দেখতে দেখতে বুম! কমিকসের সংখ্যা ২০ পড়া হয়ে গেল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতি বৃহস্পতিবারের ৩২ পৃষ্ঠার ফ্রি বাংলা রঙিন ক্রোড়পত্র ইতিমধ্যেই ভালো সাড়া জাগিয়েছে। 🙂
আগ্রহীরা পত্রিকার হকারকে বলে রাখতে পারেন, নিকটস্থ পত্রিকা স্ট্যান্ড থেকেও সংগ্রহ করতে পারবেন অথবা যোগাযোগ করতে পারেন Boom Comics TBS পেইজে।
বিজ্ঞাপনপর্ব শেষ, এবার আসছি রিভিউতে।
সব্যসাচী চাকমার আঁকা ও লেখায়, সাফায়েত সাগরের সহায়তায় ‘তেজ: পিলেন অ্যাটাক’-এ আমরা দেখতে পাচ্ছি দেশি ও বিদেশি দুজন অতিমানবের দ্বন্দ্বের সম্ভাবনার দুয়ার ধীরে ধীরে খুলছে। তবে একেবারে শুরুতে কয়েকটি প্যানেলে কিছু সুপারহিরো কমিক্স টার্ম নিয়ে গণ্ডগোল হয়েছে।
শাহরিয়ারের বেসিক আলী সুপারহিরো যথারীতি মজাদারই হচ্ছে। কারণ এখন অনেকেই by accident সুপারপাওয়ারড। বেসিক আলীয় ইউনিভার্সের সাথে পরিচিত–অপরিচিত অনেকে, বিশেষত যারা toon force-এর সাথে পরিচিত, তাদের সিরিজটি ভালো লাগতে পারে।
“দ্য নাইটলি নিউজ: তথ্য বিকৃতির বিরুদ্ধে এক রক্তাক্ত বিদ্রোহের গল্প” রিভিউতে তাহসিন সালমান চৌধুরী জনাথন হিকম্যানের প্রথমদিকের নন-সুপারহিরো কাজটি পর্যালোচনা করেছেন, যেখানে সংবাদপত্রকে কনসেন্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করার বিপরীতে দাঁড়িয়ে যাওয়া একদল মানুষের গল্প তুলে ধরা হয়েছে। হিকম্যানের গতানুগতিকতার বাইরে যাওয়ার সৃজনশীলতা নিয়ে তাহসিনের আলোচনা প্রশংসনীয়।
বাংলাদেশের কমিক্স অঙ্গনে আমার অন্যতম প্রিয় শিল্পী সাদী ইমদাদের গেম পেরিয়ে মনে করিয়ে দিল সেই সুপার মারিও গেমটির কথা। যদিও এটি সাদীর স্বকীয় আঙ্গিকে আঁকা ও লেখা, গল্পকথন ছিল পছন্দ করার মতোই।
কাজী মারুফুর রহমানের RAiN সিরিজে দেখতে পাই দুটি হৃদয়ের ধীরে ধীরে কাছে আসার দ্বিধা–দ্বন্দ্বের গল্প। প্রতিটি পর্বে পরিস্থিতি অনুযায়ী সিরিজটির নাম পাল্টে যাওয়াটা এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। অঙ্কন ও গল্পের অগ্রগতির গতি প্রশংসনীয়।
বুম! ম্যাগাজিনের সংখ্যা ২১-এর অপেক্ষায় আছি। অ্যাম্বিশাস এই গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘায়ু পাক।
---
কমিক্স রিভিউ
নাম : বুম! কমিকস (সংখ্যা ২০)
সম্পাদনা : আলীম আজিজ, মাহাতাব রশীদ
প্রচ্ছদ : আবদুল্লাহ আল যুনায়েদ
প্রকাশনা : The Business Standard
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ
---