এমন কিছু একটা থাকে যাকে যেকোন প্রশ্ন করলেই তার সঠিক উত্তর জানা যায়- তবুও আমরা হয়তো তেমন কিছুই জানতে পারবো না, যদি আমরা না জানি যে আমাদের কী কী জানার আছে। গল্পের প্রধান চরিত্র নাওফাল বিন আসাদ। পৃথিবীর সাথে তার সব চাওয়া-পাওয়া-না পাওয়ার হিসাব শেষ। অবশিষ্ট শুধু একটা জিনিস তাকে বাঁচিয়ে রেখেছে, তা হচ্ছে এই জগতের অস্তিত্বের রহস্য সম্পর্কে জানার এবং তা উপলব্ধির নেশা, যার সীমানা এখনো সে খুঁজে পায়নি। ভাবনার অনেক গভীরে গিয়ে তার খুঁজে পাওয়া একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হারিয়ে গেছে, যার মাধ্যমে এই অস্তিত্বের রহস্যের একটা অতি গুরুত্বপূর্ণ অজানা শাখায় পৌঁছানো যায়। সেই হারিয়ে যাওয়া প্রশ্ন ফিরে পাওয়াই এখন হয়ে গেছে তার জীবনের অন্যতম উদ্দেশ্য। সেটা খুঁজতে গিয়ে, কী কী তার এখনো জানা বাকি সেই সন্ধানে তিনি টাকার বিনিময়ে প্রশ্ন ক্রয় করেন এবং সেগুলো তার মাথায় চাষাবাদ করেন। প্রশ্ন হচ্ছে তার কাছে এই অস্তিত্বের যত রহস্য আছে, সেগুলোতে ভ্রমণ করার জন্যে উপলব্ধি নামক বাহনের জ্বালানি সরূপ।