মার্চ ১৭ ২০১২ খ্রীষ্টাব্দে মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়ার উদ্যোগে আয়োজিত "ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ" (মুসলিম উম্মাহর সংহতি এবং সুন্নাহের অনুসরণ) শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ। যা পরবর্তীতে মাসিক আলকাউসারে ধারবাহিকভাবে ছাপানো হয় এবং বই আকারে প্রকাশিত হয়।
Muhammad Abdul Malek (Bengali: মুহাম্মাদ আব্দুল মালেক) is a Bangladeshi Islamic scholar and researcher of Hadith. He is the founder of the monthly Bengali Islamic magazine Al-Kawsar and head of the Department of Hadith Studies in Markazud Dawah Al-Islamia, a higher Islamic research and education institution situated at Dhaka.
১. হাদীস শরীফে মুক্তিপ্রাপ্ত দলের দুটি মানদন্ড উল্লেখ করা হয়েছে : আস্সুন্নাহ এবং আলজামাআহ। এ কারণে এ দলের স্বীকৃত উপাধি, যা সাহাবা-যুগ থেকে চলে আসছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের কর্তব্য, আমরা যেন নিজেদের মাঝে উভয় মানদন্ড ধারণ করি। অন্য সকল ফের্কা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফুরকা। এখন আমরা যেন নিজেদেরকে তৃতীয় দল-‘আহলুস সুন্নাতি ওয়াল ফুরকা’ না বানিয়ে ফেলি। কারণ শুধু ফুরকা ও বিভেদও ঐ কঠিন হুঁশিয়ারির মধ্যে নিক্ষেপ করে যা হাদীস শরীফে এসেছে- من شذ شذ في النار এবং কেবল বিভেদ-বিচ্ছিন্নতাও মারাত্মক পর্যায়ের সুন্নাহবিরোধী কাজ। তাই শুধু এ কারণেও সুন্নাহর মানদন্ড হাতছাড়া হয়ে যাবে এবং ‘আহলুস সুন্নাহ ওয়াল ফুরকা’র অর্থও দাঁড়াবে আহলুল বিদআতি ওয়াল ফুরকা।
২. দ্বিতীয় অনুরোধ বিশেষভাবে ঐ ভাইদের প্রতি, যারা ফিকহে হানাফী অনুসারে হাদীস ও সুন্নাহর উপর আমল করছেন। তাদের মধ্যে তালিবানে ইলম, ইমাম ও খতীব ছাহেবান এবং ওয়ায়েজীনে কেরামের খেদমতে দরখাস্ত এই যে, সনদ ও হাওয়ালাসহ উল্লেখযোগ্য পরিমাণ সহীহ-হাসান হাদীস মুখস্থ করুন, বিশেষত আহকাম সংক্রান্ত জরুরি হাদীসসমূহ। এবং বার বার দাওর করে তা কণ্ঠস্থ রাখুন।
আর আহলে ইলমের প্রতি দরখাস্ত এই যে, ফুরূয়ী মাসাইলের ক্ষেত্রে আমরা অন্য পক্ষের তরীকার উপর আপত্তি না করি। যেমন কেউ জোরে আমীন বললে প্রতিবাদের প্রয়োজন নেই। তবে সে যদি অন্যদেরকে সুন্নাহ বিরোধী বলে কিংবা নিজের সম্পর্কে এই অনুভূতি প্রকাশ করে যে, ‘এইমাত্র সে হেদায়েত পেয়েছে, ইতিপূর্বে আলিমরা তাকে সঠিক বিষয় জানায়নি’ তাহলে তা ইজমা বিরোধী এবং উম্মাহর ঐক্যের পরিপন্থী। এক্ষেত্রে দাওয়াতী ভাষায় আপত্তি করা যায় এবং তা করা উচিত।
৩. তৃতীয় দরখাস্ত এই যে, আমরা সবাই যেন ঐক্য পরিপন্থী সকল বিষয় থেকে সতর্কতার সাথে দূরে থাকি। যেমন হালকার বিভিন্নতা এবং মাযহাব-মাশরাবের বিভিন্নতাকে দলাদলির কারণ না বানাই। আসাবিয়ত ও অন্যায় পক্ষপাত থেকে দূরে থাকি। মতপার্থক্যের কারণে কোনো পক্ষ যদি বাড়াবাড়িও করে তবুও কারো ইজ্জত-আব্রুতে হস্তক্ষেপ বৈধ মনে না করি। প্রত্যেক পক্ষ সাধারণ মানুষকে নিজেদের মধ্যে বা আলিমদের সাথে ইখতিলাফী মাসাইলে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া থেকে বিরত রাখি। যখন আলিমদের জন্যও শুধু ইলমী আলোচনাই অনুমোদিত তখন যাদের শরীয়তের ইলম নেই, শুধু শুনে শুনে বা অনুবাদ পড়ে কিছু বিষয় জেনেছে তাদের জন্য তর্ক-বিতর্ক এবং উত্তেজনা-বাড়াবাড়ি কীভাবে বৈধ হতে পারে?
বিষয়টি আরো স্পষ্ট করার জন্য এখানে আমি মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত ‘নবীজীর নামায’ কিতাবের ভূমিকায় লিখিত আমার ‘একটি অনুরোধ’ও সামান্য পরিবর্তন করে উল্লেখ করছি।
আমি আগেই আরজ করেছি যে, নামাযের অনেক বিষয়ে সুন্নাহর বিভিন্নতা বা মোবাহের বিভিন্নতা রয়েছে। তদ্রূপ কোনো কোনো স্থানে নবী-পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে বা নবী-পদ্ধতি বোঝার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মধ্যে মতভেদ হয়েছে। এইসব ক্ষেত্রে এই কিতাবে সাধারণত ওই পদ্ধতির দলীলসমূহই সংকলন করা হয়েছে, যা আমাদের এ অঞ্চলে অনুসৃত।
এটা এজন্য নয় যে, অন্যান্য পদ্ধতি ভুল বা খেলাফে সুন্নাত; বরং এ এজন্য যে, এ অঞ্চলের অধিকাংশ মানুষ ওই পদ্ধতি অনুসরণ করে থাকেন এবং তা হাদীস-সুন্নাহসম্মত।
এই কিতাবে যে মাসনূন পদ্ধতি উল্লেখ করা হয়েছে এছাড়া আরো যেসব পদ্ধতি সাহাবা-যুগ থেকে প্রচলিত তা অস্বীকার করা বা বাতিল সাব্যস্ত করা এই কিতাবের উদ্দেশ্য নয় এবং তা হওয়া উচিতও নয়। কেননা, খন্ডন ও অস্বীকার তো দু’ ধরনের বিষয়ে হতে পারে : ১. সাহাবা-যুগ থেকে স্বীকৃত ও প্রচলিত নিয়মের বাইরে নতুন উদ্ভাবিত বিষয়াদি। যেমন-তাশাহহুদে শাহাদাত আঙ্গুলি সালাম পর্যন্ত নাড়াতে থাকা, তারাবীহ নামায আট রাকাআতে সীমাবদ্ধ মনে করা ও বিশ রাকাআতকে খেলাফে সুন্নাত মনে করা, শুধু এক জলসায় তিন রাকাআত বিতর নামাযকে মাসনূন মনে করা ইত্যাদি।
২. দ্বিতীয় বিষয় এর চেয়েও মারাত্মক। তা এই যে, নিজের পদ্ধতি ছাড়া অন্যসকল স্বীকৃত ও প্রমাণিত পদ্ধতিকে খেলাফে সুন্নাত বলা এবং সেগুলোকে বিদআত ও হাদীস-বিরোধী; বরং বাতিল ও ভিত্তিহীন আখ্যায়িত করা।
বলাবাহুল্য এ ধরনের কাজ যে কেউ করুক তা ভুল এবং শরীয়তের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।
মোটকথা, আপত্তি শুধু উপরোক্ত দুই বিষয়েই হতে পারে। কোনো স্বীকৃত ও প্রমাণিত পদ্ধতির উপর আপত্তি হতে পারে না।
মনে রাখতে হবে যে, এই স্বীকৃত পদ্ধতিগুলোর অন্তর্ভুক্ত কিছু বিষয়, যথা ‘রাফয়ে ইয়াদাইন’, কিরাআত খলফাল ইমাম ইত্যাদির প্রসিদ্ধ দলীলসমূহের উপর গ্রন্থকার স্বরচিত টীকায় কোথাও কোথাও দীর্ঘ আলোচনা করেছেন, যা বাংলা অনুবাদে পরিশিষ্টে নেওয়া হয়েছে। এই আলোচনা আরো শক্তিশালী হওয়া সম্ভব। তবে আহলে ইলমের কাছে অজানা নয় যে, আলোচনা যতই শক্তিশালী হোক তা ইজতিহাদ-নির্ভর, অতএব অন্য ইজতিহাদের ভিত্তিতে এই পর্যালোচনার উপরও পর্যালোচনা হতে পারে এবং প্রতি যুগে তা হয়েছেও বটে।
এই পর্যালোচনার উদ্দেশ্য কোনো স্বীকৃত ও অনুসৃত পদ্ধতিকে বাতিল বা ভিত্তিহীন সাব্যস্ত করা নয়; বরং যেক্ষেত্রে একাধিক পদ্ধতি রয়েছে তাতে কোনো এক পদ্ধতির অগ্রগণ্যতা এবং তা অনুসরণের যৌক্তিকতা প্রকাশ করাই উদ্দেশ্য।
এই পর্যালোচনাধর্মী আলোচনা সম্পূর্ণ ইলমী ও শাস্ত্রীয় বিষয়, যা আলিম ও তালিবে ইলমের জন্য উপযোগী। একজন সাধারণ পাঠকের জন্য এইসব বিষয়ে প্রবেশ করার প্রয়োজন নেই আর এতে কোনো সুফলও নেই। এই আলোচনাগুলো গ্রন্থের শেষে নিয়ে যাওয়ার এটিও একটি হিকমত বটে।
এই কিতাব অধ্যয়নের সময় পাঠকবৃন্দের অবশ্যই একটি বিষয় মনে রাখা উচিত। তা এই যে, আপনি এই কিতাব দ্বারা নিজের অনুসৃত পদ্ধতি সম্পর্কে দলীল জেনে প্রশান্তি অর্জন করুন কিন্তু অন্যদের সঙ্গে তর্ক-বিতর্কে লিপ্ত হবেন না। অবসর সময়ে দাওয়াত ও তাবলীগের কাজে শরীক হয়ে উদাসীন লোকদের নামাযী বানানোর চেষ্টা করুন এবং দ্বীন সম্পর্কে উদাসীন লোকদের মধ্যে দ্বীনের আগ্রহ ও চেতনা পয়দা করার চেষ্টা করুন। কুরআন তিলাওয়াত এবং যিকির ও দুআর মধ্যে সময় কাটান। ঝগড়া-বিবাদ ভালো নয়, তাই এটাকে মাশগালা বানাবেন না।
৪. চতুর্থ দরখাস্ত এই যে, প্রত্যেক শ্রেণীর আলিমগণ নিজেদের আওয়ামের অন্যায়, সীমালঙ্ঘন ও মিথ্যাচারের প্রতিবাদ করুন। শুনেছি, হানাফীদের কোনো কোনো আম-মানুষ আহলে হাদীসকে শীয়া বা কাদিয়ানী বলে থাকে। আমরা এর কঠোর প্রতিবাদ করি। এত জঘন্য আক্রমণ তো দূরের কথা এর চেয়ে অনেক ছোট কথারও অনুমতি আমরা দেই না। গালি-গালাজ, নিন্দা-কটূক্তিকে আমরা জায়েয মনে করি না। আমরা আহলে হাদীস বন্ধুদের ঐসব বিষয়ের প্রতিবাদ করি, যেগুলোতে তারা শুযূয ও বিচ্ছিন্নতা অবলম্বন করেছেন।
যারা নুতন আহলে হাদীস হয় তাদেরকে আহলে হাদীস-এর আম লোকেরা নওমুসলিম বলে! তাকলীদকে শিরক বলে! আইম্মায়ে মুজতাহিদীন. বিশেষত ইমাম আবু হানীফা রাহ. সম্পর্কে বিভিন্ন অপবাদ আরোপ করে। হানাফীদেরকে হাদীস অস্বীকারকারী বলে। তাদের নামাযকে ভুল বলে। এ ধরনের আরো চরম আপত্তিকর কথাবার্তা তারা বলে থাকে।
আমার বিশ্বাস, আহলে হাদীস আলিমরা সম্ভবত এমন কথা বলেন না। আমি তাদের কাছে এবং ঐসব আহলে ইলমের কাছে, যারা আহলে হাদীস না হলেও তাদেরকে সমর্থন করেন, দরখাস্ত করব, আপনারা আপনাদের আওয়ামের ঐসব অন্যায়ের প্রকাশ্যে প্রতিবাদ করুন এবং ফুরূয়ী মাসাইলে অন্যান্য মুজতাহিদ ও তাঁদের অনুসারীদের উপর আপত্তি করা থেকে বিরত থাকুন।
হানাফী আলিমদের কাছে নিবেদন করব, নিজেদের পড়াশোনা-জানা আওয়ামের জন্য হাদীসের ছোট ছোট সংকলন প্রস্ত্তত করুন। দরসে হাদীসের মজলিসে আহকামের হাদীসও আলোচনা করুন। হাদীসের কিতাবসমূহ পড়ার নিয়ম ও সঠিক পন্থা তাদেরকে অবহিত করুন। যারা বলে, আওয়ামের জন্য হাদীসের কিতাব পড়া জায়েয নয় তাদের চিন্তার সংশোধন করুন। হ্যাঁ, হাদীসের শাস্ত্রীয় কিতাবসমূহ আম মানুষের উপযোগী নয়, তাদেরকে তাদের উপযোগী গ্রন্থ পাঠ করতে হবে। তেমনি সব ধরনের হাদীস আম মানুষের পাঠ করার মতো নয়। নতুবা তারা পেরেশান হবে। মুখাতালিফুল হাদীস এবং মুশকিলুল হাদীসের ময়দানে তাদেরকে দাখিল করে দিলে তাদের কী উপায় হবে? খোদ ইমাম বুখারীর উস্তাদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে ওয়াহাব মিসরী রাহ. যিনি বড় হাফিযুল হাদীস ছিলেন, বলেছেন যে, আমি বহু হাদীস সংগ্রহ করলাম। এরপর হাদীস সমূহের পরস্পর বিরোধ দেখে হতবিহবল হয়ে গেলাম। তখন ইমাম মালিক ইবনে আনাস রাহ. এবং ইমাম লাইছ ইবনে সা’দ রাহ.-এর সামনে তা পেশ করলাম। তাঁরা আমাকে পথ দেখালেন। তাঁরা বললেন, এর উপর আমল কর, এটা ত্যাগ কর।- (তারতীবুল মাদারিক ২/৪২৭)
সম্ভবত এ অভিজ্ঞতার কারণেই ইবনে ওয়াহাব রাহ. বলেছেন-
كل صاحب حديث ليس له إمام في الفقه فهو ضال، ولو لا أن الله انقذنا بمالك والليث لضللنا
কোনো হাদীসের ধারকের যদি ফিকহের ক্ষেত্রে কোনো ইমাম না থাকে তাহলে সে পথহারা হবে। আল্লাহ তাআলা যদি মালিক ও লাইছের দ্বারা আমাকে মুক্ত না করতেন তাহলে আমি পথ হারিয়ে ফেলতাম।-কিতাবুল জামি, ইবনে আবি যায়েদ আলকাইরাওয়ানী পৃ. ১১৭
ইবনে ওয়াহব রাহ.-এর এই কথাগুলোর আরো হাওয়ালা জানার জন্য এবং বিষয়টির গুরুত্ব বোঝার জন্য দেখা যেতে পারে শায়েখ মুহাম্মাদ আওয়ামাহ-এর কিতাব-
أثر الحديث الشريف في اختلاف الأئمة الفقهاء
(পৃষ্ঠা : ৮০-১১০)
তো আমমানুষকে হাদীস অবশ্যই পড়তে হবে। কিন্তু প্রথমে তাদের জন্য বাতিল ও মুনকার রেওয়ায়েত থেকে মুক্ত শুধু সহীহ, হাসান ও সালিহ লিলআমল হাদীসসমূহের একটি সংকলন প্রস্ত্তত করতে হবে। এরপর যেসকল হাদীসে ইখতিলাফ বা তাআরুয আছে তাতে তাদের জন্য কোনটি মামূল বিহী (আমলযোগ্য) তা চিহ্নিত করে দিতে হবে। নতুবা হাদীসের কোনো শাস্ত্রীয় কিতাবের শুধু শাব্দিক অনুবাদ তাদের সামনে রেখে দিলে কিংবা এমন কোনো কিতাবের তরজমা করে দিলে, যাতে মাওযু-মুনকার রেওয়ায়েত আছে, বেচারা আওয়াম কী করবে?
৫. পঞ্চম দরখাস্ত এই যে, প্রত্যেক দল নিজের আওয়ামকে অধিক গুরুত্বের সাথে ঐসকল সুন্নত শিক্ষা দিবেন, যেগুলোর অর্থের বিষয়ে বা আমলের পন্থা সম্পর্কে কোনো মতভেদ নেই; বরং তা মুজমা আলাইহ্ ও সর্বসম্মত সুন্নত। যাতে এমন অবস্থার সৃষ্টি না হয় যা শাহ আব্দুল আযীয রাহ.-এর শাগরিদ মাওলানা ফযলুর রহমান গঞ্জমুরাদাবাদী রাহ. বলেছেন। তিনি কাউকে জিজ্ঞাসা করেছিলেন, শুনলাম আপনি হাদীস মোতাবেক আমল করেন, বলুন তো অমুক সময় কোন দুআ পাঠ করা মাসনূন আর অমুক সময় কোন দুআ। ঘটনাক্রমে তিনি তা বলতে পারেননি। তো মাওলানা বললেন, আপনি শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঐ হাদীসগুলো মুখস্ত করেছেন, যেগুলোর (মর্ম নির্ণয়ে কিংবা আমলের পদ্ধতি নির্ধারণে হাদীসের ফকীহগণের মাঝে) মতভেদ হয়েছে। পক্ষান্তরে যে হাদীসগুলো সুস্পষ্ট এবং যার উপর গোটা উম্মতের মাঝে ঐক্যবদ্ধভাবে একই পদ্ধতিতে আমল চলে আসছে তা ইয়াদ করার কোনো প্রয়োজনই বোধ করেননি। এরই নাম হাদীস মোতাবেক আমল?! (তাদবীনে হাদীস, মাওলানা মানাযির আহসান গীলানী পৃ. ৩৩১)
এই ঘটনায় আমাদের সবার জন্য শিক্ষার উপকরণ আছে।
৬. ষষ্ঠ দরখাস্ত সকল ভাইদের খেদমতে এই যে, আমরা হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শফী রাহ.-এর অসিয়ত মোতাবেক আমল করি-দ্বীনের মৌলিক বিষয়াদির প্রচারপ্রসারে জোর দেই। তাওহীদের গুরুত্ব, শিরক-বিদআতের বর্জনীয়তা, বিশেষ করে মাযারের শিরক ও বিদআত, বাতিল সুফিবাদের খুরাফাত, সুদ, জুয়া, ধোঁকা-প্রতারণা, জুলুম, দুর্নীতির অবৈধতা, খৃষ্টবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কাদিয়ানী মতবাদ এবং হাদীস ও শরীয়ত অস্বীকারের ফিতনা সম্পর্কে মানুষকে সাবধান করি। পশ্চিমা সংস্কৃতির ধ্বংসাত্মক পরিণাম সম্পর্কে উম্মতকে সচেতন করি। অশ্লীলতা ও অন্যান্য অসৎ কর্ম সম্পর্কে সাবধান করতে থাকি, ব্যাপক বিস্তারের কারণে সাধারণত যেগুলো সম্পর্কে এখন আপত্তিও করা হয় না। সবার জন্য কুরআনের শিক্ষার ব্যবস্থা করি এবং এ ধরনের খেদমতে নিজেও যুক্ত হই, বন্ধু-বান্ধবকেও উদ্বুদ্ধ করি।
আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ তাওফীক দান করুন। আমীন।
هذا، وصلى الله تعالى وسلم على محمد وعلى آله وصحبه أجمعين، الحمد لله رب العالمين
লেখক পরিচিতিঃ মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সম্পর্কে নতুন করে কিছুই লেখার নেই। সম্ভবত বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় আলেম ও হাদিসের পণ্ডিৎ ব্যক্তিত্ব। হানাফি বলুন অথবা আহলে হাদিস, সবার কাছেই সমানভাবে গ্রহণযোগ্য একজন শায়েখ তিনি। তিনি এখন ঢাকার ইসলামী গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আল ইসলামিয়ার উলূমুল হাদীস অনুষদ এবং রচনা ও গবেষণা বিভাগের প্রধান। আমাদের যমানার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানীর সরাসরি ছাত্র তিনি। তার তত্ত্বাবধানেই ফিকহ ও ফতোয়া বিভাগে উচ্চতর শিক্ষা লাভ করেন আব্দুল মালেক সাহেব। পরবর্তীতে তিনি আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ এরও তত্ত্বাবধানে প্রায় আড়াই বছর হাদীসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণার কাজ করেন। বাংলাদেশে ইসলামি ভাবধারার সবচাইতে বেশী পঠিত মাসিক আল কাউসারের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়যিত আছেন। ইখতিলাফি মাসায়েল, ফিকহ, হাদিস শাস্ত্রীয় বিষয় সহ অনেকগুলো বই তিনি লিখেছেন। তার একেকটা বই যেন একেটা রেফারেন্স কপি। আল্লাহ তার ইলমের মাধ্যমে বাংলা ভাষাভাষী মুসলিমের জ্ঞান আরও বৃদ্ধি করুন। আমীন। . বিষয়বস্তুঃ উম্মতের প্রায় সকল প্রধান দলই অন্যকে সুন্নতের দিকে আহবান করে। কিন্তু তাই বলে কি সবাই আসল সুন্নতের অনুসারী? সুন্নতের দিকে ডাকার আর সুন্নত পালনেরও যে সুন্নতি পদ্ধতি আছে তা আমরা কয়জন জানি? জানলেও কয়জনই বা মানি? এর বিশ্লেষণ ও ব্যাখ্যা এই বইয়ের ভেতর আছে ছয়টি প্রধান পরিচ্ছেদে। প্রথমে ভুমিকায় লেখক উম্মাহর ঐক্য গুরুত্তের পক্ষে অনেকগুলো আয়াত ও সহিহ হাদিস উল্লেখ করেছেন। কথায় আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এই ভুমিকা পড়লেই বুদ্ধিমান পাঠক বুঝে যাবেন কীভাবে মতভিন্নতার মধ্যেও উম্মাহর ঐক্য রাখতে হবে। এরপরেও হিকমতপূর্ণ লেখক সবকিছু পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন পুরো বই জুড়ে।
প্রথম পরিচ্ছেদে তিনি প্রমাণ করেছেন যে ইখতিলাফ হলেই ফিরকা সৃষ্টি হয়ে যায় না। এক জামাআতের মধ্যেও ইখতিলাফ হতে পারে, সেই বলে তাদের মধ্যে বিভেদ হয়ে যায় না, জামাআত সেই জামাআতই থাকে।
দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদে মতভেদের প্রকার, সুন্নাতের পন্থা এবং বিশ্বের বড় বড় আলেম মুজতাহিদদের মতামত সহ নামাযের ক্ষেত্রে বিভিন্ন মাসায়েলের সহজ সমাধান তুলে এনেছেন।
চতুর্থ পরিচ্ছেদে হাদিস গ্রহনের ও ফিকহ এর ক্ষেত্রে উসুল, আর গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও বাড়াবাড়ির কারণ আলোচনা করেছেন। পঞ্চম পরিচ্ছেদে তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে ইখতিলাফকেও ভালোবাসা যায়! শেষ পরিচ্ছেদে কিছু চলতি প্রশ্নের উত্তর দিয়েছেন। . মন্তব্যঃ আজ আমাদের উম্মাহর মধ্যে ফাটল ধরেছে। বিভিন্ন ফেরকার টানাটানিতে আমাদের মুসলিম সমাজ আজ ব���পর্যস্ত। ফেরকায় নাজিয়ার মধ্যে আবার একদল আরেকদলকে দোষারোপে ব্যাতিব্যাস্ত। সামান্য ব্যাপারে দ্বিমত পোষণকারীর প্রতি যে পরিমান রাগ হিংসা আর আক্রমন আজ মানুষ দেখাচ্ছে তার কানাকড়িও কাফেরদের প্রতি দেখাতে পারছে না। এই ফাটলের সদ্ব্যবহার করে মুসলিম দেশগুলোর ওপর Divide and Rule করছে কাফের দেশগুলো। আমাদের পরস্পর কাঁদা ছোড়াছোড়ি দেখে মুচকি হাসছে নাস্তিক-মুরতাদ গোষ্ঠী। বিশেষ করে আমাদের দেশে আহলে হাদিস আর হানাফির মধ্যে যে কানাঘুষা চলে আসছে যুগ-যুগ ধরে তা কখনো কখনো ভয়ঙ্কর রুপ ধারন করেছে। এ রকম মতভিন্নতার মধ্যেও যে অতি সুন্দর করে সম্প্র���তি রক্ষা করে শুধুমাত্র মুসলমান হিসেবে একজন আরেকজনকে যে ভালোবাসা যায়, সম্মান করা যায় তার অনবদ্য প্রমাণ, দলিল আর যুক্তি দিয়ে দেখিয়েছেন আব্দুল মালেক সাহেব। আপনি হানাফি হোন অথবা আহলে হাদিস, এই বই মনোযোগ সহকারে পড়লে যে আপনার ভেতর থেকে অপর পক্ষের প্রতি যে রাগ আছে তা চলে যেতে বাধ্য। মতামতের ভিন্নতা তো থাকবেই, তা সাহাবীহগনের আমলেও ছিল। তাই বলে কি তারা কখনো একজন আরেকজনকে বিষোদগার করেছেন? করেননি। তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কীভাবে বড় বড় আলেমদের খারাপ বলতে পারি? আপনি আলেম হোন বা না হোন এটা এক অবশ্যপাঠ্য বই। সমাজে ইখতিলাফে বাড়াবাড়ির এই ফেতনা আমাদের দূর করতেই হবে। নাহলে সমস্ত মুসলিম উম্মাহ এক শরীরের অংশ হবে কীভাবে?
গত এক দেড় দশক ধরে বাংলাদেশে রাফউল ইয়াদাইন করা না করা, আমীন জোরে বলা না বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা না করা, তারাবীর রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ চলছে। দূঃখের বিষয়, এ খালেছ ইলমি বিষয়গুলোর আলোচনা মাদরাসার চার দেয়াল, উলামাদের একান্ত মজলিস, গবেষণাধর্মী লেখালেখির গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মসজিদে, মাহফিলে ও গায়রে আলিমদের নিত্যকার তর্কবিতর্কে। এ ইখতিলাফি বিষয়গুলো কেমন করে জানি আমাদের ইফতিরাকের (বিভক্তির) , মন কষাকষি, গীবত, ঝগড়া আর মারামারির কারণ হয়ে দাড়িয়েছে।
অন্যদিকে, আর কিছু মানুষ উদারতা আর ঐক্যের নাম দিয়ে এমন শ্রেণি ও সংগঠনের সাথে ঐক্যবদ্ধতার আহ্বান জানায় যাদের সাথে একতাবদ্ধ হওয়া তো দূরে থাক; বরং কুরআন ও সুন্নাহ তাদের চিন্তাচেতনাকে প্রতিরোধ করার আদেশ দিয়েছে।
তাহলে মুসলিম উম্মাহর ঐক্য কিসের ভিত্তিতে হবে? এ ব্যাপারে সালাফদের মানহাজ কী ছিল? ইখতিলাফ কি বিদাআত বা অজ্ঞতাপ্রসূত কোনো বিষয় নাকি স্বভাবসিদ্ধ? আমাদের মাঝে এ বাড়াবাড়ি ছাড়াছাড়ির কারণ কী আর সমাধানই বা কী? মাওলানা আবদুল মালিক ( হাফি ) এ প্রশ্নগুলোর যুক্তি ও দলিলভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।
এ বইয়ের যে বিষয়গুলো সাবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো —-
১। সাধারণত এ বিষয় নিয়ে যারা তর্ক বিতর্ক বা লেখালেখি করেন তারা ইনসাফের পথ থেকে সরে যান এবং বিরোধী মতের প্রতি কঠিন ভাষা প্রয়োগ করে থাকেন ফলে লেখার মূল মকসাদ ( উম্মাহর ঐক্যের ডাক) তার লেখার ভাষার কারণে দূর্বল হয়ে পড়ে। মাওলানা এক্ষেত্রে ই’তিদালের পরিচয় দিয়েছেন। আদব ও দরদপূর্ণ ভাষায় ইখতিলাফ নিয়ে বাড়াবাড়ি করনেওয়ালাদের প্রতি ঐক্যের ও ইসলাহের ডাক দিয়েছেন।
২। লেখক নিজ মতের প্রতি শক্তিশালী যুক্তি ও মজবুত দলিল হাজির করেছেন। হকপন্থী সব মাসলাকের আলিমদের রেফারেন্স ব্যবহার করেছেন।
৪। সালাফ ও বর্তমান আলিমদের মাঝে যারা এ বিষয় নিয়ে পান্ডিত্যপূর্ণ কিতাব লিখেছেন লেখক কিতাবগুলোর তালিকা দিয়েছেন। আগ্রহী পাঠকগণ এ বিষয়ে আরো জানতে চাইলে এ কিতাবগুলো পড়তে পারেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ভবিষ্যৎ বাণী করেছিলেন—শেষ যুগে আমার উম্মতের ভেতর দলাদলি বাড়তে থাকবে।' বাস্তবতাও এমনটাই দেখা যাচ্ছে আজকাল। ইসলামের ধর্মীয় বিষয়গুলো নিয়ে এত মতভেদ, সাধারণ মানুষ দ্বিধায় পড়ে যায় যে কোন মতবাদ সঠিক কোনটা বেঠিক। সমাজে বাড়ছে আহলে হাদীস, শিয়া, কাদিয়ানী, লা-মাজহাবী ইত্যাদি। নামাজে আমিন জোরে নাকি আস্তে বলতে হবে সেটা নিয়ে বাঁধছে ঝগড়া-মারামারি। তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত? ফরজ নামাজ শেষে সম্মিলিত দোয়া জায়েজ নাকি বেদআত?
আমরা সামান্য এই বিষয় নিয়ে নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত। আমাদের কথা ছিল ধর্ম নিয়ে প্রচুর গবেষণা করার। কিন্তু আমরা সেটা না করে আরেকজনের পাছায় কেমনে আঙুল ঢুকানো যায় এইটা নিয়ে গবেষণা করি। যেখানে ইসলাম এইসব ঘটনার ব্যাপারে ঝগড়া থেকে বিরত থাকতে কড়া ভাষায় হুশিয়ারি দিয়েছে, সেখানে আমরা একটু ফুরসত পেলেই ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। একজন আরেকজনকে কাফির ফতোয়া দিয়ে বসি।
লেখক এইসব কট্টরপন্থীদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে, ইসলাম তোমাদের মনগড়া ধর্ম নয়। কোন মাজহাব মানব? হাদিস মানব নাকি মাজহাব মানব? কে সঠিক—আহলে হাদীস নাকি আহলে সুন্নত ওয়াল জামাআত? তারাবির নামাজ কয় রাকাত ইত্যাদি ঝামেলাপূর্ণ বিষয় নিয়ে গবেষণা মূলক একটা বই। জানতে হলে পড়ে ফেলুন।