নানান দেশের রূপকথার কাহিনি নিয়ে বই বের করা সহজ না। সব গল্পই তো আর ভালো হয় না। কোন গল্প পাঠক পছন্দ করতে পারে প্রথমে বিবেচনায় আনতে হয় সেটা। তারপর দেখতে হয় কাহিনি যথেষ্ট জমজমাট কিনা কিম্বা এর আগে কোথাও প্রকাশ পেয়েছে কিনা। একই গল্প সে যত তুখোড়ই হোক পড়তে ভাল্লাগে না। এরপর নজর রাখতে হয় কাহিনির গতির দিকে। ভাষা হতে সহজবোধ্য, প্রাঞ্জল। রাখতে হয় এন্তার হাসির খোরাক। সব পদ ঠিকঠাক মত হলে তবেই রান্না হয় চমৎকার তরকারি! সব থেকে বড় কথা কোন একটা গল্প পড়ার পর সেই কাহিনি যেন পাঠকের মনে থাকে সেই দিকটা খেয়াল রাখা। একে বলে পাঠকের মনে অনুরণন তোলা। এতক্ষণ যা বললাম সে সবই মাথায় রেখে লেখা হয়েছে এ বইয়ের গল্পগুলো। পাঠকের পছন্দই যেকোন বইয়ের চূড়ান্ত লক্ষ্য।
"জাদুকর জমরুদ" বইটি মূলত কয়েকটি দেশের রূপকথা ও উপকথার গল্প নিয়ে রচিত হয়েছে। এই বইতে মোট সাতটি গল্পের মধ্যে রয়েছে সোহাহিলি উপকথা, রুমানিয়ার উপকথা, জার্মানির রূপকথা, এস্তোনিয়ার উপকথা, রোমের উপকথা ও আফ্রিকার উপকথা। এগুলোর মধ্যে সোহাহিলি উপকথা নিয়ে দুটি গল্প অন্তর্ভুক্ত হয়েছে।
এই বইটি মূলত সেইসব শিশু-কিশোরদের জন্য যারা কল্পনার রাজ্যে বিচরণ করতে স্বাচ্ছন্দবোধ করে। তবে, যারা কৈশোর পেরিয়ে বাস্তবতার নির্মমতা প্রত্যক্ষ করেছেন, তাদের কাছে এই বইটি ভালো নাও লাগতে পারে। আমি কৈশোরকাল পেরিয়ে এলেও, আমি মনে করি আমার মন এখনো শিশুর মত কোমল। এজন্য এই বইটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনি যদি আমার মত মনে করেন, আপনিও শিশু-কিশোরদের মত কোমল, তবে বইটি অবশ্যই পড়তে পারেন, ভালো লাগবে।
এই বইতে রয়েছে বিভিন্ন অবাস্তব ও চমকপ্রদ সব কাল্পনিক ঘটনা। বইয়ের প্রথম গল্প "গজলা হরিণের কাহিনি"তে আমরা দেখতে পাব, একজন নিঃস্ব ব্যক্তি, যার নিজের খাবার সংগ্রহ করার জন্য আবর্জনা ঘাঁটাঘাঁটি করতে হয়। এরকম একটা ছেলের সাথে বিয়ে হয় শেষে কিনা এক রাজকুমারীর! আর অবিশ্বাস্য হলেও, কন্যাপক্ষের সাথে বিয়ের কথা বলা থেকে শুরু করে এই arranged marriage-এর সবকিছু arrange করে একটা হরিণ। বাস্তবে যারা সিঙ্গেল, তাদের জন্য এরকম একটা হরিণ খুবই দরকারি।
এই বইয়ের দ্বিতীয় গল্প "স্ট্যান বলোভান"-এ আমরা দেখতে পাব স্ট্যান বলোভান নামের এক কিষাণকে। সে আসলে সৎ হলেও একপ্রকার চিটার-বাটপার। ঘটনাচক্রে সে ভয়ংকর ড্রাগনের সামনে পড়লে একটার পর একটা ডাহা মিথ্যা কথা বলে ড্রাগনকে। সে ড্রাগনকে বলে সে নাকি পাথর চেপে রস বের করতে পারে, সে গদা ছুঁড়ে মারলে নাকি সেটা পৃথিবী থেকে চাঁদে চলে যাবে। এসব ডাহা মিথ্যা কথা। আর এসব শুনে বোকা ড্রাগনেরা ভয়ও পেয়ে যায়।
তৃতীয় গল্প "লম্বা-নাক বামুন"-এ দেখানো হয়েছে জেম নামের বারো বছরের এক ছেলের কথা। তাকে তার মায়ের কাছ থেকে কৌশলে এক দুষ্টু বুড়ি নিয়ে যেয়ে, তাকে কাঠবিড়ালি বানিয়ে দেয়। পরে সে আবার দৈবক্রমে নাক লম্বা বামুনে পরিণত হয়। এরপর শুরু হয় তার কষ্টের জীবন।
চতুর্থ গল্প "হাসিবুর কাহিনি"। এটা তৃতীয় গল্পের চেয়ে আরও বেশি মর্মস্পর্শী। হাসিবু নামের এক ছেলেকে কিছু কাঠুরের দল এসে তার মায়ের কাছ থেকে বনে নিয়ে যায়, কাঠ কাটতে সাহায্য করার জন্য। সেখানে হাসিবু কোনোভাবে এক সুদীর্ঘ গর্তের মধ্যে দুর্লভ মধু আবিষ্কার করে। কাঠুরের দল তাকে গর্তের মধ্যে নামিয়ে সব মধু আহরণ করে নিয়ে, হাসিবুকে সেখানেই রেখে চলে যায়। এরপর থেকে শুরু হয় রোমহর্ষক সব ঘটনা।
পঞ্চম গল্প "রাজকুমারের প্রতিদান"-এ দেখতে পাব রাজকুমারের সাথে চাষির মেয়ের রোমান্টিক ঘটনা। এই গল্পে ভিলেন হিসেবে থাকে এক জাদুকর বুড়ো। এই বুড়োর হাত থেকে বাঁচার জন্য দুজনে অনেকরকম ভেলকিবাজির আশ্রয় নেয়। কখনো নদীর মাছ হয়, কখনো ফুল। কখনো আবার বাতাস হয়ে একেবারে অদৃশ্য হয়ে যায়।
ষষ্ঠ গল্প "জাদুকর জমরুদ"। এই গল্পেকে ঘিরেই বইয়ের নামকরণ করা হয়েছে। এই গল্পের মূল চরিত্র জমরুদ পড়ালেখা শুরু করে স্পেনের টলডো বিশ্ববিদ্যালয়ে। একদিন সে দৈবক্রমে এক প্রেতাত্মার নিকট থেকে যাদুবিদ্যার বই লাভ করে। সেই বই থেকে শিখে জমরুদ এমন সব অসম্ভবকে সম্ভব করে, যা অনন্ত জলিলের পক্ষেও করা সম্ভব না।
শেষ গল্প "ওনি ও রুখ পাখি"তে জন্ম হয় ওনি নামের এক অদ্ভুত শিশু। সাধারণ শিশু সাধারণত বস্ত্রহীনভাবে জন্মগ্রহণ করে। কিন্তু ওনি জন্মগ্রহণ করে দুই পায়ে একজোড়া জুতো পরে। এই ওনি বড় হয়ে সবাইকে চমকে দেয়।
এই গ্রন্থের এসব গল্প লেখার জন্য লেখককে অনেক পরিশ্রম করতে হয়েছে। কেননা, বিভিন্ন দেশের বিভিন্ন রূপকথার কাহিনী নিয়ে বই বের করা মোটেও সহজ কথা নয়। সব দেশের সব রূপকথার গল্প পাঠকের কাছে ভালো নাও লাগতে পারে। এজন্য, কোন গল্প পাঠকের নিকটে চিত্তাকর্ষক হবে, সেটা আগে থেকে অনুমান করে নিতে হয়। আর এজন্য অবশ্যই দূরদর্শিতার প্রয়োজন। আবার, কোনো রূপকথার গল্প যদি আগে থেকে প্রকাশ পেয়ে থাকে, তাহলে একই গল্প বারবার পড়তে পাঠকের মোটেও ভালো লাগবে না, সেটা যতই জমজমাট কাহিনী হোক না কেনো। এজন্য লেখক বইটি রচনার পূর্বে, যাচাই করে দেখেছেন, উক্ত ভিনদেশি গল্পটি বাংলা ভাষায় আগে থেকে প্রকাশিত হয়েছে কিনা। আবার, বিদেশি পটভূমি ও সংস্কৃতি গল্পটি সহজবোধ্য করার জন্য এক বিরাট বাঁধা। এজন্য লেখক বিদেশি সংস্কৃতিকে আমাদের দেশের সংস্কৃতির সাথে মিলিয়ে সহজবোধ্য করার চেষ্টা করেছেন এবং সেই সাথে ভাষার দিকেও সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন। তিনি যথেষ্ট চেষ্টা করেছেন বইয়ের ভাষা সহজ ও প্রাঞ্জল করতে। আবার বইতে এনেছেন যথেষ্ট পরিমাণ হাস্যরস, যা পাঠকের হৃদয়ে ভালোলাগার অনুভূতি সঞ্চার করবে। আসল কথা হল, রান্নায় যেমন প্রতিটি পদ ঠিকঠাক মত হলেই তৈরি হয় একটি সুস্বাদু খাবার, তদ্রূপ এ ধরণের বই পাঠকের নিকটে চমকপ্রদ করে তোলার জন্য প্রয়োজন সবদিক সমানভাবে ঠিকঠাক রাখা। আমি মনে হয়েছে, লেখক এই বিষয়ে যথেষ্ট দক্ষতারর পরিচয় দিয়েছেন।
এই বইয়ের যে জিনিশটি আমার খারাপ লেগেছে, লেখক হাতে গোণা কিছু জায়গায় এক দুইটি দুর্বোধ্য শব্দ ব্যবহার করেছেন। যেমন : তিনি অসংখ্য শব্দটি বোঝাতে "এন্তার" শব্দ ব্যবহার করেছেন। এছাড়া এই বইয়ের ৬৭ পৃষ্ঠায় লেখক টুকরা বোঝাতে "জাররা জাররা" ব্যবহার করেছেন। এই শব্দটি আমি কোনো ডিকশনারিতে খুঁজে পাইনি। বাক্যের ভাব অর্থ বুঝে নিজের মত করে অর্থ করে নিয়েছি। এ ধরণের দুর্বোধ্য শব্দের ব্যবহার যদি না করা হত, সেটাই সবচেয়ে ভালো হত।
পরিশেষে, সবকিছু মিলিয়ে বইটি ভালোই ছিল। গল্পগুলো পড়ে সেই মজা পেয়েছি। একটা সুন্দর সময় অতিবাহিত হল।
প্রচণ্ড মাথাব্যথা নিয়ে শোবার আগে ভাবলাম, একটা গল্প পড়েই ঘুমায়ে যাব। কিন্তু...একটানে পুরো বই শেষ করে তারপর ঘুমাতে হলো! আমি প্রচণ্ড অধৈর্য লোক বলে টানটান থ্রিলার পড়ার সময় এক অধ্যায় পরপর উঠে গিয়ে হাঁটাহাঁটি করে আসি। কিন্তু এক মামুলি রূপকথার গল্পের বই আমাকে চুম্বকের মতো টেনে ধরে রাখার কারণটা সম্ভবত তৈমুর স্যারের লেখার জাদু। এন্তার প্রশংসা করলেও কম করা হবে আরকি। যাইহোক, রূপকথার বই, ছোটদের জন্য লেখা। কিন্তু মনে হয়েছে সব বয়সের সবার জন্যেই উপযোগী। ইচ্ছে হলে পড়ে দেখার জন্য রেকমেন্ড করা যায়।
৭টা দেশের রূপকথা ও উপকথার বই। যদিও রূপকথা ছোটবেলা পড়তেই বেশী ভালো লাগে তবে এই বইটা খুব একটা খারাপ লাগেনি এত বছর পরে পড়েও। সেই ছোটবেলার একটা স্বাদ টের পাওয়া গেছে।
❛জাদুকর জমরুদ❜ বইটি একটি উপকথা গল্প সংকলন। কিংবদন্তি নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রূপকথা, মিথ প্রচলিত থাকে সেইরকম সাতটি দেশের সাতটি উপকথা নিয়ে এই বইটি লেখা। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল থেকে যেরকম আমাদের ‘সহপাঠ’ পড়তে দেওয়া হতো; এই বইটিও ঠিক সেইরকম। আজ থেকে আরও অনেক বছর পূর্বে টেলিভিশনে ‘ঠাকুরমার ঝুলি’, ‘বিক্রম বেতাল’ শো যখন সম্প্রচার করত তখন সুবোধ বালকের মতো গিয়ে টিভির সামনে গিয়ে বসে যেতাম। সেই সময়গুলো হয়তো আর ফিরবে না। তা-ই বলে ওই অনুভূতি একেবারে না পাওয়ার চেয়ে এইরকম উপকথা নির্ভর বিভিন্ন গল্প সংকলন বা উপন্যাস পড়ে নিলে সময়টা দারুণভাবে কাটানো যায়।
সোয়াহিলি, রুমানিয়ান, জার্মানি, এস্তোনিয়া, রোম ও আফ্রিকা দেশগুলো থেকে লেখক দারুণ কিছু গল্প পাঠকদের জন্য সাজিয়েছেন। খুবই সহজ ও সাবলীল লেখনশৈলী দিয়ে গল্পগুলো লেখা। প্রত্যক বয়সের পাঠক বইটি স্বাচ্ছন্দ্য নিয়ে পড়তে পারবে। প্রত্যকটি গল্প কিছু না কিছু শিক্ষা দিবে। মূল্যবোধ, ত্যাগ, ভালোবাসা, কর্তব্য যেমন রয়েছে তার বিপরীতে হিংস্রতা, অপমান, ঘৃণা ও ক্ষতি দিকটিও বেশ স্পষ্ট করে উল্লেখ রয়েছে। মানুষের পাশাপাশি পশুপাখিরাও কতটা গুরুত্বপূর্ণ এবং এই পশুপাখি থেকে মানুষের যে কতকিছু শেখার রয়েছে ❛জাদুকর জমরুদ❜ বইটি পড়লে অনায়াসে সেটা জানা যাবে।
সবমিলিয়ে ভালো সময় কাটানোর জন্য ছোট্ট ও দারুণ বই। ভূমিপ্রকাশকে ধন্যবাদ এইরকম সুন্দর গল্প সংকলন প্রকাশ করার জন্য। বইয়ের মান সবদিক থেকে ভালো লেগেছে। সামান্য কিছু বানান ভুল রয়েছে।
➠ বই : জাদুকর জমরুদ | মোহাম্মদ আলমগীর তৈমুর ➠ জনরা : উপকথা সংকলন ➠ প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৮ ➠ প্রচ্ছদ : আবদুস সালাম ➠ প্রকাশনা : ভূমিপ্রকাশ ➠ মুদ্রিত মূল্য : ২০০ টাকা মাত্র ➠ পৃষ্ঠা : ১৩০