আশরাফুল মাখলূক্বাত মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্য থেকে মাত্র পঁচিশজন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে উলেলখ করেছেন এবং সত্যের পথে তাঁদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী প্রয়োজন মত কিছু বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম দৃষ্টান্ত ও অনুসরণীয় মানদন্ড উপস্থাপন করেছেন। এসব কাহিনী এক একটি অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হ’লেও সত্য যে, বাংলাভাষায় এ সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ।
এই বিষয়ের উপরই লিখিত অসাধারণ বই “সীরাতুর রাসূল” (সাঃ)। বইটি রচনা করেছেন প্রফেসর আসাদুল্লাহ আল গালিব। বইটি প্রকাশ করেছে হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ।
পৃথিবীর বুকে হেঁটে চলা সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কুর'আনে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যার জীবনী, যার আদর্শকে বলেছেন মুমিনদের জন্য উসওয়াতুন হাসানাহ বা সর্বোত্তম আদর্শ; সেই মানুষটির জীবন জানার জন্য আধুনিক আলিমদের মধ্যে ড. আসাদুল্লাহ আল গালিবের একটি অনবদ্য লেখনি। আধুনিক সীরাহ লেখকদের মধ্যে এই বইটি একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে। এই বইটির বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসিক আলিমদের মতামতগুলোর মধ্যে তুলনামূলক পর্যালোচনা, অবিশুদ্ধ মতামত বা রেফারেন্স গুলোর বর্জন এবং সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় সীরাহর ঘটনাগুলো থেকে আমাদের জন্য কিছু বেনিফিটের পর্যালোচনা। এই তিনটি বৈশিষ্ট্য এই বইটিকে অন্য সব সীরাহের বই থেকে একে আলাদা করে দিয়েছে। পাশাপাশি এ বইটি কিছুটা দুর্বলতা যুক্ত; অবিশুদ্ধ মতামত বর্জন করতে গিয়ে কোন কোন ক্ষেত্রে ক্লাসিক্যাল স্কলারদের মতামতকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। সর্বোপরি প্রতিটি ঘটনা আলোচনার পূর্বে এর পটভূমি আলোচনা, বিতর্কিত ঘটনাগুলোর ভারসাম্যপূর্ণ আলোচনা বইটিতে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। বইটি পড়ার সময় শুধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে শুধু জানাই যাবে না, দু'চোখ দিয়ে অনুভব করা যাবে মরুর বুকের উত্ত্বপ্ত বালি আর ফোসকা উঠা সূর্যের নিচে সাহাবা রাদ্বিয়াল্লাহু আনহুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সংগ্রাম। আল্লাহ লেখককে উত্তম জাযা দান করুন।
বাংলায় প্রকাশিত সিরাত গ্রন্থের মধ্যে এখন পর্যন্ত "আর রাহীকুল মাখতুম" ই প্রথম পছন্দের। তবে আসাদুল্লাহ আল গালিব রচিত "সীরাতুর রাসূল (ছাঃ)" প্রকাশে উনি যে যথেষ্ট পরিশ্রম করেছেন তা বইটি পড়লেই বুঝা যায়। সাধারন সিরাত গ্রন্থের থেকে এই বইটি একটু আলাদা এ জন্য যে তিনি বিভিন্ন তথ্য প্রকাশকালে সেটি শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কিনা ব্যাখ্যা করেছেন। তাছাড়া নবী (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) জিবনী আলোচনা শেষে তিনি নবী (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর প্রতি তার স্ত্রী (রাঃ) গন, সাহাবা (রাঃ) গনের সাথে নবী (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর সম্পর্কের বাধন, মানব জীবনে কুরআনের গুরুত্ব বা প্রভাব, তার কিছু মুজিযা সহ আরও কিছু বিষয় নিয়েও আলোকপাত করেছেন যেটি বইটিকে কিছুটা ব্যাতিক্রম হতে সাহায্য করেছে। আশা করি সিরাত প্রেমীদের মনে বইটি রেখাপাত করবে ইনশাআল্লাহ।