বিশ্ব সাহিত্য কেন্দ্র লাইবেব্রিরের বাচ্চাদের সেকশন ঘাটতে গিয়ে এই বইটা পেলাম। এই বইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলও এর প্রিন্টিং। পুরো রঙ্গিন প্রিন্ট। এবং প্রিন্ট কোয়ালিটি তব্দা খেয়ে যাবার মত। এই লেভেলের কোয়ালিটি ছাপা আমি শেষ কবে কোথায় দেখেছি মনে পড়ে না। যদি বলি রাশান বা চিনা বই থেকেও এর প্রিন্ট কোয়ালিটি (টাইপ সেটিং বা পৃষ্ঠা সজ্জা নয়, সেটি ভিন্ন এক শিল্প) ভাল, তাহলেও তা অত্যুক্তি নয়। সাহিত্য প্রকাশ ও বেলিথা প্রেস লিমিটেড যৌথ ভাবে বাংলায় এই সিরিজের বই (দুটো বই লাইব্রেরিতেই দেখেছিলাম তাই ধরে নিচ্ছি সিরিজের আরও কিছু বই রয়েছে) প্রকাশ করেছিল ১৯৯৫ সালে। মুদ্রণের কাজটি খুব সম্ভবত বেলিথা প্রেসেই ঘটেছে। তা সত্ত্বেও ৩০ পৃষ্ঠার এই বইয়ের গায়ে লেখা মূল্য মাত্র আশি টাকা। অল্প কিছুদিন আগেই দেখলাম এর চেয়ে ঢের কম মানের (তা সত্ত্বেও মান খারাপ নয়), ২০১২ সালে প্রকাশিত অহংকারী পৃথিবীর গল্প বইটির গায়ে লেখা মূল্য ছয়শ টাকা নির্ধারণ করেছে ঐতিহ্য প্রকাশনী। যাক সে কথা, অনুবাদ মধ্যম মানের। বাংলা পরিভাষার ব্যবহারে কিছু কিছু জিনিস আমার বুঝে উঠতেই বেগ পেতে হয়েছে। তবুও খুদে পাঠকদের বাবা-মায়ের অবশ্য কর্তব্য এই বইগুলো খুঁজে তাদের হাতে পৌঁছে দেয়া।