পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস বলুন কিংবা দর্শনের ইতিহাস বলুন, ধর্মনিরপেক্ষভাবে যে ব্যক্তিটি গভীরতম প্রভাব রেখে গেছেন তিনি সক্রেটিস। লেখক হাসান আজিজুল হক 'সক্রেটিস' বইটির শেষের দিকে এসে বলছেন,
'এতটুকু অতিশয়োক্তি না করে বলা যায়, পশ্চিমী সভ্যতার আজ যা কিছু শ্রদ্ধেয়-বুদ্ধির মুক্তি, সত্যের প্রতি অবিচলিত নিষ্ঠা, গভীর স্বদেশ প্রেম, মানবকল্যাণের আদর্শ, সুতীক্ষ্ণ, নির্মম, নির্মোহ আত্মবিশ্লেষণ, প্রবল জীবনতৃষ্ণা-এসবেরই একটা প্রধান উৎস হচ্ছে সক্রেটিসের দর্শন এবং সন্দেহ নেই সক্রেটিস নামের মানুষটি।'
আর এই পশ্চিমারা যখন প্রায় গোটা পৃথিবীকে নিজেদের ভেতর ভাগাভাগি করে কলোনিতে রুপান্তর করে তখন প্রাচীন গ্রীক দর্শনের উত্তরাধিকার এসব কলোনির জ্ঞানপিপাসু মানুষদের মাঝেও ছড়িয়ে পড়ে। সক্রেটিস পশ্চিম থেকে ছড়িয়ে পুরো পৃথিবীতে জ্ঞানের অপ্রতিদ্বন্দ্বী আইডল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।
অথচ লোকটি নিজের হাতেকলমে লিখে যান নি কিছুই। গেলেও সেগুলো কখনোই উদ্ধার করা যায় নি। মূলত সক্রেটিসের সমসাময়িক জেনোফন, অ্যারিস্টোফানিস ও প্লেটোর কলম থেকে আমরা সক্রেটিস সম্পর্কে জানতে পারি। তবে প্রথম দুজনের সক্রেটিস কিছুটা খন্ডিত, খাপছাড়া ও অসম্পূর্ণ। পূর্ণ ও বিকশিত সক্রেটিসকে আমরা পাই প্লেটো 'রিপাবলিক' গ্রন্থগুচ্ছে।
আড়াই হাজার বছর পূর্বে এথেন্স ও গ্রীকদেশে অনেক দার্শনিকরা দর্শনশাখাকে সমৃদ্ধ করলেও সক্রেটিস কেন তাদের থেকে অনন্য এই প্রশ্ন আমার অনেকদিনের। এই ব্যাপারে আমার একটা ভাসা ভাসা ধারণা থাকলেও হাসান আজিজুল হক সেই ধারণার একটা স্পষ্ট আকার দিয়েছেন ওনার বইটিতে। শুধু এটুকু বলি, নিজের অজ্ঞানতাকে উপলব্ধি করা ও স্বীকার করা যে জ্ঞানের একটি প্রাথমিক স্তর এমন মৌলিক চিন্তা সক্রেটিস আমাদের দিয়ে গেছেন। তবে লেখকই স্বয়ং স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, রিপাবলিক বইটি গভীর মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই সক্রেটিসকে জানার ও বোঝার জন্য।
সক্রেটিস নাস্তিক ছিলেন না। আত্নার অমরত্ব ও জন্মান্তরবাদে বিশ্বাস করতেন। বিশ্বাসটি প্রাচীন বৈদিক ও বৌদ্ধ দর্শনের সাথে বিস্ময়জনকভাবে সাদৃশ্যপূর্ণ। ওনার আত্মার অমরত্বে বিশ্বাস মৃত্যুর প্রতি ওনার প্রতিক্রিয়ার প্রধান ভিত্তি। যার প্রমাণ মেলে যেসব বিচারক মৃত্যুদন্ডের রায় দিয়েছিলে তাদের উদ্দেশ্যে সক্রেটিসের বক্তব্যে,
'যাঁরা মৃত্যুকে অশুভ বা মন্দ বলে তাঁরা ভুল করে। মৃত্যুর পরে যদি অফিযুস, মুসিউস, হিসয়েড আর হোমারের সঙ্গে আলাপ করতে পারা যায় তাহলে তার জন্যে মানুষ কি না দিকে পারে? এইটাই যদি সত্য হয় তা হলে আমি বারে বারে মরতে চাই। পরলোকে অন্তত প্রশ্ন করার অপরাধে মানুষকে হত্যা করা হয় না।... বিদায় নেবার সময় এসে গেছে, আসুন নিজের নিজের রাস্তায় চলি আমরা-আমি মরতে এবং আপনারা বাঁচতে। ঈশ্বর জানেন কোনটা বেশি ভালো।'
আজও পৃথিবী এই দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত যে সক্রেটিসের মৃত্যু একটি রাজনৈতিক হত্যা নাকি তার নৈতিক দর্শনের প্রতি গোঁড়া ও আপোষহীন মনোভাবের ফলশ্রুতিতে একরকম আত্মহত্যা। তবে প্লেটো তার 'ফিডো' রচনায় সক্রেটিসের মৃত্যুকে গ্রহণ করার চিত্র তুলে ধরেছেন সেটা আজও অভূতপূর্ব। লেখকের মত সেখান থেকে খানিকটা আমিও তুলে দেবার লোভ সংবরণ করতে পারছি না।
'যাই হোক, ক্রিটো, লোকটির (একাদশদের কর্মকর্তা) কথা মান্য করবো আমরা, তৈরি হয়ে থাকলে কেউ বিষ নিয়ে আসুক, না হলো বলো তৈরি করে আনতে।'
তখন ক্রিটো বললেন, 'কিন্তু সক্রেটিস, সূর্য তো পাহাড়ের মাথায় এখনো অস্ত যায়নি। তাছাড়া আমি জানি, পান করতে বলার পরেও অন্যেরা খেয়েছে অনেক দেরি করে। নিজেদের খুশিমতো পানভোজন করেছে, এমনকি কেউ কেউ তাদের আসক্তির সামগ্রী উপভোগ পর্যন্ত করেছে। এখনো সময় আছে, তাড়াহুড়ো করবেন না।'
এই কথায় সক্রেটিস বললেন, 'ক্রিটো, যাদের কথা বলছো তারা এসব করেছে সঙ্গত যুক্তিতেই, আমিও সঙ্গত যুক্তিতে ওরকম করবো না। কারণ আমি মনে করি খানিকটা দেরিতে বিষ খেয়ে আমি কিছুমাত্র লাভ করবো না, মাঝখান থেকে জীবনের প্রতি এত মায়ার জন্যে নিজের কাছে নিজেই হাস্যস্পদ হয়ে যাবো যখন জানি যে কোনো কিছুই শেষতক স্থায়ী হয় না। যাও, কথা শোনো, বাধা দিয়ো না।'