অভিজ্ঞান রায়চৌধুরী বাংলা কিশোর সাহিত্যে এক অত্যন্ত জনপ্রিয় নাম। তাঁর প্রত্যেকটা লেখাই অন্য স্বাদের। গল্পের অভিনবত্ব, বর্ণনা, বিশ্লেষণ, গভীর মানবিকতাবোধ আমাদের এককথায় অভিভূত করে। জত কুড়ি বছরে বিভিন্ন নামকরা ঙ্কিশোর পত্র-পত্রিকা, শারদীয়া ও রেডিওতে সম্প্রচারিত গল্প থেকে লেখকের পছন্দের কিছু গল্প নিয়ে এই সঙ্কলন। হাসি, কল্পবিজ্ঞান, রহসয়, সামাজিকতা আর তার সঙ্গে অনিলিখা তো আছেই! ভূতও বাদ নেই সেখানে।
সূচিপত্র -
চাণক্য অনাথবন্ধু প্রফেসর ইয়াকোয়ার মৃত্যুরহস্য পার্কের সেই লোকটা আমরা নেই নিয়ম যখন ভাঙে অচেনা ডারউইনের ডায়েরি থেকে নতুন জুতো বিনোদবাবুর আসর পিকোরাস মাছেরাও যখন অতিথি পশ্চিমের ঘর আইনস্টাইনের দুরদৃষ্টি ব্রেন ইন্টারনেট শুধু একটা সংখ্যার অপেক্ষায় একটাই দিন
এপার বাংলায় কিশোর সাহিত্যের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয় তাদের পাঠক হলে অভিজ্ঞান রায়চৌধুরী নামটি আপনার কাছে মোটেই অপরিচিত ঠেকবে না| কিশোর সাহিত্যের সব ক’টি শাখাতেই এই লেখকের অবাধ বিচরণ, তবে বিশেষ ভাবে তাঁর খ্যাতি কল্পবিজ্ঞান বা বিজ্ঞানভিত্তিক রহস্যকাহিনির জন্যে| আলোচ্য সংকলনটির বিশেষত্ব এখানেই যে এটি লেখকের সৃজনশীলতার এক সর্বাঙ্গীন রূপ তুলে ধরেছে, যেখানে কোন গল্পের কেন্দ্রে আছে কল্পবিজ্ঞান, কোথাও রহস্য, আবার কোথাও বা রয়েছে কিছু অলৌকিক| কোন গল্পে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় আর লীলা মজুমদারের ঘরানায় খাঁটি হাস্যরস| কিন্তু প্রতিটি গল্পেই, এই সব কিছু ছাপিয়ে রয়েছে মানবিকতা| এবার প্রশ্ন: বইটিতে কী কী গল্প আছে?
বইটি লেখক উত্সর্গ করেছেন এই সময়ের কিশোর সাহিত্যের সব থেকে নিষ্ঠাবান সেবক শ্রী সমুদ্র বসু-কে, যিনি প্রায় একক প্রয়াসে শিশু-কিশোর সাহিত্যের পুরনো (অনেক ক্ষেত্রে ভুলে যাওয়া) আর নতুন লেখা শুধু সংগ্রহ করে থেমে থাকেননি, বরং তাদের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন তাঁর গ্যালারির মাধ্যমে| সমুদ্রের মুখবন্ধ “এক পাঠকের চোখে”-র পর এতে এসেছে এই সব গল্প: - 1. চাণক্য: কল্পবিজ্ঞান যে কতোটা মূল্যবোধ-ভিত্তিক হতে পারে, তার প্রকৃষ্ট নিদর্শন এই গল্পটি| 2. অনাথবন্ধু: বাংলায় ছোটদের জন্যে বিশুদ্ধ হাসির গল্প লেখা কমে গেছে, এই আক্ষেপ বোধহয় সবার| এই গল্পটি পড়ুন, আর সেই আক্ষেপ অন্তত কিছুক্ষণের জন্যে মন থেকে বিদায় করুন| 3. প্রফেসর ইয়াকোয়ার মৃত্যুরহস্য: অনিলিখা (যার বিভিন্ন রোমহর্ষক অ্যাডভেঞ্চারের সঙ্গে আমরা অনেকেই পরিচিত)-র জবানিতে এ এক আশ্চর্য গল্প, যা কল্পবিজ্ঞানের ছলে আসলে মানুষের গল্প বলে| 4. পার্কের সেই লোকটা: হয়তো এই গল্পকে কল্পবিজ্ঞান বলা যায়, কিন্তু আমার ধারণা: এ এক অসামান্য ছোটগল্প, যা নতুন করে জীবনকে ভালবাসতে বলে| 5. আমরা নেই: বিশুদ্ধ কল্পবিজ্ঞান, যা পড়ে মনটা বিষাদে আচ্ছন্ন হয়ে যায়| 6. নিয়ম যখন ভাঙে: হলিউড যে বিষয় নিয়ে “দ্য আইল্যান্ড”-এর মত ক্রূর অ্যাকশন-থ্রিলার বানায়, তাই নিয়ে অভিজ্ঞান আমাদের উপহার দিয়েছেন চোখের কোণ-ভেজান একটি নিটোল গল্প| 7. অচেনা: আর একটি নির্মল হাস্যরসের গল্প, যা পড়ে লেখককে শুধু একটাই কথা বলা যায়: আরও লিখুন প্লিজ! 8. ডারউইনের ডায়েরি থেকে: আবার অনিলিখার জবানিতে আরেকটি দুর্দান্ত গল্প, যা শিহরিত করে কম, ভাবায় অনেক বেশি| 9. নতুন জুতো: এমন সহজ-সরল মানবিকতার গল্প আজকাল আর পত্রিকাগুলো ছাপায় না, বোধহয় এই ভেবে যে বাজারে শুধু রহস্য-রোমাঞ্চই ‘কাটে’| হে লেখক, এমন লেখাও আরও চাই কিন্তু| 10. বিনোদবাবুর আসর: গা-ছমছমে অলৌকিক গল্পরচনায় লেখকের মুনশিয়ানা এই একটি লেখাতেই স্পষ্ট| গল্পটা আমার আরও বেশি করে ভালো লাগল, কারণ এক সময় রোববারের দুপুরে রেডিওতে এমনই সব শিউরে-ওঠা আলো-আঁধারি গল্প শুনেই আমার বই পড়ে এমন গল্প আরও খোঁজার ইচ্ছেটা জেগেছিল| 11. পিকোরাস: কল্পবিজ্ঞান আর নরম স্নেহের এমন গল্প বারবার পড়তে ইচ্ছে করে| 12. মাছেরাও যখন: অনিলিখার বয়ানে আরেকটি গতিময় গল্প, যা এক মারাত্মক “শেষের শুরু”-র ইঙ্গিত দেয়| 13. অতিথি: বিশুদ্ধ মানবিক গল্প, যেমনটি এখন বিশেষ দেখিনা, কিন্তু যেমন গল্পের জন্যেই একসময় দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকী-গুলো স্মরণীয় হয়ে থাকত| 14. পশ্চিমের ঘর: ভয়, রোমাঞ্চ, বিজ্ঞান, আর ছোটবেলা, এই চারটি জিনিসকে একসঙ্গে খুঁজে পেলাম এই অনবদ্য গল্পে| 15. আইনস্টাইনের দূরদৃষ্টি: অনিলিখার মুখে শোনা আর এক অনবদ্য গল্প, যেটি কল্পবিজ্ঞানের সঙ্গে খাঁটি বিজ্ঞান আর রক্তাক্ত ইতিহাসের সঙ্গেও আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেয়| 16. ব্রেন ইন্টারনেট: হালকা চালে লেখা কল্পবিজ্ঞান| 17. শুধু একটা সংখ্যার অপেক্ষায়: খাঁটি বিজ্ঞানভিত্তিক এই অনবদ্য গল্পটি আজকের ভারতবর্ষে অত্যন্ত প্রাসঙ্গিক এক বিষয়ের দিকে আমাদের দৃষ্টি-আকর্ষণের পাশাপাশি মানবমনের দর্পণ হিসেবেও কাজ করে| 18. একটাই দিন: এই আপাতভাবে অলৌকিক গল্পটিও শেষ বিচারে মানবিকতার কথা বলে, বলে বিবেকের কথা, যা মানুষকে বেঁধে রাখে তার কৃতকর্মের সঙ্গে|
অসাধারণ এই গল্পগুলো মুখর হয়ে উঠেছে যাঁর অনবদ্য প্রচ্ছদ ও অলঙ্করণে, তিনি হলেন এই বাংলার সবথেকে প্রতিভাবান শিল্পীদের মধ্যে একজন: শ্রী অর্ক পৈতণ্ডী| অলঙ্করণ যে কিশোর সাহিত্যে কতোটা সদর্থক ভূমিকা নিতে পারে সেটা বোঝার জন্যে এই বইটির পাতা ওল্টানোই যথেষ্ট|
সব মিলিয়ে এটাই বলার যে রেখায়-লেখায় অভিজ্ঞান রায়চৌধুরীর শ্রেষ্ট কাজ, এবং এই মুহূর্তে বাংলা কিশোর সাহিত্যের অঙ্গনে অন্যতম শ্রেষ্ট বই-এর বিবরণ এতদ্বারা পেশ করা গেল| এরপরও যদি আপনি বইটি না পড়েন, তাহলে আপনি কী হারাচ্ছেন, তা নিশ্চই আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা|
কিছুদিন আগে পর্যন্ত এই লেখকের নাম পর্যন্ত শুনিনি, কিন্তু এখন এই লেখকের নাম শুনলেই মনে হয় কবে তাঁর লেখা বইটা শেষ করবো ? বইয়ে প্রতিটি গল্পে ১টি করে ছবিও আছে। ছোটো ছোটো মোট ১৮টি গল্প আছে এই বইয়ে ।
এখানের বেশ কয়েক টি গল্প আগে পড়েছি।কিন্তু কোথায় কোন বই তে টা মনে করতে পারছি না এই মুহূর্তে । কয়েকমাস আগেই লেখাবে অন্যান্য বই পড়েছি হয়ত সেখানেই কোথাও পড়েছিলাম । সবথেকে ভালো লেগেছে যে গল্প গুলো সেই নাম গুলো উল্লেখ করলাম - একটাই দিন, ব্রেন ইন্টারনেট, চাণক্য,পশ্চিমের ঘর, মাছেরাও যখন,নতুন জুতো এবং বিনোদবাবুর আসর।