ইসলাম ধর্মের আগে ইরানে জরাথুষ্ট্র বা পার্সি ধর্মের প্রচলন ছিল এটা আমরা সবাই জানি। বইয়ের নাম দেখে ভেবেছিলাম জরাথুষ্ট্র ও সমসাময়িক অন্যান্য ধর্ম নিয়ে আলোচনা থাকবে বইতে। যদিও জরাথুষ্ট্র নিয়ে নেটে ঘাটাঘাটি করে কিছুমিছু পড়াশোনা আগেই ছিল আমার। এই প্রায় দেড়শো পৃষ্ঠার বইতে হয়তো নতুন কিছু জানতে পারবো বলে আশা ছিল। কিন্তু আশায় পানি ঢেলে লেখক দেখি জরুথুষ্ট্র, ইহুদি, মানি এসব নিয়ে হালকা আলাপ দিলেন এরপরই চলে আসলেন হিন্দু , শিখ, চৈতন্য ইত্যাদির আলোচনায়। এগুলা কীভাবে ইরানের ইসলাম পূর্ব ধর্ম হলো বুঝলাম না!
বইতে প্রচুর ইংরেজি কোটেশন ব্যবহার করা হয়েছে এবং লেখক কষ্ট করে সেগুলোকে বাংলায় অনুবাদ না করে ইংরেজিতেই রেখে দিয়েছেন। ইংরেজিটুকু বুঝিনি তা নয় তবে এরকম তিন লাইন বাংলা চার লাইন ইংরেজি আবার পাঁচ লাইন বাংলা পড়তে এবং দেখতে অশান্তি লাগে।
বইয়ের ফ্ল্যাপে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে প্রথম চারটি প্রবন্ধ ইরানের ধর্ম নিয়ে হলেও পরের দুটো লেখা পাঠকের আগ্রহ জাগানোর জন্য এড করা হয়েছে। অনলাইনে কিনেছি বলে বুঝতে পারিনি। হাতে নিয়ে দেখলে এই বই কিনতাম না।