"Ivan's childhood" সিনেমার সেই একরোখা, রোগা, প্রতিশোধের স্পৃহায় জ্বলতে থাকা বালকের কথা মনে আছে? হ্যাঁ, এই সেই ইভান। এ বই থেকেই তারকোভস্কি তার বিখ্যাত সিনেমা বানিয়েছেন। তারকোভস্কির সূত্র ধরে বলি, যুদ্ধের সঙ্গে শিশুকালই সবচেয়ে সাংঘর্ষিক। যুদ্ধ সবার আগে শৈশবকে ধ্বংস করে।"নাম ছিল তার ইভান" শৈশব লুণ্ঠিত হওয়া ইভানের গল্প। ছোট্ট বারো বছরের ছেলে; যার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, হেসে খেলে দিন পার করার কথা - যুদ্ধ তার সব কেড়ে নিয়েছে। এখন তাকে শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচের আবহাওয়ায় বৃষ্টিতে ভিজতে হয় ঘণ্টার পর ঘণ্টা, খুন হওয়ার ঝুঁকি নিয়ে শত্রুপক্ষের খবর আনতে হয়, এখন তার ঘুম হয় না। "ইভান" দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প। পৃথিবীতে এরপর কেটে গেছে ৭৮ বছর।মানুষ নাকি "সভ্য" হয়েছে আরো। কিন্তু যুদ্ধ থামেনি; থামেনি মানুষের নিষ্ঠুরতা। এখনো লক্ষ লক্ষ ইভানের জন্ম হচ্ছে ধরাধামে, এখনো লক্ষ লক্ষ ইভান প্রতি মুহূর্তে মৃত্যুর আশংকা নিয়ে বেঁচে থাকছে বা মারা যাচ্ছে নিঃশব্দে। তাহলে, প্রশ্নটা থেকেই যাচ্ছে, কতোদূর এগোলো মানুষ?