একটি ছোটো গল্পের রিভিউ লেখা আমার কাছে কঠিন লাগে। যেখানে শুরু নেই, শেষ নেই; সেখানে কীভাবে রিভিউ লেখা যায়? সম্প্রতি বইঘর ইবুক অ্যাপে লেখক মনোয়ারুল ইসলাম ভাইয়ের একটি ছোটো গল্প প্রকাশ পেয়েছে।
"আমাদের ফ্ল্যাটে পরী থাকে" গল্পটি একটি ছিমছাম, ছোটো পরিবারের গল্প। বাবা, মা আর পাঁচ বছরের একটি মেয়ে যেখানে প্রাধান্য। ছোট্ট মেয়েটির বাবার কাছে বায়না, অদ্ভুত সব প্রশ্নের সমাহার ছিল বইটিতে। একটি পরিবারের প্রাণ শিশুরা। শিশুদের কথাবার্তা, দুষ্টুমি কিংবা অজানাকে জানতে চাওয়ার প্রবণতা- হোক সে যতই অদ্ভুত, বেশ ভালো লাগে। শোভা নামের মেয়েটি দুই অধ্যায়ের গল্পটির প্রাণ হিসেবে ছিল। এই গল্পে বাবা-মেয়ের বন্ধন দৃঢ়ভাবে ফুটে উঠেছে।
আমাদের গল্পকথক মেয়েটির বাবা। প্রতিটি বাবার কাছে তার মেয়ে পরী। আবার মেয়ের কাছে তার মা পরী ছাড়া কিছুই না। কিন্তু দিন শেষে সত্যিকারের পরী কে? ঠিক কী কারণে শোভা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো? রহস্য থেকে গেল।
লেখক মনোয়ারুল ইসলামের সবগুলো বই পড়া। লেখকের লেখনীর সাথে পরিচয় বহুদিনের। এত সাবলীলভাবে গল্প বলার ক্ষমতা সবার থাকে না। ছোটো এই গল্পটি লেখক যেই প্লটে লিখেছেন, আমার মনে হয়েছে বিশাল পরিসরে উপন্যাস হিসেবে দারুণ একটা গল্প হতে পারে। সামাজিক উপন্যাস হিসেবে নয়, অতিপ্রাকৃত হিসেবে।
গল্পটা যেন দ্রুত শেষ হয়ে গেল। ছোটো গল্প এমনই হয়। তারপরও কেন যেন পূর্ণতা পেল না। আরেকটু দীর্ঘায়িত হলে মন্দ হতো না।
দুই অধ্যায়ের ছোটো এই গল্পের ইবুক মূল্য বিশ টাকা। আমার কাছে একটি বেশি মনে হয়েছে। এরচেয়ে বড় বই বা গল্প কম মূল্যে পড়েছি। ইবুকের ক্ষেত্রে কাগজের মূল্য বৃদ্ধির অজুহাত তো খাটে না। পাঁচ টাকার মতো কম হলে যুতসই হতো।
পরিশেষে, ছোটো গল্প হিসেবে গল্পটি বেশ দ্রুততর। দশ বা পনেরো মিনিট শেষ হয়ে যায়। মেদহীন, ঝরঝরে উপভোগ্য লেখা। এমন ছোটো গল্পের জন্য ইবুক বইঘর বেশ কার্যকরী অ্যাপ বলে মনে হয়েছে।
বই : আমাদের ফ্ল্যাটে পরী থাকে
লেখক : মনোয়ারুল ইসলাম
ইবুক : বইঘর
অধ্যায় : ২
মূল্য : ২০ টাকা