এই বইটি ভূ-ভারতের সম্ভবত প্রথম মৌলিক গ্রাফিক নভেল। এই বইটি আসলে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে প্রকাশিত হওয়া করিডর বইটির অনুবাদ। অরিজিনাল বইটির লেখক সারনাথ ব্যানার্জী। বাংলায় বইটি অনুবাদ করেছেন শৌভিক দে সরকার। দিল্লি লুটেইনের প্রাণকেন্দ্রে বসে পুরনো বইয়ের কারবারি জাহাঙ্গীর রেঙ্গুনওয়ালা রোজ কাপের পর কাপ চা খেতে খেতে তামাম দুনিয়া নিয়ে জ্ঞানবিতরণ করে। তার খদ্দেরদের মধ্যে ভৃগু ইদানিং কালের ইবন বতুতা, একসাথে অ্যান্টিক আর প্রেম খুঁজছে; নিজেরই মাথার ভেতরে আটকে পড়া ডিজিটাল দত্ত, কার্ল মার্ক্স আর এইচ ওয়ান বি ভিসার টানাপোড়েনে জেরবার; আর সদ্যবিবাহিত শিন্টু, শক্তিবর্ধক জরিবুটির খোঁজে জান লাগিয়ে দিয়েছে। কনট প্লেসের করিডরে হোক বা কলকাতার রাস্তায়, এই বইতে লেখায় ও রেখায় ধরা পড়েছে একাকিত্ব আর ভাঙাচোরা মায়াবী শহুরে অস্তিত্বের পাঁচালী।
সত্যি বলতে এই কাহিনী পড়তে পড়তে আমার লাইফ ইন এ মেট্রোর কথা খুব মনে পড়েছে। শহরের বিভিন্ন মানুষজনের মধ্যে ভাবনার নানান দিক থেকে শুরু করে সম্পর্কের টানা পোড়েন নিয়ে এক অনন্য সুন্দর গল্প পড়ার অভিজ্ঞতা হয়েছে আমার। জীবনমুখী দিক গুলি নিয়ে লেখা হয়েছে বলে এই গল্পে অনেক সময়ে উঠে এসেছে আরবান ফ্যান্টাসী, কিন্তু কখনই সেটা মাত্রাতিরিক্ত মনে হয়নি, থেকে একদমই গ্রাউন্ড ঘেসেই। যার ফলে এই কাহিনী পড়তে গিয়ে মনে হয়েছে আপনার আমার চারিপাশে ঘটে চলা প্রতিদিনের কাহিনী। এই কাহিনী অনেকগুলি খন্ডে বিভক্ত এবং শুধু সাদা কালো নয়, কিছু কাহিনী কালারিংও এসেছে গল্পের প্রয়োজনে। তবে ইংলিশে লেখা এই গল্পের অনুবাদ এতটাই সাবলীল যে এক মুহুর্তের জন্যও মনে হয় না যে কোন অনুবাদ লেখা পড়ছি, তাঁর জন্য অনুবাদক শৌভিক বাবুকে কুর্নিশ জানাই।
কাহিনী আর অনুবাদ তো দুর্দান্ত বটেই, তাঁর সাথে যেটা নজর কাড়ে সেটা হল এর প্রোডাকশন। মান্দাস পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া ১৪২ পেজের পেপারব্যাক কোয়ালিটির বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। পেপারব্যাক হলেও বইটির বাইন্ডিং কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে। তাঁর সাথে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার দাম হিসেবে বেশ ভালো লেগেছে। ভারতের প্রথম মৌলিক গ্রাফিক নভেল হিসেবে যে কোয়ালিটি এই বই ডিজার্ভ করে, তার সাথে সম্পুর্ন জাস্টিস করেছে মান্দাস, আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। গ্রাফিকের কোয়ালিটি থেকে শুরু করে স্পিচ বাবলে লেখা, সব গুলোই এতটা স্পষ্ট যে পড়তে কোনরকম কোন অসুবিধা হয়নি আমার।
তাই পরিশেষে এটাই বলব যে, এই বই গ্রাফিক নভেল প্রেমীদের জন্য অবশ্যই সংগ্রহযোগ্য বটেই। এছাড়া ভালো লেখনী যারা পড়তে পছন্দ করেন, কমিক্স ভেবে এটাকে এড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু একটা দুর্দান্ত কাহিনী পড়া থেকে বঞ্চিত হবেন, কারণ স্কেচ, ইলাস্ট্রেশন আর ফোটোগ্রাফির মিশেলে সারনাথ ব্যানার্জি এই চালচিত্রকে এক সম্পূর্ণ অন্য মাত্রা দিয়েছেন।। আর হ্যাঁ, এই কাহিনী কখনই অপ্রাপ্তমনস্ক বা অপরিণত বয়সের পাঠকদের জন্য লেখা নয়, এই বইয়ের মধ্যেকার স্টোরি বোঝার জন্য অবশ্যই প্রাপ্ত বয়স্ক বা অ্যাটলিস্ট প্রাপ্তমনস্ক হওয়া জরুরি।