রাত্রি কেবল অন্ধকার নয়- এর নিজস্ব ভাষা আছে। কখনও নিঝুম রাতে কান পেতে শুনেছেন হাওয়ার ফিসফিসানি? একাকী রাতে কখনও অনুভব করেছেন দ্বিতীয় কারোর অস্তিত্ব? দমকা বাতাস আপনার কানে কানে কিছু বলে গেছে কখনও? যদি এই অনুভবগুলো আপনার কখনও হয়ে থাকে তবে নিশ্চিত থাকুন আপনি একা নন।
এই অজানা উপস্থিতি আর অব্যক্ত ভয়েরই মুদ্রিত রূপ "নিশিজন" - রহস্য ও রোমাঞ্চে ঘেরা তেরোটি গল্পের সংকলন যা আপনাদের লৌকিক আর অলৌকিক জগতের মাঝামাঝি ঝাপসা সীমারেখাকে অনুভব করাবে, থ্রিলারের বিভিন্ন ডাইমেনশনকে ছুঁয়ে দেখাবে।
এই সংকলনের গল্পগুলো আমরা বেছে নিয়েছি “অলৌকিকের খোঁজে” ফেসবুক গ্রুপ আর “মিডনাইট হরর স্টেশন” অডিও স্টোরি চ্যানেলের যৌথ উদ্যোগে “দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা” থেকে।
যদি এই বই হাতে পড়ার মুহূর্তে কোনো নিশুতি রাতে আপনার দরজায় কড়া নেড়ে নিজের উপস্থিতি জানান দিতে চায় কোনো অজানা আগন্তুক, হুট করে যেন যেন দরজা খুলবেন না। হতেই পারে, আপনারই দোরগোড়ায় আজ হাজির “নিশিজন”। ভয়কে যারা অনুভব করতে চান,এই সংকলনটি তাদেরই জন্য।
আসছে শিরশিরানি ভয় ও রোমাঞ্চকর গল্প সংকলন “নিশিজন”– “অলৌকিকের খোঁজে” ফেসবুক গ্রুপ ও “মিডনাইট হরর স্টেশন” ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগ।
সায়ক আমানের জন্ম ১৯৯২ সালে। কলকাতায় কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করলেও, সাহিত্যচর্চাকেই তিনি নিজের পেশা হিসেবে গ্রহণ করেছেন। লেখালেখি এবং অডিও জগতে সমলয়ে বিচরণ তাঁর। বাংলার অন্যতম জনপ্রিয় অডিও স্টোরি সিরিজ, মিডনাইট হরর স্টেশনের সহ-প্রতিষ্ঠাতা তিনি। Midnight Horror Station Spotify podcast-এর সঞ্চালক। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল ছাড়াও কাজ করছেন জনপ্রিয় রেডিও- শো সানডে সাসপেন্স-এর সঙ্গে।