সাহিত্য নিজের ভাষায় মানুষের কথা বলে চলে, অনুবাদকের কাজ সেই চিন্তা, গল্প আর আবেগগুলিকে ভাষা-সংস্কৃতি ভেদে নির্দিষ্ট রং-রূপের প্যাটার্নে সাজিয়ে তোলা। সাগরপারের সাহিত্যে যে আঁধার ঘনিয়ে ওঠে সেই আঁধারের নানান ছায়া, তার মধ্যে নানান রঙের আভাস। কখনও সে আঁধার অপরাধ জগতের সঙ্গে জড়ানো, আবার কখনও-বা অলৌকিক রহস্যময়। কখনও একেবারেই মনস্তাত্ত্বিক সেই আঁধার। বিশ্বসাহিত্য বারে বারে এই আঁধারকে সামাজিক গল্প, সাসপেন্স থ্রিলার, গোয়েন্দা কাহিনি, অলৌকিক গল্পের মতো বিভিন্ন ছাঁচে তুলে ধরেছে আসলে সব সাহিত্য আর সব আঁধারই মানুষের মনের সমুদ্রমোহনায় গিয়ে মেশে। যখন সেই আঁধারধূম ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বত্র তখন যুদ্ধ বাধে, হিংসার আগুন জ্বলে, রিপুদের উৎসব লাগে!
সাগরপারের সাহিত্যে আঁধারের রূপগুলি কেমন, তারই কিছুটা ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের গল্পগুলিতে। এই বইয়ে সংকলিত দশটি কাহিনিতে পাঠক দেখবেন, মাঝে মাঝেই সব জঁর আর শ্রেণিবিভাগের সীমারেখাগুলি মিলেমিশে একাকার হয়ে গেছে।