শোষণ কতটা বহুমাত্রিক হতে পারে, সেটা তলিয়ে না দেখলে বোঝা কঠিন। একসময় যারা মানুষ ছিল, তারা এখন শুধুই কুলি। তাদেরকে মানুষের কাছাকাছি কিছু ভাবতে গেলে যে হর্তাকর্তাদের একটু বিব্রত হতে হতে পারে! বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তাদের আসামের গহীন জঙ্গলে চা সাম্রাজ্যে কর্মী হিসেবে নিয়ে আসা হয়েছিল। এখানে পৌঁছার পর, খুব দ্রুতই তারা বুঝে যায় কত দিক থেকে তাদের শেকল পরানো হয়েছে। উদয়াস্ত প্রহরীর চাবুকের সামনে দুটি পাতা ও একটি কুঁড়ি তুলে তুলে কুলিরা মাসে কয়েকটি মাত্র পয়সা পায়। তা দিয়ে মৌলিক চাহিদাটুকুও মেটে না। আশেপাশে ত্রিসীমানায় চালডাল, বেঁচে থাকার অতিপ্রয়োজনীয় পণ্য বিক্রির যে দোকানগুলো আছে, সেগুলো রক্তচোষা; খাওয়াপরার জন্যই কুলিরা পাহাড়সমান ঋণে তলিয়ে যায়। যে শ্বেতাঙ্গ সাহেব মেমসাহেবরা এই কুলিদের রক্ত-ঘামের ফসলে আয়েশ করে সভ্যতার করছে, তারা কি ঘেন্না করে এই কালো নোংরা ছেঁড়া কাপড় পরা অপরিষ্কার মানুষগুলোকে! অবশ্য এদেরকে যে মানবেতর বেতন দেয়া হয় সেটা থেকে পরিচ্ছন্ন কাপড়, সাবান, পানি, গৃহসজ্জা যে সম্ভব নয় সেটা তাদের ঠুলি ভেদ করে ঢোকে না।
মুলকরাজ আনন্দর এই উপন্যাসে নিষ্পেষিত কুলিদের প্রতিনিধি চরিত্র হিসেবে আছে গঙ্গু। রাজপুত এই কৃষক ভিটেমাটি হারিয়ে পত্নী সজনী, দুই সন্তান লীলা ও বুদ্ধুকে নিয়ে এই জঙ্গলে আসতে বাধ্য হয়েছে। বুটা সর্দার তাকে জমি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে নিয়ে এসেছে। কিন্তু খুব তাড়াতাড়িই গঙ্গু বুঝতে পারে, এমন এক জেলখানায় এসে ঢুকেছে, যেখানে গরাদ না থাকলেও পালানোর উপায় নেই।
সহানুভূতিশীল চরিত্র হিসেবে আছে, চা বাগানের ডাক্তার, জন দ্য লা হাভর। শোষকদের বেতনভুক হলেও তার মধ্যে কাজ করে বিপ্লবী মানবতাবাদী চেতনা। বঞ্চনায় জর্জরিত, সাহস হারানো, মেরুদণ্ড বেঁকে যাওয়া কুলিদের দিয়ে আসলেই রুখে দাঁড়ানো সম্ভব কিনা তা সে জানে না। দ্য লা হাভর এই চা এস্টেটের সাহেব-মেমদের অন্তসারশূণ্যতাকে ঘৃণা করে। কিন্তু এরই মধ্যে বড়সাহেব ক্রফটকুকের কন্যা বারবারার প্রতি ভালোবাসা তার জন্য দ্বন্দ্ব হিসেবে হাজির হয়।
শোষক শ্রেণীর প্রতিভূ চরিত্র হচ্ছে, বড় সাহেব ক্রফটকুক, মিসেস ক্রফটকুক, ছোটসাহেব রেজি হান্ট, এবং আরো কিছু লোক। ইংরেজ জাতির প্রশ্নের অতীত শ্রেষ্ঠত্বের ধারণা এদের মজ্জাগত। এদের মধ্যে রেজি হান্ট স্বভাবতই উচ্ছৃঙ্খল, নির্মম, ও নারীলোভী। তার কুৎসিত লালসার শিকার হয় অসংখ্য কুলিকামিন।
দালাল শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, বুটা সর্দার, বাবু শশিভূষণ, অন্যান্য সর্দার ও প্রহরীরা। নিজের স্বদেশীদের ঘাড়ে পা রেখে আখের গুছিয়ে ফুলেফেঁপে উঠছে এই লোকগুলো।
যে চিত্র মুলকরাজ আনন্দ প্রায় একশো বছর আগে এঁকে গেছেন, সেটা আজকেও কতটা পরিবর্তন হয়েছে তা চিন্তার বিষয়।