আনন্দের সাইটে বইটির ডেস্ক্রিপশনে "বিজ্ঞান" শব্দটি বারবার বলা হয়েছে। বইটি কল্পবিজ্ঞান? একেবারেই নয়। কয়েকদিন আগে অন্য একটি কল্পবিজ্ঞান উপন্যাসের রিভিউ লিখতে গিয়ে কল্পবিজ্ঞানের শ্রেণীবিভাগ করেছিলাম। তাতে সবচেয়ে শেষ বিভাগটি ছিল "অ-কল্পবিজ্ঞান"। এটিও তাই।
ক্লাস সেভেন থেকে নাইনের ভৌতবিজ্ঞান বইয়ের শিশুপাঠ্য সায়েন্টিফিক তথ্য উদ্ধৃত করে সেই দিয়েই কাহিনির সারমর্ম গড়ে তোলার প্রচেষ্টা। সঙ্গে সূক্ষ্ম নীতিশিক্ষা, সুনীলবাবুর কলমের কাব্যময়তা, অনেকটাই ভ্রমণকাহিনি এবং সর্বোপরি কিছুটা সুন্দর সংলাপ রচনা। এইসবেরই খিচুড়ি এই বই। প্লটের অনেকটাই জিজ্ঞাসাচিহ্নের ভিড়। তার কোন মীমাংসা না দেওয়ার অর্থ এরকম ভাবার কারণ নেই যে লেখক পাঠকের উপর ছেড়ে দিলেন কোন এস্থেটিক কবিতার ভাবার্থ খুঁজে বার করার মতোন, আসলে এর বেশি কিছু লেখার নেই। এখানেই শুরু এখানেই শেষ।
পড়া চলে, পড়ে চলনসই বলা চলে। কল্পবিজ্ঞান বলা চলে না। মাধ্যমিক লেভেলের বিজ্ঞান, দেবতারা আসলে এলিয়েন যারা মানুষকে মানুষ করেছে - এসব বস্তাপচা হয়ে গেছে ২০২৪ সালে দাঁড়িয়ে। কিছু মানুষ আছেন সুনীল শব্দটি দেখে / সরেস কল্পবিজ্ঞান পড়ার অভিজ্ঞতা সঞ্চয় না করে / ছাপার অক্ষরের সবকিছুকেই ভালো বলার সিন্ড্রোমে ভুগলে / কেবল গদ্যরীতির জন্যই আহাবাহা করবে। আনন্দমেলার সেইসময়ের বেশিরভাগ কিশোর উপন্যাসই যে ভ্রমণ কাহিনির মোড়কে কোন একটি জ্যঁরভিত্তিক হোকাস-ফোকাস তা অনেকেই স্বীকার করবেন না। রহস্য, কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার সবই ভ্রমণ + সামান্য প্লট এলিমেন্ট।