এই গল্পটা শাহানের। কিংবা একে আপনি ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো সেই মেয়েটার গল্পও বলতে পারেন, শাহান যাকে প্রজাপতি নামে চিনেছিল। গল্পটা প্রজাপতিরও। কিংবা শ্বশুরবাড়িতে নিযার্তিতা সেতুর নিরব অশ্রু বিসর্জনের গল্প এটা, বিয়ের পরে মা-বাবার কাছে যে মেয়ে পর হয়ে গিয়েছিল; কিংবা গল্পটা রাশেদ নামে সেই যুবকের, যার বাবার দুচোখ বেঁধে জবাই করেছিল চার ব্যবসায়ী বন্ধু, বাবার সেই যন্ত্রণা বুকে বিঁধে বসে আছে আজও যে সন্তান। লামিয়া মেয়েটাকে দেখুন। বাবার মতোই চরিত্রহীন হয়ে ওঠার উন্মাদনায় মেতেছে যে, যার শেষ পরিণতি দেখে শিউরে উঠতে হয় আমাদের... এসব চরিত্রগুলো ভেসে বেড়ায় সমাজের চারপাশে, তাতে মিশে থাকে মৃত শ্যাওলার মতো রোদ। জীবনের আরেক রূপ কি তবে তামাশা! মানুষ হয়তো তার নিজের পথ চেনে না কিংবা চিনে নিতে চায় না। বারবার তাই ভুল করে, কেবলই ভুল করে চলে সে। আকাশ ভেঙে বৃষ্টি নামলে ভালো হতো। ভীষণ অন্ধকার নামতো চারপাশে। এই পোড়াচোখে হয়তো দেখা লাগতো না এতকিছু!