ওয়েন্ডি টাইনস, একজন সাংবাদিক যে মূলত কাজ করে এনটিসি নিউজ চ্যানেলের 'কট ইন দি অ্যাক্ট' নামের একটা প্রোগ্রামের হোস্ট হিসেবে, যেখানে সে পেডোফাইল যৌন অপরাধীদের হাতেনাতে ধরে সবার সামনে তাদের ফাঁস করে দেয়। এমনই ভাবে একবার সে ড্যান মার্সার নামের একজনকে প্রমাণসহ এক্সপোজ করে। যদিও পরবর্তীতে আদালত সেসব প্রমাণ নাকচ করে দেয় এবং ড্যান নির্দোষ প্রমানিত হয়, কিন্তু সমাজে তার গ্রহণযোগ্যতা পুরোপুরি শেষ হয়ে যায়।
ড্যানের বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল এড গ্রেসনের ছেলে। আদালত ড্যানকে মুক্তি দিলেও, এডের বিশ্বাস ড্যানের প্রকৃত শাস্তি হবে কেবল তার মৃত্যুতেই। এই বিশ্বাস থেকেই প্রতিশোধপরায়ণ এড ড্যানকে হত্যার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে, ওয়েন্ডির অভিযোগ ভুল প্রমাণিত হলে, তাকে তার চাকরি হারাতে হয়। এমন সময়, গোপনে তার সঙ্গে দেখা করতে চাই ড্যান। তার দাবি অনুযায়ী সে নির্দোষ, কোনো এক গভীর ষড়যন্ত্রের শিকার সে।
স্বামী টেড আর তিন সন্তানদের নিয়ে বহুবছরের সুখের সংসার মার্সিয়া ম্যাকওয়েডের৷ কিন্তু একদিন সবকিছু চুরমার হয়ে যায়। বাড়ি ফিরল না তার বড় মেয়ে হেইলি ম্যাকওয়েড। দেখতে দেখতে তিন মাস কেটে যায়, কিন্তু তার কোনো খোঁজ মেলে না। এরই মাঝে দেখা করার সময় ওয়েন্ডির সামনেই খুন হয়ে যায় ড্যান, কিন্তু তার লাশ আর পাওয়া যায় না। ড্যানের মৃত্যুর রহস্য উদঘাটনে এগিয়ে আসে ওয়েন্ডি। অনুসন্ধানে নেমে সে ধীরে ধীরে আবিষ্কার করে এক জটিল চক্রান্ত, যার কারণে নষ্ট হয়ে গিয়েছে পাঁচজন ভিন্ন মানুষের সাধারণ জীবন। এসবের সাথে হেইলি ম্যাকওয়েডের কি সম্পর্ক? কোন ষড়যন্ত্রের ফলে ঘটছে এইসব ঘটনা? শেষ পর্যন্ত অতীতের কোনো গোপন কুৎসিত সত্য বেরিয়ে আসবে না তো? জনপ্রিয় থ্রিলার লেখক হারলান কোবেনের থ্রিলার বই 'কট'এ পাওয়া যাবে সব প্রশ্নের উত্তর।
এর আগে হারলান কোবেনের দুটি বই এবং একটি সিরিজ (যা তার উপন্যাস অবলম্বনে নির্মিত) আমার মোটামুটি ভালোই লেগেছিল। তবে লেখকের কাজ নিয়ে যেরকম প্রশংসা হয়, সেই তুলনায় আমি অতটাও মুগ্ধ হইনি। সেইসাথে তার লেখায় বারবার কিছু নির্দিষ্ট প্যাটার্ন, টুইস্টের ধরণ, চরিত্রায়নের ছাঁচের পুনরাবৃত্তি আমার আগ্রহে কিছুটা ভাটা ফেলেছিল। তাই তার বই নিয়ে আমার আর তেমন কোনো প্রত্যাশা থাকে না। যদিও সম্প্রতি কোবেনের লেখা আরেকটি বই 'জাস্ট ওয়ান লুক' পড়ে আমার বেশ ভালো লেগেছিল, তাই বহুদিন ধরে টু-রিড লিস্টে পড়ে থাকা 'কট' বইটা ধরা।
'কট' আসলে একেবারে কোবেনের স্টাইলেই লেখা একটা ক্রাইম-মিস্ট্রি থ্রিলার, যেখানে একাধিক রহস্য ও অনেকগুলো চরিত্রের গল্প একে অপরের সাথে জড়িয়ে আছে। যদিও সব মিলিয়ে ক্রাইম থ্রিলার হিসেবে গল্পটা অনেকটাই গতানুগতিক ধরণের, তবুও কোবেনের অন্যান্য বইয়ের সেই গৎবাঁধা পটভূমি এখানে না থাকায় ভালো লেগেছে। গল্পটা চেনা ধাঁচের হলেও, কোবেন তার দক্ষ উপস্থাপনার মাধ্যমে সেটিকে পাঠকদের কাছে বেশ ইন্টারেস্টিং-ভাবে তুলে ধরেছেন। লেখক এমনভাবে গল্পটিকে এগিয়ে নিয়ে যান যে, প্রতিটি রহস্য একটু একটু করে স্তরের মতো খুলে যায়। মাঝেমধ্যে গল্পে এমন বাঁক আসে, যেখানে পাঠক বুঝতেই পারে না সামনে কী ঘটবে, কারণ কোবেন প্রায় পুরোটা সময় গুরুত্বপূর্ণ প্রায় সব তথ্য আড়াল করে রাখে, যা শেষে গিয়ে একসাথে প্রকাশ পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কিছু লুকানোর পরও গল্পটা একটুও একঘেয়ে লাগে না, বরং পুরো বই-ই আগ্রহের সাথে একটানে পড়ে ফেলা যায়।
কোবেনের সহজ ভাষা, ছোট ছোট বাক্য এবং সংক্ষিপ্ত অধ্যায়গুলো এই বইটিকে অত্যন্ত সহজপাঠ্য করে তুলেছে, যার ফলে এটি দ্রুত পড়ে ফেলা যায়। আর এই বইয়ের তদন্তকার্যগুলোও টিপিক্যাল কোবেন স্টাইলে করা। সেগুলোকে অনেক বুদ্ধিদীপ্ত, রিয়েলিস্টিক পুলিশ প্রসিডিওরাল টাইপের কিছু বলা যায় না। আদতে এই গল্পের অনুসন্ধানী চরিত্রগুলোর তদন্তকার্য অনেকটাই সাদামাটা, যেগুলো মূলত কাজ করে কাহিনীতে তথ্য প্রদানের টুল হিসেবে, গল্পকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে এই গল্পের অসংখ্য চরিত্র, লুকানো তথ্য এবং বিভিন্ন দিক ও স্তরে ছড়িয়ে থাকা জটিল রহস্যের প্রতি আগ্রহী পাঠকের কাছে এটি মোটেই বিরক্তিকর লাগবে না, বরং তার জন্য সেটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
শেষে কোবেনের পরিচিত ধরণের কিছু টুইস্ট আছে। বলে রাখা ভালো, আমি লেখকের এই ধরণের টুইস্টের ভক্ত নই। কারণ তিনি গুরুত্বপূর্ণ প্রায় সব তথ্য অনেকক্ষণ পাঠকদের থেকে গোপন রাখেন এবং একেবারে শেষে গিয়ে সবগুলো প্রকাশ করেন, যা অনেক সময় চমকপ্রদ হওয়ার বদলে বিভ্রান্তিকর মনে হয়। সেইসাথে সবকিছু একেবারে শেষে রিভিল করতে গিয়ে তিনি অনেক সময় ভজকট পাকিয়ে ফেলেন। তবে এই বইয়ে লেখক মোটামুটি ভালোভাবে তার টুইস্টগুলো প্রদান করতে পেরেছেন। গল্পের প্রায় সবদিক ২০০ পৃষ্ঠা পর্যন্ত উন্মোচন করে, শেষ ১৫-২০ পৃষ্ঠায় এসেছে বড় বড় তিনটা টুইস্ট। শেষের দুটো টুইস্টের হিন্ট আবার খুব দক্ষভাবে গল্পের শুরুর দিকে দেওয়া ছিল, যদিও তা এমন জায়গায় যেখান থেকে কোনোকিছু আঁচ করা ছিল প্রায় অসম্ভব। মোটের উপর, আমি বলব যে শেষের টুইস্টগুলো বেশ ভালো ছিল এবং এই বইটি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে।
তবে এই বই থেকে বেশ কিছু অপ্রাপ্তিও রয়ে গেছে। হারলান কোবেনের আগের বইগুলো পড়তে গিয়ে মনে হয়েছে, গল্প আর চরিত্র যতই গতানুগতিক হোক না কেন, লেখক সবসময় সেগুলোকে ডিটেইলসের সাথে আর গ্রাউন্ডেডভাবে উপস্থাপন করতে চান। তার চরিত্রগুলোর মাধ্যমে উঠে আসে সাধারণ আমেরিকান শহুরে জীবনের নানা রূপ, তাদের জীবনযাপন, সংকট এবং অধঃপতনের বাস্তব চিত্র। গল্প অনুযায়ী চরিত্রদের মানসিক টানাপোড়েন, সামাজিক সমস্যা, অপরাধ কিংবা নৈতিক অবক্ষয়ের ছবি লেখক একদম বিস্তারিতভাবে তুলে ধরেন। এই কারণে তার চরিত্রগুলো সাধারণ হলেও তাদের গঠন খুব ভালো হয়।
সত্যি বলতে সেরকম ইঙ্গিত 'কট'এর গল্পেও পাওয়া যায়। এই বইয়েও লেখক চরিত্রগুলোর মাধ্যমে নানাভাবে আমেরিকার শহুরে পরিবারগুলোর জীবন ব্যবস্থা ও তাদের সমস্যাগুলো, নৈতিকতার অধঃপতন ও আইন ব্যবস্থার অবনতি, ইন্টারনেট মিডিয়ায় গুজব ছড়ানো, পেডোফিলিয়া ও যৌন অপরাধের মতো বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। সেইসাথে তিনি দেখাতে চেয়েছেন দেশের অর্থনীতির খারাপ অবস্থা কিভাবে সমাজে অপরাধ বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু বিষয়গুলো এই বইয়ে সেভাবে ফুটে ওঠে নি। এর আগে 'জাস্ট ওয়ান লুক' বইটা পড়ার সময় যেভাবে সেই গল্পের চরিত্র ও তাদের সমাজের অবস্থা অনুভব করতে পেরেছিলাম, এই বইয়ে সেরকম কিছু হয় নি আমার সাথে।
এর মূল কারণ হিসেবে আমি বলবো যথাযথ বর্ণনার অভাব। সত্যি বলতে, এর আগে আমার পড়া কোবেনের দুটো বইয়েই দেখেছি তিনি গল্পের পরিবেশকে বিস্তারিত বর্ণনার সাথে পাঠকদের কাছে তুলে ধরেন। কিন্তু 'কট'এ তার লেখার ধরণ অনেকটাই আলাদা। এই বইয়ে লেখক যেভাবে ছোট ছোট বর্ণনার সাহায্যে, খুব দ্রুত দৃশ্য পরিবর্তন করে ঘটনার ঘনঘটা সৃষ্টি করেছে, সেটা আমার কাছে অনেকটা জেমস প্যাটারসনের লেখনীর মতো মনে হয়েছে। এই বিষয়টা বইটিকে কিছুক্ষেত্রে অনেক ফাস্ট পেসড বানালেও, এতে করে গল্পের থিমগুলো সেরকম ভালোমতো ফুটে উঠে নি। এমনকি এই কারণে বইয়ের চরিত্রায়নও সেরকম ভালোভাবে গড়ে উঠে নি, যেখানে কিনা কিছু কিছু চরিত্রের প্রিমাইস ছিল বেশ সম্ভাবনাময়।
এই বই অনুবাদ করেছে তানজীম রহমান। বর্তমানে সময়ে বাংলা থ্রিলার জগতের এই সুলেখক ভালো অনুবাদক হিসেবেও পরিচিত। বছর চারেক আগে তার অনুবাদে স্টিফেন কিং-য়ের কালজয়ী সাইকোলজিক্যাল হরর 'দ্য শাইনিং' আমার দুর্দান্ত লেগেছিল। তার এই বইয়ের অনুবাদও সাবলীল। তানজীম রহমানের প্রাঞ্জল অনুবাদ বইটিকে আরও দ্রুত পাঠ্য করে তুলেছে। তবে এই বইটা পড়ার পুরোটা সময়-ই মনে হচ্ছিল কিছু একটা মিসিং, বারবার কোথাও যেন একটা সুর কেটে যাচ্ছে। এ কারণে বইয়ের প্রথম ১০০ পৃষ্ঠা (যেখানে গল্পের প্রাথমিক বিল্ডআপটা ছিল) পড়ার সময় একটা বিশেষ দৃশ্য ছাড়া মনেই হচ্ছিল না যে থ্রিলার পড়ছি। আমার কেন জানি মনে হচ্ছে, এই অনুবাদের কোথাও একটা ঘাপলা আছে। এতো কম বর্ণনা দিয়ে কি আসলেই লেখক লিখেছিলেন, নাকি মাঝখান দিয়ে অনুবাদক কোনো আকাম করে রেখেছেন, সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। এইসব কারণে বইটাকে ৪ তারকা দিতে পারলাম না। যদিও সবমিলিয়ে 'কট' একটা উপভোগ্য থ্রিলার বই, ওই টাইম পাসের জন্য পড়া যায় আরকি।
📚 বইয়ের নাম : কট
📚 লেখক : হারলান কোবেন
📚 অনুবাদ : তানজীম রহমান
📚 বইয়ের ধরণ : ক্রাইম থ্রিলার, মিস্ট্রি থ্রিলার, রিভেঞ্জ থ্রিলার
📚 ব্যক্তিগত রেটিং : ৩.৫/৫