অভিনেতা কেতনকুমারের নতুন কেনা বাড়িতে কীসের গন্ধ! কার নিঃশ্বাসের শব্দ আজকাল রাতভর জাগিয়ে রাখে জয়ন্তকে! কার্শিয়াং-এ পাহাড়ের ঢালে ঐ অদ্ভুত বাড়িটায় লুকিয়ে আছে কোন রহস্য! ডাওহিলের পথে ঠিক কী ঘটেছিল সেই রাতে! চুরি করতে গিয়ে কোন নতুন বন্ধুকে খুঁজে পেল বল্টু! অমূল্য ঘোষকে কোন গল্পই বা শোনাল জগাই ওঝা! গা ছমছমে অথচ মানবিক। অলৌকিক অথচ জীবনের বয়ে চলা গল্পদের নিয়ে এই সংকলনে ‘দানো’ একই সঙ্গে অন্ধকার ও আলোর কাহিনি শোনায়।
সোমজা দাসের জন্ম উত্তরবঙ্গের জেলাশহর কোচবিহারে। সেখানেই বেড়ে ওঠা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা সেই শৈশব থেকে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং কলকাতায় একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন। লেখকের এখন অবধি প্রকাশিত একক বইগুলি হল ‘এক কুড়ি পাঁচ গল্প’, ‘টাপুরদির গোয়েন্দাগিরি’, ‘কৃষ্ণগহ্বর’ ও ‘নিকষিত হেম’, ‘কাল-কূট’ ও ‘মৃতেরা কোথাও নেই’। আনন্দবাজার এছাড়াও পত্রিকা, আনন্দমেলা, কিশোর ভারতী, বর্তমান পত্রিকা, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, উত্তরবঙ্গ সংবাদ, গৃহশোভা ও আরও অনেক পত্রপত্রিকা ও গল্প সংকলনে লিখেছেন এবং লিখছেন। লেখালেখি ছাড়াও প্রচুর পড়তে ভালোবাসেন তিনি। নিজেকে তিনি লেখকের চাইতে মগ্ন পাঠক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।