জীবনের মজা হলো সে কখনোই থমকে যায় না; তাকে চলতে হয়। নিশ্চলতার সাথে তার যোগাযোগ নেই। সুযোগ আসে নানাভাবেই। বাবর আলীর শৈশবের সাইকেল চালানো থেমে গেলেও পরবর্তীতে জীবনে দেবদূতের মতো দেখা দিয়েছে আবছার সওদাগর। সাইকেলে ঘুরে বেড়িয়েছেন দেশের নানা প্রান্তে। তাঁর টলোমলো মুঠো গলে রাইডের অনেক ঘটনাই জলের মতো বেরিয়ে এসেছে এই বইয়ে।
সাইকেলের সওয়ারি পড়ছিলাম। সাহিত্যিক মাপকাঠিতে বইটি হয়তো উঁচুদরের নয়। কিন্তু সারল্যে ষোলো আনা। এই যে সাইকেলে করে দেশের নানা সাধারণ স্থান ভ্রমণ, সাইকেলে করে খোলা হাওয়া গায়ে লাগিয়ে ঘুরলে কিন্তু সেই অনুভূতি মায় জায়গাগুলোও আর সাধারণ থাকে না। পড়তে পড়তে চোখে দুই পাশে সবুজ জংলায় ঘেরা শ্যাওলারঙা শান্ত জলাশয়ের ছবি মনশ্চক্ষে ভাসছিল! ইচ্ছে হচ্ছিল, কোথাও ভ্রমণে যাই। একেবারে নিঝুম কোন জায়গায়, যেখানে অতিরিক্ত কোন শব্দ নেই কেবল বনের পাখ-পাখালির আওয়াজ বাদে।
চন্দ্রবিন্দু প্রকাশন মুদ্রিত মূল্য: ৩০০৳ প্রথম প্রকাশ: নভেম্বর ২০২৩
লেখকের পড়া আমার দ্বিতীয় বই এটি। গত বছর পায়ে পায়ে ৬৪ জেলা পড়ে মনে চমৎকার এক আবেশ জন্মায়। আমাকে 'এডভেঞ্চারাস' কোনভাবেই হয়তো বলা যাবে না কিন্তু 'কিউরিয়াস' তো আমি বটেই বেশ, আর সেবারের পাঠ-অভিজ্ঞতার সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিলো বাংলাদেশের জেলায় জেলায় মানুষের জীবনযাত্রা নিয়ে লেখকের দারুণ দারুণ সব ফার্স্ট-হ্যান্ড অবজারভেশন। এবারের বইয়েও সেই ব্যাপারটাই সবচেয়ে বেশি মনে ধরলো।
সাইকেলে চড়ে চারটি ভিন্ন ক্রস-ক্রান্টি ট্রিপের বর্ণনা আছে এতে। ইরান-যুদ্ধ চলাকালীন বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে বসে এই বই পড়তে গিয়ে উপলব্ধি আসলো মোটরবাইক ছেড়ে আরও অনেকে পায়ে চালানো সাইকেলের সওয়ারি হওয়ার দিকে ঝুঁকলে ব্যাপারটা মন্দ হয় না। দেশের এপার-ওপার লেখক যেহেতু কম সময়েই বেশ কয়েকবার সুন্দর সুন্দর রাইড দিতে পেরেছেন আশা করি এর অভিজ্ঞতা নেহাৎ মন্দ নয়। আমাদের দেশটাও যে আসলে অতোটা বড় না সেই উপলব্ধিও আবার হলো। কিন্তু এই ছোট্ট দেশটুকুর কতটুকুই বা নিজের চোখে দেখেছি। বাবর আলীর চোখে তাই ঘুরে এসেই শান্তি।
এই বইটি আমি বেশ অনেকদিন ধরে অল্প অল্প করে পড়ে গতকালকে পড়া শেষ করলাম। বইটিকে লেখক চারটি ভাগে ভাগ করেছেন বলা যায়। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত লেখক সাইকেল নিয়ে ঘুরেছেন এবং সেই ভ্রমণের মুহূর্তগুলোই লেখক লিপিবদ্ধ করেছেন বইটিতে।
▪️ টেকনাফ-তেঁতুলিয়া
▪️ হালুয়াঘাট-কুয়াকাটা
▪️দুই চাকায় বাদাবনের সমীপে
▪️ভোমরা-তামাবিল
যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে এই বইটি যেমন ভালো লাগবে আমার মনে হয় যারা এসব বই তেমন পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এবং এর অন্যতম কারণ লেখক গল্পের মাধ্যমে আপনাকে তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং ঘুরাঘুরি সম্পর্কীয় যাবতীয় তথ্যের সুন্দর ও সাবলীল বর্ণনা বইটিতে লিখেছেন। যদিও একটানা পড়তে বইটা আমার তেমন ভালো লাগছিল না
(কারণ আমি এইধরনের বই কম পড়ি)।
এজন্যই অল্প অল্প করে পড়ে শেষ করেছি। যারা প্রচুর ঘুরাঘুরি করেন তারা হয়তো জায়গা বা
দর্শণীয় স্থানগুলো আরো বেশি রিলেট করতে পারবেন। এছাড়াও লেখক বইটিতে বেশ কিছু ছবি যুক্ত করেছেন।
বইটি খুব বড় না। লেখক খুব সহজ সরলভাবে নিজের ভ্রমণকাহিনী তুলে ধরেছেন তাই বইটি DNF লিস্টে জমা হয়নি।
'অভ্যস্ত জীবনের মতো প্রবল প্রতিপক্ষ মানুষের জীবনে দ্বিতীয়টি নেই।'
এই চরম সত্য কথাটি দিয়েই শুরু হয় এভারেস্ট জয়ী, পায়ে হেঁটে ও সাইকেলে করে দেশ পাড়ি দেওয়া বাবর আলীর বই সাইকেলের সওয়ারি।
বাতিঘর রাজশাহীতে এক বসায় পড়ে ফেলেছি ১১০ পৃষ্ঠার বইটি।
ঘোরাঘুরিতে ব্যস্ত থাকা মানুষটা যে ভালো লিখতেও পারেন তার প্রমাণ পেয়ে গেলাম প্রথম পৃষ্ঠা থেকেই। চারটি সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা লেখক লিপিবদ্ধ করেছেন। খুব সহজ-সরল-প্রাঞ্জল ভাষায় লেখাগুলো পড়তে একদমই বেগ পেতে হয় না। এমনকি লেখকের রসবোধের ক্ষমতাও প্রশংশনীয়। যার প্রমাণ কয়েকজায়গায় পাওয়া যায়।
দুয়েকটা জিনিসের অভাব বোধ করেছি। কোন ভ্রমণটা কবেকার, ভ্রমণনের দিনগুলোর বর্ণনা প্রথম দিন-দ্বিতীয় দিন-তৃতীয় দিন এরকম ভাবে ভাগ করা থাকলে আরেকটু ভালো হতো। তবে সব মিলিয়ে বইটি চমৎকার। লেখকের ভাষায় সাইকেলের সওয়ারি পড়ে আপনি 'মানসভ্রমণ' করার স্বাদ পাবেন।
প্রথম দিকে প্রশ্ন কমন পড়ার মতোন। আমার শহর, আমার ঘোরাঘুরি করা জায়গাগুলো নিয়েই লেখা। এই অংশে নিজের স্মৃতি, কাহিনী লিখে কালো ফেলেছি।
এই ভ্রমণের কথাগুলোর কিছুকিছু আগে পড়েছি,সংবাদপত্র এর জন্য দায়ী। লেখকের কথা পড়লে মনে হয় নিজেই সাইকেলের সওয়ারি হয়ে ওনাদের সাথে আছি। এটাই তো ভ্রমণকাহিনীর মজা।
দুইটা ব্যাপার আছে যেইগুলোতে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নেওয়ার চাইতে আরেকজনের এক্সপেরিয়েন্স জানতেই বেশি ভালো লাগে। এক নম্বর হইলো খানা-খাদ্য আর দুই নম্বরটা হইল ভ্রমণ। শুইনা একটু অবাক লাগতে পারে কিন্তু আসলেই বাস্তব কথা হইল এইগুলা আমার যতটা নিজে ট্রাই করতে ভাল্লাগে তার চাইতে অনেক বেশিগুণ ভাল্লাগে আরেকজনের এক্সপেরিয়েন্স জানতে। পোস্টের ছবি দেইখা বোঝার কথা, আজকের বই রিভিউ দুই নম্বর এক্সপেরিয়েন্সটা নেয়ার মাধ্যম ভ্রমণকাহিনী 'সাইকেলের সওয়ারি' নিয়া৷ বইটা লেখছেন এভারেস্টবিজয়ী (বাংলাদেশি হিসাবে ৬ষ্ঠ) বাবর আলী।
যারা আসলে ভ্রমণপিপাসু তাদের ক্ষেত্রে সময়, ছুটিছাটা ম্যানেজ না করতে পারার লজিকটা আসলে দ্বিতীয় লজিক। প্রথম লজিক কিংবা অজুহাত হইল মানসিকতা না থাকা। এইটা জোর দিয়া বলার কারণ এই বাবর আলী সাহেব পেশায় একজন ডাক্তার। ব্যাপক ব্যস্ত হইবার কথা তার। স্টিল তিনি এভারেস্ট জয় করছেন। শুধু এভারেস্ট না, সাইকেলে দেশের এই মাথা থেইকা ঐ মাথা পারি দেয়ার কাজও করছেন বেশ কয়েকবার। 'সাইকেলের সওয়ারি' বইটা সেইরকম ৪টা সাইকেলে ক্রস কান্ট্রি ভ্রমণস্মৃতির সংকলন (ক্রস কান্ট্রি মানে হইল দেশের এক মাথা থেকে আরেক মাথা ভ্রমণ, এখন সেই মাথা হইতে পারে টেকনাফ-তেতুলিয়া কিংবা মমিসিং-কুয়াকাটা)।
প্রথম ভ্রমণ কাহিনীটা হইল টেকনাফ থেকে তেতুলিয়া সাইকেলের ওপর ভর কইরা ভ্রমণ কাহিনীর গপ্পো। প্রথম কাহিনীটা পড়তে একটু ইন্টারেস্টিং মনে হইলেও দেখলাম একটু ঘাপলা লাগতেছে। ঘাপলাটা হইলো, লেখক শুধু বইলা গেছেন তার যাত্রী হিসেবে কে কে সঙ্গী হইছে, কোথা থেকে রওনা দিছেন পরে কোথায় গেছেন, পথিমধ্যে পরিচিত কার কার লগে দেখা হইছে, কার কার বাসায় থাকছেন ইত্যাদি ইত্যাদি। অথচ আমি এক্সপেক্ট করছিলাম তিনি কইবেন সাইকেলে রওনা দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কী কী। সাথে সাইকেল সারাইয়ের জন্য ব্যাকআপ হিসেবে কী কী টুলস, জিনিসপাতি নিছেন তার পূঙ্খানুপুঙ্খ বর্ণনা। তিনি কিনতি ঐসব নিছেন কিন্তু কী নিছেন বলেন নাই। আবার ব্যাকআপ ওষুধপাতিও নিছেন কিন্তু কী কী নিছেন, কেন নিতেছেন সেইসব আলাপেও যান নাই। এইখানে আইসা বই আমার কাছে আসলে বইয়ের চাইতে নোট হিসেবে বেশি প্রতীয়মান হইছে। দুঃখজনক বিষয় হইল, ডায়েরী না নোট লেখলে সেইখানে দিন-তারিখ লেখা থাকে। এইনে তাও নাই। যার দরুণ উনি টেকনাফ থেকে তেতুলিয়া কয়দিনে গেছেন সেইটা জানার আশা ছাইড়া দেয়ার টাইমে এই চ্যাপ্টারের শেষে দেখি ৮ দিন লাগছে। আবার এক জায়গায় দেখি লেখছেন, আজকে রাস্তায় অমুক গ্যাঞ্জাম। এখন পাঠক আমি কিন্তু রিলেট করতে পারতেছি না, এই 'আজকে' আসলে কবে। কারণ দিন-তারিখ যে দেয়া নাই।
যাইহোক, পরের চ্যাপ্টারগুলাতেও দেখি সেইম কেস। কইত্তে কই যাইতাছেন সেইটাই মুখ্য হইছে বইতে। এইখানে আইসা বইটা একঘেয়ে লাগা শুরু হইছে আমার। মানে সাইকেলে কইরা উনি বাংলাদেশের এই মাথা থেকে ঐ মাথা গেলেও বর্ণনা যেইরকম তেমনি উনি যদি একদেশ থেকে আরেকদেশে যাইতেন সেইখানেও বর্ণনা একইরকম হইত বইলা আমার ধারণা। স্রেফ হাতে নেয়া বই শেষ না কইরা রাখি না (খুব কম ক্ষেত্রেই রাখছি) দেইখা বইটা শেষ করছি। নাইলে ওনার এই বই প্রথম চ্যাপ্টার পড়া যা, পুরাটা পড়াও তা।
এর উপরে হতাশার আরো দুইটা কারণের প্রথম কারণ হইতেছে, উনি পথিমধ্যে এমন কিছু মানুষের দেখা পাইছেন যারা তাদের সাইকেল ভ্রমণের কাহিনী দেইখা তাদের নিজেদের ইয়ংকালে সাইকেল ভ্রমণের কাহিনীও ওনার সাথে শেয়ার করছেন। কিন্তু ঐসকল মানুষজনরে উনি স্রেফ দুই লাইনের মধ্য দিয়া বই থেকে ভাগাইছেন। এইখানে আমার মনে হইছিল, আহা, তারা যেই আমলে ঐ ভ্রমণ করছে তার সাথে লেখক নিজেদের ভ্রমণের তুলনা, মিল-অমিল দিয়া আরো দুই পাতা লেখলে কতই না ইন্টারেস্টিং কিছু অভিজ্ঞতা জানা হইত! আফটার অল, বই পড়া তো অভিজ্ঞতা নেয়াই, দর্শন শেয়ার করাই, নাকি?
হতাশার দ্বিতীয় কারণ হইল, প্রতিটা চ্যাপ্টারে শেষে একটা কইরা বাংলাদেশের ম্যাপ 'চ্যাপ্টার-ব্রেক' হিসেবে ব্যবহার করা হইছে। কিন্তু সেই ম্যাপে স্রেফ 'মমিসিং আর খুলনা' বিভাগ মার্ক করা। ক্যান ভাই? যেহেতু প্রতিটা চ্যাপ্টারে ভিন্ন ভিন্ন ক্রস কান্ট্রি ট্যুর দেয়া হইছে, সেইক্ষেত্রে যেইখান থেকে শুরু করছে সেইখানে একটা মার্ক আর যেইখানে শেষ করছে সেইখানে একটা মার্ক দেয়া যাইতো না? এইটারে হতাশা বললে হয়তো বেশি বলা হয়া যায়, উপরন্তু ম্যাপ দেয়া আবশ্যকও না, তবু দিছেন যেহেতু ঐভাবে কী দেয়া যাইতো না? এইখানে প্রকাশনী হিসেবে চন্দ্রবিন্দু আরেকটু চিন্তা-ভাবনা করতে পারতো বইলা আমার মনে হইল।
সব মিলায়ে একই ঘটনার পুনরাবৃত্তির ১০৯ পেজের এই বইয়ের অর্ধেক মোটামুটি ভালো লাগলেও শেষ অর্ধেক বিরক্তিরই সৃষ্টি করছে। তাছাড়া লেখক ভূমিকাতে বলছেন, তার এই ভ্রমণঅভিজ্ঞতা এর আগে প্রবন্ধ আকারে (প্রত্যেকটা চ্যাপ্টার আর কি) ভিন্ন ভিন্ন পত্রিকায় ছাপা হইছে। আমি নিজেও যদি আলাদা আলাদা কইরা ভিন্ন ভিন্ন সময়ে পড়তাম তাইলে কিন্তু এই রিপিটেটিভ ব্যাপারটা অতোটা বিরক্তির উদ্রেক করতো না কিংবা হয়তো আমি রিপিটেশন খেয়ালই করতাম না। কিন্তু যেহেতু বই, সেহেতু এইখানে প্রকাশনীর একটু নজর দেয়ার দরকার ছিল বইলা পাঠক আমি মনে করি। আমি যেহেতু ভ্রমণকাহিনীর ফ্যান সেহেতু আশা একটু বেশিই ছিল। আবার হইতে পারে, আপনারা এই সব জাইনা বইটা পড়তে নিলে আপনাদের এতোটা বিরক্তি নাও লাগতে পারে। এখন ভাইবা দেখেন, কী করবেন। আজকের মতো টাটা, বাই বাই, খাতাম।