে একাকার হয়ে গেছে।
প্রতিটি এডভেঞ্চারাস পার্ট পড়ার সময় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। রত্ন উদ্ধার করার সময় কিংবা হারিয়ে ফেলার সময় এতোটুকু খুঁত চোখে পড়েনি। হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল, এই বুঝি হারিয়ে ফেলেছে। রত্নের পরিণতিও আমার প্রথমবারে পছন্দ হয়নি। পরবর্তীতে আরো গভীর চিন্তায় মূল সত্যটা আমার কাছে এসে ধরা দেয়। একদম শেষে গিয়ে ইডিস হেলেনের ছোটবেলার কাহিনী উল্লেখ করে পরবর্তী বইয়ের আভাস দিয়েছেন লেখিকা।

বইয়ের বিভিন্ন জায়গায় টুইস্ট ছিল বেশ। জায়গায় জায়গায় রোমাঞ্চের দমকে আপনি খেই হারিয়ে ফেলতে পারেন, আবার লেখক আপনাকে টেনে এনে সেই সমাপ্তিতে এসেই হাজির করবেন। আপনি প্রতিটি বিষয় নিয়ে ভাবতে বাধ্য হবেন। এতোটুকু প্লটহোলও চোখে পড়বেনা।
সিরিজের প্রথম বই হয়েও এটি একটি দুর্দান্ত ফ্যান্টাসি বই।

ব্যক্তিগত রেটিং- ৩.৫/৫


★★ বই: দ্য কুইন অব অ্যাটোলিয়া(দ্য কুইন'স থিফ #২)
লেখক: মেগান হোয়েলেন টার্নার

⚔️জেনের চতুরতায় আমার মুগ্ধতা প্রতিনিয়ত বাড়ছে বৈ কমছে না। প্রথমত ভেবেছিলাম এই চতুরতার কারণে বোধহয় এবারও সে পার পেয়ে যাবে। কিন্তু নিষ্ঠুর অ্যাটোলিয়ার শাস্তির বোঝা টানতে রাজতস্করের সাথে আমার বুকটাও চুরমার হয়ে যাচ্ছিল। লেখক যেমন জেনের দিক থেকে পরিণতি বর্ণনা করেছেন ঠিক তেমনি অ্যাটোলিয়ার দিক থেকে এর কারণ বোঝাতে সামান্যতম ভুল করেননি।
কিন্তু অ্যাটোলিয়া যদি জানতেন এর ফল তাকেও ভোগ করতে হবে, তবে হয়তো তিনি এমন সিদ্ধান্ত নিতেন না। এরই পরিপ্রেক্ষিতে তিন রাজ্যে ছড়িয়ে পড়ে অস্থিতিশীলতা, নিজেদের মাঝে এ যুদ্ধের শেষ কোথায়?

বইয়ের মূল কাহিনীতে ইডিসকে ঘিরেই বর্ণনা চলেছে। জেন এবার নেমে পড়েছে মানুষ চুরি করার অভিযানে। রানিকে চুরি করে ব্যর্থ হয়েও সফলতা যখন ধরা দিয়েছে, মুখে এক চিলতে হাসি নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছি।
টান টান উত্তেজনায় ভরপুর এডভেঞ্চারে শরীরের প্রতিটি রোমকূপ সাড়া দিচ্ছিল যেন। প্রতি বাঁকে বাঁকে লেখনীর মুগ্ধতায় ডুবে ছিলাম। 
এই বইটিতে কাহিনী বেশ দ্রুত এগিয়েছে। তবে তাতে বর্ণনায় কোন ভাটা পড়েনি। প্রতিটি চরিত্রের মাঝে এতো নিখুঁত ব্যাকস্টোরি এড করা হয়েছে। তিন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়সমূহ, অ্যাটোলিয়ার অতীত, জেনকে ঘিরে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে।  দুজন রানির ব্যক্তিত্ব যে কাউকে মুগ্ধ করতে বাধ্য।

১ম বইয়ে সীমিত আকারের চরিত্র থাকলেও ২য় বইতে বহু চরিত্রের আগমণ ঘটে, যারা কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বইয়ে অতিপ্রাকৃত কোন চরিত্রের আবির্ভাব হয়তো হয়নি। দেব-দেবীর আগমনকে স্বাভাবিকভাবেই আবির্ভূত করা হয়েছে, কাহিনীর সাথে মিশে গেছে। তবুও ফ্যান্টাসি বই হিসেবে এতে কোন ইলিমেন্টস এর ঘাটতি চোখে পড়েনি। ঐতিহাসিক বর্ণনা ফ্যান্টাসির সাথে মিলেমিশে এক অনন্য রূপ লাভ করেছে।
বেশ কিছু ঘটনা যেন আগে থেকেই ধরে ফেলা যাচ্ছিল, তার জন্য আশাহত হইনি তা বলা যাচ্ছে না। এরপরও যে টুইস্টগুলো মাথা ঘুরিয়ে দিচ্ছিল, তার জন্যই বোধহয় বেশ সুখপাঠ্য হয়েছিল।

ব্যক্তিগত রেটিং- ৪/৫


⚔️অনুবাদ ও সম্পাদনা: অনুবাদকের প্রথম কাজ দেখে কিছুটা অবাকই হয়েছি। এতো স্মুথ অনুবাদ সম্ভবত আমি এর আগে কখনোই পড়িনি।
প্রথম বই স্লোবার্ন হলেও দ্বিতীয় বইয়ের পরতে পরতে প্রতিটি ভাষা, শব্দচয়ন, বাক্য অত্যন্ত যথাযথভাবে ব্যবহৃত হয়েছে।  সরাসরি অনুবাদ করেননি, কিন্তু যে রূপান্তর করা হয়েছে তাতে সম্পূর্ণ কৃতিত্ব ঝিলম আপুর।  দেব-দেবীদের নাম, জায়গার নাম, অন্যান্য শব্দ এতো সুন্দর ভাবে তুলে ধরাও সম্ভব তা আমার জানা ছিলো না।
সম্পাদনার কাজও দারুণ করা হয়েছে। বইয়ের শেষের দিকে কিছু বাক্যগঠনে একই ওয়ার্ড ডাবল হওয়া ছাড়া আর কিছু চোখে পড়েনি।

⚔️প্রোডাকশন ও অন্যান্য: বইয়ের পেজ কালার, প্রচ্ছদ ভেতরে ম্যাপ এবং ইলাস্ট্রেশন প্রিন্ট দারুণ হয়েছে। ফন্ট সাইজ বড় হওয়ায় চোখ বেশ আরাম পেয়েছে। আর ডাস্ট কভারের ভেতরে ম্যাপ দেওয়ার ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আমার বইটিতে শুরুর পাতাগুলো ঠিক থাকলেও বই দাঁড় করানো অবস্থায় বাঁধাই  না খুলেই পেছনের অংশের পাতাগুলো নিচে টেবিলের সাথে লেগে ভেঙে যাচ্ছিল। এই প্রোডাকশনে মূদ্রিত মূল্যটা আরেকটু কম রাখা সম্ভব হতো।
প্রচ্ছদের রানির মুকুটের সাথে জেনের অঙ্কুশ,  লিলি, হ্যামায়াথিসের রত্ন মিলেমিশে প্রচ্ছদকে সুন্দর করে তুলেছে।


বই: দ্য কুইন'স থিফ সিরিজ [১, ২]
লেখক: মেগান হোয়েলেন টার্নার
অনুবাদক: ঝিলম বিশ্বাস
জনরা: ফ্যান্টাসি
প্রচ্ছদ: লর্ড জুলিয়ান
প্রকাশনী: বেনজিন প্রকাশন
প্রথম প্রকাশ: বইমেলা, ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ৬০০
মুদ্রিত মূল্য: ৮৯৯/-
Profile Image for Mim Chowdhury.
15 reviews7 followers
February 22, 2023
খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই বই নিয়ে। তার আশানুরূপ ফলও পেলাম।বইটি পড়তে গিয়ে মনে হচ্ছিল না যে আমি কোনো অনুবাদ পড়ছি।অনুবাদ বেশ ঝরঝরে ছিল।বইয়ের ভিতরের চমৎকার ইলাস্ট্রেশন গুলো ও সত্যি সুন্দর ছিল।তবে যায় হোক শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনকাড়া ও তৃপ্তিদায়ক ছিল।
Profile Image for Peal R.  Partha.
216 reviews13 followers
August 30, 2023
▌দ্য কুইনস থিফ [১+২]

‘একজন রাজতস্করের হাতে আর কতটুকু বা ক্ষমতা থাকে? চৌর্যবৃত্তির মতো এমন নগন্য ও জঘন্য কাজ যে করে; তার দৌড় যতই দ্রুত হোক না কেন─অন্ধকারই তো তার শেষ সীমানা।’ —অন্তত এমন একটা সংলাপ ‘দ্য কুইনস থিফ’ সিরিজের প্রথম দুটো বই ‘দ্য থিফ’ ও ‘দ্য কুইন অব অ্যাটোলিয়া’-তে থাকলে মন্দ হতো না। যাহোক, এই ধরনের সংলাপ নেই তো কী হয়েছে, দুটো উপন্যাসের রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের কমতি একেবারে অনুপস্থিত।

মধ্যম মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত ক্ষুদ্রতর উপদ্বীপ অঞ্চলের তিনটি রাজ্য─সুনিস, ইডিস ও অ্যাটোলিয়া। মূলত এই তিন রাজ্যের মধ্যে যুগ যুগ ধরে চলমান দ্বন্দ্ব, ক্ষমতার দাপট, রাজ্যের লোভ, রাজনৈতিক কূটচাল, দখলদারিত্ব ইত্যাদি নিয়ে প্রথম দুটো বই লেখা। ‘দ্য থিফ’ পুরোটাই লেখক আমাদের পরিচয় করিয়ে দেন সুনিস রাজ্যের সাথে। ইডিস ও অ্যাটোলিয়া কিছুটা আড়ালে থেকে যায় পরিচিত ইতিহাসের পাতা হয়ে। আর এই কুইনস থিফের যাত্রাটা ঠিক এখান থেকে শুরু। প্রথম যাত্রার মূল উদ্দেশ্যে─হ্যামায়াথিসের রত্ন উদ্ধার। সুনিসরাজের রত্নটি ভীষণ দরকার। কী কারণ সেটা না-হয় অজানা থাক। কিন্তু সমস্যা হলো কোনো রাজা, মন্ত্রী কিংবা সৈন্য; এদের কেউই সেই রত্ন উদ্ধার করতে সক্ষম নয়। এমনকি কোনো রাজকুমার বা কোনো বীরপুরুষও এই কাজ করতে নেহায়ত অক্ষম বলে বিবেচিত। তবে কে আছে, যে এই রত্ন উদ্ধার করে দিতে সহায়তা করবে সুনিসরাজকে?

রত্ন উদ্ধারের কঠিন ভাবনায় দিনাতিপাত করার মধ্যে হঠাৎ সুনিসে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজকীয় সিলমোহর চুরি করতে এসে ধরা পড়ে এক চোর দ্য থিফ। বন্দি করা হলো তাকে সুনিসের অপ্রতিরোধ্য কারাগারে। ওদিকে সুনিসের রাজপণ্ডিত রাজাকে রত্ন উদ্ধারের এমন এক পথ বাতলে দিলেন যা জানার পর খোদ রাজা বলে ওঠেন, “রাজতস্কর! তা পণ্ডিত আপনার মাথায় শুভবুদ্ধির উদয় তো হলো ঠিক কিন্তু আমাদের রাজ্যে তো এমন কোনো রাজতস্কর নেই। আর এই পদ বর্তমানে ভ্রান্ত আর কিংবদন্তিতে রূপ নিয়েছে। তাহলে কোথায় থেকে এমন কাউকে হাজির করবেন আপনি?”

রাজপণ্ডিত রাজাকে আশ্বাস দিলেন এই বলে, তাদের কারাগারে এমন একজন রাজতস্কর বহাল তবিয়তে আছে। যাকে সাধারণ চোর হিসেবে বিবেচনা করে হলেও, আদতে সে মোটেও সাধারণ কেউ নয়। আর তাকে নিয়ে এই অভিযানে সামিল হবেন তিনি। উদ্ধার করে এনে দিবেন কাঙ্ক্ষিত রত্ন। সাথে থাকবে তার দু’জন শিষ্য। তারমধ্যে একজন আবার রাজারই ছেলে। পণ্ডিত অভিযানের আদেশ চাইলেন। এ-তো মেঘ না চাইতে জল। অতঃপর রাজার আদেশে একজন রাজরক্ষী, দুই শিষ্য ও সেই চোরকে নিয়ে প্রথম অভিযানের ‍উদ্দেশ্যে নামলেন রাজপণ্ডিত।

এখন হয়তো আপনার মনে বেশ কয়েকটা প্রশ্ন কিলবিল করা শুরু করেছে। প্রথমটা হলো─রাজতস্কর কী? মূলত এটি একটি পদ। কোনো খাবারের না। রাজ্যের রাজ খেতাব প্রাপ্ত চোরকে এই উপাধিতে ডাকা হয়। চোরকে খাঁটি বাংলায় তস্কর বলে। যে কি না চৌর্যবিদ্যায় পারদর্শী। রাজতস্করের বিদ্যা আবার যেনতেন কাজের জন্য না, রাজ্যের রাজনীতি ও কূটনীতির সাথে জড়িতে থাকে এমন নানান কাজে এই বিদ্যা খাটানো হয়। এখন প্রশ্ন─হ্যামায়াথিসের রত্ন একমাত্র রাজতস্করই কেন উদ্ধার করতে পারবে? বাকিরা কেন না?

আমরা এতসব প্রশ্নের উত্তর না খুঁজে বরং গল্পের আবহে এগিয়ে চলি। সেই বন্দি চোর, যে সুনিসে আটকা পড়েছে। রত্ন উদ্ধারের গুরু দায়িত্ব যার কাঁধে। তার একটা নাম আছে─জেন। তার জাতি তাকে ভালোবেসে ডাকে ইউজেনিডিস নামে। আর ইউজেনিডিস হলো ইডিস রাজ্যের ‘রাজতস্কর’ উপাধি! যে কি না আবার একজন দেবতা! এখন সে কীভাবে সুনিসের রাজপণ্ডিতের তুরুপের তাস হলো, কেন তাকে ছাড়া এই অভিযান ব্যর্থ আর কী তার আসল পরিচয়; এগুলোই হলো প্রথম বইয়ের কাহিনি। প্রথমেই বলে নিতে হয়, ‘দ্য থিফ’ বইতে তিন রাজ্যের মধ্যে চলমান সম্পর্ক, সেই রাজ্যগুলো দেব-দেবীর প্রচলিত কাহিনি এবং তাদের পরিণতি নিয়ে বেশকিছু তথ্য উঠে এসেছে। সেই সাথে রত্ন উদ্ধারের যে অভিযান; সেটার সাথে দেব-দেবীরা কীভাবে আর কেন জড়িত তা-ও লেখক অত্যন্ত সুনিপণতার সহিত উল্লেখ করেছেন। এখানে যে-কোনো একটি ঘটনা বাটারফ্লাই ইফেক্টের মতো তিন রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ে। অর্থাৎ তিন রাজ্যের সীমান্তে কোনো একটা ঘটনা ঘটলে, তা পুরো উপদ্বীপ অঞ্চলে প্রভাব বিস্তার করে।

প্রথম অভিযানে লেখক অত্যন্ত দক্ষতার সহিত মধ্যম মহাসাগরীয় ক্ষুদ্রতর উপদ্বীপ অঞ্চলের ভৌগিলিক পরিচিতি, সেই অঞ্চলের রাজ্যগুলোর কাঠামো, তাদের মূল বাণিজ্যক পণ্য, জাতীয় প্রতীক, বর্তমান শাসক, প্রধান দেবতা, মুদ্রার নাম-সহ সবকিছু তুলে এনেছেন। ইডিস, সুনিস আর অ্যাটোলিয়া রাজ্যের মূল উদ্দেশ্যে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে পরিচয় ঘটিয়ে আসন্ন বিপদ সম্পর্কে অবগত করেছেন। রত্ন উদ্ধারে সুনিসরাজের অভিলাষে কীভাবে ইডিসের রানি জড়িত, অ্যাটোলিয়া রাজ্য কোন কারণে সম্পর্কিত─এগুলোই ছিল প্রথম বইয়ের প্রস্ফুটিত বিষয়বস্তু। তবে এসব ছাপিয়ে যে বিষয়টি সর্বাধিক অ্যাখ্যা পেয়েছে তা হলো, রাজতস্করের একাল-সেকাল। যেহেতু পুরো সিরিজটির কেন্দ্রবিন্দু এই রাজতস্কর; তাই লেখক সেইভাবে চরিত্রটিকে বাস্তবিক রূপদান করেছেন। আর তা করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি। একটি অতি সাধারণ চরিত্রকে ঠিক কতটা বিখ্যাতভাবে পরিবেশন করতে হয়─পুরো সিরিজটি সম্ভবত তারই প্রমাণ। প্রথম দুটি বই শুধুমাত্র সেই ধারণা দেয়। তবে দ্বিতীয় বইতে রাজতস্কর চরিত্রটির পূর্ণাঙ্গ রূপ লাভ করে। সেলুলয়েডের পর্দায় যেভাবে কোনো ভার্সেটাইল অভিনেতা অ্যান্টিহিরোর রোল প্লে করে─ঠিক তেমনটা এই সিরিজের রাজতস্করের চরিত্রটি করে দেখিয়েছে।

শুনেছি, কোনো চরিত্রকে বিখ্যাত করতে তার ব্যাকস্টোরি দক্ষতার সহিত বুনতে হয়। যত কষ্ট আর বেদনা সেই গল্পে মেশানো যায়, ততই চরিত্রটি পাঠক প্রিয় হয়ে ওঠে। লেখক শুধু রাজতস্কর জেনকে সেই আদলে তৈরি করেননি, করেছেন ইডিসের রানি ইডিসকে, করেছেন অ্যাটোলিয়ার রানি আইরিনকে। দ্বিতীয় বই থেকে মূলত প্রধান দুই মেরুর দুই চরিত্র সমান্তরালে জনপ্রিয় হয়ে ওঠে। আর এ সবটুকু সম্ভব হয়েছে লেখকের অপূর্ব চরিত্রায়নে। অবহেলায় কোনো চরিত্র লেখকের লিখনীর আগায় বেড়ে ওঠেনি। প্রত্যেকটি চরিত্রের উদ্দেশ্য স্পষ্ট। কে কী চায় আর কেন চায় তা-ও। এই নিয়ে বাড়তি অভিযোগের দরকার নেই। বরং টানটান লিখনপদ্ধতিতে লেখক─পাঠক আকৃষ্ট করতে যেন সিদ্ধহস্ত। প্রথম বইটি লেখা হয়েছে উত্তমপুরুষে। শেষদিকে এসে প্রথম পুরুষে পরিবর্তন করেছে। দ্বিতীয় বইটি সম্পূর্ণ প্রথম পুরুষে লেখা। এই সাবলীলতার অর্ধেক ক্রেডিট মূল বইটির রূপান্তরকারী ঝিলম বিশ্বাসের প্রাপ্য। বইটির অনুবাদ তিনি করেননি। করেছেন রূপান্তর। আর অনুবাদ, পূর্ণাঙ্গ অনুবাদ থেকে রূপান্তরের ভাষাটা ভিন্ন, স্বতন্ত্র। আর এই দিক থেকে তিনি সফল। কিছু কিছু ঘটনার পরিবর্তন হওয়াটা কিঞ্চিৎ সন্দেহ জাগিয়েছে মনে, কাটছাঁটের কারণে এমনটা হয়েছে। ওটুকু বাদ দিলে বিনা বাক্যব্যয়ে এমন একটা দুর্দান্ত কাহিনি আত্মস্থ করতে এই রূপান্তরের জুড়ি নেই।

এইবার আসা যাক পুরোনো হ্যামায়াথিসের রত্নের বাটারফ্লাই ইফেক্ট নিয়ে। এক রত্ন উদ্ধার করতে গিয়ে তিন রাজ্যের রাজা-রানির মনে সেই ইফেক্টের প্রভাব তো ভালোভাবে পড়েছে। সুনিসরাজ চায় এই রত্ন নিজ হাতে পেতে, ওদিকে ইডিস রানির অন্য পরিকল্পনা। অ্যাটোলিয়া রানি চায় না এই রত্ন কখনও উদ্ধার হোক। কারণ, সুনিস আর অ্যাটোলিয়ার সম্পর্ক সাপে-নেউলের। মাঝে দিয়ে বিপাকে আছে ইডিস। দুই শত্রুর যোগাযোগরে একমাত্র সংযোগস্থল তারই সীমান্ত। পান থেকে চুন খসলেই যে-কোনো শত্রু তাদের রাজ্যে ভাগ বসাতে চাইবে। সন্ধির কোনো নামনিশানা দেখা যাচ্ছে না। এমন উদ্ভট আর উৎকট অবস্থা থেকে ইডিসকে বাঁচাতে পারে একমাত্র রাজতস্কর জেন। কিন্তু কীভাবে?

যেভাবেই হোক, দেখা গেল হ্যামায়াথিসের রত্ন উদ্ধার হলো। তারপর যে গন্ডগোলটা তিন রাজ্যে বিস্তার করল─তা অতীব ভয়ানক। এদিকে গোদের ওপর বিষফোড়া হিসেবে উপদ্বীপ অঞ্চলে মিডিয়ানদের আনাগোনা দেখা দিয়েছে। যারা কি না দখলে নিতে চায় মধ্যম সাগরের পুরো অঞ্চলটি। যার ভেতর রয়েছে─সুনিস, ইডিস আর অ্যাটোলিয়া। এখন মিডিয়ানরা কে, আর কী তাদের পরিকল্পনা; তা নিয়ে আর বিস্তারিত বলছি না। শুধু বলি, তিন রাজ্যের জন্য এই সংকট দারুণ ভয়াবহ। সেই ভয়াবহতাকে তুড়ি মেরে উড়িয়ে দিলো কি না অ্যাটোলিয়ার রানি! খাল কেটে কুমির আনার মতো তিনি ডেকে এনে তোষামোদ করছেন মিডিয়ানদের পাঠানো রাজদূতকে। রানির উদ্দেশ্য, ওদের সাথে হাত মিলিয়ে পুরো উপদ্বীপ অঞ্চলে ক্ষমতা বিস্তার করা। কিন্তু সেটা কি এতটাই সহজ হবে? এই নিয়ে লেখা হলো সিরিজের দ্বিতীয় বই ‘দ্য কুইন অব অ্যাটোলিয়া’।

এখানে উপজীব্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে, কীভাবে সুনিস আর ইডিস মিলে অ্যাটোলিয়ার রানিকে আটকাবে। রাজতস্করের ভূমিকা বা এখানে কী? সুনিস থেকে ইডিস কীভাবে রক্ষা পাবে, ইডিস থেকে সুনিস কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে ইত্যাদি। প্রথম বই অ্যাডভেঞ্চার, ইতিহাস ও ধর্মীয় কাহিনির সংমিশ্রণ থাকলেও দ্বিতীয় বইটি পুরোপুরি ইয়ং অ্যাডাল্ট, রাজনীতি ও যুদ্ধের প্রতিরূপ হিসেবে বিকশিত হয়েছে। আবেগীয় এমন অনেক মুহূর্ত উঠে এসেছে, যা অনুভব করে যাওয়াটা মুখ্য হয়ে ওঠে। প্রথম বইয়ের সাথে দ্বিতীয় বইয়ের সামঞ্জস্য অসামান্য। প্রথম বইয়ে সুনিসের পারিপার্শ্বিক আবহ বেশি উঠে এলে, দ্বিতীয় বইতে ইডিস আর অ্যাটোলিয়ার আদ্যোপান্ত দিয়ে ভারসাম্য রক্ষা করা হয়েছে। দুটো বই এখন পর্যন্ত গ্রিম ডার্ক ফ্যান্টাসির সীমানায় অবস্থান করছে। এপিক-ও বলা যায়। তবে হাই বা লো টাইপ কোনো ম্যাজিকের দেখা মিলেনি। শুধু পূর্ব ইতিহাসে পাতায় বর্ণনা দেওয়া ব্যতীত। অতএব, ম্যাজিক দেখবেন, কোনো ক্রিয়েচারে সাথে লড়াইয়ের দৃশ্য পড়ে কল্পনায় ভেসে যাবেন─এমনটা না। এগুলো ছাড়া সিরিজটির পথচলা যথেষ্ট উপভোগ্য। দ্বিতীয় বইটি তো একেবারে রোলার কোস্টার রাইড। হাতে নিবেন আর পাতার পর পাতা উলটে যাবেন।

‘দ্য কুইন অব অ্যাটোলিয়া’ থেকে চরিত্রের আনাগোনা ও কাহিনির ঘনঘটা বৃদ্ধি পেতে থাকে। প্রত্যকটা চরিত্রের পরিচয় ঘটে স্বাধীনভাবে। কিন্তু অনেক চরিত্র পূর্ণতা পায়নি। শুধুমাত্র মূল চরিত্রদের প্রতিটি গতিবিধির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। যুদ্ধের কারুকাজ ও নগ্নতার বহিঃপ্রকাশ ব্যতীত। এই দুটির কোনোটিই সেভাবে ব্যক্ত করা হয়নি; যেমনটা সমমানের ফ্যান্টাসি উপন্যাসগুলোতে করে থাকেন লেখকরা। গল্পের সময় এই খণ্ডে বেশ দ্রুত চলতে থাকে। এখানে পাঠকদের তালে কিঞ্চিৎ বিঘ্ন ঘটার সম্ভবনা আছে। এসব ছাড়াও মধ্যম মহাসাগরীয় ভৌগিলিক অবস্থানের বিষয়ে আরও বিস্তারিত জানা যায়। আসন্ন বিপদ সম্পর্কে লেখক ভালোভাবে অবগত করেছেন আমাদের, করেছেন উদ্বুদ্ধ।

সবমিলিয়ে ‘দ্য কুইনস থিফ’ সিরিজের দ্বিতীয় বইটি বেশি উপভোগ্য তবে সেটা প্রথম বইয়ের পোক্ত নির্মাণের কারণে। এর পরবর্তী খণ্ড দুটো পড়ার জন্য উদগ্রীব হয়ে আছি। ঘটানার মোড় সেপার্কিয়া নদীর মতো আর কোন কোন দিকে কীভাবে নিবে সেটা জানতে আগ্রহী। বেশকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলাপে যাইনি স্পয়লার আসবে বলে। তার ওপর দুটো বই এক খণ্ডে প্রকাশ করাতে কিছু জিনিসের পূর্বাভাস আগে থেকে পেয়ে যাওয়াতে কিছুটা আশাহত যে হয়নি তা বলব না।

বইট প্রকাশিত হয়েছে বেনজিন প্রকাশন থেকে। প্রোডাকশন সবমিলিয়ে ভালো। ৬০০ পৃষ্ঠার বইট মুদ্রিত মূল্য ৮৯৯ টাকা। এর পরের দুটো খণ্ড ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বাকিগুলো আশা করি দ্রুত প্রকাশ হবে। যারা এখনও সিরিজটি পড়েননি, তাদের জন্য রেকোমেন্ড রইল। ফ্যান্টাসিতে এই সিরিজটি দারুণ সংযোজন। বিশেষ করে যেখানে একজন চোর-ই সবকিছুর হতাকর্তা রূপে বিরাজমান। তবে তার জীবনের কাহিনি কতটা দুর্ভোগে জর্জরিত—তা না-হয় পড়ে স্বয়ং বিচার করবেন।

সবশেষে, রাজতস্কর দীর্ঘজীবী হোক…
Profile Image for Forhad Ahmed.
46 reviews
May 11, 2025
ফাইনালি দীর্ঘ এক বছর পর পড়া শুরু করার পর এত দ্রুত শেষ হয়ে যাবে কল্পনাতীত ছিল, বহুল আকাঙ্ক্ষিত ❝দ্য কুইন'স থিফ" খ্যাত লিজেন্ডারি সিরিজটি...!
ফ্যান্টাসি আমার সবচেয়ে পছন্দের জনরা...আর বইটি যদি
"দ্য কুইন'স থিফ" হয় তাহলে কথায় নেই; বহুদিন ধরে চরম
আগ্রহভরে অপেক্ষা করছিলাম পড়ার সুযোগের। অবশেষে 
সেই সময় এবং পারফেক্ট ওয়েদার পেয়ে গেলাম। সারাদিন 
পুরো আকাশ কালো মেঘের বিষণ্নতার চাদরে ঢেকে ছিল আর সাথে ক্ষণে ক্ষণে আসা ঝিরিঝিরি বৃষ্টি। এমন মুহূর্ত'গুলোর জন্যই প্রিয় লেখক হুমায়ুন আহমেদ লিখেছিলেন, 
❝পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবণ মাসে 

টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত 

শোনার জন্য আমি থাকব না কোনো মানে হয়..!❞

 তাই এই ঋণে শ্রদ্ধা জানায় প্রিয় লেখক এবং সৃষ্টিকর্তা'কে
আমাকে পৃথিবীতে আসার এই মহান সুযোগ করে দেয়ার
জন্য।

❝ মৃত্যু তো মৃত্যুই! মৃত্যু মানেই সব যন্ত্রণার অবসান।
কিন্তু মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক সেই সত্য, জীবনে  সবচেয়ে বেশি সে যাকে ভালোবেসেছে, সেই ভালোবাসার 
মানুষটাই হবে তার মৃত্যুর কারণ। কারণ সেই ভালোবাসার 
মানুষটাই সবচেয়ে বেশি ঘৃণা করে তাকে।
"ভালোবাসার মানুষটা" এই সত্যটা উপলব্ধি করার পর 
থেকে বুকের ভেতরে কেমন একটা যন্ত্রণা হচ্ছে। সে তাকে
কিভাবে বুঝাবে এই ভালোবাসার সত্যতা? ইচ্ছা করছে,
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে সবাইকে জানিয়ে 
দিতে তার ভালোবাসার কথা; দেবতা বা মানুষ, সবাইকে। 
কিন্তু কিছু কি লাভ হবে তাতে? পুরো উপদ্বীপ অঞ্চল জানে, ইডিসের রাজতস্করের মতো মিথ্যুক আর একজনও নেই জগতে। আর তাকে বিশ্বাস করার কারণই বা কী থাকতে পারে? পরাজিত এক বন্দি'কে বিশ্বাস করার কোনো কারণ আসলেই কি আছে? ❞
Profile Image for Dystopian.
528 reviews298 followers
February 21, 2023
প্রতিটা হাই ফ্যান্টাসির সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার টা থাকে একটা ভিন্ন পৃথিবীর সব কিছুকে তার পাঠকদের সাথে পরিচয় করানো। নতুন বিশ্বাস, নতুন সংস্কৃতি এমনকি অদ্ভুত সব ভাষাও।

দ্যা থিফ সিরিজের প্রথম বই। আর এই বই এর পুরোটা জুড়েই ছিল ক্যারেক্টার থেকে ওয়ার্ল্ড সব কিছুর ডেভলপ। সত্যি বলতে বইটা সিরিজের মূলভিত্তি হওয়ার উদ্দ্যেশে লেখা তা যথার্থ ভাবেই লেখক বুঝিয়েছেন। এর বেশি কিছু এই বই থেকে কাম্য নয়।

তবে যে কথা না বললেই না সেটা বই এর অনুবাদ নিয়ে। এত সাবলিল আর দারুন অনুবাদ যেন মৌলিক কেউ হার মানায়। স্লো পেসড এর বইটা টেনে শেষ করার স্বার্থকতা পুরোপুরি অনুবাদকের।

বিঃদ্রঃ রেটিং প্রথম গল্পের ভিত্তিতে করা হয়ছে । দ্বিতীয় গল্প পড়ার পর একচুয়াল রেটিং আপডেট করা হবে এই এডিশোনে ।
Profile Image for Nurul Abser.
50 reviews2 followers
August 28, 2023
আসলে ২য় পর্বটা ৫ ডিজার্ভ করে। কিন্তু ১ম টা একটু স্লো তবে সব মিলিয়ে দারুণ একটা সিরিজের শুরু
Displaying 1 - 10 of 10 reviews