প্রযুক্তির ক্রমান্বয় উন্নতির ফলে সময় এখন যেন দৌড়ায়। অামরা এখন নিঃশ্বাস নিই ছোটো করে। শামুকের খোলশের ভেতরে বসে তাকিয়ে দেখি বিশ্ব। সম্পর্কে চির ধরেছে। বিশ্ব এখন একটি গ্রাম কিন্তু অাত্মযোগাযোগের বিচ্ছিন্নতা বেড়েছে। এমনি সময়ে, মানব সভ্যতার উন্নতির স্বর্ণযুগে বসে তৃতীয় বিশ্বের বাসিন্দা অামরা। মধ্যবিত্ত, নিম্নবিত্তের সংজ্ঞার কার্যকারিতা হারিয়েছে। সমুখে দর্পনের যুগে অামরা নিজেদের নগ্ন দেখে দৌড়াই, অারো নগ্ন হই। এমনি অামাদের ক্যাপিটালিস্ট সমাজের পরিবর্তমান সময় এক। যেখানে পরিবর্তনের ধারা ধোঁয়াশাচ্ছন্ন, বড্ড গোলমেলে। চতুর্দিকে জটিলতা বেড়েছে বহুগুণ। এমনি এক অস্বস্তিকর সময় ও সমাজ অাপন অালোয় ছেঁকে নিয়ে গল্প লেখেন তরুণ এ কথাশিল্পী। তার গল্পের অখ্যান বর্ণনার বিভিন্নতা, গদ্যশৈলীর নিরুপদ্রব প্রকরণ সহজেই পাঠককে মনোযোগী করে তোলে। বিচিত্র বিষয় নিয়ে তাঁর লেখার পরিধিও বিস্তৃত, মনোজগতের অভিজ্ঞান, ব্যক্তিক মন-বেদনা, অাজ-কাল-পরশুর নানাবিধ চঞ্চলতা তার অখ্যান বর্ণনার ধারা নতুন মাত্রার দাবিদার। অাঙ্গিক প্রকরণ নিয়ে তার নিরীক্ষা প্রবণতা এ কথাশিল্পীর বড়ো বৈশিষ্ট্য। এভাবে দেশ-কাল-মানুষের সমস্তকে নিয়ে তিনি ত'য়ের করে চলেছেন এইসব জীবন ও যাপনের অখ্যান।
চিরাচরিত সমাজের নির্মম বাস্তবতার উপর দাঁড়িয়ে জীবন থেকে ছেঁকে গল্প বের করে আনার ক্ষমতা হয়তো সব লেখকের থাকেনা। বইটা পড়ছিলাম আর মনে মনে লেখার গভীরতা খুঁজছিলাম। আগেই জানতাম আমার প্রথম পড়া লেখকের "পিতামহ" বইটির মতোই "একটি শোক সংবাদ" আমাকে কোথাও না কোথাও টেনে নিয়ে জীবনের ছক মেলাতে ব্যতিব্যস্ত রাখবে।
গল্প বই। মোট গল্প রয়েছে ১০ টি। সবগুলো গল্পই চিরায়ত সমাজ বাস্তবতার ওপর দাঁড়িয়ে লেখা। এবং বৈশিষ্ট্যের বিচারে মনোত্তীর্ণ। সহজ লফজে সহজ ভাষায় যেই গল্পগুলো পাঠককে বাস্তব দোলা দিতে সক্ষম এ বই তার ব্যতিক্রম না।