মা জন্ম দেয়, মাটি লালন করে। তাই দেশের মাটিকে মায়ের মতোই ভালোবাসতে হয়। একসময় মায়ের প্রয়োজন ফুরায়। কিন্তু মাটির প্রয়োজন মৃত্যুর পরেও থেকে যায়।
মানুষের জীবন একা পার করে দেওয়া সম্ভব নয় , তাই পরিজন - প্রতিবেশী নিয়েই যাপন করতে হয় তার জীবন। তাদের সাথে বিরোধে, মিলনে, সহযোগিতায় জীবন বিকশিত ও বিস্তার লাভ করে। অতএব চেতনার গভীরে দেশের মাটি ও মানুষের গুরুত্ব উপলব্ধি করাই স্বজাত্য ও স্বদেশিকতা।
বাঙালি চিরকাল বিদেশি ও বিজাতি শাসিত। তবু বাঙালিরা চিন্তায় স্বকীয়তা, মানস স্বাতন্ত্র্য ও চারিত্রিক বৈশিষ্ট্য কখনও বিলুপ্তি ঘটেনি, এটা একাধারে গৌরবের আবার লজ্জারও।
লেখক আহমদ শরীফ এর "বাঙলা বাঙালী ও বাঙালীত্ব" প্রবন্ধ গ্রন্থে মোট ২৩ টি প্রবন্ধ সংকলিত হয়েছে। যা ভৌগোলিকতা বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালী সংস্কৃতি, ধর্ম, দর্শন ইতিহাস বিপ্লবী চেতনা ইত্যাদি বিষয় উঠে এসেছে। আর এসব বিষয় আলোচনা মাধ্যমে বাঙালীর সামগ্রিক পরিচয় ফুটে উঠেছে।
আর এ সব প্রবন্ধে লেখকের ব্যক্তিগত চিন্তা চেতনা, ধ্যান ধারণা প্রতিফলিত হয়েছে।
প্রবন্ধ বরাবরই একটা কঠিন বিষয়, এ কারনে অনেকেই এটাকে এড়িয়ে চলেন আমিও চলি। তবে আমার মনে হয় আমাদের নিজেদের জানার জন্য হলেও এই বইটা পড়া উচিত। পড়তে গিয়ে কঠিন মনে হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সহজ করে বুঝিয়ে দিয়েছেন লেখক, ছোট ছোট করে প্রতিটি আলাদা বিষয়ের উপর আলোচনা করে।