‘আনবাড়ি’ বিচ্ছিন্নতার মহাসমুদ্রে ছোটো ছোটো আলোর বিন্দুর মতো বন্ধুত্ব খুঁজে পাওয়ার গল্প আবার ভিড়ের ভেতরে হাত ছেড়ে দিয়ে ভেসে যাওয়ার গল্প। এটা সেই অভীষ্টের দিকে যাত্রার গল্প, যেখানে কখনোই আমরা পৌঁছাই না।
লুনা রুশদীর জন্ম ২৪ অক্টোবর, ১৯৭৫ সালে। শৈশব কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টার্সে। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া নবম শ্রেণী পর্যন্ত, তারপর ১৯৮৯ থেকে সপরিবারে অস্ট্রেলিয়া প্রবাসী। মেলবোর্নে লা-ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, পরবর্তীতে বৃত্তি নিয়ে ক্রিয়েটিভ রাইটিং এ স্নাতোকত্তর লেখাপড়া সিডনির ইউ.টি.এস বিশ্ববিদ্যালয়ে। ব্যাংকিং সেক্টরে চাকরি নিয়ে দশ বছর নিউজিল্যান্ড থাকার পর বর্তমানে আবার মেলবোর্নে। প্রথম বাংলাদেশি পত্রিকা ‘অঙ্কুর’ সম্পাদনা ছাত্রজীবনে। বাংলায় প্রথম প্রকাশিত কবিতা কলকাতার ‘দেশ’ পত্রিকায় ১৯৯৪ সালে। এরপর বিভিন্ন বাংলাদেশি ও ভারতীয় পত্রিকায় লেখালেখি। প্রথম প্রকাশিত ইংরেজি গল্প নিউজিল্যান্ডের ‘লিসেনার’ পত্রিকায় ২০১১ সালে। প্রকাশিত অনুবাদগ্রন্থ অরুন্ধতি রায়ের ‘দ্যা ব্রোকেন রিপাব্লিক’ (২০১৩)। প্রথম প্রকাশিত উপন্যাস ‘আর জনমে’ ২০২৪ সালের বইমেলায়। এবং দ্বিতীয় উপন্যাস ‘বইবাহিক’ও ২০২৪-এর মেলাতেই প্রকাশ পায়।
"মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে আমি কেমন আছি, কিন্তু ঠিক ঠিক বুঝতে পারি না। বেশির ভাগ সময় খুব গাঢ় কোনো অনুভূতি কাজ করে না। হঠাৎ কিছুই ভালো লাগে না। সেসব সময় মনে হয় কোনোদিনই আর কিছু ভালো লাগবে না আমার, হয়তো প্রিয় সব কিছু পেরিয়ে এসেছি, ফেলে এসেছি।। বহু আগের কোনো সময়ে। এখন হয়তো অবিকল সেই রকম দেখতে কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে, সেই একই রকম শব্দ, গন্ধ, পারিপার্শ্বিক আছে তবু ঠিক সেই মানুষ সেই জায়গাগুলো কোথাও আর নেই।শুধু কিছু ছাপ, কিছু ছায়া রয়ে গেছে..."
"আনবাড়ি" ঘর বা আশ্রয় অনুসন্ধানের গল্প, যা আমরা জীবনভর খুঁজে থাকি, যা আমরা কখনোই পাবো না। বরাবরের মতোই সহজ গদ্যে লিখেছেন লুনা রুশদী। নায়িকার জনতার মাঝে নির্জনতার বোধ আর নৈঃসঙ্গচেতনা কখনো পাঠক হিসেবে আমাকে আক্রান্ত করতে পেরেছে, কখনো পারেনি।বিষয়বস্তু চমৎকার, গল্পের execution কিছু জায়গায় আরোপিত বলে মনে হয়। সব মিলিয়ে, বই পড়ার অনুভূতি মিশ্র।
'আনবাড়ি' লুনা রুশদীর ফিকশন মেমোয়ার। পয়লা চ্যাপ্টারেই একটা সেন্টিমেন্টাল প্যারাগ্রাফে হুট করে লুনা লিখলেন– "মাঝেমাঝে সমস্ত জীবন হেঁটে আমরা শুধু একটা মুহুর্তের কাছে পৌঁছাই।" পড়তে গিয়ে খুব চমকালাম। হয়তো ঐ বিশেষ মুহুর্তে আমি এখনও পৌঁছাই নাই কিন্তু খুব জোরে হাঁটতেসি।
কলোনিয়াল হ্যাংওভারে আক্রান্ত একজন বোকা পাঠিকা আর প্রচন্ড হোমসিক একজন লেখিকার কানেকশন হয়ে গেলো কী অনায়াসে!
আমার ভীষণ আরাম আদর লাগে লুনা রুশদী'র লেখা পড়তে। মানুষটাকে মায়াময়ী মনে হয়। অস্ট্রেলিয়ায় তাঁর পরিযায়ী জীবন, কিছু আনকোরা সম্পর্ক, কিছু এলোমেলো বিকাল, আর রেলিভেন্ট সব কবিতার পঙক্তি ছড়িয়ে আছে সমস্ত বইয়ে। পরিমিত এবং সাটল হিউমার। গল্প বলার ঢং পুরনো দিনের মানুষের মতো। বিচিত্র কিন্তু বিচ্ছিন্ন সব ঘটনা অল্প অল্প করে বলা হলো।
আমাদের জীবন; আসলে স্মৃতি আর স্বপ্নের মাঝামাঝি সময়টুকু। স্মৃতির পরিমাণ বোধহয় একটু বেশিই। ক্রিয়েটিভ রাইটিং পারলে নিজের জীবন নিয়া আনবাড়ি'র মতো একটা বই লেখার চেষ্টা করা যাইতো। তবে বইয়ের সাইজ আরো বাড়াতাম।
বইটার একমাত্র ঝামেলা হলো, এটা জনরা এক্সপেকটেশন পুরোপুরি মেটাতে পারে নাই। মেমোয়ার থেকে যেরকম ডিটেইলড ন্যারেশন আশা করেছি, সেরকম পেলাম না।
লুনা রুশদী আলসেমি করে হোক, বা অন্য কারণে, একটা গা-ছাড়া ভাব নিয়ে বইপত্র লেখেন মনে হইতেসে। আরেকটু ঘষামাজা করলে বইটা গোছানো যেতো, আরো কিছু গল্পও বাদ পড়েছে মেইবি। লেখিকা কি একটু উদাসীন? হইতে পারে। কিংবা বইমেলার তাড়া ফিল করসিলেন?
যাই হোক, তাঁকে কোট কইরা তাঁর ডিফেন্স রেডি করলাম– "নিজের অজান্তেই মানুষকে আমরা কেমন বাক্সবন্দি করে ফেলি!"
"তখনো বৃষ্টি চলছিল আর সাথে ঝড়। বৃষ্টির গন্ধটা সব সময়েই চেনা লাগে, স্মৃতি মিশে থাকে। মাঝে মাঝে মনে হয় এই যে সব স্মৃতি, চেনা গন্ধ, চেনা ছন্দ...এই সব কিছুর আগে কী ছিল? আমি প্রথম কবে বৃষ্টি দেখলাম? কতদিন আমার কোনো প্রথম নেই, এখন যে-কোনো নতুনই ফেলে আসা স্মৃতি বয়ে আনে।"
বা, রাসেলের সাথে কথপোকথনের এই অংশটুকু -
"ওর কথার ভঙ্গিতে অধিকারবোধ আর একটা ঘোর-লাগা ভাব ছিল । শুনছিলাম, যেন উপন্যাস, অন্য কারো গল্প আর একই সাথে নিজের জন্য একটা কান্না এঁকেবেঁকে বেরিয়ে আসার পথ খুঁজছিল ।"
আবার ধরুন - "আমরা বিরাট এক পাজলের ছোটো ছোটো টুকরা মাত্র, একসাথে জোড়া লাগলে একটা সম্পূর্ণ ছবি হয়ে উঠতে পারব অথচ আমরা শুধু নিজেকেই সমগ্র ভেবে নিয়ে অন্যকে বাতিল করে দিচ্ছি। একদম মুখোমুখি দাঁড়িয়ে থেকেও কেউ কাউকে দেখতে পাচ্ছি না ।"
কিংবা , 'কত ইচ্ছাকৃত ভ্রমের ভিতর বসবাস করি আমরা।'
' মানুষকে নিজের অজান্তেই কেমন বাক্সবন্দী করে ফেলি আমরা। '
- ঠিক এই সময়ে যেন আরও চোখ ও মন খুলতে বলে আমাদের।
অপেক্ষায় আছি, তার চরিত্ররা ঢাকায় কী করে, কোথায় যায়, কী বলে, কী ভাবে - সেকথা কোনো একটা উপন্যাসে দ্রুতই আসবে দীর্ঘ কলেবরে।