বাংলা সাহিত্যে স্পেকুলেটিভ ফিকশন বা কল্পকাহিনি রচনার ক্ষেত্রে হেমেন্দ্রকুমার রায় এক অবিস্মরণীয় স্রষ্টা। দীর্ঘদিন ধরে বাংলার শিশু-কিশোরদের জন্য তিনি সহজ ও সরস ভাষায় বিশ্বসাহিত্যের বহু মণিমুক্তো পরিবেশন করেছেন। একদিকে তিনি অ্যাডভেঞ্চার ঘরানার মধ্য দিয়ে 'জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন' ভাবনার বিকাশ ঘটিয়েছেন। তারই পাশাপাশি তিনি পর্যবেক্ষণ ও মনস্তত্ত্বের উপর গুরুত্ব আরোপ করে পাঠকদের সচেতন করে তুলেছেন নানা বিষয়ে। তাঁর যে-সব রচনায় বিজ্ঞান বা বৈজ্ঞানিক আবিষ্কার তথা সম্ভাব্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেগুলোই কল্পবিশ্ব থেকে এই সুদৃশ্য হার্ডকভারের দুটি খণ্ডে স্থান পেয়েছে।
আলোচ্য খণ্ডে আছে
১. জয়ন্তের কীর্তি;
২. কাচের কফিন;
৩. নবযুগের মহাদানব;
৪. মানুষের গড়া দৈত্য;
৫. মানব-দানব;
৬. অদৃশ্য মানুষ;
৭. প্রশান্তর আগ্নেয়-দ্বীপ;
৮. অমানুষিক মানুষ;
৯. মানুষের প্রথম অ্যাডভেঞ্চার।
এদের মধ্যে বেশ কিছু কাহিনি বিশুদ্ধ মৌলিক রচনারূপে ভবিষ্যতের বহু রচনার মডেল হয়ে উঠেছে। কয়েকটি লেখা বিদেশি ক্লাসিক সাহিত্যের বঙ্গীকরণ— যাদের উৎসের নাম হয়তো ইতিমধ্যেই অনুমান করা যাচ্ছে। একটি লেখা এক বিদেশি ক্লাসিকের প্যাস্টিশ। একটি লেখা ফ্যান্টাসি হিসেবেই পাঠ্য। আর একটি লেখা মানবেতিহাসের একটি বিশেষ অধ্যায়ের ফিকশন-রূপ।
হেমেন্দ্রকুমার রায়ের লেখনী নিয়ে স্বতন্ত্রভাবে কিছু বলা অনাবশ্যক। সম্পাদক প্রতিটি কাহিনির প্রকাশকালীন তথ্য এবং অন্য নানা বিবরণ দেওয়ার সঙ্গে প্রতিটি লেখাতেই হেমেন্দ্রসুলভ স্বাতন্ত্র্যের ব্যাপারটি চিহ্নিত করেছেন। তারই সঙ্গে তিনি পরিশিষ্টরূপে সংযোজিত করেছেন "জয়ন্ত-মানিকের কীর্তিকলাপ: একটি সম্ভাব্য এবং আংশিক কালক্রম" নামক একটি গবেষণালব্ধ অতুলনীয় নিবন্ধ।
এই লেখাগুলো পড়তে গেলে দুটি কারণে নতুন করে চমকে উঠতে হয়। তারা হল~
প্রথমত, সহজ ছকে বন্দি অ্যাডভেঞ্চার বা অলৌকিকের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে হেমেন্দ্রকুমার তাঁর প্রতিভাকে বারংবার চালিত করেছেন নানা বিষয় ও নানা ভঙ্গির লেখায়। কিন্তু এমন লেখাকে— সে সম্পূর্ণ মৌলিক হোক বা বিদেশি কাহিনির বঙ্গীকরণ— তিনি যে ভঙ্গিতে হাস্যরস ও মানবিকতায় জারিত করেছেন, তা অদ্বিতীয়।
দ্বিতীয়ত, আধুনিক মানবতা ও সভ্যতার বিকাশের রূপরেখাটি সম্বন্ধে হেমেন্দ্রকুমার নানা লেখার আভাস দিতে সচেষ্ট হয়েছেন। তাঁর ফ্যান্টাসি এবং গল্পের আকারে পরিবেশিত অতীতের কাহিনি পড়লে এই সচেতনতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।
যথারীতি বইটি কন্টেন্ট ও প্রোডাকশনের দিক দিয়ে একটি কালেক্টর্স আইটেম হয়ে উঠেছে। তবে তার চেয়েও বড়ো কাজ এটি করেছে হেমেন্দ্রকুমারের কল্পকাহিনিকে স্বতন্ত্র অবস্থান ও গুরুত্ব প্রদানের মাধ্যমে। ওই মানুষটি যে "সবই টুকে" লেখেননি, বরং তাঁর বিপুল প্রতিভা যে শিশু-কিশোর পাঠকদের এক বৈচিত্র্যপূর্ণ জীবনের স্বাদ দিতে বদ্ধপরিকর ছিল, সেটিই প্রতিষ্ঠিত হল এটির মাধ্যমে।
সুযোগ পেলে শুধু পড়ুন নয়, সংগ্রহও করুন।