আলফ্রেড বেষ্টার পুরনো, চমৎকার, এবং আমার মোটামুটি অপরিচিত। কোত্থেকে কোত্থেকে যেনো এই বইয়ে তার একটা গল্প আছে, দা মেন হু মার্ডারড -, ঐটা পড়লাম, আর পড়ে মনে হলো, আরে, এই লোক ত ভালো, নেড়েচেড়ে দেখা যায়, অতঃপর অনেকদিন পর ল্যাপ্টপে চোখ লাগায়ে আবার চোখের বংশনাশ।
প্রথম গল্প টাইম ইজ দা ট্রেইটর, বা তৃতীয়টা, প্রেমের গল্প যেটা, দুইটাই আসলে প্রেমের গল্প, দুইটাই হালকা, পড়তে ভালো। মেন হু - আর উইল ইউ ওয়েট আরেকটু জমাট, এই সংকলনের কোনো গল্পই অবশ্য আজিমভ কোঙের মত প্রজ্ঞাধারী না। কিন্তু পুষায়ে নিয়েছে এই লোকের রসের হাঁড়ি, চুইয়ে চুইয়ে পড়তেছে যেনো, মুগ্ধ করবেই, মোহিতও, শেষ গল্পটা যেমন, দেয় ডোন্ট মেইক লাইফ -, একটা গড়পর গল্পরে রীতিমত সড়্গড় করে ফেলেছেন বেষ্টার এইখানে। পাই ম্যান বা ফুলেল থান্ডারমাগের কথাও আলাদা করে বলতে হয়, পাই ম্যানে যেই অদ্ভূত নিরীক্ষা তার, আমি সম্ভবত এর আগে সায়েন্স ফিকশনের মোড়কে স্ট্রীম অফ কনশাসনেসের পরিবেশনা দেখি নাই কোনোদিন। বিষয়টাও ত অদ্ভূত, ভারসাম্য আনছে একটা লোক, পৃথিবীর বুকে -
ফ্লাওয়ারড থান্ডারমাগ শুরুতে ঢিমেতালে আগাইলেও কয়েক পাতার ভেতরেই গল্প পুরোদমে দৌড় হাঁকায়, আর তার পর যা ঘটে, তা শুধু দেখার মত।
আমি আসলেই সুপারিশ করবো জনে জনে, অমসৃণ হইলেও এটা একটা বেশ পলকা মশলাদার বই। বেষ্টারের নাম আগে জানতাম না এতে অবশ্য খেদ নাই, কতজনেরেই ত চিনি না ঠিকমত।