এরকম বই অনেকদিন পড়ে পড়লাম, যদিও মনোজদের অদ্ভুত বাড়ি দ্বিতীয়বার পড়ছি। প্রথমবার পড়েছিলাম অনেক আগে, ক্লাস ফাইভে থাকতে সম্ভবত, গল্পের সবকিছুই ভুলে গিয়েছিলাম প্রায়। বাংলা কিশোরসাহিত্যে শীর্ষেন্দুর অদ্ভুতুরে সিরিজের বইগুলো অনন্য, আরেকটু বাড়িয়ে বলতে পারি, এগুলোর জুড়ি মেলা ভার। তার লেখার ধরণ, সেন্স অফ হিউমার অন্য পর্যায়ের। প্রতিটা পৃষ্ঠাতেই হাসার মতো কিছু না কিছু রয়েছে। ভজহরি, হারাধন, দুঃখুবাবু চরিত্রগুলো আগেও খুব ভালো লেগেছিল, এবার তার মাত্রা আরেকটু বাড়ল। বইয়ে চরিত্রের সংখ্যা নেহাৎ কম না, তাই কিছু চরিত্রের কথা ভুলে গেছি। প্রাণ খুলে হাসার মতো একটা বই।
গল্প শুরু হয়েছিল একটা ছবি থেকে। সেই ছবি পাওয়া যায় মনোজদের ছবির এ্যালবামে। কিন্তু সেই ছবি কার, তা কেউ জানে না। ছবিটা একটা বাচ্চা ছেলের। এটা নিয়েই মূলত ছোটখাট একটা রহস্য। তবে এটাকে রহস্য গল্প মনে হয়নি, আমার বিশ্বাশ লেখকও এটাকে রহস্য উপন্যাস হিসেবে লেখেন নি, তার চেয়ে বরং এই গ্যারান্টি দিতে পারি, বইটার প্রথম্ থেকে শেষ পৃষ্ঠা আপনাকে আনন্দ দেবে, প্রাণখুলে হাসতে বাধ্য করবে।