১৯৩৩ সাল। বিপ্লবী আন্দোলনে সারা বাংলা কম্পমান। যার আঁচ লেগেছে তখনকার বাঙালির পশ্চিম তথা বিহারের বাঙালি-অধ্যুষিত মুল্লুকেও। সেখানকারই হাওয়াবদলের জন্য বিখ্যাত এক শহর, পাহাড়-অরণ্য-নদীতে ঘেরা নিজগড় তখন আচমকা হয়ে পড়ল বন্যাবিধ্বস্ত। এহেন বিপর্যস্ত সময়ে সেখানে এক শোচনীয় ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বদলি হয়ে আসতে হলো বাঙালি দারোগা মাহবুব উদ্দিনকে। কিন্তু মড়ার ওপর খাঁড়ার ঘা-র মতো নিজগড়ে তাঁর পা রাখার পর ব্রিটিশ জেমস্টোন কোম্পানির এক পাহারাদার খুন হলো। এর তদন্তে নামতে না নামতেই ফের আরো দুটি খুন। এবার হত্যার শিকার শহরের দুই মেরুর দুই ক্ষমতাধর ব্যক্তি। এই তিন খুন কি একই সূত্রে গাঁথা? সহকর্মী ধড়িবাজ ওসি আকরাম কিংবা ধূর্ত এসআই খোকন ধর, মাহবুবের তদন্তে বাগড়া দিতে চাইছে দুজনেই। ভরসা শুধু নিঃস্বার্থ বুড়ো কনস্টেবল শম্ভু। ওদিকে জমিদার আয়েন উদ্দিন, তাঁর পুত্র আমির ও পুত্রবধূ লুৎফুন্নেসার আচরণও আবছা রহস্যে ঘেরা। এই পরিবার কি কোনোভাবে খুনগুলোর সঙ্গে জড়িয়ে? এদিকে কমিউনিস্টরা নিজগড়ে তৎপর হচ্ছে, দানা বাঁধছে আদিবাসী সংগ্রামও। এরকম জটিল পরিস্থিতিতে মাহবুব উদ্দিনের সামনে শুধু একটাই পথ খোলা, ওই তিন খুনের নেপথ্যে থাকা আসল রহস্য উন্মোচন করা। নইলে নিজগড়ের পতনের সঙ্গে নিজের চাকরিজীবনও খতম। বাঙালির হারিয়ে যাওয়া পশ্চিমের পটভূমিতে লেখা ‘পশ্চিমের শেষ সূর্য’ বাংলা রোমাঞ্চ সাহিত্যে যেমন, ঐতিহাসিক উপন্যাসের ধারাতেও নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সংযোজন।
নিয়াজ মেহেদীর জন্ম রংপুরের বেনীপুর গ্রামে, ২৯ আগস্ট ১৯৮৯ সালে। মা-বাবার জ্যেষ্ঠ সন্তান নিয়াজের হাতেখড়ি পত্রিকার ছোটদের পাতায় লিখে। একসময় লেখালিখি ভুলে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর অনুজ নাবিল মুহতাসিম ও অগ্রজ লেখক মশিউল আলমের। ২০১৮ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস আওলাদ মিয়ার ভাতের হোটেল বিপুলভাবে সমাদৃত। এরপর লিখেছেন উপন্যাস আড্ডা দেওয়া নিষেধ ও ধাঁধার থেকেও জটিল। ছোটগল্পের দুটি বই বিস্ময়ের রাত ও মর্কট মঞ্জিল। তাঁর ছোটগল্প প্রকাশিত হয়েছে প্রথম আলো, রহস্য পত্রিকা, ইত্তেফাক, কালের কণ্ঠ, বণিক বার্তা ও কিশোর আলোর পাতায়।
ইহা একটি ডিটেকটিভ থ্রিলার। বৃটিশ আমলের সমাজ, শাসন-শোষণের চিত্র অংকন করা হয়েছে নিজগড় নামের একটা প্রত্যন্ত ও দুর্গম এলাকায়, যেখানে একটা উপজাতির বসবাস।
একটা খুন, বৃটিশ বিরোধী আন্দোলন, একজন পুলিশ কর্মকর্তা, কিছু বৃটিশ কর্মচারীর দুর্নীতি; সর্বোপরি লেখক বৃটিশ আমলের যেই চিত্র আঁকতে চেয়েছিলেন, সেটায় তিনি সফল।
নিয়াজ মেহেদীর গল্প বলার ঢংটা আমার বেশ পছন্দের। আওলাদ মিয়ার ভাতের হোটেল থেকেই তার মুন্সিয়ানার পরিচয় পেয়েছি প্রত্যেকটা গল্পে। কিন্তু তার সবই ছোট পরিসরে। এবার আস্ত একটা উপন্যাসের স্বাদ কেমন আসবে তা নিয়ে তুমুল আগ্রহী ছিলাম। ফলে হাতে পেয়েই গরমাগরম বসে পড়লুম 'পশ্চিমের শেষ সূর্য' নিয়ে।
সত্যি বলতে আশাহত হইনি। সুন্দর ছিমছাম একটা গোয়েন্দা গল্প। গতানুগতিক ক্ষুরধার মস্তিষ্কের গোয়েন্দা হয়তো এই গল্পে নেই কিন্তু রহস্য আর ইতিহাসের মিশেলে আদিবাসীদের নিজস্ব এই আখ্যান আপনাকে ঠিকই বইয়ের পাতায় আটকে রাখতে পারবে। শেষটায় সামান্য তাড়াহুড়োর ছাপ আছে তবুও লেখকের এই প্রয়াস অবশ্যই প্রশংসাযোগ্য।
ব্রিটিশ আমলের সময়কালে কাল্পনিক এক শহর "নিজগড়" শহর কে কেন্দ্র করে রচিত এক ছিমছাম মার্ডার মিস্ট্রি।সেই আমলের মার্ডার মিস্ট্রি পড়তে আমার আলাদা রকমের ঝোক আছ।ডিএনএর ব্যবহার থাকত না,অপরাধী সনাক্তকরণের উন্নত প্রযুক্তি ছিল না তাও খুনীকে কিভাবে পাকড়াও করে সেটা পড়ার কৌতুহল থাকে অনেক। কিন্তু বইটা দূর্বল প্লটের মনে হইছে আমার।আরো জমাট ঘনীভূত রহস্য আশা করেছিলাম।পুলিশের অপরাধী ধরার প্রক্রিয়া টাও বিশেষ সুবিধার লাগে নি।কেসের সূত্র খোজার চেয়ে বড় কর্তার বকুনি আর প্রটাগনিস্টের বদলি হওয়ার কারণের দিকে নজর ছিল যেন লেখকের বেশি।হুট করে যেন আকাশ থেকে অপরাধী ধরে ফেলল।তবে কাল্পনিক শহর নিজগড় এবং তার আশেপাশের বর্ননা বরাবরের মতোই অভিভূত ছিল।
একটি ভুল মানুষকে নিম্নগামী করে তোলে। যেখান থেকে তরতর করে উপরে ওঠার সম্ভাবনা, সেখান থেকে উল্টো পথে অবনমন তার সকল কাজের উপর কালিমা লেপ্টে দেয়।
মাহবুবের সাথে ঠিক তেমনটাই হয়েছে। পুলিশে ঢোকার কোনো বাসনা ছিল না তার। ভাগ্যক্রমে পুলিশের চাকরি পেয়ে গিয়েছে সে। একটা সুযোগ তাকে তরতরিয়ে উপরে উঠতে সাহায্য করেছে। নজরে পড়েছে ইন্টিলিজেন্স ব্রাঞ্চে পুলিশ সুপার সি এইচ ইলিংওয়ার্থের। যার সুনজরে থেকে একটি অভিযান পরিচালনার দায়িত্ব নেয় সে।
তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের রমরমা অবস্থা। স্বরাজ পার্টি থেকে কমিউনিস্ট, সবাই উড়ে এসে জুড়ে বসা ইংরেজদের বিতাড়িত করতে চায়। ফলে বিদ্রোহীদের ধরতে পারলে পাওয়া যায় ইনাম। ঘটনাক্রমে এমন এক অভিযানের রূপরেখা বিশেষ অতিথি হয়েও লাভ হয় না। ইলিংওয়ার্থের গায়ে আচানক গুলি বিদ্ধ হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাঁচাতে না পারার খেসারত দিতে হয় মাহবুবকে।
ডিমোশন হয়ে বদলির খড়গ নেমে আসে ঘাড়ে। বিহারের এক প্রত্যন্ত অঞ্চল নিজগড়ে ঠিক মন থাকে না। এই নিজগড় আবার সবার চেয়ে আলাদা। ড্যাঞ্চিবাবুদের হাওয়া বদলের জায়গা হলেও বর্ষা বাদলের দিনে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠে নিজগড়।
এমন এক জায়গায় খুন হলো তিনটি। একের পর এক। শান্ত নিজগড় এমন খুনে হয়ে ওঠার কারণ কী?
একসময় হো আদিবাসীদের আঁতুড়ঘরে অমূল্য রত্নের সন্ধানে ছুটে আসে ফিরিঙ্গীরা। রত্নের খনি নির্মাণ করে। নির্ঝঞ্ঝাট নিজগড় তখন থেকেই বেহিসাবি। বহিরাগতদের আগমন যেন আদিবাসীদের বেদনার কারণ। তাই জগৎ মুন্ডারা হয়ে ওঠে সশস্ত্র। বিদ্রোহের ডালপালা মেলে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে সর্বত্র।
পুলিশে চাকরি করলেও ভিন্ন এক কাজে এতদিন থাকা মাহবুব তাই তদন্তে খেই হারিয়ে ফেলছে। কোনো বিচিত্র কারণে পুলিশের বড় কর্তা তাকে পছন্দ করে না। এই খুনের তদন্তে সাফল্য পেতেই হবে। নাহলে পুলিশের চাকরিটাই ছেড়ে দিতে হবে। ওদিকে অধিবাসী বিদ্রোহের কথা কানে আসছে। সশস্ত্র দলের আক্রমণ হলে এই বিরান নিজগড়ের থানা সামাল দিতে পারবে তো?
◾পাঠ প্রতিক্রিয়া :
ব্রিটিশ আমলের পটভূমিতে রচিত “পশ্চিমের শেষ সূর্য” বইটি আদতে একটি গোয়েন্দা কাহিনি। ভারিক্কি ভাষায় বলতে চাইলে পুলিশ প্রসিডিউয়াল জনরার এক ঐতিহাসিক উপন্যাস। ইতিহাস এখানে খুব বেশি না থাকলেও ইতিহাসের ছোঁয়া আছে বললে অমূলক হবে না।
বর্তমান সময়ে অবস্থান করে অতীতের কোনো সময়কে রচনা করা আমার কঠিন মনে হয়। কেননা প্রতিটি যুগ, প্রতিটি সময় একটি অপরটি থেকে ভিন্ন। আর এই ভিন্নতা মাথায় রেখে অতীতের সময়টাকে ফুটিয়ে তোলা খুব একটা সহজ কাজ নয়। সেই কঠিন কাজকে দারুণভাবে সামলে নিয়েছেন লেখক।
লেখক নিয়াজ মেহেদীর লেখা যথেষ্ট সাবলীল। তার ভাষা সংযত, শব্দচয়ন পরিমিত। ভাষাশৈলীতে কাঠিন্য পাওয়া যায় না। বর্ণনা চমৎকার। আর এই চমৎকার বর্ণনায় ব্রিটিশ শাসনের সময়কাল বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে নিজগড়ের নৈসর্গিক দৃশ্যের বর্ণনা মুগ্ধ করার মতো। একই সাথে হো নামের এক আদিবাসীর কথা লেখকের লেখায় উঠে এসেছে।
“পশ্চিমের শেষ সূর্য” বইটি মূলত ত্রিমুখী ভাবনার প্রতিচ্ছবি। একদিকে ইংরেজ ও তাদের চাকুরে পুলিশ, অন্যদিকে স্বদেশকে বহিরাগতদের হাত থেকে মুক্ত করতে চাওয়া বিদ্রোহী দল। আরেকদিকে আছে আদিবাসীরা, যারা তাদের নিজ ভূখণ্ড ফিরে পেতে মরিয়া।
প্রতিটি অঞ্চলের আদিবাসীদের গল্প বোধহয় একই। তাদের বেশিকিছু লাগে না। শুধু দুবেলা দুমুঠো খেতে পারলেই জীবন চলে যায়। সেই চলে যাওয়া জীবনে লোভ নিয়ে আসে বহিরাগতরা। নিজগড়ে পড়ে থাকা রত্নের সন্ধান পেয়ে ছুটে আসে ইংরেজরা। তারা খনি নির্মাণ করে। যাদের কাছে পেট পুজো ছাড়া আর কিছু প্রয়োজন ছিল না, তারা অর্থের সন্ধান পায়। শান্ত ভূমি হয়ে ওঠে বহিরাগতদের আখড়া।
যেহেতু বইটিতে একাধিক খুনের ঘটনা ঘটেছে, সেহেতু পুলিশি তদন্ত এখানে গুরুত্বপুর্ণ। একটা বিষয় ভালো লেগেছে, লেখক অতিরঞ্জিত কোনো বিষয়ের অবতারণা করেননি। যার কাঁধে তদন্তের ভার পড়েছে, সেই মাহবুব খুব সাদামাটা একজন মানুষ। তার অতটা বুদ্ধি নেই। তদন্তের অভিজ্ঞতা তেমন নেই। একটা ভুলের খেসারত দিতে এই বিরান ভূমিতে থিতু হতে হয়েছে। যার উপর উপরমহলের চাপ প্রবল। তারপরও যুক্তি দিয়ে, বিচার বিবেচনা করে তদন্তের চেষ্টা করছে। কিছুটা আবেগও তার মনে জায়গা করে নিয়েছে।
কোনো অজ্ঞাত কারণে তার উপরের করত তাকে পছন্দ করে না। যেকোনোভাবেই তাকে অপদস্ত করতে মগ্ন থাকে। এই বিষয়টা মাহবুবের জন্য মেনে নেওয়া কষ্টকর। আবার দেখা যায় যারা স্নেহের হাত কাঁধে রাখে, বেশি বেশি মেশার চেষ্টা করে, পাশে থাকার ভান করে; তাদের কেউ কেউ সত্যিই সহযোগিতার বাড়িয়ে দিলেও এক দুইজন এমন থাকে, যাদের এই সাহায্যের হাত বিষাক্ত কিছু নিয়ে ঘোরাফেরা করে। অজান্তেই পিঠে ছুরি মারার চেষ্টা চালিয়ে যায়। এমন মানুষের থেকে বেঁচে থাকা বা পরিত্রাণ পাওয়া কঠিন।
তদন্ত প্রক্রিয়া সাদামাটা ছিল। সূত্র ধরে রহস্য খোঁজার চেষ্টা ছিল। তারপরও খুনি ধরা দিচ্ছিল না। তদন্তের চেয়েও এখানে বড় ছিল আদিবাসীদের কথা, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ, নিজগড়ের শূন্য থেকে গড়ে ওঠা।
শেষদিকে এসে একসাথে দুই রহস্যের সমাধান হয়েছে। মানুষ যখন মন থেকে কিছু চায়, সৃষ্টিকর্তা বোধহয় তাকে সেই জিনিসটা পাইয়ে দেন। তবে কিছুটা কাকতালীয় ছোঁয়া ছিল। তারপরও নিতান্তই যে খারাপ লেগেছে তেমন না। অতিরঞ্জিত কিছু না করে সাদামাটাভাবে এমন সমাপ্তি আসলে আমার বেশ ভালোই লাগে।
দিন শেষে এই কথাটা বারবার সামনে চলে এসে, পৃথিবী আসলেই গোল। এক বিন্দুতে এসে মিলে যায় সকল রহস্য। নাহলে যে কারণে মাহবুবের এ নির্বাসন, তার মুখোমুখি হওয়ার কি কথা ছিল? তবে আততায়ী কেন মাহবুবের উপর আক্রমণ করেছিল, সেই বিষয়টা লেখক খোলসা করেননি। যদিও আমি নিজে অনুমান করতে পারছি আসল কারণ। হয়তো পাঠকের অনুমানের উপর কিছু বিষয় ছেড়ে দিয়েও লেখকরা চান।
ব্রিটিশ শাসনের সময়কাল নিয়ে হলেও এখানে ইংরেজদের নিয়ে খুব একটা আলোচনা হয়নি। এই দিকটা আরেকটু ছড়িয়ে দেওয়া যেত। বিশেষ করে রত্নখনি বিষয়ক বর্ণনা বা তার মালিকদের কথা আরো দেওয়া যেত বলে মনে হয়েছে। জানকি সন্যাল ছাড়া বাকিরা কেমন যেন আড়ালে থেকে গিয়েছে।
কিছু জায়গায় লেখক খুব দ্রুত গতিতে ছুটেছেন। বিশেষ করে শেষদিকে কিছুটা তাড়াহুড়োর ছাপ ছিল। কেবল বর্ণনার আশ্রয় না নিয়ে, শেষের অংশে যে জেরা করার কথা বলা হয়েছে, তা যদি কেবল বর্ণনার আশ্রয় না নিয়ে মোটাদাগে সংলাপের মাধ্যমে দেখানো যেত তাহলে আরেকটু বেশি উপভোগ্য হতো। এই অংশে মনে হলো লেখক সমাপ্তি টানার জন্য তাড়াহুড়ো করেছেন।
◾বানান, সম্পাদনা ও অন্যান্য :
অবসর প্রকাশনীর একটি বিষয় ভালো লাগে। তাদের সম্পাদনা খুবই দারুণ হয়। দুয়েকটা বানান ভুল বা ছাপার ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু খুব একটা চোখে পড়ে না। পৃষ্ঠার মান সবসময় ভালো। বাঁধাই খুব দুর্দান্ত হয়। খুলে পড়া যায় আরামে। সেটআপ থেকে শুরু করে সবকিছুতে যত্নের ছাপ পাওয়া যায়।
এই বইটির প্রচ্ছদ আমার ভীষণ পছন্দ হয়েছে। পুরোনো পুরোনো ভাইব আছে। যেহেতু ব্রিটিশ আমলের পটভূমিতে লেখা, তাই এই ভাইব প্রচ্ছদে ধরে রাখার চেষ্টা প্রশংসা করতেই হয়।
◾পরিশেষে, মাহবুবের যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে নতুনের শুরু। হয়তো অন্য কোনো গল্পে আবারও আসবে সে। দুর্বল থেকে আরও পরিণত হবে। শাণিত হবে মগজ, ক্ষুরধার হবে তদন্ত প্রক্রিয়া। মাহবুবের পরবর্তী কোনো গল্প পড়ার জন্য মুখিয়ে আছি। ততদিনে অপেক্ষা…
◾বই : পশ্চিমের শেষ সূর্য ◾লেখক : নিয়াজ মেহেদী ◾প্রকাশনী : অবসর প্রকাশনা সংস্থা ◾পৃষ্ঠা সংখ্যা : ১৪০ ◾মুদ্রিত মূল্য : ৩০০ টাকা ◾ব্যক্তিগত রেটিং : ৪.২/৫
❛পশ্চিমের শেষ সূর্য পোড়ায় আকাশ, শেষ আলোয় লেখা বিদ্রোহের পত্র, অন্ধকার এলেও নেভে না সে আ গুন।❜
পরাধীনতার জঞ্জাল থেকে মুক্তির জন্য যুগে যুগে সংগ্রাম হয়েছে। হয়েছে এই উপমহাদেশেও। কেউ মুক্তি চায় ব্রিটিশ থেকে, কেউবা আবার মুক্তি চেয়েছে সমতল থেকে। সংগ্রাম চলেই আসছে। চলবে যতদিন পশ্চিমের শেষ সূর্য না অস্ত যাবে। পরাজয়ের গ্লানি অনেক কঠিন। কোনো কাজে সফল না হলে কিংবা সাজানো কোনো কাজ মুহূর্তের মধ্যেই ভন্ডুল হলে করার থাকে না কিছুই। ভাগ্যে এরজন্য কখনো জুটে যায় শাস্তি নামের বস্তু।
সালটা ১৯৩৩। এসআই মাহবুব রসায়নে লেখাপড়া করে শেষমেষ চাকরি জুটিয়েছে পুলিশে। জীবনের লক্ষ্য কখনোই এই পেশা ছিল না। দেশটা তখন পরাধীন। পুলিশের চাকরি মানেই ব্রিটিশরাজের গোলামী। কিন্তু কিছু করার নেই। পেট চালানোর তাগিদে তাই করতে হচ্ছে। পুলিশ ট্রেনিংয়ে সকলের নজরে আসা মাহবুব পুলিশের ইন্টিলিজেন্স ব্রাঞ্চে কাজ করে। তার প্রতি সুনজর আছে কর্তা ইলিংওয়ার্থ সাহেবের। তবে কপালে শান্তি না থাকলে যা হয়। সেখানে এক দুর্ঘটনায় আততায়ীর হাতে প্রাণ হারায় ইলিংওয়ার্থ। বড়কর্তাকে রক্ষার দায়িত্বে বিফল হওয়ায় শাস্তিস্বরূপ তার পোষ্টিং হয় নিজগড় নামক জায়গায়। হাওয়া বদল করতে হলে বাঙালি যেসব জায়গায় যায় তারমধ্যে নিজগড় অন্যতম। প্রকৃতি এখানে নিজেকে খুলে দিয়েছে। এর হাওয়া, জল পানিতে জাদু আছে। আদিবাসীদের নিবাস এই জায়গায় একসময় সমতলের মানুষের চোখ পড়ল। আর তারা ব্যবসায়ী কাজকর্ম করে এলাকার সৌন্দর্য প্রায় নিঃশেষ করে দিলো। এখানে আছে রত্নের খনি। তার লোভেই সাদা চামড়া আর ড্যাঞ্চিবাবুরা এখানে বাস করতে লাগলো। এখন সেই নৈসর্গিক সৌন্দর্য আর সুবিধার ছিটেফোঁটাই বাকি আছে এখানে। এখানেই বদলি হয়ে আসলো মাহবুব। যেখানে তেমন একটা অপরাধ হয়না এমন জায়গাতেই এক রাতে খু ন হয়ে গেল কোম্পানির এক পাহারাদার। সেই ঘটনার সমাধান করার আগেই একই কায়দায় খু ন হলো কোম্পানির হোমড়াচোমরা গোছের জানকি স্যানাল এবং আদিবাসীদের নেতা জগৎ। কে করছে এসব খু ন? মাহবুব নিজের মতো তদন্ত করতে পারছে না। কারণ তার উপরওয়ালা আকরাম তাকে সাহায্য করছে না। একরকম নিজের মতোই সমাধান বলে কেস সমাধা করতে বলছে। এই অন্ধকারে আশার একটু আলো শম্ভু। এই অচেনা জায়গায় এই লোকটিই সহকর্মীদের মধ্যে তার সহমর্মী। নিজগড়ে এসেছে এক বাঙালি মুসলিম জমিদার পরিবার। উদ্দেশ্য হাওয়া বদল। মাহবুব সেখানেও যায়। নিজেকে প্রমাণ করার জন্য উপরওয়ালা তাকে মনে হয় এই শেষ সুযোগ দিয়েছে। এই রহস্য সমাধান করতে পারলে তার চাকরির মোড় ঘুরে যাবে। কিন্তু নিপাট ভদ্রলোক, স্বল্পভাষী আর নরম মনের এই দারোগা কী করে সমাধান করবে রহস্যের? একদিকে ব্রিটিশ চাপ, একদিকে নিজগড়ের অদ্ভুত পরিবেশ, আদিবাসীদের চাপা অসন্তোষ আর গোপন সংগ্রামী পার্টির আনাগোনা। এই অতলে তল খুঁজে পাবে তো?
পাঠ প্রতিক্রিয়া:
❝পশ্চিমের শেষ সূর্য❞ নিয়াজ মেহেদীর লেখা গোয়েন্দা উপন্যাস যার পটভূমি ব্রিটিশ শাসনামল। নিয়াজ মেহেদীর লেখা আমার ভালো লাগে। খুব সাবলীলভাবে তিনি উপন্যাসে বাক্যবিন্যাস করেন এবং নির্মল বর্ণনায় পড়তে বেশ লাগে। এই উপন্যাসের প্লট খুব সুন্দর। ব্রিটিশ শাসনামলে বাঙালির পশ্চিমের এক কল্পিত শহরকে ঘিরে উপন্যাসের কাহিনি রচনা করেছেন তিনি। নিজগড় জায়গাটা লেখকের কল্পিত। তবে কল্পনার আশ্রয় এত দারুণ হয়েছে যে প্রশংসা করতেই হয়। নিজগড়ের প্রাকৃতিক বর্ণনা এবং সেখানে মানুষের জীবনযাপন পদ্ধতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেইসাথে এগিয়েছে উপন্যাসের কাহিনি। বেশ রহস্য নিয়েই এগিয়েছে গল্প। গোয়েন্দা তথা পুলিশ চরিত্রকে একেবারে তিনি ক্ষুরধার মস্তিষ্কের মানুষ হিসেবে উপস্থাপন করেননি। মাহবুব নিতান্তই ছাপোষা, নরম মনের এক অফিসার। যে ইতোপূর্বে শাস্তি খেয়ে এসেছে এই নিজগড়ে। যার সুযোগ সুবিধা কম। প্রাকৃতিক দূর্যোগে প্রায় দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকে। খু ন হচ্ছে সে এসেই সব সমাধা করে দিচ্ছে এমন হয়নি। নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সে ধীরেই এগিয়েছে। কাজ করেছে তার আবেগও। বসের বকুনি, নিজের সীমাবদ্ধতা সব নিয়েই কাজ করেছে। রহস্যের কিনারা করতে এসে মুখোমুখি হয়েছে আরো রহস্যের। উপন্যাসে ব্রিটিশরাজের ভরণ করা পুলিশ যেমন ছিল, তেমন ছিল স্বাধীনতাকামী মানুষ। তারা দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিয়েছে, আবার তাদেরকেই কেউ শত্রুজ্ঞান করছে নিজের স্বাধীনতার জন্য। এখানে আদিবাসী সংকটকে লেখক বেশ দারুণভাবেই তুলে ধরেছেন। পাহাড়িদের সাধারণ জীবন, খেয়ে পড়ে বেঁচে থাকার মাঝে সমতলের মানুষের বাগড়া দেয়া আর তাই নিয়ে যে সংকটের সৃষ্টি হয় সেটা লেখক উপন্যাসে ব্যক্ত করেছেন। তাদের সাধারণ জীবন, পরিবেশ নগর সভ্যতার নাম দিয়ে আমরাই কি ধ্বংস করে দিচ্ছিনা? রহস্যের সমাধানের সাথে এই বিষয়গুলোও প্রাধান্য পেয়েছে। সেইসাথে লেখক সেই আমলের চিত্রও বেশ ফুটিয়ে তুলেছেন। আমার কাছে নজরে লেগেছে লুৎফার প্রসাধনী ধরন। একদম সেই আমলের সাথে মানানসই। উপন্যাসটি খুব বড়ো নয়। লেখকের সুন্দর লেখার গুণে খুব তাড়াতাড়িই পড়ে নেয়া যায়। সবকিছু শেষে গিয়ে মিলেছিল এক বিন্দুতে। তবে সেখানেই আমার একটু মনে হয়েছে লেখক তড়িঘড়ি করেছেন। শেষটা অনেকগুলো রহস্য একত্রে এসেছে আবার সমাধানও চোখের পলকেই হয়ে গেল। এখানে একটু সময় নিয়ে ব্যাখ্যা কিংবা চরিত্রদের মুখোমুখি আলাপ দেয়া যেত। লেখক চাইলেই একে মোটামুটি প্রমাণ সাইজের একটি উপন্যাসের আকার দিতে পারতেন। তবে আমি যে কয়টা লেখা পড়েছি সবগুলোই এরকম দৈর্ঘ্যের। শেষটা কিন্তু প্রশ্ন রেখে যায়। এসআই মাহবুব আবার ফিরবে তো? জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। মাহবুবকে স্বয়ংসম্পূর্ণ এক চরিত্র হিসেবে সামনে আরো পরিপক্ব হিসেবে আশা করতেই পারি। দেখা যাক!
প্রচ্ছদ, প্রোডাকশন:
বইয়ের প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। কাহিনির সাথে বেশ মানানসই। বানান ভুলের পরিমাণ ছিল না তেমন।
❛ন্যায়নীতি বোধ আমাদের কাছে ঘটনা, পরিস্থিতি এবং মানুষভেদে ভিন্ন। কারো করা কাজকে আমরা খোলা চোখে বিচার করতেই পারি। কিন্তু যখন গভীর থেকে দেখা হয় তখন কখনো একজন মানুষ সম্পর্কে ধারনা বদলে যায়। ভালো খারাপের পাল্লাটা আপেক্ষিক।❜
ত্রিশের দশকের ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে লেখা আপাদমস্তক ডিটেকটিভ উপন্যাস। বিহারের এক প্রত্যন্ত ছায়া সুনিবিড় পাহাড়ি বন ঘিরে মাইনিং এর কারনে গড়ে ওঠা এক নতুন এলাকা যার গোড়াপত্তন হয়েছে বিরল খনিজ ও রত্ন পাথরের জন্য। সেখানে রংপুরের এক বাঙালি অফিসারের পোস্টিং ও তার পর ঘটে যাওয়া কিছু ক্রমিক খুনের তদন্ত নিয়ে কাহিনি এগিয়ে চলে।
টাইম এবং স্পেস বিবেচনায় উপন্যাসের পটভূমি যুতসই লাগলেও কাহিনির যেভাবে বর্ণনা পাওয়া যায় তাতে ডিটেকটিভ উপন্যাসের সাসপেন্স পাওয়া যায়না। তবে পিরিয়ড থ্রিলার হিসেবে সেই সময় আর স্থান খুব সুন্দর ভাবে লেখক ফুটিয়ে তুলতে পেরেছেন। ব্রিটিশ আমলে এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের দারুণ বর্ণনা চেখের সামনে ভেসে ওঠে খুব সহজেই।
তবে লেখক খুনির মনস্তত্ত্ব নিয়ে কাজ না করে প্রোটাগনিস্টের দুঃখ কষ্ট আর ব্যর্থতার দিকে বেশি ফোকাস করেছেন। খুনি যেন হটাৎ করেই উদয় হয়। এসব বিষয় বাদ দিলে থ্রিলার হিসেবে বইটি পড়ার জন্য ভালো।
২.৭৫। দারুণ একটা বই হতে হতে হয়নি। লেখক আরেকটু সময় নিলে হয়তো হতে পারত। লেখকের শব্দ ভাণ্ডার খুবই উন্নত, কিন্তু অনেক জায়গাতেই মনে হয়েছে জোর করে অলঙ্কারিক শব্দ ব্যবহার করা হয়েছে। যেখানে সহজ শব্দে দিব্যি ভালো শোনায়, সেখানে শুধু শুধু কঠিন শব্দের প্রয়োগ ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি। থ্রিলার হিসেবে বইটা যথেষ্ট ভালো না, বেটার করার সুযোগও বোধহয় বিশেষ ছিল না। কিন্তু একটি দুর্দান্ত ঐতিহাসিক বা রাজনৈতিক বই হিসেবে এটার অপার সম্ভাবনা ছিল। লেখকের যে দক্ষতা, তাতে আমি নিশ্চিত, স্রেফ চাইলে এবং আরেকটু চেষ্টা করলেই তিনি এই বইকে সেই সম্ভাবনার সাথে দেখা করিয়ে দিতে পারতেন।