২০২৫ শুরু হয়েছে আমার ইয়ার ফাইনাল দিয়ে। পড়াশুনার দশা ছিল করুণ। গোটা বছর বাংলা সাহিত্য পড়ে কাটিয়ে দিয়ে, পরীক্ষার হলে গিয়ে ইংরেজি সাহিত্য নিয়ে লিখতে গিয়ে মানসিক, শারীরিক সব রকমের চাপের সম্মুখীন হতে হয়েছে। পরীক্ষা যদিও এখনো সব শেষ হয় নাই, কিন্তু তবুও আজ পরীক্ষার মাঝের একটা বন্ধ পেয়ে ভাবছিলাম একটা বই পড়ি। কিন্তু খুবই কনফিউশানে ছিলাম যে কোনটা পড়ব, আমি চাচ্ছিলাম, বছরের প্রথম বইটা দারুণ কিছু দিয়ে শুরু করতে। আর তৎক্ষণাত মাথায় যে নামটা এল, তা হচ্ছে, "আহমদ ছফা"।
বছরের প্রথম বইটা আহমদ ছফার সহিত শুরু করলে মন্দ হয় না। বেছে বেছে সমগ্র থেকে, ওনার সবচেয়ে ছোট্ট বইটাই ধরলাম, নাম "ওঙ্কার"
ব্যক্তিগত ভাবে আহমদ ছফা আমার খুবব খুবব প্রিয় একজন লেখক। আমি এখন অব্দি ওনার ৬-৭টা বই পড়তে পেড়েছি। ওনার প্রতিটা বই মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। এত গভীর ভাবে কোন লেখকের বই স্পর্শ করতে পারে না যতটা না তার লেখা পারে।
ছফা স্যারের আলী কেনান, গাভী বিত্তান্ত কিংবা নারী ঈশ্বরী, সবগুলা বই এক বসায় শেষ করার মতন। এই বইটাও তার ব্যতিক্রম মোটেও না। বইটা শুরু করার পর কখন যে শেষ পৃষ্ঠা চলে এল, টের ও পাই নাই।
তবে কেন যে বইটা এতটা ছোট হল এই ক্ষোভটা মনে রয়ে গেল। চাইলে কী আরেকটু দীর্ঘ হত না? বোবা মেয়েটার বিস্তৃতি কিংবা দেশের অবস্থা উভয় নিয়ে তো বেশ চলছিল ঘটনা।
যাইহোক! বছরের শুরুটা কিন্তু দারুণ ভাবে হল! দেখা যাক, এবছর আর কী কী বই পড়তে পারি।