"সন্মাত্রানন্দের লেখা 'ভামতী অশ্রুমতী' একটি গল্পগ্রন্থ। ঐতিহাসিক পটভূমিকায় বিরচিত দুটি বৃহদায়তন গল্প--'ভামতী' ও 'অশ্রুমতী'--- এ দুয়ের সমবায়ে গঠিত এই গল্পগ্রন্থটি।পটভূমিকাটুকু ঐতিহাসিক হলেও,এই দুই গল্পে লেখক মানবসম্পর্কের চিরন্তন আয়াৎ ধরতে চেয়েছেন।"
ঐতিহাসিক বড়োগল্প বা উপন্যাস শুধু যে লেখাই কঠিন, তা নয়। সে জিনিস পড়াও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ে। কখনও অপটু লেখকের পরীক্ষানিরীক্ষা চলে ভাষা নিয়ে, আর তার ফলে কাহিনি অবধি পৌঁছনোই যায় না। কখনও বিষয় বা সময়টির জটিলতা দুর্লঙ্ঘ্য বাধা হয়ে ওঠে পাঠকের সামনে। আবার কখনও, যা এই ধাবমান কালের জন্যই বিশেষভাবে প্রযোজ্য, বিষয়টি ও লেখনী যে নিষ্ঠা দাবি করে তা ফেসবুক ও হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের মধ্যে জোগাড় হয়ে ওঠে না। সৌভাগ্যক্রমে এই বইটিতে তাদের কোনোটিই পাঠে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। সন্মাত্রানন্দের ভাষায় সেই আশ্চর্য গভীরতা ও শীতলতা আছে যা স্রোতস্বিনী নদীর সঙ্গে তুলনীয়। তাই তৎসম শব্দের বাহুল্য থাকলেও কাহিনির রসাস্বাদনে তা ব্যাঘাত ঘটায় না। বিষয়টির জটিলতা বলেও কিছু নেই। ইতিহাসের দু'টি বিশেষ মুহূর্তে কয়েকটি নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রহস্যকে মন্থন করাই এই বইয়ের কাহিনিদ্বয়ের উপজীব্য। শেষে এও স্বীকার্য, মাত্র ৯৬ পাতার এই বইটা পড়ার মতো সময় ও মনোযোগ সংগ্রহে সমস্যা হয়নি আমার। কী নিয়ে লেখা হয়েছে এই বইয়ের দুটি বড়োগল্প?
খ্রিস্টীয় নবম শতাব্দীতে পণ্ডিত বাচস্পতি মিশ্র ও তাঁর স্ত্রী ভামতীর জীবন নিয়ে লেখা হয়েছে প্রথম উপাখ্যান। দ্বিতীয় কাহিনির পটভূমি ও বিষয় দুই-ই বাংলা সাহিত্যে অভিনব। গৌতম বুদ্ধের প্রয়াণের প্রায় আট শতক পরে গান্ধার ও কাশ্মীরের মধ্য দিয়ে সমতলে নেমে আসা এক নদীর জীবনালেখ্য এটি। এই আখ্যান কিন্তু ভূগোল হয়নি, বরং এক নারীর ব্যক্তিগত ইতিহাস রূপে বিধৃত হয়েছে এই কাহিনি। তারই সঙ্গে মিশে গেছে সেই সময়ে চলা নানা দর্শন ও চিন্তনের মধ্যে টানাপোড়েন। লেখক এই গল্পে নিজের মতো করে রুক্ষ ঈশ্বরোপাসনা আর লুব্ধ ভোগের পন্থা পরিহার করতে বলেছেন। বরং প্রেম ও করুণাকেই তিনি পরম পাওয়ার পথ হিসেবে দেখিয়েছেন।
তবে এই কাহিনিদ্বয় আপনার কাছে কীভাবে আসবে, সে শুধু আপনিই বলতে পারবেন। আমার কাছে এরা রৌদ্রতপ্ত দিনে এক পশলা বৃষ্টি হয়ে এল।
অত্যন্ত সুন্দর দুটি ছোট ছোট ঐতিহাসিক কাহিনীর সংকলন এটি। ভামতী আর অশ্রুমতি নামের দুই সময়ের দুই নারীর গল্প- দুজনেই প্রেম পিয়াসী। কিন্তু ভামতীর স্বপ্ন ঝরে যায় স্বামীর জ্ঞানপিপাসার কাছে, আর অশ্রুমতী নানা ঘাত-প্রতিঘাতে হয়ে ওঠে এক আত্মউৎসর্গের প্রতিক। তবে আমার কাছে অশ্রুমতীর কাহিনী বেশি মনোগ্রাহী লেগেছে। লেখনিও চমৎকার।পড়ার পরেও যেন রেশ থেকে যায়। ছোট পরিসরে ভাবনা জাগানোর মত এক বই।