জয়নুল আবেদিন’ গ্রন্থে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন আবুল মনসুর। শিল্পী হিসেবে এবং শিল্পকলার সংগঠক হিসেবে এদেশে তাঁর অপ্রতিদ্বন্দ্বী অবস্থান ও ভূমিকাকে পুনরায় অবলোকন কিংবা মূল্যায়নের প্রচেষ্টা এ গ্রন্থ। আধুনিক শিল্পকলার নিত্যপরিবর্তনশীল জগতে প্রায় ত্রিকাল অতিক্রান্ত জয়নুল আবেদিনকে একালের নতুন প্রজন্মের প্রতিনিধিদের কাছে উপস্থাপনের সুদৃশ্য মানসম্পন্ন প্রয়াস চালিয়েছেন আবুল মনসুর। স্বনামখ্যাত ব্যক্তির আলোচনা, বিশেষ করে আলোচক যদি স্বগোত্রভুক্ত হন, তাহলে সম্ভ্রম ও আবেগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। তবে নির্মোহ আলোচনার প্রতিশ্রুতি দিয়েই তিনি একবিংশ শতকের নতুন বাস্তবতায় শতবর্ষের জয়নুলের প্রাসঙ্গিকতা ও প্রাপ্য অবস্থানের ওপর আলোকপাত করেছেন। এই আলোচনার সূত্রে জয়নুল ও তাঁর সময়ের কিছু অনালোকিত প্রসঙ্গ উন্মোচন ও বিবেচনার অবকাশ তৈরি হয়েছে। ছয় দশকের পথপরিক্রমায় বাংলাদেশে আধুনিক শিল্পকলার চর্চা এখন এদেশের শহুরে মানুষের সাংস্কৃতিক জীবনের অন্যতম অংশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অথচ খুব বেশিদিন আগের কথা নয়, একটা সময়ে এই সমাজে শিল্পচর্চা ও শিল্পীকুল ব্রাত্য হিসেবেই বিবেচিত ছিল। প্রচলিত সামাজিক মর্যাদায় ললিতকলার মানুষের খ্যাপা, উচ্ছন্নে যাওয়া প্রায় সমাজ-বহির্ভূত চরিত্র হিসেবেই দেখা হতো। শিল্পীদের ছন্নছাড়া জীবনচর্যাই শুধু নয়, সামাজিক জীবনযাপনের জন্য ঝুঁকিপূর্ণ পেশাও ছিল এই দৃষ্টিভঙ্গির কারণ। তবে সমাজ যেহেতু ক্রিয়াশীল, সমাজের বৈষয়িক ও মানসিক অগ্রগতির সঙ্গে সামাজিক প্রয়োজনের সূত্রে শিল্পীদের সম্পর্কে মানুষের অস্বচ্ছ ধারণারও পরিবর্তন ঘটেছে। নিকট অতীতের শিল্পী নামের লক্ষ্মীছাড়ারা এখন অনেক ক্ষেত্রে লক্ষ্মীর বরপুত্র হিসেবে বিবেচিত হচ্ছেন।