১৬০৮ সালে সুরাট বন্দরে এলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি উইলিয়াম হকিন্স। মোগল সম্রাট জাহাঙ্গিরের সঙ্গে সাক্ষাৎ করে কুঠিস্থাপন ও বাণিজ্যের অনুমতি চাইলেন। সুরাট থেকে দক্ষিণ ভারত ও ওড়িশা হয়ে বাংলায় এল ইংরেজরা। ১৬৫০ সালে হুগলিতে কুঠিস্থাপন করল। তারপর ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে জয় লাভ করে তারা এদেশের রাজনৈতিক ক্ষমতা প্রায় করায়ত্ত করে নিল। ১৬০৮ থেকে ১৭৫৭ এই দেড়শো বছরে ভারত ও মোগল শাসনাধীন সুবে বাংলায় ইংরেজদের বাণিজ্য বিস্তারের পাশাপাশি রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার বিস্তারিত আখ্যান ‘ইঙ্গবণিকের বঙ্গবিজয়’। সেই সঙ্গে লিপিবন্ধ হয়েছে এই সময়ে কলকাতা শহরের জন্ম ও ক্রমবিকাশের চিত্তাকর্ষক কাহিনি।
জন্ম ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায়। বাবা সরোজকুমার বসু। মায়ের নাম অনিমা বসু। স্কুলের পাঠ, বারাসত প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নাটক রচনা দিয়ে লেখালেখি শুরু। প্রথম মৌলিক নাটক ‘রিয়েলিটি' প্রকাশিত হয় ২০১০ সালে। এই নাটকের জন্য জাতীয় স্তরে একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে লেখকের অনেকগুলি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে।