প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের এক অন্তহীন চক্র। সেই চক্রের ঘূর্ণিপাকে পড়ে গেছে জেফরি বেগ। ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তার জন্য। ক্ষমতাধর এক ধনকুবেরের প্রতিশোধের আগুন থেকে বাঁচার যেন কোনো পথ নেই। আশা নেই।
একই বিপদের মুখোমুখি বাস্টার্ডও। কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নয় সে। তবে এবার এক ধুরন্ধর লোকের মুখোমুখি। ধূর্ত এই লোকেরে উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার কোনো ধারণা নেই তার। অবশেষে একটা বাজি ধরতেই হলো—জিতে গেলে বেঁচে যাবে, বাঁচাতে পারবে জেফরি বেগকেও। কিন্তু হেরে গেলে কি পরিণতি হবে, ভালো করেই জানা আছে তার।
MOHAMMAD NAZIM UDDIN (Bengali: মোহাম্মদ নাজিম উদ্দিন) is a writer and Translator of more than 26 novels..His original works are NEMESIS, CONTRACT, NEXUS, CONFESSION,JAAL, 1952: nichok kono number noy, KARACHI, RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASENNI and KEU KEU KATHA RAKHE. These six Thriller novels are highly acclaimed by the readers.
কয়েক মাসের ব্যবধানে খুন হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় দুই অলিগার্ক। অর্থ ও ক্ষমতার দাপটে যারা দেশের বিশাল সব অনৈতিক কর্মকাণ্ডের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেও নিজেদের রাখে নিরাপদে। এমন দুজন মানুষের খুন হওয়া অন্দরমহলের লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়। হত্যাকাণ্ড দুটির তদন্তের দায়িত্ব পড়ে হোমিসাইড ডিপার্টমেন্টের জেফরি বেগের ওপর। স্নাইপিংয়ের মাধ্যমে খুনগুলো করেছে অত্যন্ত দক্ষ কোনো পেশাদার ঘাতক।
অন্যদিকে, দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান জাহান গ্রুপের ভেতরে চলছে ক্ষমতা দখলের খেলা। কয়েক মাস আগে দুবাইয়ে গ্রুপটির সিইও আলভী খুন হওয়ার পর থেকেই সেখানে বিশৃঙ্খলা বিরাজ করছে। সদ্য চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আলভীর বাবা ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজাহান করিম এখন নিজের গড়ে তোলা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। একইসঙ্গে পুত্রহত্যার প্রতিশোধ নেওয়ার আগুনেও পুড়ছে সে।
এই পরিস্থিতিতে ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত শাহজাহানের সবচেয়ে বিশ্বাসভাজন মানুষ হয়ে ওঠে সিকিউরিটি চিফ কায়সার আহমেদ। শাহজাহান করিমের ডান হাত হিসেবে কায়সার ক্রমেই জাহান গ্রুপের উত্তরসূরি হওয়ার পারিবারিক ক্ষমতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি হয়ে ওঠে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ধুরন্ধর কায়সার নিজের স্বার্থ হাসিল করতে থাকে।
ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে ক্রমেই মরিয়া হয়ে ওঠে শাহজাহান করিম। সে নিশ্চিত, তার ছেলে আলভীর হত্যার সঙ্গে হোমিসাইড ডিটেকটিভ জেফরি বেগ জড়িত। আবার হত্যাকাণ্ডের তদন্তে থাকা দুবাইয়ের এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে সে খোঁজ পায় এক রহস্যময় সন্দেহভাজনের—পার্থিব রায় চৌধুরি। ছেলের হত্যার প্রতিশোধ নিতে এবার এক ভয়ংকর পরিকল্পনা আঁটে শাহজাহান।
কিডন্যাপ হয়ে গেল হোমিসাইড ডিটেকটিভ জেফরি বেগ। ভয়ংকর এক শ্বেতাঙ্গ অপরাধী কোনো ক্লু না রেখেই একের পর এক অপরাধ করে যাচ্ছে। হোমিসাইড ডিপার্টমেন্টের সবাই জেফরি বেগকে খুঁজে বের করতে জানপ্রাণ দিয়ে খাটলেও তেমন কোনো লাভ হচ্ছে না। বোঝাই যাচ্ছে, এর পেছনে কলকাঠি নাড়ছে প্রবল ক্ষমতাধর এক ব্যক্তি, যার অর্থ ও ক্ষমতার জালে বন্দি হয়ে আছে দেশের পচে যাওয়া পুরো সিস্টেম।
আঘাত আসে পার্থিব রায় চৌধুরির কাগুজে বাবা অমূল্য রায় চৌধুরির ওপরও। নিজের মেন্টর অমূল্যবাবুর ওপর এমন আঘাত মেনে নিতে পারে না পার্থিব রায় চৌধুরি ওরফে তওফিক আহমেদ বাবলু ওরফে বাস্টার্ড। নেমে পড়ে সে শত্রু নিধনের এক ভয়ংকর মিশনে। কিন্তু এবারের শত্রু যে অনেক বেশি শক্তিশালী, যার নাগাল পাওয়াও সহজ নয়! কীভাবে তাকে পরাস্ত করবে বাস্টার্ড? জেফরি বেগের ভাগ্যেই বা কী ঘটতে চলেছে? জানতে হলে পড়তে হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের জনপ্রিয় বেগ-বাস্টার্ড সিরিজের সর্বশেষ বই ‘নেমসেক’।
বেগ-বাস্টার্ড সিরিজের অষ্টম বই ‘নেমসেক’-এর গল্প এগিয়েছে আগের বই ‘কন্ট্রোল’-এর আফটারম্যাথ থেকেই। জেফরি বেগ আর বাস্টার্ডের মধ্যকার সম্পর্কের সমীকরণে পরিবর্তন এসেছে। অন্যদিকে বাস্টার্ডও শুরু করেছে বিশেষ উদ্দেশ্যে এক নতুন কার্যক্রম। এর পাশাপাশি আগের ঘটনার জের ধরে জাহান গ্রুপের ওপরমহলের পরিস্থিতি এবং তার প্রভাব জেফরি বেগ ও বাস্টার্ডের জীবনে কীভাবে পড়ে, তা নিয়েই এগিয়েছে এই বইয়ের গল্প। সেই দিক থেকে বলতে গেলে, নেমসেক সরাসরি কন্ট্রোলের দ্বিতীয় পর্ব। আর প্লটের আইডিয়াটাও লেখক মোটামুটি ভালোই বের করেছেন।
মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলাদেশের মৌলিক থ্রিলার জগতের অন্যতম পাইওনিয়ার। একইসঙ্গে পাঠককে বইয়ের পাতায় বুঁদ করে রাখার মতো গল্প বলাতেও ওস্তাদ তিনি। প্রাঞ্জল গদ্য আর ছোট ছোট অধ্যায়ে বিভিন্ন চরিত্রের অ্যাঙ্গেল থেকে সাবলীলভাবে গল্প এগিয়ে নিয়ে যান লেখক। এমন স্বতঃস্ফূর্ত গল্প বলার ভঙ্গির কারণে তার বই টানা পড়ে যেতে কোনো সমস্যা হয় না। নেমসেকেও এর ব্যতিক্রম ঘটেনি। ফলে বইটি বেশ ফাস্ট পেসড ও উপভোগ্য হয়েছে। লেখকের আগের বই ‘দ্য ভিঞ্চি ক্লাব’-এ এক্সপেরিমেন্ট করতে গিয়ে গল্পটা যেমন বোরিং হয়ে উঠেছিল, এই বইয়ে তেমনটা হয়নি।
গল্পে জাহান গ্রুপের ভেতরের ঘটনাগুলোকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কায়সার আহমেদ চরিত্রটিকে সামনে রেখে শাহজাহান করিম ও তার পরিবারের ভেতরকার ঘটনাগুলো যেভাবে তুলে ধরা হয়েছে, সেগুলো বেশ নাটকীয় ছিল। গল্পের প্রাথমিক বিল্ডআপে এই অংশগুলো পড়তে বেশ ভালোই লেগেছে। সিরিজের পরিচিত চরিত্রগুলোর সবারই অল্পবিস্তর উপস্থিতি ছিল। পাশাপাশি আগের কিছু চরিত্রের ক্যামিও রয়েছে। দ্বিতীয়ার্ধে গল্পের কিছু নির্দিষ্ট সিক্যুয়েন্সে মোহাম্মদ নাজিম উদ্দিনের চিরচেনা থ্রিল ও সাসপেন্সের দেখা মেলে বেশ ভালোভাবেই।
সবকিছু ছাপিয়ে গল্পে প্রাধান্য পেয়েছে দেশের নোংরা সামাজিক ও রাজনৈতিক পরিবেশের একদম বাস্তব চিত্রায়ণ। গল্পের পাশাপাশি লেখক বেশ প্রাসঙ্গিকভাবেই তুলে ধরেছেন দেশের অর্থ ও ক্ষমতার শীর্ষে বসে থাকা মানুষদের নোংরা মানসিকতা এবং তাদের নানা অসৎ ও অনৈতিক কর্মকাণ্ডের চিত্র। এসবের জালে জড়িয়ে থাকা এক পচাগলা সিস্টেমের ওপর যে দেশটা কোনোরকমে টিকে আছে, বইটি পড়লে সেই উপলব্ধি হবে। এসব বিষয় তুলে ধরার ক্ষেত্রে মোহাম্মদ নাজিম উদ্দিন বরাবরই সাহসী। তবে নেমসেকে এ বিষয়ে তার কণ্ঠ আরও বলিষ্ঠ।
তবুও সবমিলিয়ে এই বইটাকে তেমন স্যাটিসফ্যাক্টরি বলা যায় না। কারণ এর গল্পটা বেশ দুর্বল। প্লটের ওয়ান-লাইনার আইডিয়া খারাপ ছিল না, কিন্তু লেখক বোধহয় নিজেই বুঝে উঠতে পারেননি কীভাবে সেটাকে ডেভেলপ করবেন। ফলে গল্পটা তেমন ভালোভাবে গড়ে উঠে নি। অযথা নানা কিছুকেই গুরুত্ব দিয়ে বিল্ডআপ দেওয়া হয়েছে, যেগুলোর শেষ পর্যন্ত যথার্থ পে-অফও ছিল না। আবার গল্পের জন্য গুরুত্বপূর্ণ এমন অনেক জিনিসই ঠিকমতো গড়ে তোলা হয় নি।
সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো, বেগ-বাস্টার্ড সিরিজের বই হয়েও এখানে জেফরি বেগ বা বাস্টার্ড, কেউই ঠিকমতো স্পেস পায়নি। গল্পকে অতিরিক্ত সরল করতে গিয়ে জেফরি বেগের তদন্তের অংশটুকুই বাদ দিয়েছেন লেখক, যেটা এই সিরিজের অন্যতম শক্তিশালী দিক। অন্যদিকে বাস্টার্ডের অংশটাও বেশ সরলীকৃত মনে হয়েছে। সিরিজের আগের বইগুলোতে প্রতিকূল পরিবেশের মধ্যে বাস্টার্ডের লড়াই যে উত্তেজনা তৈরি করত, নেমসেকে তেমনটা খুব একটা পাওয়া যায়নি। কারণ লেখক এখানে সবকিছুই বাস্টার্ডের জন্য অতিরিক্ত সহজ করে রেখেছেন।
গুরুত্বপূর্ণ প্লট এলিমেন্টগুলো কাজে লাগিয়ে ভালো একটা থ্রিলার গল্প লেখা যেত বটে, কিন্তু লেখক সেগুলোর যথাযথ ব্যবহার করতে পারেননি। বিশেষ করে জেফরি বেগের অন্তর্ধানকে কেন্দ্র করে যতটা টেনশন তৈরি করার সুযোগ ছিল, তার কিছুই করা হয়নি। উল্টো গল্প যত এগিয়েছে, ততই আজগুবি হয়ে উঠেছে। আর সবচেয়ে বিরক্তিকর লেগেছে কিছু চরিত্রকে অযথা লাইমলাইটে নিয়ে আসাটা। বইজুড়ে কায়সার চরিত্রটির উপস্থিতি ছিল জেফরি বেগ ও বাস্টার্ডের চেয়েও বেশি। অথচ শেষ পর্যন্ত গল্পে চরিত্রটির তেমন কোনো ভূমিকা ছিল না, আবার চরিত্রায়নেও এমন বিশেষ কিছু ছিল না যে তাকে এতটা গুরুত্ব দিতে হবে।
আবার পুরোটা সময় শুভ্রের চরিত্রটাকে একমাত্রিক, ক্লিশে আন্ডারডেভেলপড ভিলেন হিসেবে ট্রিট করে, সবকিছু শেষ হওয়ার পর তার ব্যাকস্টোরি আনাটাও তেমন ভালো লাগেনি। আরেকটা ব্যাপার, গল্পে দেশের দুরবস্থা ফুটিয়ে তোলাটা ভালো। তবে আশাবাদের দোহাই দিয়ে থ্রিলারের নামে শেষ পর্যন্ত তামিল সিনেমার স্টাইলে এমন ফিকশনাল ভিজিলান্টিজম দেখানো কি নিছকই সাময়িক স্বস্তির এক ফ্যান্টাসি নয়? সব মিলিয়ে বেগ-বাস্টার্ড সিরিজের এই বইটি আমাকে বেশ হতাশ করেছে।
অবশ্য ‘কন্ট্রোল’ পড়েই বুঝেছিলাম লেখক সিরিজটাকে নতুন আঙ্গিকে বদলে ফেলতে যাচ্ছেন, যেটার প্রতি আমার খুব একটা আগ্রহ নেই। তাই চেয়েছিলাম সিরিজটা যেন সেখানেই শেষ হয়ে যায়। তারপরও নস্টালজিয়ার খাতিরে সিরিজের নতুন বই ‘নেমসেক’ প্রকাশ পেলে সেটা কেনা থেকে নিজেকে আটকাতে পারিনি। আপাতত এখানেই শেষ। আর এই সিরিজ আর কন্টিনিউ করব না, যদি না এক্সেপশনালি ভালো কোনো বই আসে।
বেগ-বাস্টার্ড সিরিজের নতুন কোনো বই বের হলে সেটা পড়তে খুব বেশি দেরি হয় না। এবারও হলো না।
সিরিজের অষ্টম বইয়ে এসে পূর্ববর্তী সবগুলোর চেয়ে বেশ আলাদা একটা রূপ দেখতে পাওয়া গেল। কেননা, আগের বইগুলো মোটামুটি স্ট্যান্ড অ্যালোন টাইপেরই ছিল। আগের বইগুলোর সাথে কিছু জায়গায় ক্রসিং বাদ দিলে, সবগুলোর নিজস্ব এক কাহিনি ছিল। তবে, নেমসেকে গল্পটা ভিন্নভাবে লিখেছেন লেখক। আগের বই কন্ট্রোল যেখানে শেষ হয়, এবারে নতুন যাত্রাটা ঠিক সেখানে থেকেই। যেন আগের গল্পেরই দ্বিতীয় পর্ব। এই উপন্যাসেও যা ঘটতে থাকে, তা মূলত কন্ট্রোলে হয়ে যাওয়া কর্মকান্ডেরই ফলাফল।
তবে কি খারাপ লেগেছে? না। বেগ-বাস্টার্ড সিরিজ বাংলা থ্রিলার সাহিত্যের যেকোনো পাঠকের জন্যেই অনেক ক্ষেত্রে একটা আবেগের নাম হয়ে উঠেছে। আমাদেরকে ভিন্ন স্বাদের, এবং একেবারে নিজস্ব এক গল্পের জগতে ডুবিয়ে রাখার কাজটা মোহাম্মদ নাজিম উদ্দিনের আগে কেউ করেননি। আবার, লেখকের আরামদায়ী গদ্যে ৪১২ পৃষ্ঠার আকারটাও যেন ছোট হয়ে আসে পাঠকের কাছে।
এখন কিছু প্রশ্ন আছে। এটা কি সিরিজের সবচেয়ে ভালো বই? কোনোভাবেই না। কন্ট্রাক্টকে বাদ দিকে, নেক্সট আর কন্ট্রোল মানগত দিক দিয়ে এর চেয়ে অনেক এগিয়ে। তবে, এই বইয়ের সমাপ্তি, আমরা অনেকেই হয়তো বাস্তবজীবনে ঘটুক বলেও চাই।
ভালো কি করা যেত? জেফরি বেগ এর ইনভেস্টিগেটর রূপটা এই উপন্যাসে বেশ ম্রিয়মাণ লাগলো। তাছাড়া, কোনো একটা আইডিয়া, থিওরি, মিথ এসব সম্পর্কে পাঠককে কিভাবে জানাতে হয় সেই দক্ষতাটা যে বাঙালি লেখকেরা আজ অবধি শিখতে পারেননি দক্ষ হাতে, এই উপন্যাসে এসে সেই জিনিসটাই আরও একবার দেখা যায়।
গল্পের শুরুটা বেগ বাস্টার্ড সিরিজের কন্ট্রোল যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই। আমার কাছে বইটা দারুণ লেগেছে, একদম রোলার কোস্টার। বইটা বের হওয়ার পরপরই পড়া শুরু করেছিলাম এবং অলমোস্ট একদিনেই শেষ করেছি।
বেগ বাস্টার্ড সিরিজের প্রথম পাঁচটি বইয়ের পর দীর্ঘ সাত বছরের গ্যাপ। এরপর নেক্সট, কন্ট্রোল এবং নেমসেক বের হলো। ব্যক্তিগতভাবে আমার কাছে শেষের এই তিনটি বই আগেরগুলোর তুলনায় অনেক বেশি ম্যাচিওর লেগেছে। আগের বইগুলোও দুর্দান্ত, নাহলে সিরিজটা এত দূর আসত না এবং এত বছর ধরে পাঠকপ্রিয় থাকত না। তবে সিরিজ যত সামনে এগোচ্ছে, আমার কাছে তত ভালো লাগছে পড়তে।
নেমসেক আমার কাছে বেশ ভালো লেগেছে পড়তে। নাজিম ভাইয়ের লেখা এত বিশাল পরিসরে, প্রতিশোধের এই খেলাটা ৪১২ পৃষ্ঠা জুড়ে এমনভাবে এগিয়েছে যে একটানা পড়ে শেষ করে ফেলেছি। দেশে ঘটে যাওয়া নানা ইস্যু এবং কিছু বাস্তব চরিত্রকে লেখক যেভাবে গল্পের সঙ্গে সুন্দরভাবে ব্লেন্ড করেছেন, সেটা বেশ ভালো লেগেছে। দেশীয় প্রেক্ষাপটে এই ধরনের লেখা সবসময়ই কাম্য।
যাই হোক, এই সিরিজ এর সামনের বইগুলোতে বেগকে আরেকটু বেশি অ্যাকটিভ দেখলে ভালো লাগত। সিরিজ এর শেষের কয়েকটা বই অলমোস্ট বাস্টার্ডকে কেন্দ্র করেই পড়লাম। এখন মনে হচ্ছে, পরের বইতে বেগকে আরেকটু বেশি করে সামনে পেলে মন্দ হয় না। এই সিরিজের চরিত্রগুলোর সঙ্গে এতদিনে একটা আলাদা পরিচয় তৈরি হয়ে গেছে, তাই সামনে তাদের আরও কীভাবে দেখি, সেটাও এখন বেশ আগ্রহের বিষয়।
কিছুদিন আগে নেমসেক বইটি নিয়ে থ্রিলার পাঠকদের আসর গ্রুপের লাইভ প্রোগ্রামে নাজিম ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, আবারও একই প্রশ্ন করতে চাই, সিরিজের পরবর্তী বই অর্থাৎ নবম বইটি কবে পেতে পারি? 😷😷😷
বেগ-বাস্টার্ড সিরিজ এখন আর আগের মতো ইঁদুর-বেড়াল খেলায় সীমাবদ্ধ নেই। প্রবেশ করেছে এক জীবনের বাস্তবতায়। যেখানে গল্পের পর গল্পও থাকে। থাকে হাজারো ষড়যন্ত্রের গল্পও। রাজনৈতিক বা সামাজিক এসব গল্পের গোলকধাঁধায় জেফরি বেগ আর বাবলুর গন্তব্য হয়তো একই দিকে। আর যখন গন্তব্য একই দিকে থাকে তখন কখনও একই যাত্রায় শামিল হতে হয়। তার প্রমাণ আমরা পেয়েছি “কন্ট্রোল” বইতে। “কন্ট্রোল” বইটি যারা পড়েছেন, তাদের হয়তো সেই বইয়ের কাহিনি মনে আছে।
যেখানে “কন্ট্রোল”-এর শেষ, সেখান থেকেই শুরু হয়েছে “নেমসেক”। রাজনৈতিক বা সামাজিক প্রতিপত্তিতে যারা বসবাস করে, তাদের এর বিত্ত বা প্রাচুর্য কখনও সহজ উপায়ে আসে না। এসব অর্থের দম্ভে হয়তো তারা ক্ষমতার প্রদর্শনীতে মত্ত থাকে, কিন্তু শত্রুও হয় অনেক। এই শত্রুতার কারণেই দুর থেকে স্নাইপারের চোখ খুঁজে নেই দুই অলিগার্ককে। সমাজের ক্ষমতাবান দুইজনের এমন পরিণতির পর স্বাভাবিকভাবে কাঁপুনি ধরে বিত্তশালী আর ক্ষমতাবানদের অস্তিত্বে।
কিন্তু কে করবে এ কাজ? বাংলাদেশের মতো দেশে এ কাজের দক্ষতা ওই সবার থাকে? জেফরি বেগ তদন্ত করতে গিয়ে এর ভয়াবহতা অনুভব করে। চাইলেই দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষকেও নিকেষ করে দেওয়া সম্ভব। তদন্তের এক পর্যায়ে জেফরি প্রশাসনের এমন কিছু সত্য জানতে পারে, যা অনেক কিছুর দিকেই ইঙ্গিত করে। আর কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যেতে চাইলে যে বাঁধা দেওয়া হবে, এ তো স্বাভাবিক!
এ কারণেই কি না, জেফরি বেগকে অপহরণ করা হলো? না-কি অতীতের কোনো শত্রুতা? জাহান গ্রুপের করতে শাহজাহান কি ছেলে হত্যার প্রতিশোধ নিতে এত দূর যেতে পারে? ক্ষমতা আর টাকা মানুষের মনের পাষন্ড মনোভাবকে বের করে আনে। আর একবার যে প্রতিশোধের দহনে পুড়ে, সেই আগুন আশেপাশের অনেক কিছুই জ্বালিয়ে দেয়।
বেগ যখন অপহৃত, তখন তাকে খোঁজার জন্য হন্যে হয়ে তার দল মাঠে কাজ করছে। কোনো সূত্র নেই। যেন ভোজবাজির মতো উবে গিয়েছে তাদের চিফ ইনভেস্টিগেটর। অপরপ্রান্তে বসে সে খবরটা পেয়েছে বাস্টার্ড। একসময়ের প্রতিদ্বন্দ্বী থাকার পরও কেমন যেন মায়া কাজ করে। এই মায়াটা কি দূর্বল করে দিবে নিজেকে? কিন্তু বাস্টার্ড যে দূর্বল হতে জানে না। নিজের কাজ নিজেই করে বেড়ায়। যদিও গোপনে, নীরবে একের পর এক লক্ষ্যে বুলস আই স্থাপন করে চলেছে।
কিন্তু নিজের আশ্রয়দাতার উপর আঘাত এলে যে চুপচাপ বসে থাকা যায় না। এক সাদা চামড়ার যমদূত এসেছিল অমূল্য বাবুর দুয়ারে। ভাগ্যক্রমে সেদিন অমূল্যবাবু বেঁচে গেলেও বাস্টার্ড কি চুপচাপ বসে থাকতে পারে? মাঠে নামা তখন অনিবার্য হয়ে পড়ে। শত্রু যখন একবার আঘাত করে ব্যর্থ, তখন আরেকবার ঠিকই আঘাত হানবে। সেই সুযোগটা দেওয়া যাবে না। তার আগেই পাল্টা আঘাত হানতে হবে। মন বলছে, এর সাথে জেফরি বেগের অন্তর্ধানের বিষয়ও জড়িত।
বাস্টার্ডের কাজ করার নির্দিষ্ট ছক আছে। সে ছক অনুসারে এগিয়ে চলেছে সে। নীরব, মুখচোরা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাস্টার্ড যখন কাজ করতে মাঠে নামে, তার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। তখন জেফরি বেগের মতো করে বলতে হয়, বাবলু কখনও হারে না।
এই ঘটনাপ্রবাহের মাঝেই দেশে আসে দুবাই থেকে এক ইনভেস্টিগেটর। শাহজাহান করিমের ছেলে আলভীর অপঘাতে মৃত্যুর তদন্ত করতে। সে খুঁজে বেড়াচ্ছে পার্থিব রায় চৌধুরীকে। শাহজাহান নিজেও খুঁজছে তার ছেলের হত্যাকারীকে। এখন আর তার পিছুটানের কিছু নেই। বড় ছেলে অনৈতিক ও নিষিদ্ধ এক কাজের জন্য বাড়ি ও দেশ ছাড়া, ছোট ছেলে মৃত। স্ত্রী থেকেও নেই। বিশাল এ সম্রাজ্যের অধিপতি একা। তার এই অঢেল সম্পত্তি কিন্তু কোনো কাজে লাগবে না। তাই যত টাকাই লাগুক ক্ষমতার বলে সে ছেলের খুনিকে খুঁজে শাস্তি দিবেই। নিজের চোখে দেখে পৈশাচিক আনন্দ নিবে। কিন্তু বর্তমানে দেশের অনেক হোমরাচোমরা, ক্ষমতাবানরা এক অদৃশ্য শত্রুর বুলস আইয়ের নিচে। একবার ট্রিগার টেনে দিলেই, শেষ! জাহান সম্রাজ্যের অধিপতি কি তার থেকে নিস্তার পাবে?
বেগ-বাস্টার্ড সিরিজের অষ্টম বই “নেমসেক”-এর ঘটনাপ্রবাহ “কন্ট্রোল”-এর পর থেকে। এ বইটি পড়তে অবশ্যই “কন্ট্রোল” পড়তে হবে। এখন বেগ-বাস্টার্ড সিরিজের গল্পের গতিপথ পরিবর্তন হয়েছে। পুরোনো সেই ইঁদুর-বিড়াল খেলা এখন আর পাওয়া যাবে না। থ্রিলও আগের মতো নেই। তবে যতটুকু আছে, আমার মতো পাঠকের জন্য তাই-ই যথেষ্ট। খুব বেশি থ্রিলের চেয়ে গল্প আমার কাছে প্রাধান্য পায়।
এখানে গল্প আছে। দেশের রাজনৈতিক অবস্থা, ক্ষমতাকে টাকার পাল্লায় মাপা, টাকার কাছে দেশের মন্ত্রী মহোদয়ের জিম্মি হয়ে থাকার ঘটনাক্রমে লেখক আলোকপাত করেছেন। টাকার যতই ক্ষমতা হোক না কেন, সে সবকিছু কিনতে পারে না। জাহান গ্রুপের মতো দেশের অলিখিত সম্রাজ্যের সম্রাট এখানে বিফল। জেফরিকে কিনতে পারেনি, কিনতে পারেনি ছেলের জীবন। এখন এই টাকা আর ক্ষমতার জোরে সে ছেলে হত্যার প্রতিশোধ নিতে চায়।
এই বইতে বেগ কিংবা বাস্টার্ড ফোকাস কম পেয়েছে। তারচেয়ে লেখক দেখাতে চেয়েছেন এই প্রতিশোধপরায়ন বাবা কতদূর যেতে পারে। কী কী করতে পারে নিজের ক্ষমতা দেখানোর জন্য। তারপরও গল্প এগিয়েছে বেগ আর বাস্টার্ডকে কেন্দ্র করেই। তারা বইতে কম সময়ের জন্য থাকলেও তারাই যে প্রধান চরিত্র, এটা গল্পের ঘটনাপ্রবাহে পরিলক্ষিত হয়।
লেখকের লেখায় একটা বিষয় ভালো লাগে। তিনি খুব ডিটেইলে বর্ণনা করেন। চরিত্রগুলোকে একদম গভীর থেকে তুলে আনেন। ফলে চরিত্রগুলো বেশ জীবন্ত মনে হয়। যে কয়টা চরিত্র এখানে জায়গা পায়, প্রত্যেকের ভূমিকা থাকে। কেউ হয়তো বেশি সময় থাকে, কেউ কম। তবে এখানে কারো ভূমিকা কোনো অংশে কম থাকে না। লেখকের নির্দিষ্ট দর্শন আছে। এই দর্শন তিনি বইয়ের নানান অংশে ছড়িয়ে দেন। তিনি যেভাবে সমাজকে দেখেন, দেশকে দেখেন, বিচার বিবেচনা করেন; তার সবকিছুই বইতে তুলে ধরেন।
জেফরি বেগ হোমিসাইড বিভাগের চিফ ইনভেস্টিগেটর। তাকে তার দলের সবাই ভালোবাসে। তার অন্তর্ধানে এই বিষয়টা খুব প্রকট হয়ে দেখা দিয়েছে। দলের নেতা যদি তার দলকে আগলে রাখে, তার জন্য তার অনুসারীরা জীবন পর্যন্ত দিতে পারে। এমনকি এই বিভাগের যিনি হেড, তিনিও যেমন ভালোবাসা দেখিয়েছেন বেগের প্রতি, তা অমূল্য। তবে বেগের পরিস্থিতি আমাকে শঙ্কায় ভুগিয়েছে। এক ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। বেগের মতো একজন পেশাদার ট্রেনিংপ্রাপ্ত অফিসারের এমন অসহায়ত্ব আসলে মন খারাপ করে দেয়।
পাঠক হিসেবে এখানে একটা বিষয় আবিষ্কার করলাম। এই সিরিজের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছি, প্রতিটি চরিত্রকে খুব কাছের মনে হয়। তাই কোনো চরিত্র বিপদে পড়লে অস্থির লাগে। মনে হয়, কেন এখনো এ পরিস্থিতি? কোনো আক্রমণাত্মক ঘটনায় অ্যাড্রেনালিন রাশ ঘটে। উৎকণ্ঠার সাথে চলে গল্পের এগিয়ে যাওয়া। আর এ কারণে খুব দ্রুত পড়া এগিয়ে চলে। শেষটা জানার জন্য। অথবা কী পরিণত হয়, তা জানার আগ্রহ থেকে।
এই গল্পের অনেক শাখা প্রশাখা ছিল। একদিকে জেফরিকে খুঁজে বের করতে তদন্ত প্রক্রিয়া চলেছে, বাস্টার্ড নিজের মতো কাজ করে চলেছে, রাজনৈতিক দিক দিয়ে ক্ষমতার প্রদর্শনী যেমন ছিল, টাকা দিয়ে ছেলের হত্যাকারীকে খুঁজে বের করার মিশন ছিল। সবকিছুকে এক বিন্দুতে মিলিয়ে এনেছেন লেখক। বাস্টার্ড মাঠে নামার পর গল্প গতি পেয়েছে। আমি আগেই বলেছি, এখানে থ্রিলের চেয়ে গল্প গুরুত্বপূর্ণ ছিল।
মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা এমনিতেই গতিশীল। তার ভাষাশৈলী সহজবোধ্য। ফলে পড়তে আরাম লাগে। তবে লেখকের বর্ণনার ভক্ত আমি। তিনি ঘটনাক্রম বেশ সূক্ষ্মতার সাথে বর্ণনা করেন। আক্রমণগুলোর বর্ণনা, ছোটখাট সূক্ষ্ম বর্ণনা, ব্যাকস্টোরি, ইতিহাস, প্রতিটি ঘটনার পিছনে কাহিনিগুলো তিনি যেভাবে বর্ণনা করেন, পাঠক হিসেবে আক্ষেপ থাকে না। লেখকের সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক অসঙ্গতি, সমাজের অন্ধকার দিক, ক্ষমতার অপব্যবহারের ফিরিস্তি, রাজনৈতিক সংকট, আইন শৃঙ্খলা বাহিনীর গভীরে থাকা অন্ধকারকে লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
দারুণ এক গল্পের প্লট, গতিপথ, গল্পের রেশ থাকার পরও কিছু প্রশ্ন থেকে যায়। আলভীর বিধবা স্ত্রী মাহী ক্ষমতা দখলের জন্য যতটা নিচে নামা যায়, নিচে নেমেছিল। কিন্তু হুট করেই গল্প থেকে হারিয়ে গেল। শুরুর দিকে যে স্নাইপারের টার্গেট ক্ষমতাবানদের দিকে নিবদ্ধ, তার কারণ বর্ণনা করা হয়নি। দুবাই থেকে যে গোয়েন্দা দেশে এসেছিল, তার ভূমিকাও হঠাৎই নাই হয়ে গেল। তবে আমি লেখককে যেভাবে চিনেছি, তিনি হয়তো পরবর্তী বইতে সবগুলো বিষয় নতুন করে নিয়ে আসবেন।
বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে কিছু ছাপার ভুল ছিল। তবে প্রকাশনীর সুখ্যাতির চেয়ে অনেক কম। কারণ, ধারণা বানানগুলোর ভুল ছিল। প্রচ্ছদ বরাবরই বেগ বাস্টার্ড সিরিজের সামঞ্জস্যে ফুটিয়ে তোলা হয়েছে।
পরিশেষে, এক সময় বেগ-বাস্টার্ড সিরিজ পছন্দের কারণ ছিল বেগ আর বাস্টার্ডের দ্বিমুখী লড়াই। তবে বর্তমান সময়ে সিরিজ যেভাবে এগিয়েছে, তাতে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। বরং দুইজনের মধ্যে এখন নীরব সহযোগিতা আর সহমর্মিতা বিদ্যমান। পরবর্তীতে কী হবে, কীভাবে গল্প এগোবে, কোন প্লট নিয়ে লেখক নতুন করে করে কাহিনি বাঁধবেন; তার একটা আগ্রহ থেকে গেল। জেফরি বেগ আর বাবলুর এ সৌহার্দ্যপূর্ণ যাত্রা, কিংবা কখনও মুখোমুখি হওয়া; আমরা পাঠক হিসেবে অপেক্ষা করে থাকি তাদেরকে জানার জন্য।
বাংলা মৌলিক থ্রিলারের পাঠকদের কাছে মোহাম্মদ নাজিম উদ্দিনের বেগ-বাস্টার্ড সিরিজ একটি পরিচিত নাম। সিরিজের কেন্দ্রীয় দুই চরিত্র জেফরি বেগ ও বাস্টার্ড। একজন তদন্তকারী অন্যজন পেশাদার খুনি। তাদের ভিন্ন অবস্থান ও দ্বন্দ্ব সিরিজটিকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
বেগ-বাস্টার্ড সিরিজের অষ্টম বই নেমসেক। কন্ট্রোল যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এই বইয়ের গল্পের শুরু। তাই বইটি পড়ার আগে সিরিজের আগের বইগুলো বিশেষ করে কন্ট্রোল পড়ে নেওয়া জরুরি।
প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের এক জটিল চক্রে আটকে পড়ে জেফরি বেগ। শাহজাহান করিমের পুত্রহত্যার প্রতিশোধ নিতে অপহরণ করা হয়েছে তাকে। হোমিসাইড চিফ ইনভেস্টিগেটর হত্যা করেছে? না অন্য কেউ? জানতে হলে কন্ট্রোল পড়তে হবে।
অপরদিকে, বাস্টার্ডও মুখোমুখি হয় এক রহস্যময় ও ধূর্ত প্রতিপক্ষের, যার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। বাস্টার্ড কী পারবে জেফরি বেগকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? নাকি সময়ের কাছে হার মানতে হবে তাকেও?
নেমসেক এমন এক প্রতিশোধনির্ভর থ্রিলার যেখানে পুরোনো দ্বন্দ্ব নতুন সংকট তৈরি করে এবং জেফরি বেগ ও বাস্টার্ডকে ঠেলে দেয় অনিশ্চিত পরিণতির দিকে। তবে এবার প্রতিপক্ষের চাল কতটা গভীর আর এই প্রতিশোধের খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে?
কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যেমন পড়তে হয়, তেমনি কিছু চরিত্রের পরবর্তী গন্তব্য জানার কৌতূহলও বইয়ের পাতা উল্টাতে বাধ্য করে। বেগ-বাস্টার্ডের এই নতুন অধ্যায়েও সেই কৌতূহলই মুখ্য।
নাজিম ভাইয়ের লেখা পড়তে খারাপ লাগে না।এই বইটাও উতরে গেছে। তবে বেগ বাস্টার্ড সিরিজ পড়লে কেন জানি মনে হয় নাজিম ভাই অন্যান্য থৃলারগুলোর প্রতি বিমাতাসুলভ আচরণ করে
Very disappointing. আমি এই সিরিজের সাথে প্রথম পরিচিত হই সেই ২০১৫ সালে এসএসসি পরীক্ষা দেবার পর। তখন থেকেই আমার খুবই পছন্দের একটা সিরিজ বেগ-বাস্টার্ড। এই সিরিজের ৮ম খন্ড 'নেমসেক' একই সাথে বিরক্ত, হতাশ, এবং ইভেন বোর করেছে আমাকে। এত খারাপ লাগার কারণ:
১. খুব বেশি হলে ২০০ পৃষ্ঠার গল্প টেনে-হিচরে ৪০০+ করা হয়েছে। ২. গল্পে কোনো টুইস্ট, টার্ন, সাসপেন্স, কিছুই ছিল না। ৩. জুলাই আন্দোলনের পর লেখক এই সিরিজের মূল স্টোরিলাইন থেকে সরে এসে বাংলাদেশের আমলা, সিন্ডিকেট, প্রভাবশালী ব্যক্তিবর্গের সমালোচনা ও খোটা দেয়ার প্লাটফর্মে পরিনত করেছে। লেখক এদের উপর ফেড-আপ বুঝেছি তাই বলে সিরিজের পরপর দুইটি বই এদের উপর ডেডিকেট করার প্রয়োজন ছিল না। ৪. এই সিরিজ নিয়ে সবসময়ই এক্সপেক্টেশন বেশি থাকে, তাই অনেক বেশিই খারাপ লেগেছে।
পরিশেষে বলবো নাজিম ভাইয়ের রিসেন্ট প্রতিটা বই ফ্লপ, ফ্লপ মানে একদম হাতে নেয়ার মত না। কসমজাহি, ভিঞ্চি ক্লাব আর এবার নেমসেক...প্রতিটাই বিলো এভারেজ ছিল। সামনে আর মৌলিক থ্রিলার কেনা হবে বলে মনে হয় না, প্রি-অর্ডার তো অনেক দূরের কথা।
❛টাকা, ক্ষমতা আর একদল চাটুকার - সমাজে অন্যায়, অবিচার নির্বিঘ্নে ঘটার একদম পারফেক্ট রেসিপি!❜
একমাসের ব্যবধানে খু ন হয়েছে সমাজের রুই কাতলা শ্রেণীর দুই ব্যক্তি। কেতাবি ভাষায় তারা অলিগার্ক নামে পরিচিত। নিজেদের বেষ্টনীর মধ্যে থেকেও এরকম ভাবে মা রা পড়ছে তারা। ব্যাপারটা চিন্তায় ফেলেছে হোমিসাইড সহ প্রশাসন এমনকি সরকারের উচ্চ পর্যায়েও। এমন ক্লিন স্নাইপার শট করতে পারে এমন কে আছে এই দেশে!
জেফরি বেগ হাই প্রোফাইল এই হ ত্যার তদন্ত করছে। কিন্তু সরকারের ভিতরের নানা বাঁধার কারণে ঠিকমতো তদন্ত এগোতেও পারছে না। এমন নীরব হ ত্যার জন্য অন্যান্য অলিগার্কদের মধ্যেও ভীতি কাজ করছে। তারা সবাই যদি বিদেশ পালায় জান বাঁচাতে তো দেশ অচল হয়ে পড়বে।
তদন্ত করতে গিয়ে জেফরি এমন কিছু তথ্য পেয়েছে যা স্পর্শকাতর। সরেজমিনে তদন্তের অনুমতি নেই। এভাবে হলে কেস সমাধান হবে না। কাদের সে ক্ষেপিয়ে তুলছে তার ধারণা নেই।
প্রতিশোধের আগুনে জ্বলছে সে। রাগে ফুঁসছে। যে করেই হোক আপনজন হ ত্যার শোধ সে নিবেই। তার হারানোর কিছু নেই। টাকা দিয়ে যদি সে এইটুক করতে না পারে হাজার কোটি টাকার মালিক হয়ে লাভটা কী!
হোমিসাইড প্রধান ফারুকের মাথায় হাত। বিশ্বাস করতে পারছে না এমন কিছু আসলেই হয়েছে। সর্বনাশ হয়েছে! কোনো হদিশ পাওয়া যাচ্ছে না হোমিসাইডের চিফ ইনভেস্টিগেটর জেফরি বেগের। থমকে গেছে পুরো হোমিসাইড। কেউ কি তাকে অপহরণ করেছে? কার জিঘাংসার শিকার জেফরি?
বিশাল এই গ্রুপের চিফ সিকিউরিটি কায়সার। ক্ষমতা আর টাকার তাপ তার গায়েও লেগেছে। মনে মনে কী ফন্দি সে করছে বোঝার উপায় নেই। কিন্তু মালিকের এই প্রস্তাবে সে সহমত হতে পারছে না। হুকুম তামিল করতে গিয়ে শেষে না কোন বিপদ ডেকে আনে। আগের দুজন কর্মকর্তার পরিণতি সে ভালো করেই জানে।
জেফরি বেগ বুঝতে পারছে না সে কোথায়। কিছুই মনে পড়ছে না তার। কী হলো, কী করে হলো কোনো স্মৃতি নেই তার। তবে যা বুঝছে শেষ সময় আগত। এখান থেকে বেঁচে ফেরা মুশকিলই নেহি, না মুমকিন হ্যায়!
দুবাই থেকে আবদেল রশীদ নামে এক গোয়েন্দা এসেছে সেই আলভী হ ত্যার তদন্ত করতে। আছে দেশীয় এক সাসপেক্টের নাম। ঝানু গোয়েন্দা তিনি। তবুও দেখা যাচ্ছে এই কেসে এখনো আলোর মুখ দেখা যায় তেমন কিছু ঘটেনি।
অমূল্য বাবু বুঝতে পারছেন না কী করবেন। সাদা চামড়ার এই ভিনদেশী কে? তাকে আক্রমণ করার কারণ সে বুঝেছে। কিন্তু দেখে যা মনে হচ্ছে এই কঠিন প্রতিপক্ষের সাথে পেরে উঠা বেজায় কঠিন। বাবলুও থেমে থাকার পাত্র নয়। বিপদ যত কঠিনই হোক না কেন বাবলু কখনো হারে না। সে সবসময়ই ধীর স্থির এবং শিকারের ব্যাপারে তীক্ষ্ণ।
ঘাঘু এই প্রতিপক্ষ যতই বিপজ্জনক হোক না কেন এই খেলায় জিততে হলে বাবলুকে একটা বাজি ধরতেই হবে। তাহলে হয়তো সে জেফরি বেগকেও বাঁচাতে পারবে, যদি না তাকে এখনো মে রে না ফেলা হয়।
টাকা, ক্ষমতা, রাজনীতি আর চাটুকারিতার সাথে বুদ্ধির এই দ্বৈরথে কে জিতবে সেটা সময়ই বলে দিবে। কিন্তু সময় বড়োই কম। প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। কারণ খেলা যে চলছে কোন লেভেলে সেটা বোঝার সাধ্য নেই!
পাঠ প্রতিক্রিয়া:
❝নেমসেক❞ মোহাম্মদ নাজিম উদ্দিনের বেগ-বা স্টার্ড সিরিজের অষ্টম বই।
সপ্তম বই ❛কন্ট্রোল❜ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই সূচনা এই বইয়ের। কাহিনি বুঝতে গেলে আগের বইয়ের ঘটনা জানা আবশ্যক।
অষ্টম এই বইটি থ্রিলার, বেগ-বা স্টার্ডের দ্বৈরথ কে ছাপিয়ে পেয়েছে অন্য এক মাত্রা। লেখক ধুমধারাক্কা থ্রিলার লিখলেও এই বই অনেক দিক থেকেই হয়ে উঠেছে অনন্য। আর এই ভিন্নতা পাঠক হিসেবে আর বেশ ভালো লেগেছে।
আমি মনে হয় স্রোতের প্রতিকূলে চলাদের দলে পড়ি। এই সিরিজের বেশিরভাগ পাঠক বা স্টার্ডকে বেশি পছন্দ করলেও আমার সবসময়ই পছন্দ বেগকে। তাদের দ্বৈরথে আমি বেগের পক্ষেই ছিলাম বেশি। যদিও সেটা গত বই থেকেই ভিন্ন মাত্রা নিয়েছে। এই বইতেও সেটা অব্যাহত ছিল।
বেগের অপহরণ হওয়া আর পরিস্থিতির কারণে বাবলুর সে মিশিন নিজেকে জড়িয়ে ফেলা পুরোটাই তাদের চির প্রতিদ্বন্দ্বী মানসিকতার অনেকটাই অবসান করেছে। আর কেন জানিভেই ব্যাপারটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।
গল্পের প্লট প্রতিশোধের উপর প্রতিশোধ হলেও লেখক এখানে রাজনৈতিক, প্রশাসনিক আর চলমান অনেক বিষয়ে আলোকপাত করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরের নানা চাল, আয় নাঘর, ক্ষমতাবানদের ক্ষমতার অপব্যাবহার এমনকি পারিবারিক রাজনীতিও এখানে প্রাধান্য পেয়েছে।
আগের বইগুলোর মতো টুইস্টের আধিক্য নেই। কিন্তু লেখকের গল্প বলার ধরন এবং সাবলীল বর্ণনার গুণে কাহিনি হয়ে উঠেছিল চমকপ্রদ। লেখক সমাজ, রাষ্ট্রের অসঙ্গতির সাথে উপন্যাসের কাহিনির অপূর্ব মেলবন্ধন করেছেন।
প্রতিটি অধ্যায়ের সাথে গল্পের সংযোগ ছিল, গল্পের পিছনের গল্প ছিল। কোনো ঘটনাই হুট করে উদ্ভূত হয়নি। ঘটনার ব্যাখ্যা, গল্প দারুণভাবে উপস্থাপন করেছেন।
একমনে পড়ে যাওয়ার মতো ঘটনা ছিল। আর প্রতি মুহূর্তেই উদ্বেগ কাজ করেছে জেফরির জন্য। পড়ার গতি আরও বেড়েছে বাবলুর মিশনে নামার পর। থ্রিল ছিল, পরে কী হয় জানার উৎকণ্ঠা ছিল। সেই সাথে চিরাচরিত বাবলুর স্টাইল এবার যেন আরও বেশি ভালো লেগেছে।
আমার কাছে এই সিরিজের অন্যতম পছন্দের বই হয়ে থাকবে এটা। লেখক এখানে শুধু দুই মূল চরিত্রের দ্বৈরথের মাঝেই গল্প আটকে রাখেন নি। অন্যান্য চরিত্র এই উপন্যাসে গুরুত্ব পেয়েছে। প্রত্যেকের গল্প ছিল, মূল গল্পের সাথে তাদের সামঞ্জস্য ছিল। অযাচিত কিছুর উপস্থিতি ছিল না।
লেখক নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে লিখেছেন। তবে সবকিছুর সাথে হয়তো ব্যক্তিগতভাবে আমি একমত ছিলাম না।
গল্প কোথাও ছুটে না গেলেও মাহির হুট করে গায়েব হওয়া মানে গল্পে তাকে হুট করেই সরিয়ে দেয়াটা পছন্দ হয়নি। দুবাই গোয়েন্দার ক্ষেত্রেও ব্যাপারটা এক।
এই বইয়ের নাম দেখে আমি ভাবছিলাম এর অর্থ কী?
বইটা পড়ার পর এই নামের যথার্থতা উপলব্ধি করেছি। উপন্যাসের নাম হিসেবে বইয়ে গল্পের সাথে মানানসই নাম এবং একে নামকরনের সার্থকতার হিসেবে ফেললে পুরোপুরি সার্থক একটি নাম।
এই উপন্যাসের অন্যতম ভালো কিংবা বিমর্ষ ঘটনা আমারকাছে ওই ❛জন্মই তার আজন্ম পাপ❜ গল্পটা। এছাড়াও সেই ২০১০ এ শুরু হওয়া এই সিরিজ এত গুলো বছর পার করেছে। লেখক এবার এই সময়ের ব্যাপারটাও গল্পে বয়সের প্রেক্ষিতে তুলে এনেছেন। বয়স হচ্ছে আমাদের প্রিয় দুই চরিত্রের! সময় এমন জিনিস যা গল্পের চরিত্রকেও বুড়ো হওয়া থেকে রেহাই দেয় না।
শেষটা কেমন? সেটা পড়তে গেলে পাঠক নিজেই জেনে নিবেন।
চরিত্র:
আগেই বলেছি এখানে নির্দিষ্ট ব্যক্তির প্রতি ফোকাস ছিল না। গল্পের প্রায় প্রতিটি চরিত্রই গুরুত্ব পেয়েছে।
বেগ-বা স্টার্ড নিয়ে তেমন কিছু বলার নেই। তাদের নতুন মাত্রা আমার চমৎকার লেগেছে।
এখানে কায়সার চরিত্র নিয়ে কথা বলা যেতে পারে। এই চরিত্র ধূসর আর ভালোর মিশেল ছিল। হয়তো পরিস্থিতি কিংবা লালসা তাকে ভিন্ন করেছে। এই চরিত্রের ডেভেলপ সুন্দর ছিল।
জামানকে এখানে আগের থেকেও পরিণত দেখিয়েছে।
তবে নারী চরিত্রের ডেভেলপমেন্ট নিয়ে আমার খেদ আছে। মাহি, সিসমি কিংবা সীতারা বেগম এদের চাইলে ভিন্নভাবে ব্যবহার করা যেত। খালি পণ্য হিসেবেই লেগেছে কেন জানিনা।
প্রচ্ছদ, প্রোডাকশন:
প্রচ্ছদ ভালো লেগেছে। তবে প্রচ্ছদের ওই মুখখানা দেখে প্রথমেই কেন জানি আমি শাহরুখ খান ভেবেছিলাম!
প্রকাশনীর সম্পাদনা, প্রোডাকশন মান আগের থেকে উন্নত হয়েছে। বানানে কিছু ভুলভাল ছিল আরকি। তবে এক জায়গায় ফারুক সাহেব আর সহিদ আখন্দ কথা বলছিল। সেখানে স্ত্রীর উল্লেখ এসে গেছে। হয়তো সেখানে ফারুক সাহেবের সম্বোধন হতো। মিসটেক হয়েছে।
❛যাকগে, অলিগার্ক কিংবা হাজার কোটি টাকার মালিকদের জীবন, আচরণ আর নিষ্ঠুরতার গল্প জেনে অবশ্যই আনন্দ লাগেনি। টাকা সবসময় সুখ দিতে পারেনা। ক্ষমতাবান লোক পনেরো বিশ হাজার কোটি টাকার মালিক এই শুনে আমার নিজেরই রাতের ঘুম নষ্ট হয়ে গেছিল! এরা রাতে ঘুমায় কীভাবে?❜
সিরিজের শুরুর দিক থেকে যে জমে উঠা ছিলো না করাচি র পর থেকে তা কেমন জানি ঝিমিয়ে গেছে। মাঝখানে কন্ট্রোল এ একটু ইমোশনাল টাচে আনলেও নেমসেক প্রতিশোধের গল্প। কিছু টা স্লো কিছু জমছে ছুটে যাচ্ছে, মনোযোগ হারাচ্ছি, রাজনৈতিক আর ক্ষমতার কচকচানি কেমন জানি হয়ে উঠতাছে সিরিজ টা। কিন্তু শুরু দিকের বইগুলো কেমন ছিলো ইদুর বেড়াল দৌড়, ধর মার একশন, যোগসূত্র, স্বীকারোক্তি আবার ইমোশন উমা মেঘলা পাকিস্তান কতকিছু। সব মিলিয়ে করাচি র পর আর জমছে না। অভার অল প্রতিশোধ এর গল্প তবে আরো একশন আশাবাদী ছিলাম আরকি।। কেন জানি সেই কেউ কেউ কথা রাখে, জাল, ১৯৫২, মুশকান জুবরীর নাজিম উদ্দিন কে মিস করছি।।
বাস্টার্ড কখনও হারে না বেগ-বাস্টার্ড সিরিজ মোহাম্মদ নাজিম উদ্দিন কিছু বই পড়া শেষ হলে আমরা তাকে তাকে তুলে রাখি। আর কিছু বই আমাদের ভেতরে থেকে যায়। রাতে লাইট নিভিয়ে শুয়ে থাকার সময় হঠাৎ মনে পড়ে যায় কোনো এক চরিত্রের নিঃশব্দ পদক্ষেপ। বেগ-বাস্টার্ড আমার কাছে দ্বিতীয় দলের বই। আর আট নম্বর বই "নেমসেক" শেষ করার পর আমি অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে বসে ছিলাম, কারণ বুঝতে পারছিলাম না, এই গল্প আমাকে ভয় দেখিয়েছে, নাকি কাঁদিয়েছে। যেখানে শুরু, সেই ধানমণ্ডির রক্তাক্ত ঘর সবকিছুর শুরু "নেমেসিস" দিয়ে। পক্ষাঘাতগ্রস্ত এক জনপ্রিয় লেখক নিজের অ্যাপার্টমেন্টে খুন হলেন, আর প্রথমবারের মতো আমরা দেখা পেলাম জেফরি বেগের। সহজ কেস, দ্রুত সমাধান, তারপরই গোয়েন্দার চোখে ধরা পড়ল একের পর এক অস্বাভাবিকতা। সত্যি কথা বলি, এই শুরুটা সবাইকে সমানভাবে টানেনি। কোনো কোনো পাঠক প্রথম বইকে ধীরগতির বলেছেন, কেউ মিশ্র প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। আমার মনে হয়, বেগ চরিত্রটাই ধীরস্থির, আর তাঁর সেই স্থিরতাই এই সিরিজের ভিত্তি। কারণ এই স্থিরতার উল্টো পিঠেই তো দাঁড়িয়ে আছে বাস্টার্ড, ঝড়ের মতো দ্রুত, ছুরির মতো নিঃশব্দ। "কন্ট্রাক্ট": যেদিন এক খুনি পাঠকের হৃদয় জয় করল সিরিজ আসলে প্রাণ পেল দ্বিতীয় বইতে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত "কন্ট্রাক্ট" পাঁচ লক্ষ টাকার একটা টেলিফোন কল দিয়ে শুরু হয়, আর তারপর আর থামে না। দেশে ফিরে আসে পেশাদার খুনি বাস্টার্ড, ব্ল্যাক রঞ্জুর সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়ার চুক্তি নিয়ে। বইটার গতি এতটাই তীব্র যে অনেক পাঠক এক বসায় শেষ করেছেন। Goodreads-এর হিসাবটা আমাকে সত্যিই ভাবিয়েছে। প্রায় দুই হাজার পাঠকের রেটিংয়ে গড় ৪.২২, আর তাঁদের প্রায় তিন-চতুর্থাংশ পাঁচ বা চার তারা দিয়েছেন। এই সংখ্যার পেছনে এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে: পাঠক একজন খুনির প্রেমে পড়েছে। ভারতের এক লেখকও প্রকাশ্যে জানিয়েছেন, এমন পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সীমান্তের এপারে বা ওপারে খুব কম লেখা হয়েছে। আর এক পাঠিকা যা লিখেছেন, তা পড়ে আমি হেসেছি, আবার বুকটাও ভারী হয়েছে। তিনি জেফরি বেগকে বেগ বললেও বাস্টার্ডকে "বাবলু" ছাড়া কিছু ডাকতে পারেন না। এটাই বাস্টার্ডের জাদু। সে ঠান্ডা মাথায় একের পর এক মানুষকে শেষ করে দেয়, অথচ উমার সামনে গিয়ে তার হৃদপিণ্ড এমন লাফায়, যা কোনো খুনের সময় লাফায়নি। সিএনজির সেই দৃশ্যটা কে ভুলতে পারে? "আমি যদি বলি তোমাকে ভালোবাসি তুমি কি কিছু মনে করবে?" আর উমার নিঃশব্দ উত্তর, "না, বাবলু!" ওই একটা লাইনে একজন খুনির গোটা জীবনের নিঃসঙ্গতা ধরা পড়ে যায়। পরে "কন্ট্রাক্ট" নিয়ে ওয়েব সিরিজও হয়েছে, চঞ্চল চৌধুরী আর আরিফিন শুভকে নিয়ে। পর্দার সেই রূপ নিয়ে পাঠকেরা দ্বিধাবিভক্ত। অনেকেই বলেছেন, বইয়ের ধার পর্দায় আসেনি। এই দ্বিমতই প্রমাণ করে, বাস্টার্ড পাঠকের ভেতরে নিজের একটা আকার নিয়ে বসে গেছে, যা কোনো অভিনেতাও পুরোপুরি ধরতে পারে না। "নেক্সাস" থেকে "করাচি": অন্ধকার যখন গভীরতর হয় এরপর এল "নেক্সাস"। এক অভিজাত স্কুলের সাধারণ জুনিয়র ক্লার্কের লাশ, আর তার পেছনে লুকানো এক ভয়ংকর সন্ত্রাসীচক্র। এল "কনফেশন", যেখানে বদলে যাওয়া বাস্টার্ড ইন্টারোগেশন রুমের নির্জন টেবিলে নিজের অতীত খুলে বসে। এক পাঠক লিখেছেন, বাবলু আবারও পুরো আলো কেড়ে নিয়েছে। আমি তাঁর সঙ্গে একমত। সেই পাঠকের একটা আক্ষেপও আমার বুকে বেজেছে: বেগ আর বাস্টার্ড যেভাবে আলাদা হলো, সেটা গল্পের জন্য মানানসই, তবু মন মানে না। "করাচি" আমাদের নিয়ে গেল সময়ের উল্টো পথে, বারো শ' মাইল দূরের এক অরাজক শহরে। এটি প্রিকুয়েল, আর এখানেই পাঠক জানল বাস্টার্ড কীভাবে বাস্টার্ড হলো। "নেক্সট"-এ ফিরে এল ব্ল্যাক রঞ্জু, ভস্ম থেকে জেগে ওঠা ফিনিক্সের মতো। "কন্ট্রোল"-এ ঘটল সিরিজের সবচেয়ে বড় বাঁক: যে বেগ সারা জীবন বাস্টার্ডকে খুঁজেছে, সেই বেগ নিজেই এল তার কাছে একটা চুক্তি নিয়ে। সাত বইয়ে আমরা শিখেছিলাম, এই দুজন একে অপরের শত্রু। "নেমসেক" এসে দেখিয়ে দিল, আমরা কিছুই বুঝিনি। নেমসেক: যেখানে শিকারি নিজেই শিকার এই বইয়ের শুরু একটা নিঃশব্দ গুলিতে। দূর থেকে এক স্নাইপারের চোখ খুঁজে নেয় দুই ক্ষমতাবানকে। দেশের অভিজাত মহলে কাঁপুনি ধরে, কারণ তারা বোঝে, যে বুলেট আজ অন্যকে ছুঁয়ে গেছে, কাল সেটা তাদের দিকেও ঘুরতে পারে। কে এই অদৃশ্য শত্রু? কেন সে ট্রিগার টিপছে? বইয়ের শেষ পর্যন্ত এই প্রশ্নের পুরো উত্তর মেলে না, আর সেটাই আমার রাতের ঘুম কেড়েছে। তদন্তে নেমে জেফরি বেগ টের পান, এ দেশে ইচ্ছে করলে সবচেয়ে ক্ষমতাশালী মানুষটিকেও সরিয়ে দেওয়া যায়। প্রশাসনের গভীরে এমন কিছু সত্য তিনি দেখেন, যা না দেখাই ভালো ছিল। আর তারপর, ঠিক যখন তিনি কেউটের গর্তে হাত ঢুকিয়েছেন, তিনি হারিয়ে যান। অপহরণ। কোনো সূত্র নেই, কোনো চিহ্ন নেই। একজন প্রশিক্ষিত অফিসার, যাঁর জন্য তাঁর দলের প্রতিটি মানুষ প্রাণ দিতে প্রস্তুত, তাঁকে অসহায় অবস্থায় ভাবতেই বুকের ভেতরটা হিম হয়ে আসে। শাহজাহান করিম: টাকার সিংহাসনে বসা এক শোকার্ত দানব এই বইয়ের সবচেয়ে ভয়ংকর মানুষটি কোনো খুনি নয়। তিনি এক বাবা। জাহান গ্রুপের অধিপতি শাহজাহান করিম, যাঁর সাম্রাজ্য বিশাল, অথচ যিনি নিজে একেবারে একা। বড় ছেলে দেশছাড়া, ছোট ছেলে আলভী মৃত, স্ত্রী থেকেও নেই। তাঁর কিছু হারানোর নেই, আর যার হারানোর কিছু নেই, তাকে থামানোর কোনো উপায়ও নেই। লেখক এখানে একটা অসাধারণ সত্য দেখিয়েছেন: টাকা সব কিনতে পারে না। শাহজাহান জেফরিকে কিনতে পারেননি, ছেলের প্রাণও কিনতে পারেননি। তাই সেই অক্ষমতার আগুনে তিনি পোড়াচ্ছেন নিজেকে, আর সঙ্গে আশেপাশের সবাইকে। প্রতিশোধের এই আগুন এত নিঃশব্দে ছড়ায় যে পাঠক টেরই পায় না, কখন সে নিজেই ঘামতে শুরু করেছে। যে মায়া বাস্টার্ডকেও কাঁপায় আর বাস্টার্ড? বেগের অন্তর্ধানের খবর তার কাছে পৌঁছালে সে টের পায় এক অচেনা অনুভূতি। এককালের প্রতিদ্বন্দ্বী, যে তাকে হন্যে হয়ে খুঁজেছে, সে আজ বিপদে। এই মায়া কি তাকে দুর্বল করবে? না। বাস্টার্ড দুর্বল হতে জানে না। এই মায়া বরং তাকে আরও নির্মম, আরও নিখুঁত করে তোলে। এর মধ্যে এক সাদা চামড়ার যমদূত হাজির হয় তার আশ্রয়দাতা অমূল্য বাবুর দুয়ারে। বাস্টার্ড বোঝে, চুপ করে বসে থাকার সময় শেষ। সে মাঠে নামে, আর যখন সে নামে, তখন বাবলু কখনও হারে না। সবশেষে তাকে একটা বাজি ধরতে হয়। জিতলে সে নিজে বাঁচবে, বেগকেও বাঁচাতে পারবে। হারলে কী হবে, সেটা সে ভালো করেই জানে। সমালোচকের চোখে, ভালোবাসার ছায়ায় ভক্তি অন্ধ হলে রিভিউ মূল্যহীন হয়ে যায়, তাই সৎ কথাগুলো বলা দরকার। বাতিঘরের বইগুলোতে বানান-বিভ্রাট পাঠকদের বহুদিনের অভিযোগ, আর কোনো কোনো পাঠক এ নিয়ে বেশ কড়া ভাষায় লিখেছেন। কেউ কেউ বেগকে বাস্টার্ডের ছায়ায় একটু ম্লান মনে করেন। "নেমসেক"-এও কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। আলভীর বিধবা মাহী গল্প থেকে হুট করে সরে যায়, স্নাইপারের উদ্দেশ্য স্পষ্ট হয় না, দুবাই থেকে আসা গোয়েন্দার ভূমিকাও মাঝপথে ফুরিয়ে যায়। তবু এই ত্রুটিগুলো আমাকে বইটা থেকে দূরে সরাতে পারেনি। কারণ লেখকের বর্ণনার গভীরতা, চরিত্রগুলোকে রক্তমাংসে গড়ে তোলার ক্ষমতা, আর সমাজ ও ক্ষমতার অন্ধকার দিক নির্ভীকভাবে তুলে ধরার সাহস এখানে অটুট। অনুবাদক হিসেবে যিনি পাঠকের মন জয় করেছিলেন, তিনিই এখন নিজের দেশের মাটিতে এমন গল্প বুনছেন, যা কোনো বিদেশি থ্রিলারের চেয়ে কম নয়। আরেকটা সত্য মেনে নিতে হবে: সিরিজ বদলে গেছে। আগের সেই তীব্র ইঁদুর-বিড়ালের খেলা এখন আর নেই। বেগ আর বাস্টার্ডের মাঝে এখন নীরব সহযোগিতা, এক অদ্ভুত সহমর্মিতা। কেউ কেউ হয়তো পুরোনো দ্বৈরথ মিস করবেন। আমি করি। কিন্তু সিরিজ পরিণত হয়েছে, আর পরিণত গল্পে থ্রিলের চেয়ে মানুষ বড় হয়ে ওঠে। শেষ কথা "নেমসেক" শেষ করে আমি বুঝেছিলাম, এই গল্পগুলো আসলে খুন বা তদন্তের নয়। এগুলো দুই নিঃসঙ্গ মানুষের গল্প, যারা দুই মেরুতে দাঁড়িয়ে একই অন্ধকারের দিকে তাকিয়ে আছে। একজন আইনের নামে, অন্যজন নিজের নিয়মে। আর মাঝখানে ক্ষমতা, টাকা আর প্রতিশোধের এক বিশাল ছায়া। যাঁরা এখনও পড়েননি, তাঁদের বলব, "নেমেসিস" থেকে শুরু করুন। ধৈর্য ধরুন, প্রথম বইয়ের ধীরগতি পার হলেই "কন্ট্রাক্ট"-এ পৌঁছে বুঝবেন কেন এই সিরিজ লক্ষ পাঠকের ঘুম কেড়েছে। আর "নেমসেক" পড়ার আগে "কন্ট্রোল" না পড়লে কিছুই বুঝবেন না। জানি না, বেগ আর বাবলুর পরের গন্তব্য কোথায়। শুধু জানি, আমি অপেক্ষা করব। অন্ধকারে, নিঃশব্দে, নিঃশ্বাস চেপে। বই: নেমসেক (বেগ-বাস্টার্ড সিরিজ, ৮ম বই) লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনী: বাতিঘর প্রকাশনী ব্যক্তিগত রেটিং: ৪.৫/৫
❝ Thou shalt not kill ❞ or ❝ Ends Justify the Means ❞ ? কয়েনের কোন পাশকে বেছে নিবেন আপনি? রিভিউর শুরুটা একটু ভিন্নভাবে করি। ধরুন আপনি একটি ট্রেনের ভেতর আছেন। ট্রেনটিকে বন্ধ করার কোনো উপায় নেই। তবে আপনার পাশে একটি লিভার আছে। যা টানলে ট্রেন সোজা রাস্তার বদলে সামনে আসা ডানপাশের লাইনে চলে যাবে। কিন্তু সমস্যা হলো সোজা রাস্তা বরাবর পাঁচজন মানুষকে বেঁধে রাখা হয়েছে রেললাইনের উপর। আর ডান পাশের রাস্তায় একজনকে বেঁধে রাখা হয়েছে। আপনি কোনটা বেছে নিবেন? ডানের রাস্তা ধরে গিয়ে একজনকে হত্যা করে পাঁচজনকে বাঁচানো নাকি লিভার না টেনে ট্রেনকে তার মতো চলতে দিবেন? এই সমস্যার একটা নাম আছে, যাকে বলা হয় ট্রলি প্রবলেম। বইতেও এক জায়গায় এই সমস্যাটা উঠে আসে কিন্তু কত পৃষ্ঠায় সেটাই মনে নেই আমার। তাই পড়া শেষে খুঁজে পাই নি। এই ট্রলি প্রবলেমটার কথা বললাম কারণ, গবেষণা মতে ৯০% শতাংশ মানুষ লিভার টানাকেই বেছে নেয়। কেননা, একজনের বদলে পাঁচজনের জীবন বাঁচানো হবে এতে। তথা ম্যাক্সিমাম বেনেফিট ফর দ্যা ম্যক্সিমাম পিপল কিংবা অন্যভাবে বললে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষদ্র ক্ষতি মেনে নেয়া।
অপরদিকে ট্রলি প্রবলেমের মতো কিছুটা একই ধরনের প্রবলেম যেখানে আপনি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন। আর তার নিচ দিয়ে ট্রলি ট্রেন চলে যাবে। যেই লাইনের সামনে আগের মতোই পাঁচজনকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু এবার আপনার সামনে ব্রিজের উপর একজন স্বাস্থ্যবান লোক আছে। যাকে ফেলে দিলে, ট্রলিটা থেমে যাবে আর আপনি সেই পাঁচজনকে বাঁচাতে পারবেন। এখন প্রশ্ন হলো আপনি কি পাঁচজনের জন্য একজনকে ধাক্কা দিয়ে খুন করবেন? গবেষণা মতে এই ক্ষেত্রে মাত্র ১০% মানুষ ধাক্কা দিয়ে ফেলে দেয়ার সিদ্ধান্তকে বেছে নেয়। ধাক্কা না দেয়ার শতকরা বেশি কারণ, নিজ হাতে ধাক্কা দিয়ে খুন করতে আমাদের মস্তিষকের আবেগীয় অংশ বাঁধা দেয়। অপরদিকে, ট্রেনের লিভার টেনে একজনকে খুন করাটা নিজ হাতে হয় না বরং আমরা মাধ্যম হিসেবে কাজ করি, তাই সেখানে লিভার টেনে দেয়ার সিদ্ধান্তটাই অধিকাংশ নিয়ে থাকে।
এই ট্রলি প্রবলেমের সাথে দর্শনের দুটো বিষয়ের সাদৃশ্য ব্যাপক। শুরুতে বলা থোও শ্যাল নট কিল, মার্ভেলের ডেয়ারডেভিল এবং বেগ-বাস্টার্ড সিরিজের জেফরি বেগের সাথে পুরোপরি মিলে যেতো। ' যেতো ' কারণ পূর্বের বইতেই সেটা ব্রেক হয় এবং এই বইতে এই দর্শনটা আরো স্থায়ী হয় জেফরি বেগের চরিত্রে। অন্যদিকে ম্যাট মারডক বা ডেয়ারডেভিলের দিকে তাকালে দেখবেন বর্ন এগেইন সিজন ২ এর শুরুতে যখন ফগিকে মেরে ফেলে এজেন্ট পয়েন্টডেক্সটার/বুলসাই তখন তাকে ছাদ থেকে ফেলেই দেয় ম্যাট। কিংবা সিজন ৩ তেও তার চরিত্রে কিছুটা পরিবর্তন দেখা যায়, ডিফেনডারস সিরিজের শেষাংশের ঘটনার কারণে। আর এইদিকে জেফরি বেগের পরিবর্তন ঘটে রেবার মৃত্যুর পর। চরিত্রের তুলনা দিচ্ছিনা কিংবা মনস্তাত্বিক পুরোপরি মিল আছে তাও বলছি না কারণ, ম্যাট তার দর্শন থেকে বের হয় না এতকিছুর পরও, কেননা সিজন শেষে এতকিছুর পরও সে উইলসন ফিস্ককে ছেড়ে দেয় উলটো নিজে জেলে যায়। কিন্তু পরিবর্তনটা দেখা দেয় আমাদের জেফরি বেগের মধ্যে। নেমসেক ৮ নম্বর বই কিন্তু ৭ টি বইয়ের এর মধ্যভাগ পর্যন্ত কিংবা ৬ টি বইয়ের শেষ অব্দি আমরা জেফরি বেগের মনস্তাত্ত্বিক সেই ডিঅন্টোলজির পরিবর্তন পাই না। তার মূল লক্ষ্য থাকে, অপরাধীর সাজা আইন দিবে। আর তা অব্যাহত থাকে যতদিন না রেবা মারা যায়। অন্যদিকে পানিশার কিংবা বাবলু ওরফে বাস্টার্ডের মানসিকতা সবসময় একই ছিলো। আর সেটা হলো ভিজিলান্টি ইউটিলিটারিয়ানিজম। তারা সবসময় পাপীকে হত্যা করতো। যে খারাপ তার বিচার আইনে সম্ভব না। আর সাজা হলেও সে যে সম্পূর্ণ ভালো হবে তার নিশ্চয়তা কী? যদি একজনকে হত্যা করে, পরবর্তীতে তার করা আরো দশটা ক্রাইম আটকানো কিংবা দশজনের জীবন বাঁচানো যায় সেটাই কি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত না? তাদের চরিত্রের এই দর্শন এখনো টিকে আছে এবং তা পরিবর্তন হয় নি আর হওয়ারও কথা না কিছু এক্সেপশন বাদে সম্ভবত...
এইসব বলা শুধু একটা কারণেই যেটাও আবার পারস্পেক্টিভ ভেদে আলাদা। আমার মতে জেফরি বেগের এই ডিঅন্টোলজি দর্শন থেকে ইউটিলিটারিয়ানিজম দর্শনকে সাপোর্ট করার বিষয়টা সিরিজের এই পর্যায়ে এসে একটা নেগেটিভ পয়েন্ট। আবার ভিন্নভাবে ভাবলে একই সাথে তার এই পরিবর্তন সিরিজটাকে বাস্তবিক করে, তার ক্যারেক্টার আর্ককে পারফেক্ট শেইপ দেয় কিন্তু এই পরিবর্তনের ফলে দু'জনের মধ্যে দ্বন্দ্ব কিংবা দুই দর্শনের ভেতর যে ডিবেট সেটা সমাপ্ত হয়ে যায়। তাছাড়া এই ৮ম বইয়ে একটা ঘটনার কারণে জেফরি বেগের করার তেমন কিছু থাকে না। তার চরিত্রটা এই বইয়ে দূর্বল লেগেছে। কিন্তু আরেকদিকে যখন বললাম এই বই, তার চরিত্রকে বাস্তবিক আর্কে রুপান্তর করে, তার কারণ হলো যতক্ষণ না কোনো ট্র্যাজিডি মানুষকে স্পর্শ করে সে নীতির বিরুদ্ধে গিয়ে চিন্তা করে না। সে নীতি বিরুদ্ধ গিয়ে নৈতিকতা পেতে চায় না। রেবার ঘটনা বাস্তবে কোনো মানুষের সাথে ঘটলে সে তো আর চুপ থাকতে পারতো না? তাই না? কিংবা ডেয়ারডেভিলে ম্যাট নিজেও স্বল্প সময়ের জন্য হলেও বুলসাইকে ছাদ থেকে ফেলে দেয়। তাই দুই পারস্পেক্টিভই সঠিক, তাই চরিত্রের পরিবর্তন যথার্থ হলো নাকি না সেটা প্রত্যেকের জন্য ভিন্ন হবে।
এবার চরিত্রবাদে বইয়ের অন্যান্য দিকে আসলে বেশি কিছু বলার নেই। অন্যান্য বইগুলোর মতো এটাও ঝড়ের বেগে পড়ে ফেলা যায়। পড়তে খুব ভালো লাগে কিন্তু অন্যান্য বইয়ে অনেক ঘটনা ঘটতে থাকে কিংবা আরো স্পষ্টভাবে বললে স্কেলটা বড় থাকে, অথবা কোনো রহস্য শুরুতে বিল্ড করা পরে গিয়ে সুতো মিলানো সম্ভব হয়। এই বইয়ে কাহিনি স্ট্রেইট ফরোয়ার্ড কিছুই লুকানো হয় না, দুই সাইড থেকেই আমরা বইটা পড়তে পড়তে যাই। তবে এই বইয়ে বেশি ফোকাসে ছিলো বাস্তবতায় চাপা পড়ে থাকা সেই সকল তথ্য বা ঘটনাগুলো গল্পের চরিত্রদের দিয়ে রেফারেন্সে তুলে ধরা। সাথে আরো একটি চরিত্রের সূচনা বইটাকে একটু ভিন্ন করে। আর সেই চরিত্রটা হলো কায়সার। তার চরিত্রের গঠন নেগেটিভই কিন্তু তার কিছু সিদ্ধান্ত তাকে আরো রহস্যময় বা ধূর্ত বানায়। তাছাড়াও এই চরিত্রের কারণে কিছু প্রশ্ন জমা হয় মনে, হয়তো সামনের বইতে তা জানা যাবে।
সর্বোপরি তাই বইটা ভালো কিংবা মন্দ লাগা এক্সপেক্টেশনের উপর অনেকটাই নির্ভর করে। তবে আমার মতে নতুন এই সিরিজের ভক্তদের কিছুটা কম ভালো লাগতে পারে কারণ তারা টানা বইগুলো পড়ে শেষ করছে। আর আমার মতো পুরনো, যারা মাঝে এতবছর অপেক্ষায় ছিলো , তাদের ঐ চরিত্রগুলোর সাথে সময় কাটানোতেই বেশ ভালো লেগে যেতে পারে নেমসেক। আবার যা বললাম উল্টোটাও হতে পারে। কারণ কারো ভালো কিংবা খারাপ লাগা প্রেডিক্ট করার বিষয়ই না বরং আপেক্ষিক। তারপরও নেমসেক ভালো বই কিন্তু কন্ট্র্যাক্ট সিরিজের বেস্ট বই এখনো, এরপর নেক্সাস, কন্ট্রোল এবং বাকিগুলো...
২ দিনের মধ্যে পুরোটা পড়ে শেষ করেছি!! বেগ বাস্টার্ড এর লড়াই শেষে এখন এক ভিন্ন বাস্তবতায় রূপ নিয়েছে ... বইটা যথেষ্ট ভালো ছিলো, থ্রিল ছিলো কিন্তু এইটার আগের পর্ব কন্ট্রোল বেশ ভালো ছিলো । নেমসেক এক হিসেবে কন্ট্রোল এর সিক্যুয়াল বটে ।
নেমসেকের সেরা একটা পার্ট ছিলো অমূল্য বাবুর বলা এই কথাটাটা:-
"আমরা অনেকেই অনেকের কাছে কৃতজ্ঞ থাকি... আজীবন। এই ঋণ যে সব সময় শোধ করতেই হবে, এমন না। কিছু কিছু ঋণ কখনওই শোধ করা যায় না। মায়ের ঋণ, বাবার ঋণ...কাছের অনেক মানুষের ঋণ..." "ঋণী থাকাটাই মানুষের নিয়তি। ঋণী হয়েই মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়। এটা মানুষকে মনে করিয়ে দেয়, সে এক মনুষ্য সমাজে বাস করে... যেখানে সবাই সবার জন্য... এখানে কেউই স্বাবলম্বী না...প্রত্যেকে প্রত্যেকের ওপর কোনো না কোনোভাবে নির্ভরশীল।"
- "এই দুনিয়াতে বন্ধু মনে করা সহজ কিন্তু সত্যিকারের বন্ধু খুবই দুর্লভ।"
- "কিন্তু যার কিছু নেই, তার হারাবার কী ভয়!"
- "আমরা অনেকেই অনেকের কাছে কৃতজ্ঞ থাকি...আজীবন। এই ঋণ যে সব সময় শোধ করতেই হবে, এমন না। কিছু কিছু ঋণ কখনওই শোধ করা যায় না। মায়ের ঋণ, বাবার ঋণ...কাছের অনেক মানুষের ঋণ...। ঋণী থাকাটাই মানুষের নিয়তি। ঋণী হয়েই মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়। এটা মানুষকে মনে করিয়ে দেয়, সে এক মনুষ্য সমাজে বাস করে...যেখানে সবাই সবার জন্য...এখানে কেউই স্বাবলম্বী না...প্রত্যেকে প্রত্যেকের ওপর কোনো না কোনোভাবে নির্ভরশীল।"
- "দুনিয়াটা অতি আদর্শের জায়গা না। অতি আদর্শবাদিতা এক ধরনের অসুখ! বাস্তবতাকে অস্বীকার করার অসুখ।"
এই প্রথম সিরিজের কোনো বই বের হওয়া মাত্র গরমাগরম পড়ে ফেললাম। এতদিন সিরিজের বইগুলো স্ট্যান্ড অ্যালোন হলেও নেমসেকের কাহিনি কন্ট্রোলের সরাসরি সিক্যুয়েল। যদিও অ্যাকশন বা থ্রিল কিছুটা কমে গেছে কন্ট্রোলের তুলনায়। বেগ বাস্টার্ড এর চিরায়ত দ্বৈরথ শেষ, এখন শুরু সহযোগিতার অধ্যায়। তবে জেফরির ভূমিকা সিরিজে দিনদিন কমে আসছে মনে হলো। তার মতো এফবিআই ট্রেনিং পাওয়া একজন অফিসার বিপদে পড়লে এতটা ভেঙ্গে পড়বে এই ব্যাপারটাও কেমন যেন। সব মিলিয়ে ভালো লেগেছে নেমসেক। আবার সিরিজের পরবর্তী বইয়ের অপেক্ষায়। 🫠
বেগ বাস্টার্ড সিরিজের অন্যান্য বইগুলোর মতই জমজমাট কাহিনী। লেখকের লেখনী বরাবরের মতোই মনোমুগ্ধকর। বইয়ের শেষের দিক পড়ে মনে হচ্ছে নেমসেকই বেগ বাস্টার্ড সিরিজের সর্বশেষ বই।
যুগে যুগে জাহান গ্রুপের মতো অত্যাচারীদের আবির্ভাব ঘটে প্রচুর প্রাচুর্য আর ক্ষমতা নিয়ে পক্ষান্তরে সৃষ্টিকর্তা অন্যায় অবিচার নিরসনের পাথেয় নিয়ে প্রেরন করেন বাবলুদের।