স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা মাঝেমধ্যে আবছা হয়ে আসে। ছোট থেকে বড় হয়ে ওঠা মানে স্বপ্নের জগত ছেড়ে কঠোর বাস্তবের দিকে পা বাড়ানো৷ আরব বেদুইন হওয়ার স্বপ্ন ছেড়ে, মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন, আমাজন বা আফ্রিকা অভিযানের কথা ভুলে, প্রাউড গ্রিফিনডোর হয়ে হগওয়ার্টসে যাওয়ার চিন্তাকে জলাঞ্জলি দিয়ে, গোয়েন্দাগিরির পোকাকে মাথা থেকে বের করে আমরা সবাই এমন এক বাস্তবের দিকে ছুটতে চেষ্টা করি, যেখানে স্বপ্ন বলে কিছুই নেই। মেঘের রঙ নেই, উড়ন্ত কার্পেট নেই, পিঁপড়ে, ফড়িং বা প্রজাপতি নেই, কাক চড়ুই খরগোশ দেখে মন ভালো হওয়া নেই। রহস্য নেই, অ্যাডভেঞ্চার নেই, নেই কোনও ম্যাজিক। আসলে কিন্তু এই সবই আছে, চিরকালই ছিল, কিন্তু আমরা আর তখন সেগুলো দেখতে পাই না। বৃষ্টিতে ভিজলে, জলে নুড়ি ছুঁড়লে, ফুলের ওপর ভ্রমর বা মোটকা একটা গাছ দেখলে যে আশ্চর্য অনুভূতি হত, সেটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে কৌতূহলও। ফ্রিজের ভিতরের আলোটা ঠিক কখন বন্ধ হয়, সেটা জানার জন্য আস্তে আস্তে রেফ্রিজারেটর এর দরজা বন্ধ করা হয় না। প্যান্ডেলে গিয়ে গনেশ ঠাকুরের পাশে দাঁড়ানো ইঁদুরটাকে আর খুঁজি না। দেওয়ালির দিন চরকি বাজিয়ে কাউকে লাফাতে দেখলে বোকা বোকা মনে হয়।
আসমানি সেই কৌতূহলকে ফিরিয়ে আনার গল্প। আসলে কেউ বড় হয় না, আসলে স্বপ্নের জগত চিরকাল একই থাকে, আসলে আমাদের ঘিরে আছে অসংখ্য ম্যাজিক। আসুন, সেই ম্যাজিক শো দেখতে এগিয়ে যাওয়া যাক।