রিভিউ না।
ছোটবেলা থেকে কবিতা পড়তাম, এমন না। কবিতার বই কেনাও হতো না। মনে করতাম, অপচয়। তারপর কয়েক বছর আগে সুনীলের শ্রেষ্ঠ কবিতা কিনেছিলাম। সেটাই মনে হয় ছোটবেলায় সুকুমার রায়ের কবিতার বাইরে ও পড়ার বইয়ের বাইরে প্রথম কবিতার বই। সেটাও হুমায়ূনের 'দারূচিনি দ্বীপ' এ সুনীলের 'সত্যবদ্ধ অভিমাণ' এর ঈষৎ পরিবর্তিত এক পংক্তি পড়ে মুগ্ধ হয়ে কেনা হয়েছিল।
এখনো কবিতার কাছে নিজেকে খুব অসহায় লাগে। সুন্দর শব্দের আয়োজন শুধু কবিতা না, উপন্যাস, এমনকি অন্যান্য গদ্যের ফাঁকেও আলোর মতো জ্বলে উঠলে অবাক লাগে, মনে হয় এটুকু নিয়েই সব দুঃখ ভুলে থাকা যায়।
একারনে, কবিতার বইয়ের রিভিউ লিখতে পারি না। অন্য বইয়ের রিভিউও তেমন কিছু হয় না, কিন্তু, কবিতা এতো নিঃস্বার্থ কিছু বাক্যগুচ্ছের দেখা দেয় যে সেগুলোকে কোন ছাঁচে ঢেলে তা কবিতা হল কি হল না, তা ঠাহর করা এখনো অসম্ভব মনে হয়।
শহীদ কাদরীও খুব নাড়িয়ে দেওয়ার মতো কথায় তাঁর কবিতা সাজিয়েছেন। একেক সময়ে তাঁর চিন্তা, তাঁর দৃষ্টি এখানে যেন একই সাথে সহজ, কিন্তু খেলো নয় ও প্রচণ্ড গভীর।
তাঁর সব কবিতা পড়ে শেষ করে ফেললাম! একারনে, সমগ্র মার্কা সংকলন পড়লে নিজেকে খুব গরীব মনে হয়, মনে হয় সব খরচ করে ফেললাম! প্রথমবার পড়ার অভিজ্ঞতা আর ফিরে পাব না, এই চিন্তা কষ্ট দেয়। এরপর আবার পড়ব ভেবে ভালোও লাগে।