সুবিশাল ও জটিল একটি বিষয় নিয়ে লেখা অত্যন্ত সংক্ষিপ্ত এই বইয়ে যা-যা আলোচিত হয়েছে, তার তালিকাটা আগে তুলে দিই~
১. যৌনজীবনের পটভূমিকা
২. প্রাচীন ভারতের বিবাহ
৩. বেদোত্তর যুগের বিবাহ
৪. বৌদ্ধসাহিত্যে বিবাহ
৫. কৌটিলীয় যুগের যৌনজীবন
৬. যৌনাচারের উপর স্মৃতিশাস্ত্রের প্রভাব
৭. জ্ঞাতিত্ব ও স্বজন বিবাহ
৮. হিন্দুসমাজে বিবাহ
৯. ব্রাহ্ম, বৌদ্ধ ও খ্রিস্টান সমাজের বিবাহ
১০. আদিবাসীর সমাজ সংগঠন ও বিবাহ
১১. বিবাহের আচার অনুষ্ঠান
১২. বিবাহ-পূর্ব যৌন সংসর্গ
১৩. বিবাহ-বহির্ভূত যৌন সংসর্গ
১৪. হিন্দুসমাজে গণিকার স্থান
১৫. মুসলিম সমাজের বিবাহ
১৬. বিবাহের উপর গণতান্ত্রিক প্রভাব
এই নাতিদীর্ঘ বইটি পড়তে গিয়ে বারবার চমকে উঠেছি বিন্দুতে সিন্ধু ধারণের উদ্দেশ্যে লেখকের প্রয়াস দেখে। বিবাহ একটি সুবিশাল ও জটিল বিষয়। তার এত দিক, তাও এত দীর্ঘ সময়কাল জুড়ে আলোচনা করতে প্রচুর জায়গা লাগে। এত সীমিত পরিসরে সেই আলোচনা, তাও একেবারে নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে, প্রায় অসম্ভব। লেখক তা সম্ভব করেছেন নিজের প্রজ্ঞা দিয়ে।
কিন্তু এতে দুটো সমস্যা আছে~
১) অত্যধিক সংক্ষিপ্ত আকারের ফলে বহু তথ্য ও কাহিনি তিনি দিতে পারেননি। ইতিহাস, সমাজতত্ত্ব বা নৃতত্ত্বের অনুরাগী পাঠকের কাছে এই আলোচনা "অন্তরে অতৃপ্তি রবে" অনুভূতিই বহন করবে।
২) রচনার পর প্রায় পাঁচ দশক অতিক্রান্ত হয়েছে। এই সময় প্রাচীন ভারতে নারীর অবস্থা ও অবস্থান নিয়ে বহু নতুন তথ্য আমাদের সামনে এসেছে। তার ফলে এই বইয়ে বেশ জোর গলায় বলা নানা কথা এখন বিশ্বাস করা কঠিন।
তবু বলব, এই জটিল ও কণ্টকিত বিষয়টি নিয়ে অধ্যয়ন শুরু করতে হলে প্রাইমার হিসেবে এ-বই অতুলনীয়।