মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।
গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।
নিজের বউরের মন ভালো করার জন্য সপরিবারে সুপ্রিয় পাহাড় বেড়াতে এসেছে এবং সেখানে এক রিসোর্টে দেখা এক ক্ষ্যাপা লোকের সঙ্গে ঘটনাক্রমে দেখা গেল সেই খ্যাপা লোকটাই সুপ্রিয়র বউ সংযুক্তার দাদার বন্ধু। সংযুক্তার পুরো ছোটবেলা জুড়েই সে ক্ষ্যাপা লেখক অর্থাৎ নীলাদ্রি বিরাজমান। অন্যদিকে নিজের সংসার জোড়া দেওয়ার জন্য নীলাদ্রি তার বউ রনিতা এসছে কিছুটা নিজেদের মধ্যে সময় কাটাতে। প্রেম করে বিয়ে হলেও নীলাদ্রির কিছুই রনিতার পছন্দ নয়। তাঁদের সম্পর্ক কি আদৌ জোড়া লাগবে নাকি ডিভোর্সে এই সম্পর্কের পরিণতি। অন্যদিকে চার বন্ধু, কলেজ শেষ করে শেষবারের মতন ঘুরতে এসেছে একসাথে। এরা কি শুধুই বন্ধু নাকি পাহাড় তাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলোর সামনে এনে দেবে এই নিয়েই সম্পূর্ণ উপন্যাস।
পথ হারাবো বলেই নিজের গার্লফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে মানালি ছুটি ছুটি কাটাতে যাচ্ছে বলে ঋজু তার বন্ধু-বান্ধব নিয়ে চলল তাদের পেছন পেছন। ঋজুর প্রেমিকা অর্থাৎ চন্দ্রানির বাবা যে অমরেশ পুরী সেটা মাথায় রেখেই তারা যথাসম্ভব দূরত্ব নিয়ে তাদের ভ্রমণ পরিকল্পনা করেছিল কিন্তু দেখা গেল রাস্তাতেই চন্দ্রানির বাবা সৌরেন জেনে গেল তারা চন্দ্রানির কথা। তাদের সম্পর্ক কি এখানেই শেষ নাকি কোন সুখবর অপেক্ষা করছে তাদের জন্য আবার হঠাৎ করে তাদের কামরায় ওঠা একটি কপালের মধ্যে ছেলেটি মেয়েটিকে ছেড়ে মাঝ পথে চলে যায় এবার মেয়েটির কি হবে? কে নেবে মেয়েটির দায়িত্ব ছেলেটি কি আবার মেয়ের কাছে ফিরে আসবে এই নিয়েই সম্পূর্ণ উপন্যাস।
এই গেল উপন্যাসের কথা এবার আসা যাক আমার কেমন লাগলো উপন্যাসটি দুটি পড়ে, প্রথম উপন্যাসে আমার চরিত্র গুলির মধ্যে সুপ্রিয় ও নীলাদ্রি আমার ভীষণ পছন্দের দুটি চরিত্র কেন পছন্দ সেটা বলছি, আজকালকার দিনে দাঁড়িয়ে নিজের বউয়ের মন খারাপ ,খারাপ লাগা বা ডিপ্রেশনের চিন্তা করার মতন মানবিকতা সব মানুষের থাকে না। সেখানে দাঁড়িয়ে সুপ্রিয় চেষ্টা করে যাচ্ছে তার বউকে আবার আগের মতন ফিরে পেতে অন্যদিকে হাজার কারণ থাকা সত্ত্বেও নীলাদ্রিতা সংসারটাকে জোড়া লাগাতে চায় ছেড়ে দেবার হাজার কারন থাকলেও একটা কারণ কে রেখে যে ভালো থাকা যায় তা নীলাদ্রিকে দেখে শেখা যায়।
দ্বিতীয় উপন্যাসটি পড়তে পড়তে চোখ থেকে জল বেরিয়েছে আবার কখনো পাগলের মতন হেসেছি আমি। নিখাত বন্ধুত্ব ও ভালোবাসার উপন্যাস এটা
বই - পথ হারাবো বলেই লেখক - অভীক দত্ত প্রকাশনী- পত্রভারতী পৃষ্ঠা -২২৩ মুদ্রিত মূল্য-৩২৫ .০০
বইটি মূলত দুটি উপন্যাস নিয়ে তৈরি একটি আড়াল উপাখ্যান দ্বিতীয় পথ হারাবো বলেই । আড়াল উপাখ্যান- সুপ্রিয় তার স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নিয়ে বেড়াতে আসে দার্জিলিং কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের আশ্রয় নিতে হয় দার্জিলিং এর অনেকটা আগেই একটি রিসোর্টে । সেই একই রিসর্টে আশ্রয় নেই নীলাদ্রি ,যে কিনা ঘটনাচক্রে সুপ্রিয়র স্ত্রীর দাদার ছোটবেলার প্রিয় বন্ধু । নীলাদ্রি একটু খ্যাপাটে গোছের, আপন ভোলা মানুষ। সংসারের প্রতি তার উদাসীনতা অতিষ্ঠ হয়ে তার স্ত্রী রণিতা তাকে ডিভোর্স দিতে চাই , কিন্তু কোর্টের অর্ডার মেনে তাদের সাথে থাকতে হবে আরও কিছুদিন, আর সেই কিছুদিনের সময় টাকেই কাজে লাগাতে ,ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে পাহাড়ে আসে নীলাদ্রি আর রণিতা । অন্যদিকে সুপ্রিয় বুঝতে পারে তার স্ত্রী সংযুক্তা ভুগছে মানসিক অবসাদে ,আর তার মন ঠিক করতে তার এই বেড়াতে আসা । রাত গভীর হলে বৃষ্টি আরও জোড়ালো হয় অন্য আর একটি কটেজ থেকে ভেসে আসে গীটার এর সুর,চারটি কলেজ পড়ুয়া ছেলে মেয়ে , রুদ্র , হিয়া, পল্লব ,রুমানা এসেছে তাদের জীবনের শ্রেষ্ঠ সময় টা কাটাতে । এবার গল্প যত এগোবে , বন্ধুত্ব ,অভিমান , প্রেম , বিরহ একে একে সুর তুলবে পাহাড়ের সেই রিসোর্টে । পথ হারাবো বলেই - ঋজু জানতে পারে তার গার্লফ্রেন্ড পরিবারের সঙ্গে সিমলা বেড়াতে যাচ্ছে , এবং সে সিদ্ধান্ত নেয় সেই একই ট্রেইনে সেও যাবে সিমলা, সঙ্গী তার তিন বন্ধু বাপ্পা , তন্ময় আর শুভায়ু। সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু গণ্ডগোল ঘটে যায় তখন একদিকে যখন চান্দ্রেয়ীর বাবা ঋজুর সম্পর্কে জেনে যায় আর অন্যদিকে ঋজুদের বার্থ এই বাড়ি থেকে পালানো প্রেমিক তার প্রেমিকাকে ট্রেনে রেখে পালিয়ে যায় ।
প্রতিক্রিয়া - [ কি ভালো লেগেছে ] প্রথম গল্প টি আমাদের মনের মধ্যে চলতে থাকা অনুভূতি , তাদের ঘিরে সৃষ্টি হওয়া জটিলতা , সমাজ এবং ভালোবেসে থেকে যাওয়ার গল্প বলে দ্বিতীয় গল্পটি , বন্ধুত্ব , প্রেম , অনুশোচনা ,সব কিছুর মিশ্রনে তৈরী একটা ছিমছাম গল্প।
বই - পথ হারাবো বলেই লেখক - অভীক দত্ত প্রচ্ছদ শিল্পী - সুবিনয় দাস অলংকরণ - কৃষ্ণেন্দু মণ্ডল প্রকাশনী - পত্রভারতী মুদ্রিত মূল্য - ৩২৫ টাকা
অভীকদার লেখার সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই, যখন সবে সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছি, ঠিক সেই সময় থেকেই দাদার লেখাও পড়তে শুরু করেছি। অসম্ভব প্রিয় একজন লেখক তো বটেই, মানুষ হিসেবেও বড়ো ভালো। আর লেখনী নিয়ে আলাদা করে কীইবা বলি, খুবই ভালো লাগে।
এই বইটিতে মোট দুটি উপন্যাস আছে, প্রথমটি 'আড়াল উপাখ্যান' এবং দ্বিতীয়টি 'পথ হারাবো বলেই'। দুটো কাহিনীতেই রয়েছে পাহাড় এবং প্রেম।
আড়াল উপাখ্যান : সপরিবারে দার্জিলিং ঘুরতে এসে সংযুক্তার সাথে দেখা হয়ে যায় তার দাদার বন্ধু নীলাদ্রির, এবং কাকতালীয়ভাবেই তারা উঠেছিল একই রিসর্টে। সেই রিসর্টেই তাদের আলাপ হয় অন্য একটি গ্রুপের, যাদের মধ্যে ছিল হিয়া, রুমানা, রুদ্র এবং পল্লব। কোনও অজানা কারণে সংযুক্তার মধ্যে ডিপ্রেশনের কিছু লক্ষণ দেখা যেতে শুরু করেছে এবং তাই নিয়ে সংযুক্তার স্বামী, সুপ্রিয় বেশ চিন্তিত। অপরদিকে নীলাদ্রি এবং তার স্ত্রী রণিতা এসেছে বিবাহবিচ্ছেদের আগে একবার শেষ চেষ্টা করতে, যাতে তারা তাদের বিয়েটাকে বাঁচাতে পারে। আর পাহাড়ের এই মনোরম পরিবেশে এসে সকলেই মনের মধ্যে জমে থাকা সমস্ত মান-অভিমানের পর্ব মিটিয়ে চায় উপভোগ করতে। পাহাড়ের ম্যাজিক হোক বা অন্য কিছু রুমানা-পল্লব যে একে অপরের প্রতি যে দুর্বল তা দুজনেই দুজনের কাছে স্বীকার করে নেয়, অন্যদিকে হিয়া ও রুদ্রের কেমিস্ট্রিও জমে ওঠে। এরমধ্যেই ওরা ঠিক করে প্ল্যানচেট করবে, আর নীলাদ্রির দৌলতে সেটা হয়েও যায়। এই মজাচ্ছলে করা প্ল্যানচেট দুর্যোগ ডেকে না আনলেও বেশ কিছু পরিবর্তন তারপর থেকেই লক্ষ্য করা যায়। শেষ অবধি সংযুক্তা আর নীলাদ্রি কি পারবে আবার তাদের জীবনকে স্বাভাবিক তালে ফিরিয়ে আনতে, নাকি দুজনেই হেরে যাবে?
পথ হারাবো বলেই : চার বন্ধু ঋজু, বাপ্পা, তন্ময় আর শুভায়ু কালকা মেলে করে ঘুরতে যাচ্ছে পাহাড়ে, একপ্রকার ঋজুর তাগিদেই, কারণ ঋজুর গার্লফ্রেন্ড চান্দ্রেয়ীও তার পরিবারের সাথে ঐ ট্রেনে করেই একই গন্তব্যে চলেছে। তারপর হঠাৎ করেই, চান্দ্রেয়ীর বাবা তার মেয়ের প্রেমিক সম্পর্কে জানতে পেরে দমে গেলেও পরে আচমকাই গন্তব্য বদলের সিদ্ধান্ত নিয়ে মাঝপথেই নেমে পড়েন ট্রেন থেকে। আর তারপর তাদের পিছু পিছু ঋজু আর তার বন্ধুরাও এসে পৌঁছায় সিমলা। এতসব কিছুর পরে ঋজু আর চান্দ্রেয়ী কী পারবে তাদের সম্পর্কটাকে অটুট রাখতে, নাকি ঘুরতে এসেই সম্পর্কে ইতি টানতে বাধ্য হবে ওরা?
এসব প্রশ্নের উত্তরই রয়েছে বইতে, তাই বইটি পড়লেই সব জলের মতোই স্বচ্ছ হয়ে যাবে। সেকথা নাহয় থাক। গল্প ছাড়াও এই বইয়ের যে বিষয়টি বেশ ভালো লেগেছে, তা হল পাহাড়ের ছোট ছোট বর্ণনা, অনেক সময়েই মনে হয়েছে যেন গল্পের চরিত্রগুলির সাথে আমিও ঘুরতে বেড়িয়েছি। কখনও সেইভাবে পাহাড় না দেখা আমির কাছে এইটা একটা মস্ত বড় ব্যাপার। তাই আমি খুবই উপভোগ করেছি এই বইটি পড়ার সময়ে। আর একটা বিষয় হলো, এই বইটি এখনকার জেনারেশনের কথা মাথায় রেখে লেখা হয়েছে, তাই আমি যতটা উপভোগ করেছি ঠিক ততটাই রিলেটও করতে পেরেছি। সবমিলিয়ে "পথ হারাবো বলেই" মন হালকা করার জন্য একদম উপযুক্ত একটি বই।
🕊️বইয়ের নাম - পথ হারাবো বলেই🕊️ ✍🏻লেখক - অভীক দত্ত 🖨প্রকাশক - পত্রভারতী 📔প্রচ্ছদ - কৃষ্ণেন্দু মন্ডল 💰মূল্য - 325/-
⛳ কি ভাবছেন বইটা কেমন হবে? বইটা কি কেনা যাবে? কী আছে এই বইতে? আসুন দেখে নিই.......
🎉বইতে দুটো উপন্যাস রয়েছে👇🏻 🍀প্রথম - আড়ালে উপাখ্যান 🍀দ্বিতীয় - পথ হারাবো বলেই
🕊️🍀আড়ালে উপাখ্যান🍀🕊️ এই উপন্যাসের শুরু থেকেই দেখতে পাই ডুয়ার্সে ঘুরতে আসা বেশ কিছু মানুষজন। তাদের মধ্যে রয়েছে বেশ কিছু কলেজ স্টুডেন্ট হিয়া,রুদ্র,রুমানা ও পল্লব। এরা চার বন্ধু। অন্য দিকে লেখক নীলাদ্রি ও তার স্ত্রী। আর এক সুখী দম্পতি। এদের নিয়েই গল্প এগিয়ে চলে........ এই গল্পে লেখক প্রতিটি চরিত্রকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। প্রত্যেকেই একিই রিসোর্ট এ উঠেছে। লেখকের স্ত্রী এসেছে তার নিজের সংসার জোড়া দেওয়ার জন্য...... উপন্যাস যতো এগোতে থাকে দেখতে পাই লেখকের স্ত্রী লেখককে সহ্যই করতে পারছে না। শেষ পর্যন্ত কি তাদের সংসার আবারও জোড়া লাগবে? অন্য দিকে কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এখানে ঘুরতে এসে প্ল্যানচেট করার পরিকল্পনা করে....... এবং তারা সেই প্ল্যানচেট করা শুরুও করে, তারপরই ঘনিয়ে আসে কালো মেঘ। এরপর কি হলো জানতে হলে অবশ্যই গল্পটি পড়তে হবে!
🕊️🍀পথ হারাবো বলেই🍀🕊️ এই উপন্যাসের শুরু থেকেই দেখতে পাই ঋজুর প্রেমিকা বেড়াতে যাচ্ছে তার বাবা মার সাথে। ঋজু তাকে একটা দিন ও না দেখে থাকতে পারবে না, তাই সেও চেলেছে তার বন্ধুদের সাথে। ট্রেনের মধ্যেই এক ঘটনা ঘটে, একটি ছেলে ও একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, কিন্তু মাঝরাস্তায় মেয়েটি কে একা ফেলে ছেলেটি পালিয়ে যায়....... ঋজু ওই মেয়েটিকে নিয়ে চিন্তায় পড়ে। ভাবতে থাকে কিভাবে তাকে সাহায্য করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারে। ওই দিকে ঋজুর প্রেমিকা তাদের একসঙ্গে দেখে ঋজুকে সন্দেহ করতে শুরু করে......... এরপর কি হলো, গল্পের মোড় ঠিক কোন দিকে ঘুরলো জানতে হলে অবশ্যই গল্পটি পড়তে হবে!
📌'ঝগড়া তো ভালোবাসারই একটা পার্ট। ঝগড়াহীন সম্পর্ক আসলে প্রেমহীন ভালোবাসা। তুমুল ঝগড়ার পরেই তো তুমুল প্রেম হয়! 🫣
📌কত মানুষ সারাজীবন কত কথা চেপে একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারে। কেউ জানতেও পারে না, সে মানুষটা কত কিছু গোপন করে গেল........
📌পরিবার, মানুষজন থেকেও কেউ কেউ একা হয়ে যায়। মানুষ আসলে মৃত্যুর দিকে যতটা এগোতে থাকে, ততটাই একা হয়ে যেতে থাকে......
📥🗒️2024 Book Review ~ 71 যদি এই বইটি পূর্বেই কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এছাড়াও আমার রিভিউ কেমন লাগছে সেটাও জানাবেন নিচের কমেন্ট বক্সে। যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও জানতে ভুলবেননা। 🍀 আবারো দেখা হবে পরের রিভিউতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনেক অনেক বই পড়ুন। 🙂 🙏🏻 !! ধন্যবাদ !! 🙏🏻
**অভীক দত্ত** ·পত্রভারতী · ২২৩ পৃষ্ঠা · একই মলাটে দুটি উপন্যাস · ৩২৫ টাকা
নামটাই একটা স্বীকারোক্তি। পথ হারাবো, *বলেই* বেরিয়েছি। হারিয়ে যাওয়া এখানে দুর্ঘটনা নয়, প্রায় অভিপ্রায়। এই বইয়ের মানুষগুলো পাহাড়ে যায় কোথাও পৌঁছতে নয়। যায় এমন এক জায়গায়, যেখানে জীবনের ঠিকানাটা কিছুদিনের জন্য ঝাপসা থাকে, আর সেই ঝাপসার ভেতরেই বোধহয় মুখ ফুটে বেরোয় যা শহরে বলা হয়নি।
দুটি উপন্যাস, পাতার হিসেবে উপন্যাসিকাই বলা চলে। প্রথমটি *আড়াল উপাখ্যান*। বৃষ্টিতে আটকে-পড়া এক পাহাড়ি রিসর্টে সুপ্রিয় এসেছেন স্ত্রী সংযুক্তাকে নিয়ে। সংযুক্তার অবসাদের কারণ অজানা, আর এই সফর সেই ভাঙা মনকে জোড়ার চেষ্টা। একই ছাদের নিচে নীলাদ্রি আর রণিতা, বিচ্ছেদের আগে শেষ একটা সুযোগ নিতে এসেছেন। পাশের কটেজে গিটার বাজে। চার কলেজ-বন্ধু, হিয়া, রুদ্র, রুমানা, পল্লব, প্ল্যানচেটে বসে মজা করে। তারপর হাওয়া বদলায়।
দ্বিতীয়টি *পথ হারাবো বলেই*। কালকা মেলে সিমলার পথে ঋজু আর তার তিন বন্ধু, কারণ প্রেমিকা চান্দ্রেয়ী পরিবার নিয়ে ওই ট্রেনেই। চান্দ্রেয়ীর বাবা সম্পর্কের কথা জেনে ফেলেন। আর কামরায় এক বাড়ি-পালানো মেয়েকে তার প্রেমিক মাঝপথে ফেলে চলে যায়।
কাঠামোটা বেশ মজার । প্রথম গল্পে কলেজের ছেলেমেয়েরা যখন প্রথম দুর্বলতাটুকু স্বীকার করছে, পাশের কটেজে তখন একটা বিয়ে শেষ নিঃশ্বাস গুনছে। ভালোবাসার সূচনা আর পরিণতি একই রাতে, একই রিসর্টে, পাশাপাশি। লেখককে আর ব্যাখ্যা করতে হয় না, ঘরের বিন্যাসই কথা বলে।
জায়গাও বাছা হয়েছে বুঝেশুনে। বৃষ্টিবন্দি রিসর্ট, চলন্ত কামরা। দুটোই এমন জায়গা, যেখান থেকে ইচ্ছে হলেই বেরিয়ে যাওয়া যায় না। নাটকের অর্ধেক কাজ করে দেয় পরিবেশ। পুরনো কৌশল, তবু কাজ করে।
পাঠকদের কথা থেকে আরও দুটো জিনিস ধরা যায়। সুপ্রিয়র মতো স্বামী, যিনি স্ত্রীর অবসাদকে উড়িয়ে না দিয়ে আগলে রাখতে চান, জনপ্রিয় বাংলা প্রেমের গল্পে কমই চোখে পড়ে। এক পাঠক ঠিক সেদিকেই লক্ষ করেছেন। আর যিনি কখনও পাহাড় দেখেননি, তাঁর মনে হয়েছে তিনিও চরিত্রদের সঙ্গে হাঁটছেন। বর্ণনার এর চেয়ে কঠিন পরীক্ষা কম।
খটকা লাগে কাকতালীয় গুলো তে । স্ত্রীর দাদার ছোটবেলার বন্ধুটিই ঠিক একই রিসর্টে। প্রেমিকার বাবা ঠিক একই ট্রেনে। এই ঘরানায় কাকতালীয় প্রায় রীতি, মানছি। প্রশ্ন একটাই: ঘটে যাওয়ার পর গল্পটা কি চরিত্রদের নিজের সিদ্ধান্তে চলে, নাকি আরেকটা কাকতালিওর অপেক্ষায় বসে থাকে? বিবরণে তার উত্তর নেই, আর বইয়ের আসল পরীক্ষা সেখানেই।
ভিড়ও একটি সমস্যা। প্রথম উপন্যাসেই অন্তত আটজন প্রধান মুখ। এক পাঠক খুশি হয়ে লিখেছেন, লেখক সবাইকে সমান গুরুত্ব দিয়েছেন। আমার আশঙ্কা উল্টোদিকে, এই মাপের লেখায় সমান গুরুত্ব অনেক সময় সমান পাতলা গুরুত্ব। প্ল্যানচেটের মতো অতিপ্রাকৃত ছোঁয়া প্রেমের কাহিনিতে ঢুকলে সুরও টাল খায়। সেটা গল্পের দরকারে এসেছে, না সুবিধায়, জানি না।
আর আছে আরামের চুক্তি। পাঠকের , মন হালকা করার মতো। "ঝগড়াহীন সম্পর্ক আসলে প্রেমহীন ভালোবাসা", বলে দেয় বইটি নিজের বুদ্ধি জোর গলায় বলে ফেলতে ভালোবাসে। লাইনটা ভাগ করে নেওয়ার মতো। কিন্তু দৃশ্যে প্রমাণ হয়েছে, নাকি সংলাপে ঘোষণা, সেটাই আসল কথা।
যাঁরা পাহাড়ে যাওয়ার ব্যাগে একটা বই রাখেন, বা বৃষ্টির দুপুরে এমন গল্প চান যা শেষে মনটাকে একটু নরম করে দেবে, বইটা তাঁদের জন্য। যাঁরা ভাষার পরীক্ষা, ঝুলে-থাকা সমাপ্তি, কিংবা সমাজ-ইতিহাসের ভার খোঁজেন, তাঁরা অন্য তাকে হাত বাড়ান।
বইটাতে পাহাড়ের পটভূমিতে দুটো সুন্দর গল্প আছে- একটা হলো 'আড়াল উপাখ্যান' আর আরেকটা হলো 'পথ হারাবো বলেই'। এই গল্পগুলো শুধু মিষ্টি প্রেমের গল্প নয়, এর সাথে খুব সুন্দর করে জড়িয়ে আছে পরিবার, বন্ধুত্ব আর মানুষের মনের ভেতরের অনেক না-বলা কথা।
🔵 আড়াল উপাখ্যান: এই গল্পে সংযুক্তা তার স্বামী সুপ্রিয় ও ছেলেকে নিয়ে ডুয়ার্সের এক রিসোর্টে বেড়াতে যায়। সেখানে তার দাদার বন্ধু নীলাদ্রির সাথে দেখা হয়। নীলাদ্রি একজন লেখক হলেও বর্তমানে সে কিছু লিখতে পারছে না। ওদিকে নীলাদ্রির স্ত্রী রণিতাও এসেছে তাদের ভাঙা সম্পর্কটা বাঁচানোর শেষ চেষ্টায়। একই রিসোর্টে বেড়াতে আসা কলেজ পড়ুয়া কিছু ছেলেমেয়ের সাথেও তাদের পরিচয় হয়, যারা পরিবারকে না জানিয়ে পাহাড়ে চলে এসেছে নিজেদের মতো সময় কাটাতে। এরপর একদিন সবাই মিলে মজার ছলে প্ল্যানচেট নিয়ে বসে। পাহাড়ি ওই নিস্তব্ধ পরিবেশে ধীরে ধীরে সবার মনের ভেতরের গোপন কথা আর না-বলা কষ্টগুলো একে একে সামনে চলে আসে।
🟢 পথ হারাবো বলেই: এই গল্পে চাঁন্দ্রেয়ী তার বাবা-মায়ের সাথে পাহাড়ে বেড়াতে গিয়েছিল। কিন্তু তার প্রেমিক ঋজু প্রেমিকার চোখের আড়াল সহ্য করতে না পেরে তিন বন্ধুকে নিয়ে একই ট্রেনে চেপে বসে। মাঝপথে পাহাড়ি এই যাত্রায় তাদের সাথে পরিচয় হয় বাঁধন নামের একজনের, যার জীবনটা বেশ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে চান্দ্রেয়ীর বাবা যখন মেয়ের সম্পর্কের কথা জানতে পারেন, তখন গল্পের মোড় পুরোপুরি বদলে যায়। এরপর শুরু হয় পাহাড়ে লুকোচুরি খেলা, ছোটোখাটো কৌতুক আর ভালোবাসার এক মিষ্টি পরীক্ষা।
✨️দুটো গল্প মিলিয়ে বইটা পড়া শেষ করার পর মাথার ভেতর একটা মিক্সড ফিলিং কাজ করেছে। প্রথম গল্পটা একটু সিরিয়াস টাইপের- কীভাবে মানুষ হাসিমুখে থেকেও ভেতরে ভেতরে একা হয়ে যায়, সেটা চোখের সামনে ভেসে ওঠে। আর দ্বিতীয় গল্পটার মধ্যে পাহাড়ে ঘুরতে যাওয়ার উত্তেজনা, একটু লুকোচুরি আর অন্যরকম একটা জার্নি আছে। আর সাথে চাঁন্দ্রেয়ী আর ঋজুকে নিয়ে বন্ধুদের হাসাহাসি, নানা রকম দুষ্টুমি আর খেপানোর দৃশ্যগুলো পড়তে বেশ ভালো লাগে। সব মিলিয়ে বইটা পড়া শেষ করার পর মনটা ভীষণ ভালো হয়ে যায়, একটা দারুণ ভালোলাগা কাজ করে। সাধারণ একটা ছুটির দিনে হালকা মেজাজে পড়ে ফেলার মতো সত্যিই খুব চমৎকার একটা বই।