১৯৯৫-এ 'অপর' পত্রিকায় প্রথম গল্প-প্রকাশ। তখন আমার তেইশ। যাদবপুর কম্প্যারাটিভের রাজা-উজিরমারা দিগগজ। তারপর পরবর্তী বাইশ বছরের অক্ষরযাত্রায়, কোষ্ঠকঠিন কলম/কিবোর্ড যা দিয়েছে, সেই কৃপণের ঝুলি থেকে ২৫টি বেছে নিতে বিশেষ বেগ পেতে হল না। অনেকেই আজ নয়, বছর পাঁচেক আগে থেকেই খোঁজ করেন আমার গল্পগ্রন্থের। কলকাতা বইমেলায় সেই কাজটাই যত্ন করে করেছেন দ্য কাফে টেবিল-এর দুই উদ্যমী ও স্বপ্নদর্শী তরুণ, অভিষেক আইচ ও অরিজিৎ ভদ্র।
দেবতোষ দাশ-এর জন্ম ১১ জানুয়ারি ১৯৭২। মা-বাবা-স্ত্রী-কন্যাসহ থাকেন দক্ষিণ শহরতলি সুভাষগ্রামে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর। রাজ্য সরকারের ভূমি ও ভূমি-সংস্কার দফতরে কর্মরত। প্রথম গল্প প্রকাশ ১৯৯৫ সালে ‘অপর’ পত্রিকায়। গল্প প্রকাশিত হয়েছে দেশ, রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা, শারদীয়া প্রতিদিন, শিলাদিত্য, কিশোরভারতী পত্রিকায়। লেখেন নাটকও। নান্দীকার তাঁর নাটক ‘বিপন্নতা’ মঞ্চস্থ করে ২০১৪ সালে। নাটক ‘ওচাঁদ’ লিখে পেয়েছেন সুন্দরম পুরস্কার। প্রকাশিত উপন্যাস: ‘বিষকন্যা’, ‘বিন্দুবিসর্গ’ এবং ‘সন্ধ্যাকর নন্দী ও সমকালীন বঙ্গসমাজ’। সিনেমা, সংগীত আর খেলাধুলোয় আগ্রহী।