রুচিশীল প্রচ্ছদে শোভিত, অলংকরণে সমৃদ্ধ, মোটের ওপর শুদ্ধ বানান ও নয়নসুখকর লে-আউটে সজ্জিত হার্ডকভার বইটি পড়া হল। সংক্ষিপ্ত ভূমিকার পর এতে আছে এইক'টি গল্প~ ১. ধর্মযুদ্ধ; ২. হারানো উপহার; ৩. কল্পতরুপম; ৪. সময়-সিন্ধুর ওপার থেকে; ৫. মুশকিল আসান; ৬. মণিমামার কাহিনি; ৭. শিকার; ৮. গোলমেলে ব্যাপার; ৯. দ্য রোড লেস ট্র্যাভেল্ড; ১০. বুমেরাং। এই গল্পগুলোকে বর্গীকরণ করা বেশ কঠিন কাজ। এদের মধ্যে কোনোটি রহস্যধর্মী, কোনোটি অলৌকিক, কেউ ফ্যান্টাসিধর্মী, কোনোটি ইনফো-ফিকশন, আবার কোনোটি বিশুদ্ধ সামাজিক। কিন্তু সবক'টি গল্পের ক্ষেত্রেই একটা কথা প্রযোজ্য। এরা শুধু এক নিঃশ্বাসে পড়ার মতো নয়; বরং ভাববার মতোও বটে। জঁর নির্বিশেষে ভালো স্পেকুলেটিভ ফিকশনের বৈশিষ্ট্য এটিই। তা মনে এমনই রেশ রেখে যায় যে শেষ শব্দটা পড়া হয়ে যাওয়ার পরেও লেখাটা পাঠকের সঙ্গে থেকে যায়। সেই নিরিখে এ-কথা বলতে বাধ্য হচ্ছি যে লেখক সফল হয়েছেন। এই বইয়ের গল্পগুলোতে দেখা-পাওয়া চরিত্রদের সঙ্গে আমাদের দেখা হতেই থাকে। তাদের আশা, আনন্দ, হতাশা— এ-সব যেন পাহাড়ি কুয়াশার মতো আমাদের জড়িয়ে থাকে। অথচ, লেখারই গুণে প্রতিনিয়ত মনে থাকে, এই বুঝি কুয়াশা সরে যাবে, আর আত্মপ্রকাশ করবে নীল আকাশের পটভূমিতে উজ্জ্বল সাদা পাহাড়ের মতো সত্য। শুধুই সত্য! লেখককে সেলাম জানাই। তিনি এভাবেই ছোট্ট-ছোট্ট লেখার মধ্য দিয়ে আমাদের ছুঁয়ে থাকুন আর নিরাভরণ হয়েও অপরূপ সত্যের পথ দেখিয়ে চলুন— এটুকুই চাই।