বাংলার ইতিহাস চর্চায় এক অনন্য ও প্রামাণ্য সংযোজন ড. মুহাম্মদ মোহর আলী রচিত
History of the Muslims of Bengal
দীর্ঘ এক দশকের নিরলস গবেষণা এবং মুদ্রা, শিলালিপি ও দুর্লভ সব প্রাথমিক উৎসের যথাযথ ব্যবহারের মাধ্যমে তিনি এই ধ্রুপদি গ্রন্থটি সংকলন করেছেন। মৌলিক ইতিহাসবিদ হিসেবে তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একমাত্র বাঙালি হিসেবে বিশ্বখ্যাত বাদশাহ ফয়সাল এওয়ার্ড লাভ করেন। মূলত আন্তর্জাতিক মানদণ্ড ও একাডেমিক উৎকর্ষ বজায় রেখে বাংলার পূর্ণাঙ্গ ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরাই ছিল তাঁর প্রধান লক্ষ্য।
ড. মোহর আলীর ইতিহাস দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক তথ্যের নির্মোহ ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। তিনি প্রচলিত ইতিহাস রচনায় আশ্রিত নানা অসততা ও বিভ্রান্তি দূর করতে কঠোরভাবে একাডেমিক স্কেল ব্যবহার করেছেন। পূর্ববর্তী বিখ্যাত স্কলারদের বিভিন্ন মতবাদকে তিনি যেমন যুক্তি দিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন, তেমনি সত্য উদঘাটনে দেখিয়েছেন অসামান্য মুন্সিয়ানা। ফলে পাঠক এই গ্রন্থে বাংলার ইতিহাস নিয়ে চলমান বিভিন্ন তাত্ত্বিক বিতর্কের একটি স্বচ্ছ ও তথ্যনির্ভর রূপরেখা খুঁজে পাবেন।
বক্ষ্যমাণ
সুলতানি আমল
গ্রন্থটি ড. মোহর আলীর মূল গবেষণাকর্মের প্রথম খণ্ডের প্রথম অংশের একটি সার্থক অনুবাদ। অনুবাদের ক্ষেত্রে ইতিহাসের জটিল ও তাত্ত্বিক বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হয়েছে এবং বারংবার পাণ্ডুলিপি সম্পাদনার মাধ্যমে একে সাধারণ পাঠকদের জন্য সহজবোধ্য ও প্রাঞ্জল করার চেষ্টা করা হয়েছে। সুলতানি আমলের সমাজ ব্যবস্থা, রাজনীতি ও প্রশাসনিক কাঠামোর এক প্রামাণ্য দলিল হিসেবে গ্রন্থটি সর্বমহলে সমাদৃত হওয়ার দাবি রাখে।