প্রায় তিন বছর আগে শ্রদ্ধেয় লেখক অজেয় রায় এর লেখা 'অ্যাডভেঞ্চার সমগ্ৰ' পড়েছিলাম। দারুন লেগেছিল পড়ে। ওঁর লেখা বই 'রহস্য সমগ্ৰ' দিয়ে এই বছরের বই পড়া শুরু হলো। শুকতারা,সন্দেশ, কিশোরভারতী ইত্যদি শিশু কিশোর পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত মোট ১৯ টি রহস্য ও রোমাঞ্চ বিষয়ক গল্প ও উপন্যাস নিয়ে এই সংকলন। মূলত কিশোরদের জন্য লেখা গল্প ও উপন্যাসগুলি মোটের উপর পড়তে ভালোই লেগেছে। কিছু গল্প প্রেডিক্টবেল মনে হয়েছে বা মোটামুটি লেগেছে পড়ে ,হয়তো কিশোর বয়সে পড়লে বেশী ভালো লাগতো। তবে অ্যাডভেঞ্চার সমগ্ৰের মতোই লেখাগুলি সরল ও মনোগ্ৰাহী। 'মঙের চুনি', 'বাতিঘরের বিভীষিকা', 'মুর্তি চুরি', 'মরণের মুখে' , 'ঘোষ বাগানের দানো', 'নন্দপুরে অঘটন', 'চৌধুরি বাড়ির গুপ্তধন' ভালো লেগেছে। 'কেদার বাবার রহস্য সন্ধান' বিজ্ঞান বিষয়ক গল্প 'রুদ্ধ- প্রান' ,'ডাক্তার কুঠি' ব্যক্তিগত ভাবে বেশ ভালো লেগেছে পড়ে। আমার কাছে সংকলনের সেরা লেখা 'মনের কথা কয়না' ,একটি নতুন যন্ত্রের আবিষ্কার কিভাবে মানুষের অসৎ প্রবৃত্তির দ্বারা সমাজকে অপকার করে এবং এই রকম একটা অবস্থায় একজন দ্বায়িত্ববান গবেষক বা বিজ্ঞানীর কি করা উচিত এই গুরুত্বপূর্ণ বিষয়টি একটি সহজ গল্পের মাধ্যমে সুস্পষ্টভাবে লেখক বোঝাতে চেয়েছেন ।
প্রতিটি লেখার সাথে একটি করে অলংকরণ রয়েছে বইতে। প্রচ্ছদটিও দারুন। গল্পগুলি পড়বার পরে বুঝতে পেরেছি যে বিভিন্ন গল্পের থিম থেকেই প্রচ্ছদ তৈরী করা হয়েছে। বইএর শুরুতে সম্পাদক দ্বয়ের লেখা ভূমিকা থেকে সংক্ষিপ্তভাবে অজেয় রায়ের জীবন পরিচিতি ,কিভাবে শিশু ও কিশোর সাহিত্যে তাঁর পথ চলা শুরু হয়েছিল ও দেজ পাবলিশিং উদ্যোগে এই সংকলন করবার পরিকল্পনা সম্পর্কে জানা যায়। অজেয় এই নামটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া তাও জানলাম ভূমিকা থেকে।কোন সালে কোন পত্রিকায় এই সব লেখাগুলি প্রথম প্রকাশিত হয়েছিল সেই সব তথ্য দেওয়া হয়েছে বইএর শুরুতে
সুন্দর একটি সংকলন। ছোট বড় সবাই পড়তে পারবেন বলেই মনে হয়। লেখকের বাকি লেখাগুলিও পড়বো ধীরে সুস্থে।