ক্লাস থ্রি তে পড়াকালীন আমার জীবনে ঘটা সবচেয়ে সাংঘাতিক রকমের ভালো জিনিসগুলোর মধ্যে একটা যদি হয় পেন দিয়ে লেখার অনুমতি পাওয়া, অন্যটা হল পোশাকি ভাবে প্রফেসর শঙ্কুর সাথে পরিচয়।
দিব্যি মনে আছে, এক বস্তা বই হাতে আমাদের প্রাইমারি স্কুলের গ্রন্থাগারিক "auntie" (কারন শিক্ষিকাদের তা বলে ডাকাই বলবৎ ছিল) হঠাৎ একদিন শ্রেণী কক্ষে ঢুকলেন, কি না আট বছরে এসে আমরা লাইব্রেরির বই হাতে পাওয়ার যোগ্য হয়েছি। আমাকে তখন পায় কে, ততদিনে অঢেল বই পড়ে রীতিমত veteran আমি সবাইকে বই বেছে দেওয়ার দায়িত্ব নিয়েই নিয়েছি। বলা বাহুল্য, ইস্কুল একটা একনায়কতান্ত্রিক প্রতিষ্ঠান, সুতরাং বই বাছাবাছির বালাই নেই, তাই নিতান্ত দুর্ভাগ্যবশতই বন্ধুদের আর আমার দেখিয়ে দেওয়া বই জুটলো না। তো আমি হাতে পেলাম এই বইখানি। Auntie বারবার করে সাবধান করে দিলেন, বইয়ের পাতা যেন কোনোভাবেই খারাপ না হয়ে যায়।
কী বলুন তো, এইসব বইগুলোর সহজাত ক্ষমতা আছে, দুষ্ট প্রফেসর রণ্ডির মতই টাইম মেশিনে করে আমাদের স্মৃতির মণিকোঠায় ফিরিয়ে নিয়ে যায়। পরবর্তীকালে (ক্লাস ফাইভে উপহার পাওয়া) আনন্দ পাবলিশার্স এর অখন্ড সমগ্র খানাও পড়েছি বহুবার, তাই আলাদা করে এই চারটে রচনা মূল্যায়ন করার ক্ষমতা আর নেই। তবে এতখানি পরেও যদি না ধরতে পারেন, তাই বলে রাখি, প্রফেসর শঙ্কু আমার সর্বকালের প্রিয় কাল্পনিক চরিত্রদের মধ্যে একজন। আপসোস হয়, রায় মহাশয়কে cryo সংরক্ষণ করে রাখা গেলে আগামী দশ পনেরো বছরের মধ্যে একটা দুটো নতুন অভিযানের কথা পড়তে পারতাম হয়তো।