২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুদ্রণশিল্প পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। পাঠক, লেখক ও শুভাকাঙ্ক্ষীদের অভাবনীয় সাড়ায় আমরা তখন মুগ্ধ হয়েছিলাম। কথা দিয়েছিলাম যে, শীঘ্রই মুদ্রণশিল্পের দ্বিতীয় সংখ্যা আসবে। আমরা কথা রেখেছি। তবে মাঝখানে ১৬ মাস পেরিয়ে গেছে, এই আরকি!
জানি, অপেক্ষাটা দীর্ঘ ছিল। এই দীর্ঘ সময়ে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, অন্যায় নিপীড়নের বিরুদ্ধে লড়াই দেখেছি, দেশে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষদের পাশে আপামর জনতাদের দাঁড়াতে দেখেছি, বিশ্বে চলমান যুদ্ধ বিগ্রহ ও বিপ্লব দেখেছি... শত শত ঘটনার সাক্ষী হয়েছি। সেসব আমাদেরকে ভাবিয়েছে, আরও বেশি পরিণত হতে অনুপ্রেরণা জুগিয়েছে।
সাহিত্যের ছোটকাগজ হিসেবে মুদ্রণশিল্পের চলার পথ সহজ ছিল না। শুরু থেকেই এটি ছিল আমাদের নন-প্রফিটেবল প্রোজেক্ট। তার সঙ্গে পৃষ্ঠপোষকতার অভাব, কর্মী সংকট, অর্থনৈতিক দুরবস্থা, প্রকাশনা খাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি নানান সময়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। কিন্তু আমরা থেমে থাকিনি। ভিন্ন আইডিয়া, ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পাঠকদেরকে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার লক্ষ্যে নিয়মিত কাজ করে গিয়েছি; যার ফলাফল মুদ্রণশিল্প পত্রিকার এই দ্বিতীয় সংখ্যা।
‘মুদ্রণে শিল্পের সৌরভ’ স্লোগানকে সামনে রেখে আমাদের এই পথচলা অব্যাহত রাখতে চাই। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াসে আপনারা পাশে থাকবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জামসেদুর রহমান সজীব এর জন্ম রাজবাড়ী জেলাশহরে। ছোটবেলা থেকেই জাতীয় পত্রিকায় লেখালেখি করেন। রাজবাড়ীতে ‘আড়ম্বর’ শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। বর্তমানে সাহিত্যের ছোটকাগজ ‘মুদ্রণশিল্প’ সম্পাদনার দায়িত্বে রয়েছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সফল এ তরুণ সংগঠক। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০১৭’তে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তার নির্মিত ‘বাড়ি ফেরা’ চলচ্চিত্রটি।
খুব ছোট্ট একটি সূত্র অনুসরণ করেন জীবনে। নিজে হাসিখুশি থাকতে হবে, আশপাশের সকলকেও হাসিখুশি রাখতে হবে। একারণেই বেছে নিয়েছেন লেখালেখি। নিয়মিত রম্য লিখছেন। পাঠকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন হাসি-আনন্দ।
কলেবরে আগের থেকে বেশি, কনটেন্টও আগের থেকে বেশি, প্রতিটা লেখাও দারুণ ছিল। পত্রিকায় এই প্রথমবারের মতো মাঙ্গা পড়লাম, তাও আবার বাংলায়। সবমিলিয়ে উপভোগ করেছি।