সুবোধ সরকার-এর জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৮, কৃষ্ণনগরে। শরণার্থী পরিবারের ছেলে। বাবা মারা যান যখন ক্লাস এইটের ছাত্র। ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক, পড়ান সিটি কলেজে। কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস, রাশিয়া, তাইওয়ান, ইস্তানবুল। স্ত্রী প্রয়াত কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গে সম্পাদনা করেছেন ‘ভাষানগর’ পত্রিকা। সম্পাদনা: দিল্লির সাহিত্য অকাদেমির ইংরেজি জার্নাল ‘ইন্ডিয়ান লিটরেচার।’ পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৩), বিনোদনশক্তি চট্টোপাধ্যায় পুরস্কার এবং বাংলা আকাদেমির পুরস্কার। এছাড়াও কবিতার জন্য পেয়েছেন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের জাতীয় পুরস্কার এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট। ২০১৬তে ফুল ব্রাইট ফেলোশিপ নিয়ে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ৩৩টি দেশের কবি লেখকদের সঙ্গে আন্তর্জাতিক লেখক শিবিরে অংশ নিয়েছেন। পুত্র রোরোকে নিয়ে কলকাতার সিরিটিতে থাকেন। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির তিনি প্রথম সভাপতি।
আমার আনন্দ হত বাড়ি থেকে পালিয়ে বেড়াতে আমার আনন্দ হত মৃদু লাস্য হঠকারিতায় আমার আনন্দ হত শরীরে আগুন লেগে গেলে আমার আশ্চর্য হত কালো তিলে চিমটি কাটায়।
আমার আশ্চর্য হত যমুনায়, মরা যমুনায় আমার আশ্চর্য হত খরবায়ু সোনার হরিণ আশ্চর্য আমার হত বর্ষা মাখা কালবাউসের তোমার সমাপ্তি নেই, আমার আকণ্ঠ শুধু ঋণ।
আমার মধুর হত কেটে পড়া দুপুর বেলায় অন্য মেয়ের সঙ্গে ইচ্ছে আছে কিন্তু হাঁটু কাঁপে আমার মধুর হত এক বিকেলের পাপ মধুর আমার হত সারারাত না ঘুম সন্তাপে।
আরও যেন কী কী অঙ্গ হাওয়া লেগে কাঁপে? আমার আনন্দ ওই তোমার কোমর থেকে নামি পৌঁছতে অনেক দিন লেগেছিল পায়ের পাতায় পা থেকে আমাকে তুলে চিনতে পারোনি, সেও আমি।
-----------------
একটি ই-মেল
: তেজস্ক্রিয় শীত শেষে, একটা পাখির কাছে কী চায় মানুষ?
তুমি সানগ্লাস খুলে বলেছিলে, একটু আকাশ
: বহু যুদ্ধ পার হয়ে একটা নদীর কাছে কী চায় মানুষ? যদিও নদীতে ভাসে লাশ তবু বলেছিলে চাই ‘একটা বিকেল’
: নকশাল বাড়ি থেকে অকুপাই ওয়াল স্ট্রিট হে মানুষ, কি চেয়েছ তুমি?
তুমি হো হো করে হেসে ওঠো, ‘একটি ই-মেল যাতে লেখা, দিনে এক মুঠো শাদা ভাত, আর রাতে যিশুর দৃষ্টির মতো রুটি’
কেন মনে হয় তুমি মেঘের ভ্রূকুটি? কান থেকে, গলা থেকে, অলংকার খুলে বললে: কী চাও আমার কাছে, ডায়মন্ড, সোনা?
এইবার আমি বলি আমাকে বলতে দাও আজ আমি চাই অমোঘ পিপাসা মরে যেতে যেতে চাই একটা দুপুর
তোমার শরীরে আছে দুর্লভ ওষুধ হাত পাতি, ভিক্ষা চায় তোমার কাঙাল
চুল খুলে সানগ্লাস শরীরের থেকে নীল চাদর সরিয়ে হেসে ওঠো তুমি যেন একটি সকাল।