Jump to ratings and reviews
Rate this book
Rate this book
পুরাণভিত্তিক থ্রিলার অ্যাডভেঞ্চার বই ‘রুদ্রাক্ষ’ আপনাদের সামনে যে নতুন জগৎ নিয়ে হাজির হয়েছিল, ‘রুদ্রাক্ষ ২’ তাকে আরও বহুদূর অবধি প্রসারিত করেছে। চন্দ্রপুর, বক্সা-জয়ন্তী, ফুলের উপত্যকা ছাড়িয়ে এই জগতের ব্যাপ্তি আর ষড়যন্ত্রের ঘনঘটা গভীর থেকে গভীরতর হয়েছে। পুরাণ, ইতিহাস আর বিজ্ঞানের সাথে এবার এসে জুড়েছে পুলিশ ক্রাইম, রাজনৈতিক ডামাডোল, ভাবী সময়কাল, ক্ষমতার লালসা আর সর্বোপরি ভালোবাসা। তারচেয়েও বড়ো কথা, পর্দার আড়ালে থেকে যাবতীয় ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে কে? রুদ্রাক্ষ কি আদৌ পারবেন সব অশুভ শক্তির মোকাবিলা করতে? নাকি তাঁকে শেষমেশ হার মানতে হবে? সব প্রশ্নের উত্তর রয়েছে ‘রুদ্রাক্ষ ২’ –এর পাঁচটি কাহিনীর ছত্রে ছত্রে। রয়েছে রুদ্রাক্ষের জগতের আগামীর পূর্বাভাসও।

সূচিপত্র:

ছায়াদানব
বিহঙ্গ ব্যূহ
চতুর্থ মাত্রা
পতঙ্গ বিভীষিকা
অমরণশীল

228 pages, Hardcover

Published January 1, 2026

Loading...
Loading...

About the author

Tanmoy Deb

5 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Anubrata Koley.
19 reviews2 followers
February 3, 2026
পুরাণ ও বিজ্ঞান আপাতদৃষ্টিতে বিপরীত মেরুর দুই পথপ্রদর্শক। একটির ভিত্তি অটল বিশ্বাস, অন্যটির প্রাণভোমরা ল্যাবরেটরির নিরলস পরীক্ষা। কিন্তু যখন এই দুই মেরু এক বিন্দুতে এসে মিলিত হয়, তখন যে রহস্যের রসদ তৈরি হয়, তা বাঙালির বৌদ্ধিক রসনায় ঠিক যেন শীতের আমেজে নলেন গুড়ের গরম রসগোল্লার মতোই উপাদেয় ও তৃপ্তিদায়ক। লেখক তন্ময় দেব তাঁর 'রুদ্রাক্ষ' সিরিজের নতুন নিবেদন 'রুদ্রাক্ষ ২' এ ঠিক এই দুঃসাধ্য সাধনটিই করেছেন।

প্রথম সংস্করণের সফল 'ট্রিলজি'র পর লেখক এবার আমাদের উপহার দিয়েছেন এক বর্ণাঢ্য 'পেন্টালজি'। পাঁচটি ভিন্ন স্বাদের আখ্যান 'ছায়াদানব', 'বিহঙ্গ ব্যূহ', 'চতুর্থ মাত্রা', 'পতঙ্গ বিভীষিকা' এবং 'অমরণশীল' বইটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

'অমরণশীল' গল্পে আমরা ফিরে যাই রুদ্রাক্ষ ও নন্দকিশোরের আদি লগ্নে, যেখানে আদিনাথ শাস্ত্রীর রোপণ করা সেই অলৌকিক রুদ্রাক্ষের প্রাপ্তি সংবাদ এবং একটি জনপদকে ধ্বংসের হাত থেকে রক্ষার রোমহর্ষক বর্ণনা রয়েছে। অন্যদিকে, 'পতঙ্গ বিভীষিকা'য় লেখক দেবী ভ্রামরীর পৌরাণিক মাহাত্ম্যের সাথে আধুনিক এন্টোমোলজি বা পতঙ্গবিদ্যাকে যেভাবে একসূত্রে গেঁথেছেন, তা তাঁর নিপুণ লেখনীর স্বাক্ষর বহন করে। 'চতুর্থ মাত্রা' গল্পটি পড়তে পড়তে মনে হয়, পুরাণ ও বিজ্ঞান যেন সমান্তরাল দুটি রেল ট্র্যাক, যা আপাতদৃষ্টিতে পৃথক হলেও একই গন্তব্যের অভিমুখে ধাবমান। ​'বিহঙ্গ ব্যূহ' আমাদের দেখায় তন্ত্রের কুপ্রভাবে সাধারণ মানুষের অসহায়তার করুণ কাহিনী, আর 'ছায়াদানব' আলোকপাত করে প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের ওপর। যেখানে দেখানো হয়েছে একই বিদ্যা কীভাবে সুফল বা কুফল বয়ে আনতে পারে।

বইটির প্রতিটি ছত্রে মহাদেবের আশীর্বাদপুষ্ট গভীর আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে। যখনই কোনো আসুরিক শক্তি অন্ধকারকে হাতিয়ার করে আস্ফালন করেছে, তখনই রুদ্রাক্ষ আবির্ভূত হয়েছেন ত্রাতা হিসেবে। মহাদেব যেমন হলাহল পান করে সৃষ্টি রক্ষা করেছিলেন, ঠিক তেমনি রুদ্রাক্ষ তাঁর যোগবল এবং আধুনিক বিশ্লেষণের মেলবন্ধনে অশুভের শিকড় উপড়ে ফেলেছেন। তাঁর প্রতিটি রহস্য উন্মোচনের পদ্ধতি যেন কোনো প্রাচীন মন্ত্রোচ্চারণের মতো গম্ভীর, যা পাঠকের মনে এক অদ্ভুত প্রশান্তি ও বিশ্বাসের সঞ্চার করে।

মার্ভেল ফ্যানডমে বুঁদ থাকা লেখক নীরবে গড়ে তুলছেন আমাদের নিজস্ব 'মাইথোলজি ইউনিভার্স'। এখানে রুদ্রাক্ষ, নন্দকিশোর, বৃষভ মহারাজ, আদিনাথ শাস্ত্রী, বন্ধন, মানস, রেবতী, লাল ওঁরাও বা বিষ্ণুপদ শাস্ত্রীর মতো চরিত্ররা কেবল নাম নয়, তারা ভারতীয় সংস্কৃতির একেকজন ধারক ও অশুভ বিনাশকারী যোদ্ধা।

'রুদ্রাক্ষ ২'র দুটি দিক বিশেষভাবে বলতেই হবে,
১. আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে লেখকের শ্রম ও পাণ্ডিত্য বিস্ময়কর। কাকতালীয়ভাবে, সাম্প্রতিক বাজেটে যখন আয়ুর্বেদ চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন এই বইয়ে আয়ুর্বেদের সঠিক প্রয়োগ ও তথ্যাদি লেখকের প্রখর সচেতনতার পরিচয় দেয়।
২. নীলগিরি পর্বতমালা থেকে বক্সার অরণ্য, কিংবা ভারত-চীন সীমান্তের সেই নিভৃত গ্রাম...লেখকের বর্ণনাভঙ্গি এতটাই সজীব যে পাঠক ঘরের কোণে বসেই সেই পাহাড়ি কুয়াশা বা অরণ্যের গন্ধ অনুভব করতে পারেন।

'রুদ্রাক্ষ ১'র সেই টানটান উত্তেজনা ও মহাদেবের করুণার ধারা এই দ্বিতীয় খণ্ডে আরও বেগবান হয়েছে খরস্রোতা 'তিস্তা'র মতো। তবে এটিই শেষ নয়; কাহিনীর অন্তিম লগ্নে লেখক আগামী 'রুদ্রাক্ষ ৩'র যে অমোঘ ইঙ্গিত দিয়ে রেখেছেন, তা পাঠকদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষার প্রহর তৈরি করে দিল।
যাঁরা রহস্যের আড়ালে ধ্রুব সত্যকে খুঁজতে ভালোবাসেন, যারা মহাদেবকে ভালোবাসেন, যারা ভারতীয় পুরাণ পছন্দ করেন 'রুদ্রাক্ষ ২' তাঁদের পাঠতালিকায় এক উজ্জ্বল সংযোজন হয়ে থাকবে।।
3 reviews1 follower
July 19, 2026
জানুয়ারি তে বইমেলা থেকে ফেরার পর গত কয়েক মাস ধরেই একটা বই নিয়ে খুব ঘাঁটাঘাঁটি চলছিল আমার। আর সেই বই টা হলো "রুদ্রাক্ষ ২"। ঠিক এক বছর আগেই এই বইয়ে প্রথম খণ্ড বেরিয়েছিল। এই দুটো খণ্ড কিন্তু সম্পূর্ণ আলাদা। একে অপরের সাথে কোনো মিল নেই খালি দেবাদিদেব মহাদেব ছাড়া। তো যেটা হয়েছে বই টা নিয়ে আমি পড়তে বসেছিলাম। বেশ ভালো লাগছিল। একদিনে শেষ করে ওঠা সম্ভব হয়নি কারণ এতে সব মিলিয়ে পাঁচটা গল্প আছে। "রুদ্রাক্ষ" যখন পড়েছিলাম তখন এমন কোনো সমস্যা হয়নি। ওই বই আমার দুদিন লেগেছিল পড়তে। এই ক্ষেত্রে এমন টা হয়নি কারণ রুদ্রাক্ষ'র থেকে রুদ্রাক্ষ ২ অন্য রকম। খুব মনোযোগ সহকারে না পড়লে এই উপন্যাস চট করে বোঝা সম্ভব নয়। আমি এই বই নিয়ে প্রথম পড়তে বসি মে মাসে খুব সম্ভবত। তখন এই পুরাণ ভিত্তিক উপন্যাসের তিনটে গল্প বুঝতে একটু সমস্যা হয়েছিল তাই আমি গত কয়েক দিন ধরে আবারো পড়তে শুরু করে শেষ পর্যন্ত বুঝেছি।

"রুদ্রাক্ষ ২" কোনো ট্রিলজি নয়। এটা পাঁচটা গল্প আছে সব মিলিয়ে। সেগুলো হলো ছায়াদানব, বিহঙ্গ ব্যূহ, চতুর্থ মাত্রা, পতঙ্গ বিভীষিকা এবং অমরণশীল।

প্রত্যেক টা গল্প একে অন্যের থেকে আলাদা গল্পের বিষয়বস্তুর দিক দিয়ে। এদের মধ্যে তিনটে গল্প আমার ব্যক্তিগত ভাবে পছন্দ হয়েছে। সেগুলো হলো

✨ বিহঙ্গ ব্যূহ :
✨ চতুর্থ মাত্রা :
✨ পতঙ্গ বিভীষিকা :

উপরিউক্ত গল্প গুলো পড়ে আমার মনে হয়েছে লেখকের লেখা আগের থেকে অনেক বেশি পোক্ত। অনেক টা থ্রিলার ঘরানার লেখা, যেই লেখা দিয়ে পাঠক কে নিজের লেখার মধ্যে আটকে রাখা যায়। আর পাঠক ও তাতে হারিয়ে যায়। আর এখানেই লেখকের লেখার সার্থকতা লক্ষ্য করা যায়।

বাকি দুটো গল্প নিয়ে কিছু বললাম না বলে কেউ আবার এটা ভাববেন না যেন যে ওগুলো ভালো লাগেনি বা ঠিক মতো লিখতে পারেনি লেখক। ওগুলোও খুব ভালো লেগেছে তবে এই তিনটে একটু বেশিই ভালো লেগেছে।

Tanmoy Deb এর "রুদ্রাক্ষ ২" নিয়ে বেশি আলোচনা করতে গেলে পুরো গল্প টাই বলে দিতে হবে তাই আমি চাই আপনারা নিজেরা এই বই পড়ে নিজেরাই অনুভব করুন। তাই আমি বেশি কিছু বলিনি। যারা ওর লেখা এখনও অবধি পড়েছেন তারা বুঝবেন কথা টা আমি কেন বললাম।

আপনার লেখা যতো দিন যাচ্ছে ততই ভালো হচ্ছে। আরও ভালো করতে হবে। লিখতে থাকুন এভাবেই। অনেক শুভকামনা রইলো।

🫰🏻❤️
Profile Image for Sumir Rong.
3 reviews1 follower
July 5, 2026
''রুদ্রাক্ষ ২" টা পড়ে সত্যিই দারুণ লাগল। প্রথম বইয়ে অর্থাৎ "রুদ্রাক্ষে" যে জগতের সূচনা হয়েছিলো, এই খণ্ডে সেই জগতকে আরও বিস্তৃত, আরও গভীর আর অনেক বেশি রহস্যময় করে তুলেছেন লেখক। পুরাণ, ইতিহাস আর বিজ্ঞানের সঙ্গে তদন্ত, ষড়যন্ত্র, ভবিষ্যতের ইঙ্গিত, ক্ষমতার লালসা আর ভালোবাসাকে যেভাবে একসঙ্গে বুনেছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। সবচেয়ে ভালো লেগেছে, গল্পগুলোর প্রতিটা স্তরে নতুন নতুন রহস্য তৈরি হয়েছে, যা সমাধান পাওয়ার তাড়নাটাও শেষ পর্যন্ত অটুট থেকেছে। রুদ্রাক্ষ চরিত্রটাকেও এই খণ্ডে আরও পরিণত আর শক্তিশালী মনে হয়েছে। আর পর্দার আড়ালে থেকে যে অশুভ শক্তি সবকিছুর কলকাঠি নাড়তো, সেই রহস্যটা অসাধারণভাবে ধরে রেখেছেন। বই শেষ করার পরও গল্প গুলো মাথার মধ্যে ঘুরছে। আর একটা কথা না বললেই নয়, লেখক শুধু গল্প লেখেননি, একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ তৈরি করেছেন। এমন একটা জগৎ, যেখানে প্রতিটা নতুন নতুন গল্পের সঙ্গে নতুন নতুন দরজা খুলে যায়। শেষের ইঙ্গিতটা পড়ে পরের খণ্ডের জন্য অপেক্ষা আরও বেড়ে গেল। বাংলায় পুরাণভিত্তিক থ্রিলারকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য লেখককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। খুব তাড়াতাড়ি "রুদ্রাক্ষ ৩" এর অপেক্ষায় থাকলাম।
Profile Image for Rohit Sarkar.
47 reviews
February 16, 2026
📕 বই~ রুদ্রাক্ষ ২
✒️ লেখক~ তন্ময় দেব
🖼️ প্রচ্ছদ~ নচিকেতা মাহাত
🖨️ প্রকাশনা~ একলব্য প্রকাশন
💷 মুদ্রিত মূল্য~ ৩৫০/-
📋 পৃষ্ঠা~ ২২৮

📝 পাঠ প্রতিক্রিয়া

জানিনা এই বইটার রিভিউ কিভাবে লিখব, তবে হয়তো এই বইটার রিভিউ স্বয়ং মহাদেবই আমার হাত দিয়ে লিখে নিচ্ছেন। কারণ, বইটা গত পরশু রাতে হাতে নিয়ে পড়া শুরু করে গতকাল দুপুরে শেষ করেছি, এবং আজকে আমি যখন বইটির রিভিউ লিখতে বসি, আমি জানিইনা, যে গতকাল শিবরাত্রি। পরে সেটি জনমাধ্যম মারফত জানতে পারি। এই ঘটনা নিছক কাকতালীয় হতে পারে না, বা হতেও পারে! সব তাঁর ইচ্ছা। চলুন তাহলে শুরু করা যাক।

✨ বইটিতে পাঁচটি কাহিনী রয়েছে যথাক্রমে:- ১. ছায়াদানব ২. বিহঙ্গ ব্যূহ ৩. চতুর্থ মাত্রা ৪. পতঙ্গ বিভীষিকা ৫. অমরণশীল

🕉️কাহিনী সংক্ষেপ

🔱 ছায়াদানব:-
শিকার করে ফেরার সময় ধনুশ দেখে চারিদিক বিধ্বস্ত। নীলগিরি পর্বতের সঙ্গে ধনুশের পরিচয় তার বাবার মারফত। যিনিও একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মারা যান। কিন্তু ধনুশ বুঝতে পারলো যে পরিস্থিতিতে সে রয়েছে তাতে সে তার কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে। কাম্বান আর তার ভাই সরাভান মধু সংগ্রহের কাজে এসে দেখতে পায় এক দীর্ঘাকায় কালো ছায়াকে। এই পরিস্থিতির সম্মুখীন তারা হতে চায়নি। রুদ্রাক্ষ আর নন্দকিশোর কিভাবে মোকাবিলা করবেন এমন পরিস্থিতির?

✨ছোট্ট একটি গল্প কিন্তু ভাবনা সুদূরপ্রসারী। ভাষা সহজ কিন্তু কোনভাবেই হালকা নয়!ফ্যান্টাসি,সায়েন্স, মিথলজি এবং আরো আরো কিছু একদম মিলিয়ে মিশিয়ে এই গল্পটিকে করে তুলেছে অনন্য। প্রত্যেকে কাহিনীর মূল প্রসঙ্গকে অনুভব (Relate) করতে পারবেন।

🔱 বিহঙ্গ ব্যূহ:-
যারা ❝রুদ্রাক্ষ❞ পড়েছেন,"লালদা"চরিত্রটির সঙ্গে আপনারা পূর্ব পরিচিত। যারা এখনো পড়েননি, তাদের জন্য আলাদা করে তার পূর্ব পরিচিতি এখানে বলছি না, নচেৎ স্পয়লার হয়ে যাবে। কথক লালদা এখানে তার বয়ানে গল্পটিকে শুরু থেকে এগিয়ে নিয়ে যান। লাল দার ছোটবেলায় তিনি ,বন্ধু গণেশ, রতন জঙ্গলের পথ ধরে সাইকেল ছুটিয়ে বাড়ির পথে ফিরতে থাকে। নামহীন জলধারা দেখে শৈশবমন আর কৌতুহল দমিয়ে রাখতে পারেনি। সেখানেও তাদের মুখোমুখি হয় এক বড়সড়ো বিপদ। বিপদ আসবে সেখানে "রুদ্রাক্ষ" আসবেন না, তেমনটা তো হবার নয় তাই না? এ যাত্রাও তারা রক্ষা পায়। সমস্যা বাঁধে কয়েকদিন পরে আরেক বন্ধু সত্যমের সঙ্গে। সত্যম যেন অন্য এক জন্তু তে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো? আদৌ কি মুক্তি মিলবে?

✨ বরাবরের মতো আবার একবার যোগ করব, এই লেখা তুলনা নেই। এই কাহিনী সম্পূর্ণভাবে নির্ভর করেছে গল্প বলার এবং গল্প বলিয়ের উপর। বিশেষ করে ওই যে আত্মার নশ্বর দেহে প্রবেশাধিকারের ব্যাপারটা এই গল্পের মূল আকর্ষণ এবং মূল কাহিনীর সারকথা (Gist)। ছোট ছোট অলঙ্করণগুলো কি সুন্দর 😍 আর আকর্ষণীয় ভাবে গল্পের পাশাপাশি বসানো!

🔱 চতুর্থ মাত্রা:-
রিজিওনাল ম্যানেজার কিংশুক গুহ খুন হন তার সহকর্মীদের হাতে। তদন্তপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর শঙ্খদীপ রায়ের প্রায় তত্ত্বাবধানে সম্পূর্ণ কেসটির দায়িত্বভার যায়। শেষমেশ এই কেসের মীমাংসা হয়। শঙ্খদীপ রায়ের কোয়ার্টারে আড্ডা তে শঙ্খদীপ বাবুর জবানিতেই একুশ বছর পুরনো গল্পটি চলতে থাকে। দার্জিলিং এর শীতল শান্ত ক্যানভাসের আড়ালে ঘটে চলেছে রহস্যজনক খুন, কতগুলো নরকঙ্কাল। সেগুলো কি আদেও খুন? নাকি অন্য কিছু? আর এখানেই এসে চতুর্থ মাত্রা।

✨ এ কাহিনী পড়লেই বুঝতে পারবেন যে "রুদ্রাক্ষ" ইউনিভার্সকে কেন "ইউনিভার্স" আখ্যায় আখ্যায়িত করা হচ্ছে। "The Ultimate Cinema" তকমা পেতেই পারে এই কাহিনী, এই সংকলনের সবথেকে জোরালো এবং আমার পছন্দের সবথেকে সেরা গল্প এটি। লেখক যেভাবে এখানে চতুর্থ মাত্রার উল্লেখ করেছেন এবং প্রত্যেকটা বিষয়বস্তুকে যেভাবে সায়েন্সের আওতায় এবং ফ্যান্টাসির মোড়কে বাস্তব রূপ দিয়েছেন, সেটা ব্যাপকভাবে প্রশংসা তুল্য। ফাইটিং সিকোয়েন্স টা উফ চরম ছিল। আর যেভাবে কাহিনীর দৃশ্যপট বদলাচ্ছিল, সমস্ত ঘটনাটা যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি ওখানেই উপস্থিত রয়েছি অদৃশ্য কোন তরঙ্গের মাধ্যমে। শুধু যে টানটান লেখা তাই নয়, মমতার আশ্লেলে পাঠক ভাসবেন, এই কাহিনী পড়ে।

🔱 পতঙ্গ বিভীষিকা:-
একটা পতঙ্গ যে কিভাবে একটা মানুষের ভয়ের কারণ হতে পারে এবং একটা সুবিস্তীর্ণ চিন্তাভাবনার কাহিনীর জন্ম দিতে পারে, তার নিদর্শন রয়েছে এই গল্পে। এই গল্পটি পড়ার সময় বারবার মনে হচ্ছিল "রুদ্রাক্ষ" পড়ছি? নাকি ন্যাশনাল জিওগ্রাফিকের পাতা উল্টাচ্ছি? এই গল্পটার কোন অংশই আমি এখানে লিখছি না, কারণ এ গল্পটার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোন অংশ আমি লিখে ফেলি তাহলে আমার মতে স্পয়লার হয়ে যাবে। তবে এটুকু জানাতে পারি দারুন টানটান একটি লেখা, এই গল্পটি পড়ার সময় দিকভ্রষ্ট হলে চলবে না, কারণ অনেক চরিত্র এবং পলকে পলকে অনেক টুইস্ট রয়েছে, টম হল্যান্ড, ব্র্যাড পিটের ছবি যেমন একবার শুরু করলে চোখের পলক ফেললে মুশকিল, সেরকম এই গল্পটিও তাই।
✨বিচিত্র রকমের প্রজাপতি, স্পিসিস, গুনাগুন, দক্ষিণ ভারত কি নেই লেখাতে! তার উপরে যদি আবার কিছু ফোকলোর মিশে যায়! জুড়ে বসে কিছু পরাশক্তি(Superpower), ফ্যান্টাসি। চরম ,চরম কাহিনী 💫

🔱 অমরণশীল:-
লেখার শুরুতেই লেখক এখানে এক বিদেশি লেখককে যথাযথ শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন, দেখে খুব ভালো লাগলো। দস্যি ছেলে অলীক থেকে গোটা বিশ্বের বিজ্ঞানীমহল তথা রাজনীতি, ডিজিটাল মিডিয়ার প্রবল চর্চায় থাকা, কেমিস্ট্রির অলীক কাঞ্জিলাল দেশে ফিরেছেন। তিনি এমন কিছুর উপরে কাজ করছেন যেটা নিয়ে বিজ্ঞানী মহল তো বটেই গোটা বিশ্ব জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু প্রফেসর কাঞ্জিলাল তার সিদ্ধান্তে অনড় ,তিনি এসব এড়িয়ে চলতেই পছন্দ করেন।অলীক বাবুর অ্যারেঞ্জ করা পার্টির পরে তার সাংবাদিক বন্ধু সুহৃদের বোঝানোর পর শুরু হয় দীর্ঘ কথোপকথন এবং জানতে পারা যায় প্রফেসরের প্রফেসর হয়ে ওঠার পেছনে থাকা একমাত্র ব্যক্তি তার দাদু অলীকেন্দু কাঞ্জিলালের এবং তার ডায়েরির কথা। "অমরণশীল"গল্পের সূত্রপাত এভাবেই।

✨ আমি ভাবতে পারছি না লেখক এই সিরিজের মধ্যে কোন কোন ধারা ভবিষ্যতে আনবেন। কারণ, মিথলজি, সায়েন্স ফিকশন, থ্রিলার, জোকস মেটেরিয়াল কিছুই তো বাদ নেই, তার সাথে আবার এই গল্পের মাধ্যমে যুক্ত হল দেশভক্তি, টেরোরিজম-অ্যান্টি টেরোরিজম, কতটা স্পাইভার্সের কিছু শব্দাদি (Terms),Damn Good 💯🫡

🕉️ থিম বর্ণনা/ব্যক্তিগত কিছু মতামত:-
সত্যি কথা বলতে থিম নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, কারণ সর্বোপরি "রুদ্রাক্ষ" ও "রুদ্রাক্ষ ২" পড়ার সময় প্লটে কোথা থেকে কোন ধারা ( Genre ) ঢুকে গেছে সেটা আমার মত আপনারাও হয়তো প্রথমে বুঝতে পারবেন না, কাহিনী হয়তো ইন্টারভাল পিরিয়ড কিংবা ক্লাইম্যাক্স অংশে পৌঁছে গেছে, তখন যদি বা উপলব্ধি করতে পারেন! সেটা পুরোপুরি ব্যক্তিগত। আর রইল বাকি আমার ব্যক্তিগত মতামত? সেটি নিশ্চয়ই পাঠ প্রতিক্রিয়া দেখেই বুঝে গেছেন।

🕉️সর্বশেষ মূল্যায়ন:-
লেখকের লেখনী নিয়ে রিভিউ সেগমেন্টে যা বলার বলেই দিয়েছি, আলাদা করে কিছু বলছি না,Hats Off তোমায় 🫡❤️।আমার লেখকের লেখনীর সঙ্গে আলাপ, বইটি সংগ্রহ করা,পড়া, সর্বোপরি বিশ্লেষণ, মূল্যায়ণ এসবের পেছনে আমার মনে হয় মহাদেবের কৃপাদৃষ্টি রয়েছে, পুরাটা হয়তো কাকতালীয় নয়, এবং যারা রুদ্রাক্ষ পড়েছেন কিংবা পড়ছেন সবার সাথেই নিজেদের অবচেতন মনেই মহাদেব সেটা করে চলেছেন, বলে আমার দৃঢ় বিশ্বাস। একলব্য প্রকাশনের বই গুলির প্রোডাকশন কোয়ালিটি, বাঁধাই, আর ডাস্ট জ্যাকেট এর পেছনে থাকা বোর্ড বাইন্ডিং টা বেশ অভিনব (Unique )।"রুদ্রাক্ষ ২" এর মধ্যে যেন ভালো অলঙ্করণ রাখা হয় জানিয়েছিলাম পূর্ববর্তী রিভিউতে, এবারে সেই ষোলকলা পূর্ণ হয়েছে এবং খুব আনন্দের সাথেই বলতে বাধ্য হচ্ছে সেই অলঙ্করণ গুলি সেরার সেরা(Top Knotch)। সাথে এমন সুন্দর মনোগ্রাহী প্রচ্ছদ করেছেন,নচিকেতা মাহাতো Nachiketa Mahata দাদা। এই বইটির সঙ্গে জুড়ে থাকা সমস্ত কর্মী, প্রকাশিকা সেমন্তী দিদি, শুভজিৎ বসু চৌধুরী দাদা, এবং আরো যারা যাদের আমি নাম এখানে বলতে পারছি না, তাদের কুর্নিশ জানাই, এমন সুন্দর একটি বই এবং বই সিরিজ উপহার দেওয়ার জন্য। অধীর অপেক্ষায় থাকবো সিরিজের পরবর্তী বইটির জন্য😊।

🕉️ সর্বোপরি পাঠ অতীব সুখকর হল।

✍🏻 লেখায়~রহিত

#read_with_রহিত #uncut_thoughts
#bookstagram #bibliophile #myread2026 #rudraksha2 #tanmoydeb
4 reviews1 follower
August 28, 2026
পড়তে বসেছিলাম mytho-thriller adventure ভেবে, এখন তো দেখছি আপনি এতে রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস, স্পেকুলেটিভ ফিকশন, ভালোবাসা, প্রকৃতিপ্রেম, আয়ুর্বেদ, স্পাই genre, occult, সায়েন্স ফিকশন, horror সব মিশিয়ে দিয়েছেন। হ্যাটস অফ আপনাকে। সঙ্গে স্বাদু গদ্য, মেদবিহীন বর্ণনা।

ইউনিভার্স আরও বড়ো হোক। রুদ্রাক্ষ সিরিজের পরবর্তী খণ্ডের অপেক্ষায় রইলাম।
Displaying 1 - 5 of 5 reviews