চূর্ণীর ছোটো থেকেই এক অদ্ভুত সমস্যা। সে রেগে গেলে তার মুখ থেকে যেসব কটু কথা বেরোয় সেগুলোই ফলে যায়। সে যখন ছোটো ছিল তখন সমস্যাটা বৃহৎ রূপ ধারণ করেনি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভয়ানক হয়ে ওঠে তার সমস্যা। একদিন চূর্ণী তার মেজদি পর্ণাকে রেগে বলে যে সে পচে পচে মরবে। পর্ণার শরীর নাকি পচে গলে যাবে। এরপর এই কথা সত্যি হতে শুরু করে। তাই চূর্ণী এবং ওর পরিবার খোঁজখবর নিয়ে পৌঁছায় চণ্ডালের কাছে। চণ্ডাল যখন সমস্যার গভীরে ঢোকার চেষ্টা করে তখন একটু একটু করে জানতে পারে এক ঠাণ্ডা মাথায় খুনের কথা। সেই খুনের সাথে কিভাবে জড়িত চূর্ণী? কে কাকে খুন করেছিল? কেন চূর্ণীর রেগে বলা কথাগুলো ফলে যেতো? এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তে হবে রহস্য, রোমাঞ্চে ভরপুর ‘মহাশ্মশানে চণ্ডাল ১’। আশাকরি আপনাদের ভালো লাগবে।
মহাশ্মশানে চণ্ডাল ১ এবং ২ মহুয়া ঘোষ বসাক বুক স্টোর মম: ২২০/- প্রতি
প্রথম খণ্ড গল্পের শুরুটা হয় এক চরম রহস্যময় পরিবেশের মধ্য দিয়ে। যখন সাধারণ মানুষের জীবন কোনো অতিলৌকিক বা অতিপ্রাকৃতিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, তখন চারপাশের চেনা জগৎ নিমেষেই বদলে যায়। চূর্ণী এবং তার পরিবার যখন এক গভীর সংকটে পড়ে চারদিক অন্ধকার দেখছিল, ঠিক তখনই তারা খোঁজ পায় এক রহস্যময় চরিত্র 'চণ্ডাল'-এর।
প্রথম পর্বের রহস্য যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই যেন এক নতুন গোলকধাঁধার শুরু হয় দ্বিতীয় খণ্ডে। তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হয়ে গৌরব সদ্যমৃত এক শবদেহের মাংস খেয়ে ফেলে এক তান্ত্রিকের নির্দেশে, আর তারপর শুরু হয় তার শারীরিক যন্ত্রনা। এরপর তারা চণ্ডালের শরণাপন্ন হয়। তার নির্দেশে অনেকটা চেন রিঅ্যাকশন অনুযায়ী এরপর আরো লোকের খোঁজ পেয়ে যারা একরকম বিপদের সম্মুখীন হয়েছে। ঘটনার গভীরে যেতে পাওয়া যায় এক নিষ্ঠুর ইতিহাস।
গল্পের মূল চালিকাশক্তি হলো এই 'চণ্ডাল' চরিত্রটি। তারাপীঠের মহাশ্মশানের পটভূমিতে গড়ে ওঠা এই চরিত্রটিতে শুধু তান্ত্রিক বা সাধক নয়, বরং তার এক অন্যরকম গভীরতা আছে। যখন চণ্ডাল সমস্যার গভীরে প্রবেশ করে, একে একে উন্মোচিত হতে থাকে প্রাচীন তন্ত্রসাধনা, গোপন আচার এবং শিউরে ওঠার মতো সব অতিলৌকিক ঘটনা।
লেখিকার লেখনীর সবচেয়ে বড় শক্তি হলো শ্মশান, কালভৈরব বা তন্ত্রসাধনার পরিবেশটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। পড়তে পড়তে চোখের সামনে যেন একটা অন্ধকার, ধোঁয়াটে শ্মশানের দৃশ্য ভেসে ওঠে। বই দুটির ভাষা বেশ সহজ কিন্তু বর্ণনা অত্যন্ত জোরালো। কোথাও গল্প ঝুলে যায়নি, ফলে এক বসায় পড়ে শেষ করে ফেলা যায়। দুটি গল্পের মধ্যেই রয়েছে এক নির্মম বর্বর ইতিহাস, যার ফলস্বরূপ আক্রান্তরা চণ্ডালের খোঁজে যায়, যার থেকে বোঝা যায় আত্মা মাত্রেই খারাপ নয়।
লেখিকার চণ্ডাল আর মাহেন্দ্রানী সিরিজ এর bisaed reader আর ভবিষ্যতেও পড়বো। গল্পচ্ছলে বলে যাওয়ার মতো গল্পগুলো আমার বেশ ভালো লাগে। তবু প্রথম খন্ডে এক জায়গায় দেখলাম কোনো এক চরিত্র আগের ঘটে যাওয়া একটা ঘটনা আরেকজনকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে। এর আগেও এরকম উদাহরণ পেয়েছি। আমার মতে এগুলো অনর্থক বইয়ের পাতা বাড়ানোয় সাহায্য করে আর একনাগাড়ে পরে যাওয়ার rhythm নষ্ট করে।
চণ্ডাল আর মাহেন্দ্রানীর পরের বইয়ের অপেক্ষায় রইলাম।