চিরাচরিত কিশোর রচনা নিরিখে এই গ্রন্থে তিনটি কাহিনি ব্যতিক্রমী। ‘সোনার বুদ্ধ’ একটি গ্রামীণ পটভূমিতে মূর্তি চলাচালানের রহস্য উন্মোচনের কাহিনি। আর ‘জলপথের নিষিদ্ধ এলাকা’ ইংল্যান্ডে লেক ডিস্ট্রিক্ট নামের জনপ্রিয় ভ্রমণ আবাসে জলবিহারের ভয়ানক কাহিনি। দুটি বড় গল্পের মধ্যে লেখকের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা এমন আকর্ষণীয় বর্ণনায় ফুটে উঠেছে যা একই সঙ্গে কৌতুহলোদ্দীপক, রোমহর্ষক আবার আন্তরিক ও বটে।
‘শবদেহে রত্নসম্ভার’ উপন্যাসের বিষয়বস্তু বাংলা কিশোর উপন্যাসের ইতিহাসে নতুন তম সংযোজন। ডাক্তারি ছাত্রদের অ্যানাটমি ডিসেকশন করা এবং শেখার অভিজ্ঞতালব্ধ এহেন বিষয় নিয়ে রহস্য উপন্যাস রচিত হতে পারে এই ধারণা বঙ্গ সাহিত্যে ছিল না।
ডিসেকশন কালে মৃতদের পাকস্থলী থেকে রত্নসম্ভার আবিষ্কারের ঘটনা যে শেষ পর্যন্ত সমাজ ও প্রশাসনের কতটা গভীরে প্রথিত তার হদিশ পাওয়া যায় এই উপন্যাসের পর্ব থেকে পর্বান্তর পাঠ করার সময়। বিষয়বৈচিত্র্য এবং বর্ণনা ও সংলাপের মাধ্যমে এ রচনা শুধু কিশোরদের জন্যই না বাংলা সাহিত্য ও পাঠকদের জন্য এক চমকপ্রদ অভিজ্ঞতা হওয়ার দাবিদার। অতিপ্রাকৃত কিংবা তথাকথিত ভৌতিক গল্পের বাজারে বিজ্ঞাপনে যখন ক্লিশে হয়ে এসেছে বাংলা কিশোর সাহিত্য, বর্তমান তিনটি সাহিত্যই তখন পাঠকদের জন্য নতুনতর উপহার।
নবকুমার বসু-র জন্ম ১০ ডিসেম্বর ১৯৪৯। উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে চূড়ান্ত অভাব ও দারিদ্র্যের মধ্যে শৈশব, বাল্যকাল কেটেছে। স্কুলে ফ্রি অথবা হাফ-ফ্রি হিসেবে পড়াশুনা। পূর্ব এবং পশ্চিমবঙ্গীয় মিশ্র সাংস্কৃতিক ধারায় বড় হয়ে ওঠা। পণ্ডিত এবং শিক্ষাব্রতী দাদামশাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাহচর্যে এবং সান্নিধ্যে প্রাথমিক অধ্যয়ন। লেখাপড়া। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন। এমএস পাশ করার পরে শল্যচিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা। ’৯৩ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী, সরকারি চিকিৎসা বিভাগে কর্মরত।স্কুলজীবন থেকে সাহিত্যচর্চা, হাতে লেখা পত্রিকা প্রকাশনা। স্কুল-কলেজ ম্যাগাজিনের পরে দেশ-পত্রিকায় প্রথম গল্প ১৯৭৭ সালে। লিটল ম্যাগাজিন আন্দোলনে যুক্ত, অজস্র ছোটগল্প লেখা চলেছে একই সঙ্গে লিটিলম্যাগ্ এবং প্রতিষ্ঠিত পত্র-পত্রিকায়। ছোটদের গল্প, রহস্য কাহিনী, ধারাবাহিক উপন্যাস লিখেছেন। এছাড়াও রয়েছে গল্পগ্রন্থ ও ভ্রমণ উপন্যাস। বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক। প্রবাসেও বাংলাভাষার প্রসার ও চর্চার ব্যাপারে উৎসাহী। ‘চিরসখা’ প্রথম দীর্ঘতম উপন্যাস।