প্রত্যেকের জীবনে আলাদা আলাদা গল্প থাকে। নিজের গল্পের প্রধান চরিত্র সে নিজেই হয়। কিন্তু যখন একসাথে অনেকগুলো চরিত্র বাঁধা পড়ে এক গল্পে তখন?
গল্পকথকের জবানীতে যখন ফুটে ওঠে বইয়ের কাহিনী তখন কি জানতে বা দেখতে ইচ্ছে করে না কার চোখ দিয়ে আমরা দেখছি? বইয়ে একসাথে অনেকগুলো চরিত্রের উপস্থিতি আছে এবং প্রত্যেক চরিত্রই সমান প্রাধান্য পেয়েছে। আর এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেন প্রতিটি চরিত্রই প্রোটাগনিস্ট কোনো না কোনোভাবে। সবাই নিজের গল্পের কথক। তবে চরিত্রগুলো সব কিন্তু রক্তমাংসের মানুষ নয়, কিছু আছে জড় বস্তু কিন্তু তাদেরও আবেগ আছে! পড়ার সময় ❝দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট❞ মুভির কথা মনে এসেছিল। নিরুর হিরের আংটি ও আমানের হালকা নীল রঙের শার্ট হারিয়ে যায়। হাতবদল হতে থাকে বস্তু দুটি সাথে এগিয়ে যেতে থাকে বইয়ের কাহিনী। ভাগ্যের লীলাখেলায় চরিত্রগুলো জড়িয়ে যায় একে অপরের সাথে কখনও প্রত্যক্ষভাবে তো আবার কখনও পরোক্ষভাবে।
ঝরঝরে লেখনশৈলীর জন্য পড়ে মজা পেয়েছি। শুরুতে মনে হচ্ছিল নিরু-আমানের কাহিনী; কিন্তু না, কাহিনী আসলে সবারই। বারবার চিন্তা হচ্ছিল নিরু-আমান কি তাদের প্রিয় জিনিস ফেরত পাবে! চরিত্রগুলোর জীবনে শুরুতে বিভিন্ন ঝামেলা দেখানো হলেও শেষে জট খুলতে থাকে। কিন্তু সমাপ্তিতে লুনা আর নাহিদার জন্য খারাপ লেগেছে। মিষ্টি একটা বই, সহজ-সরল উপস্থাপনার জন্য চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে! কয়েকবার মনের অজান্তেই চোখ আদ্র হয়ে গেছিলো। রোমান্টিক বই পড়তে ভালো লাগে না কারণ সাধারণত অতিরঞ্জিত বা অযৌক্তিক আবেগ (অনেকের মতে লুতুপুতু প্রেম) এনে জঘন্য করে ফেলা হয়। কিন্তু বইয়ে এমনটা হয়নি। তবে কাকতালীয় ঘটনা বইয়ে অতিরিক্তই ঘটেছে।
বইয়ের ওভারঅল প্রোডাকশন ভালোই হয়েছে। কিন্তু লেখার ফ্রন্ট সাইজ তুলনামূলক ছোট। নতুন অধ্যায় নতুন পেজে শুরু হতে দেখেই অভ্যস্ত কিন্তু বইয়ে এমনটা করা হয়নি। নম্বর দিয়ে ঢালাওভাবে লেখা। সম্ভবত পেজ সংখ্যা কমানোর জন্য এমনটা করা হয়েছে। অল্প কিছু বানান ও নামে গন্ডগোল আছে।
আমার একটা অভিযোগ আছে। বই নিয়ে না বইয়ের প্রচার নিয়ে। ছোট বা বড় আপনার কাছে কেমন মনে হবে জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে উল্লেখ করা দরকার। বই প্রচারের অধিকাংশ পোস্টে ❝মন্মথ❞- কে ❝রোমান্টিক থিলার❞ বলা হয়েছে, এমনকি প্রকাশনীর পেজ থেকেও! বইটি নিরেট সমকালীন জনরার মধ্যে পড়ে, রোমান্টিকও বলা যায় কিন্তু থ্রিলার না কোনো মতেই। তাহলে এমন বিভ্রান্তি কেন ছড়ানো হলো? থ্রিলার পাঠক হিসেবে আমি আশাহত হয়েছি। আশা করি পরবর্তীতে যারা বইয়ের প্রচার করবেন তারা এবিষয়ে সচেতন হবেন।