বইয়ের গল্পে যাওয়ার আগে লেখক তপন রায়চৌধুরী সম্পর্কে কিছু বলা দরকার। পিএইচডিওয়ালাদের আমি মহামানবের চোখে দেখি। ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক ইতিহাসের উপর এ লোকের শুধু পিএইচডি ছিলো তা নয়, বরং তিনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘প্রফেসর অব ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড সিভিলাইজেশন’। যারা সরস্বতীর কৃপা পেয়েছেন বেশি, তাদের লেখায় কামড় দেয়া যায় না সহজে, এটাই নিপাতনে সিদ্ধ (ব্যতিক্রম উদাহরণ নয়)। মা দুগগা বলে পড়া শুরু করলাম।
পড়া শুরু করার পর আমার নিজের ছোটবেলার গল্প মনে পড়ে গেলো। আমরা থাকতাম অজ পাড়াগাঁয়ে। ‘বিদ্যুৎ’ নামে কোন কিছুর অস্তিত্ব এই ধরণীতে আছে সে সম্পর্কে কোন ধারণা ছিলো না। সন্ধ্যা বেলা আমার পিতাশ্রী পিদিমের আলোয় পুঁথি পড়তেন- সোনাভান, ইউসুফ জুলেখা, জঙ্গনামা। গ্রামের মানুষ তাকে ঘিরে বসে গুরুক গুরুক হুক্কা টানতেন আর পুঁথি শুনতেন। ‘বাঙালনামা’ পড়ার সময় আমার মনে হলো, পিদিমের আলোয় রায়চৌধুরী পুঁথি পড়ছেন আর আমি তন্ময় হয়ে শুনছি। যে পুঁথিতে উত্থান আছে, পতন আছে, মোড় আছে, নায়ক আছে, খলনায়ক আছে, আন্দোলন, ঘৃণা, ভালোবাসা সবই আছে। ‘বাঙালনামা’ লেখক তপন রায় চৌধুরীর আত্মকাহিনী, বরিশালের এক ভেতো বাঙালীর জীবনের ইতিহাস। লেখকের ভাষায় যদি বলি, ‘বাঙালের শ্রমের অন্নে আমার দেহ পুষ্ট, বাঙালের ভাষা আমার ভাষা, বাঙালের পবিত্র ক্রোধ আমার দুর্দিনের সহায়- আমি বাঙাল না হলে কে বাঙাল? বাঙালের দেহ বাঙালের চরিত্র নিয়ে দুনিয়ার ঘাটে ঘাটে নৌকা বেঁধেছি, অন্নের সংস্থান করেছি। আমার বাঙালের চাপরাস কেড়ে নেয় এমন ক্ষমতা কার আছে?’
বইটি শুরু হয়েছে ১৯২৬ সালে। শেষ হয়েছে ২০০০ সালের দিকে। বইটি যতটা না আত্মচরিত তার চেয়ে বেশি স্মৃতিচারণ। এবং তা একজন সংগ্রামী বাঙালীর জীবনেরই প্রতিরূপ। আর কে না জানে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। তপন রায় চৌধুরী একজন শিক্ষক, তার উপর ঐতিহাসিক। সুতরাং তার লেখার মধ্যে স্বাভাবিকভাবেই আছে ঐ সময়কার ভারত ও বাংলার ইতিহাসের বর্ণনা ও বিশ্লেষণ। একে একে এসেছে বেয়াল্লিশের আন্দোলন, তেতাল্লিশের দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ। একই সাথে উঠে এসেছে এ অঞ্চলের কিছু অসাধারণ মানুষের কথা- মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আযাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী (লেখক তাঁকে ‘সোরাবার্দী’ নামে বর্ণনা করেছেন), যদুনাথ সরকার, অমর্ত্য সেন, নীহাররঞ্জন রায়, নীরদ সি চৌধুরীসহ আরো অনেকে। যাদের পছন্দ করেননা, তাদেরও রায়চৌধুরী এড়িয়ে যাননি। মার্গারেট থ্যাচার বা বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (পুরো বইয়ে ‘মোদি’ শব্দটা এসেছে ৪ বার। প্রতিবারই ‘নরাধম’ বিশেষণযুক্ত হয়ে)- এরাও এসেছেন তাঁর বর্ণনায়।
আমার অর্থোপেডিকসের অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর চৌধুরী স্যার বলেছিলেন, ‘একজন ছেলে যে কখনো প্রেম করেনি, একজন ছেলে যে কখনো কবিতা লিখেনি, একজন ছেলে যে কখনো গ্রুপিং করেনি, সে আর যাই হোক বাঙ্গালী হতে পারে না’। বাঙ্গালী প্রেমিক, বাঙ্গালী সাহিত্যিক, বাঙ্গালী খেটে খায়, কিন্তু বাঙ্গালী সময় ও সুযোগ পেলে অন্যের ক্ষতি করার সুযোগ ছাড়ে না। এবং শিক্ষিত বাঙ্গালী এই পুরো কাজটিই করে ‘জনস্বার্থে’। ২০০ বছর ব্রিটিশদের গোলামী করে ভারতীয় উপমহাদেশের লোকদের সাদা চামড়ার প্রতি যে মোহ জন্মেছে, তা আজও বিদ্যমান, কোন কোন ক্ষেত্রে বিশ্বায়নের এই যুগে এর পরিমাণ বেড়েছে অনেকগুণে। সাদা চামড়াওয়ালারা কংশ রাজার বংশধর, তাদের অনুকরণ করতে পারলে কংশ রাজা না হোক, অন্তত কংশ রাজার খানসামারতো বংশধর হওয়া যাবে। ‘বাঙালনামা’ পড়ার সময় বাঙ্গালীর এই চরিত্র বিশ্লেষণের কথা আরেকবার মনে পড়বে। রায়চৌধুরী খুব স্পষ্ট ভাষায় তাঁর জীবনের মধ্য দিয়ে বাঙ্গালীর ভালো ও মন্দের, আন্দোলন ও সংগ্রামের, ভালোবাসা ও ঘৃণার উপাখ্যান তুলে ধরেছেন।