কবি তন্ময় দেবের প্রথম কবিতা প্রকাশিত হয় ২০১৬ সালে, “চেতনা” লিটল ম্যাগাজিনে। তারপর থেকে তিনি লিখে চলেছেন বিভিন্ন লিটিল ম্যাগাজিন, সংবাদপত্র ও দেশ পত্রিকা সহ বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে। দীর্ঘ এক দশক ধরে লেখা কবিতাগুচ্ছ থেকে বাছাই করা কিছু কবিতা নিয়ে কবি তন্ময় দেবের প্রথম কাব্যগ্রন্থ “বরং আমাকে পোড়াও”
সংকলনের প্রতিটি কবিতা যেমন আপনাকে নতুন করে ভাবাবে, তেমনই দৃষ্টিভঙ্গিও যে বদলে দেবে এ কথা হলফ করে বলা যায়। প্রতিটি কবিতা ও সাহিত্যপ্রেমী মানুষের কাছে এই কাব্যগ্রন্থটি অবশ্য সংগ্রহযোগ্য।
"বিছানা থেকে দরজা অবধি দূরত্বটুকু অতিক্রম করতে আমাদের একজন্ম পার হয়ে যায়!!" — গতকাল সন্ধ্যে থেকে অবিরল ধারায় বৃষ্টি পড়ছে আমার শহরে। আজ সকালেও আকাশের মুখ ভার। অন্ধকার ঘরে একাকী বসে আছি সারাটা বেলা। নিজের সঙ্গে নিজে। কবি তন্ময় দেবের লেখা ওপরের লাইনগুলো মনে আসছে বড্ড! নিজের মনেই পুনরাবৃত্তি করছি বারবার। "বিছানা থেকে দরজা অবধি দূরত্বটুকু অতিক্রম করতে আমাদের এক জন্ম পার হয়ে যায়!"
আমার জীবনে বর্ষা আমাকে বারবার বুঝিয়েছে বৃষ্টি আর চোখের জল কে আলাদা করা কী ভীষণ কঠীন। কেবল যে কাঁদে সে জানে। অশ্রু বৃষ্টির জলের চেয়ে অধিক গরম, উত্তপ্ত! ওই তাপ সন্তাপ হয়ে কতবার যে আটকে গেছে আমার বুকের গভীরে! তন্ময় দেবের কবিতার বই'টা আরেকবার বার করলাম। তারপর আরও একবার খুললাম কবিতার পাতাটা। আগেও পড়েছি।
"নির্জনতা দিয়ে ঘিরে রেখেছি ভিটেমাটি। এখানে সূর্যের আলো ঢোকে নি বহুদিন। ছায়া বিরাজ করে চার প্রহর....."
মনে হলো আমার পৃথিবীটাও তাই। ভীষণ কোনো এক বৃষ্টির দিনে জন্মেছিলাম। বাইরে বৃষ্টির শব্দ সহনীয় হয়ে গেছে তাই। শুধু জীবনজোড়া এই যে ভিতরের বৃষ্টিপাত, এই যে হিমবাহের গলন, এই যে অশ্রুনদী......সেসব নদী জমে জমে সমুদ্র হয়ে গেছে এখন! সেই সঞ্জাত শখের নদীও চলে যায় একদিন। দেশ বিদেশের খোঁজে। সে আর তখন পিছন ফিরে তাকায় না, খোঁজ রাখে না। আমি তো কেবল তোমার ঘাটে বসতে চেয়েছিলাম আজীবন।
তন্ময় দেব লিখেছেন, "বুকের বাঁ পাশে একটা পাহাড় রয়েছে বলে আজও মেঘেদের সঙ্গে সন্ধি করতে পারিনি। আমার বৃষ্টি চাই, ফুল চাই, সবুজ চাই। শুধু স্থির প্রস্তর দেহে দাঁড়িয়ে রয়েছি যুগের পর যুগ!"
জীবন থেকে মানুষ চলে গেলে অল্প সময়কেও অনন্তকাল বলে মনে হয়! প্রিয় মানুষ পাশে থাকলে এ পৃথিবী দু পয়সার। ওরকম কত কত পৃথিবী আমি কিনেছি, সাজিয়েছি তাকে ঘিরে। বইয়ের ভূমিকার পাতায় আমি স্থির হয়ে বসেছিলাম বহুক্ষণ। — "।। কথা ফুরালে একদিন সব গাছ ই কাঠ হয়ে যায়।।" —
আমার তো কথা ফুরোয়নি আজও। আমার কত কিছু বলা ছিলো। বলা হলো না। সমস্ত জীবন সেসব না বলা কথা তাড়িয়ে বেড়াচ্ছে আমায় অদৃশ্য অন্ধকার সিঁড়ির মত! আজকাল তাতে শ্যাওলা জমে। এরকম বর্ষার দিনে আমি পা পিছলাই। মুখ থুবড়ে পড়ি। ঠোঁট কাটি। বৃষ্টি সে রক্তের দাগ ও ধুয়ে দেয়! আজীবন বৃষ্টিতেই যে মানুষ দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে ঠোঁট না ছোঁয়ালে বোঝা যায় না, কতটা রক্ত মিশেছে নদীতে। কথা না ফুরোলেও মানুষ কাঠ হয়, পাথর হয়! যার কিছুই বলার নেই, তার চেয়ে যার অনেককিছু বলার থেকেও বলা হয়নি, সে বেশি অভাগী।
"জলধারাটি যেতে চেয়েছিল; না করতে পারিনি। নিজের রূক্ষ জীবন দিয়ে বুঝি সিক্ততার মূল্য। কত তৃষ্ণা মরে যায় আলিঙ্গনের অভাবে। কত আগামীর বিসর্জন হয়!"
লিখতে লিখতে কবি প্রশ্ন তুলেছেন, — "সভ্যতার উন্মেষের চেয়ে কি ভালোবাসা বড়? অতএব, জলধারা.....যাও......ছুটে যাও!" — পড়ে মণক্ষুণ্ণ হলাম। এ নিছক অভিমান হল কবি!! এ পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী সভ্যতা তৈরী করে নি। ঘর তৈরী হয় ভালোবাসা দিয়েই। এসব লাইন আমি মেলাতে পারি ভীষণ, ঘর ভাঙলে ভালোবাসা কে ছেড়েই দিতে হয় অভিমানে..........! আমি জানি সে খরস্রোতা নদী খোলা হাত ছেড়ে চলে না গেলে কবি তাকে ধরেই রাখতেন। এ পৃথিবীতে অভিমানের ভাষা বোঝেনি কেউ!
"বুকের ভিতর লালন করি ধূমকেতু, অথবা আঁধারের শামিয়ানা। মাঠ ভরা মানুষ আর ঘর ভরা গাছে ছেয়ে আছে নক্ষত্রমহল। তুমি আছ জেনেও বিলি করি লিফলেট এমন দুঃস্বপ্ন দেখে গভীর রাতে তেষ্টা পায়। পান করি হিমবাহ। হৃদয়গর্ভে বাড়ে নদ ও নদী। তুমি খবর রাখো সবই। তবে কিসের আড়াল? দ্বিধা ও দ্বন্দ্ব? লিফলেটে চোখ রাখো....
ঘোষণা করে কেউ নিরুদ্দেশ হয় না জেনেও মানুষ আজীবন খুঁজে বেড়ায় প্রেম!"
এর চেয়ে নিজেকে একাত্ম করে দেওয়া কবিতা আর হতে পারত না। আজকের দিনে। পাঠপ্রতিক্রিয়া দিচ্ছি না। কেবল এটুকু বলবো কবিকে, আমারও অবস্থা কিছুটা এক। কবি লিখেছেন, "শীত এলে শুকোতে দিই নিজেকে"। আমি তো তাতেও নারাজ। বৃষ্টিতে ভিজেছি, ভিজছি এবং ভিজবো আজীবন।
পুরো কবিতার জুড়ে ছিন্ন বিচ্ছিন্ন করা একাকীত্ব। "ভ্যান গগ, শ্রীচরণেষু" কবিতা থেকে — "কোথায় গিয়ে মিশেছে এই পথ কিংবা এই পথে হেঁটে গেলে কি পাওয়া যাবে গন্তব্যের খোঁজ?" "বর্ষাকালীন" কবিতায় লিখেছেন — "যতদূর চোখ যায় মেঘের ভিড়। আকাশের পথ চেয়ে বসে থাকে মাটি বিনিদ্র রাত জাগে পাখিদের নীড় আমিও ভোরের মত একলাই হাঁটি!"
কবি নিজেই "ইনফিনিট নীরবতা" কবিতায় লিখেছেন, "আমার কাছে সব রাতই শীতে রাত, সব দুপুরই গ্রীষ্মের!"
আমিও একাকী হেঁটে চলেছি বর্ষার পথ ধরেই। আজন্মলালিত বর্ষা। বেলা পেরিয়ে চলেছি রাতের দিকে। চলেছি প্রশ্ন আর সংশয় নিয়ে! "উদ্বেগ" কবিতায় তাই কবি আমার জন্য ছেড়ে রেখে গেছেন দুটো লাইন, "যারা বলেছিলো নক্ষত্র নিভে গেলে রাতের আয়ু বাড়ে তাদের খুঁজে বেড়াই দিগ্ধিদিক!" বলতে ইচ্ছে করে, "সকল অবিচারের ওপর দুটো ফুল রেখে গেলাম। যদি হুঁশ ফেরে তোমার। ইচ্ছে করে মিথ্যের সমাধিক্ষেত্র থেকে তুলে নিয়ে ন্যায়ের চরণে অর্পণ করে দিতে!"
— আমি জানি, সে ন্যায়ের চরণে কখনো অর্পণ করবে না। "নদীর শরীর ভাঙে জলের রাগ হলে, যন্ত্রণার সাক্ষী থাকে কত ঘরবাড়ি। সাগরের সাথে শেষ দেখা হবে বলে দু কূল ছাপিয়ে ছোটে স্রোতের তরবারি।"
ওই শেষবার দেখা হওয়াই সার। তাতে আরও দুঃখ বাড়ে অবিরাম। তবুও আমরা যাই। আত্মসমর্পন করতে! তন্ময় দেবের "আত্মসমর্পণ" কবিতার একটি ভীষণ পছন্দের লাইন— "আমি যেন তোমার আলিঙ্গনে বর্ণমালা থেকে ক্রমে ক্রমে বাংলা ভাষা হয়ে উঠতে পারি!"
"সৃষ্টিকর্তার জার্নাল" কবিতার প্রথম লাইন— "অসীম এই ছায়াপথে পথিক বলতে আমি একাই!" দর্শনময় এই অভিব্যক্তির কথাই আমি জানিয়েছিলাম আমার আগের লেখায়। তন্ময় দেব তার এ জীবনের প্রথম কবিতার বইটির উৎসর্গ পত্রেও লিখেছেন, "ভিড়ে হেঁটে যাওয়া একলা মানুষদের জন্য" "হেমন্তের বিচ্ছেদগাথা" কবিতায় কবির শেষ লাইন, "সবাই জানে মানুষ এমন দিনে কোথায় যায়। কিভাবে নিজেকে সঁপে দেয় নৈঃশব্দ্য ও স্তব্ধতায়!"
"মহাজাগতিক" কবিতার প্রথম তিনটি লাইন, "বাইরে সন্ধ্যা নেমেছে বহুক্ষণ, তবুও আমি বাতি নিভিয়ে রেখেছি তোমার শরীর থেকে ছলকে ওঠা নিয়ন আলোয় ভরে গিয়েছে ঘর দোর!"
"ইনফিনিট নীরবতা" কবিতার শেষ লাইন, "নিজের সাথে আড্ডা দিতে বসে কেবল তোমার কথাই উঠে আসে!" একাকীত্বের কি ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে লাইনটার মধ্যে! এর চেয়েও বেশি ভয়াবহ একাকীত্ব কে বোধহয় তন্ময় দেব ছুঁয়ে গেছেন, "ঝিমধরা আড়িয়াদহের ডাইরি" কবিতায়। দু'হাজার সতেরো সালের পঁচিশে জুলাই দুপুর তিনটে বেজে আটাশ মিনিটে এ কবিতা লিখেছিলেন কবি তন্ময় দেব।
কোথাও বা ফুটে উঠেছে জীবনের তীব্র সংশয়। "ঈশ্বর বিষয়ক" কবিতার প্রথম তিনটি লাইন— "রাস্তার ধারে খোলা ভ্যান আর তেলচিটে গামছা কাঁধে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব আপেল বিক্রেতা কে বললাম, এর মধ্যে কোনটা ইভ খেয়েছিলো? আর কোনটায় লেগে আছে আ্যডামের কামড়ের দাগ?"
এরকম এক্সিসটেন্সিয়াল ক্রাইসিস বা তথাকথিত অস্তিত্বের সংগ্রাম থেকে লেখা শব্দগাঁথা আমার বিশ্বাস বাংলা কবিতার জগতে কমই পাওয়া যাবে!
"হিসাবপত্র" কবিতার একটা ভীষণ প্রিয় লাইন, "প্রিয় কবিতার মত বারবার পড়ি তোমায়!" "উর্ধ্বতন" কবিতার একটি বুকে বেঁধা লাইন, "কত মরা কাঠ ভেসে আসে জোয়ারের জলে!"
তন্ময় দেবের "বরং আমাকে পোড়াও" কাব্যগ্রন্থের প্রথম কবিতা "ভারসাম্য" তে কবি লিখেছেন, "কখনোই কিছু ছিল না আমার। শুধু বেহুলার মত ভালোবাসা আঁকড়ে এগিয়ে চলেছি প্রিয়জন দের মৃত্যুদুয়ার থেকে আগলে রাখবো বলে!"
মনে কী ভীষণ দাগ কেটে যাওয়া লাইন। একাকীত্ব, প্রেম, প্রকৃতি, ক্লান্তি আর একরাশ অভিমান নিয়ে হেঁটে যাওয়া এ কাব্যগ্রন্থের অন্যতম অসাধারণ লাইন টা দিয়ে লেখাটা শেষ করি। আনমনে লিখতে লিখতে অনেক বড় করে ফেলেছি। "হেঁটে যেতে হবে" কবিতার শেষ লাইন, — "নামগোত্রহীনদের শুনেছি পথ শেষ হয়ে গেলেও হেঁটে যেতে হয়!"
এ বইয়ের কিছু ব্যক্তিগত পছন্দের কবিতার একটা তালিকা তৈরী করেছি। নীচে নাম গুলো লিখলাম। ।। প্রত্যাখান।। ঝিমধরা আড়িয়াদহের ডায়েরি।। চারটি পথের গল্প।। মহাজাগতিক।। সৃষ্টিকর্তার জার্নাল।। হেমন্তের বিচ্ছেদগাথা।। আকাশের দরজা।। আত্মসমর্পন।। কাঠ।। মজলিস।। পাহাড়জন্ম।। আলিপুরদুয়ার।। আখ্যান।। বন্দী সময়ের লেখা।।
আর এ কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতা? — "শ্রমণ"। সাহসী কথা বলবো। বাংলা কবিতার পৃথিবীতে অন্যতম সেরার সেরা কবিতা। অন্তত আমি আমার জীবনে যতটুকু পড়েছি!!